শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং
০৬:১৭ এম
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গুম-খুনের ঘটনা, জ্বালানি সংকট এবং নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে রাজধানীর শাহবাগে এনসিপির গণবিক্ষোভ কর্মসূচির প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন।
তিনি সাংবাদিকদের সামনে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনাকে অস্বাভাবিক উল্লেখ করেছেন। আক্তার হোসেন বলেন, "এ মৃত্যুকে কেন্দ্র করে আওয়ামী লীগের কর্মীদের একাংশ উল্লাস প্রকাশ করছে।"
এ পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কার্যকর ভূমিকা প্রয়োজন বলে তার দাবি। সংকটের প্রতিবাদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানি মন্ত্রীর পদত্যাগের দাবিতে গণবিক্ষোভের আহ্বান জানানোর কথাও তিনি উল্লেখ করেন।
আক্তার হোসেন অভিযোগ করেন যে ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে সরকার প্রভাব বিস্তার করেছে। তার দাবি, "আগে থেকে সিল মারা ব্যালট পাওয়া গেছে এবং বিরোধী দলের নেতা-কর্মীদের আহত করা হয়েছে।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সপ্তাহখানেক আগে ত্রিদেশীয় সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪৩০ রান তাড়ায় শ্রীলঙ্কার রেকর্ড গড়া জয়ের নায়ক ছিলেন পভন রাথনায়া। ওই ম্যাচে তিনি ১৩০ রান করেছিলেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ইংল্যান্ড শ্রীলঙ্কাকে ৩৮৭ রানের লক্ষ্য দেয়। রান তাড়ায় রাথনায়া আজ ঝোড়ো সেঞ্চুরি করেন। তবে তার ৭৭ বলের ১১৮ রানের ইনিংস শ্রীলঙ্কাকে জেতাতে ব্যর্থ হয়।
গাদ্দাফি স্টেডিয়ামে ২৯ বল বাকি থাকতেই শ্রীলঙ্কাকে ৩৩১ রানে অলআউট করে ইংল্যান্ড ৫৫ রানে জয়লাভ করে। ত্রিদেশীয় সিরিজে এটি ইংল্যান্ডের জন্য প্রথম জয়, যা তাদের জন্য কিছুটা স্বস্তির কারণ। আগের তিন ম্যাচে তারা পরাজিত হয়ে ফাইনাল থেকে ছিটকে গিয়েছিল। ৩১ অক্টোবরের ফাইনালে পাকিস্তান ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে।
রাথনায়া সেঞ্চুরি করলেও দলের অধিনায়ক কুশাল মেন্ডিস ১১ রানের আক্ষেপে ভুগেছেন। তাদের মধ্যে ৮০ রানের একটি জুটি গড়ে ওঠে। এরপর জানিথ লিয়ানাজ ২৭ ও সাহান আরাচিগে ৩০ রান করে রাথনায়াকে সহযোগিতা করেন। অষ্টম ব্যাটার হিসেবে রাথনায়া ৩২৯ রানে আউট হলে শ্রীলঙ্কার জয়ের আশা মূলত ফিকে হয়ে যায়।
পরবর্তী দুই উইকেটে শ্রীলঙ্কা আর মাত্র ২ রান তুলতে সক্ষম হয়। ইংল্যান্ডের হয়ে লিয়াম ডওসন ৪ ও সনি বেকার ২টি উইকেট নেন, এছাড়া স্যাম কুরান, হেনরি ক্রোকোম্বে ও জো রুট একটি করে উইকেট পান।
ইংল্যান্ড বড় সংগ্রহ পায় বেন ডাকেটের সেঞ্চুরিতে। তিনি ১৩২ বলে ১৬৭ রান করেন এবং ৭৪ রান করেন টম ব্যান্টন। এদিন ইশান মালিঙ্গা লজ্জাজনকভাবে দ্বিতীয় লঙ্কান হিসেবে ওয়ানডের এক ইনিংসে একশর বেশি রান খরচ করেন। ১০১ রানের বিনিময়ে তিনি মাত্র এক উইকেট নেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপি সিঙ্গাপুরে চিকিৎসা সম্পন্ন করে দেশে ফিরেছেন। তিনি বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী প্রফেসর ডা. হাবিবা চৌধুরী সুইট।
বিমানবন্দরে ডা. তাহেরকে স্বাগত জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। এছাড়া, উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।
সিঙ্গাপুরে চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফেরার সময় বিমানবন্দরে দলের জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চলচ্চিত্রের শুটিংয়ে অভিনেত্রীদের পোশাক ও শরীর নিয়ে নির্মাতাদের অস্বস্তিকর নির্দেশনা দেওয়ার ঘটনা নতুন কিছু নয়। এবার বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে এমন একটি অভিজ্ঞতা প্রকাশ করেছেন।
একটি অ্যাকশন সিনেমার শুটিংয়ের জন্য তাকে অন্তর্বাস পরে অভিনয় করতে বলা হয়েছিল। এমনকি অন্তর্বাস ছাড়া শার্ট পরে বোতাম খোলা রাখার নির্দেশও তাকে দেওয়া হয়েছিল। এই নির্দেশনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন রাধিকা।
সম্প্রতি, নিজের নতুন সিরিজ ‘আক্কা’র প্রচারের জন্য একটি ভিডিও সাক্ষাৎকারে এসব অভিজ্ঞতার কথা জানান তিনি। চলচ্চিত্রশিল্পে নারীদের কাজের পরিবেশ এবং শুটিংয়ের সময় তাদের স্বস্তি ও সম্মতির বিষয়টিও তিনি তুলে ধরেন।
রাধিকা জানান, একটি অ্যাকশন সিনেমার দৃশ্যের জন্য তাকে অন্তর্বাস ছাড়া শার্ট পরতে এবং শার্টের বোতাম খোলা রাখতে বলা হয়েছিল। তবে তিনি এই নির্দেশনার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন।
অভিনেত্রীর ভাষ্য, “তারা আমাকে বলেছিল, তুমি কি অন্তর্বাস ছাড়া শার্ট পরতে পারবে ও বোতাম খোলা রাখতে পারবে? আমি তাদের বলেছিলাম, পদার্থবিদ্যার বিষয়টা একটু ভেবে দেখুন। আমি যখন অ্যাকশন দৃশ্যে অভিনয় করছি…”
রাধিকার এই বক্তব্যের মাধ্যমে শুটিংয়ের প্রয়োজনে অভিনেত্রীদের পোশাক নিয়ে নির্মাতাদের প্রত্যাশা এবং বাস্তবসম্মত নির্দেশনার বিষয়টি সামনে এসেছে।
সাক্ষাৎকারে রাধিকা আরও জানান, অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে অভিনেতা-অভিনেত্রীদের স্বস্তি, নিরাপত্তা ও সম্মতি নিশ্চিত করতে ইন্টিমেসি কোঅর্ডিনেটররা কাজ করেন। কিন্তু অনুচিত দাবি বা নির্দেশনার বিরুদ্ধে অবস্থান নেওয়ার ফলে তাদের পেশাগত ঝুঁকিতে পড়তে হয় বলেও তিনি উল্লেখ করেন। এমনকি এ ধরনের পরিস্থিতিতে তাদের চাকরি হারানোর ঘটনাও দেখেছেন বলে জানান অভিনেত্রী।
রাধিকার বক্তব্যে চলচ্চিত্রের সেটে সম্মতি, পেশাগত মর্যাদা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার গুরুত্ব নতুন করে আলোচনায় এসেছে।
এদিকে, রাধিকা আপ্তে অভিনীত নতুন ভারতীয় সিরিজ ‘আক্কা’ দর্শকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে। সিরিজটির গল্প ১৯৮০-এর দশকের দক্ষিণ ভারতের কাল্পনিক শহর পেরুনুরকে কেন্দ্র করে গড়ে উঠেছে। সেখানে নারীদের নেতৃত্বে গড়ে উঠেছে শক্তিশালী এক গ্যাংস্টার-জগৎ। এই গোষ্ঠী প্রজন্মের পর প্রজন্ম ধরে নিজেদের ক্ষমতা ও উত্তরাধিকার ধরে রাখতে লড়াই করে যাচ্ছে।
আনুগত্য, প্রতিশোধ, পারিবারিক উত্তরাধিকার এবং রক্তক্ষয়ী সংঘাতের গল্পে গুরুত্বপূর্ণ দুই চরিত্র ভবানী ও রুদ্র। ভবানী চরিত্রে অভিনয় করেছেন কীর্তি সুরেশ। অন্যদিকে রুদ্রর ভূমিকায় দেখা যাবে রাধিকা আপ্তেকে।
নেটফ্লিক্সের এই সিরিজে ক্ষমতার সমীকরণ, উচ্চাকাঙ্ক্ষা এবং সংঘাতের মধ্য দিয়ে কাহিনি এগিয়ে যাবে। নতুন সিরিজের প্রচারের পাশাপাশি চলচ্চিত্রশিল্পে নিজের অভিজ্ঞতা তুলে ধরে আবারও আলোচনায় এসেছেন রাধিকা আপ্তে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স মন্তব্য করেছেন যে, বিএনপির বিরুদ্ধে কল্পকাহিনি প্রচার করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের ‘তলে তলে খাতির’ আড়াল করা সম্ভব নয়। জামায়াতের পরকীয়া এখন ‘ওপেন সিক্রেট’, যা শুধু আওয়ামী লীগের সঙ্গে নয়, বরং তাদের প্রভু হিসেবে পরিচিত দেশের সঙ্গেও সম্পর্কিত।
তিনি বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মুন্সিরহাটে মাদরাসা মাঠে বাঘবেড় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের ওয়ার্ড নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স আরও বলেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক অসততার প্রকাশ। ২০০৬ সালের ২৮ অক্টোবরের রক্তাক্ত ঘটনাকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের ‘তলে তলে খাতির’ থাকার অভিযোগ মিথ্যা। বিএনপির বিরুদ্ধে মনগড়া অভিযোগ উত্থাপন করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।
তিনি উল্লেখ করেন, ২৮ অক্টোবরের হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়। প্রকাশ্য দিবালোকে সংঘটিত সেই নৃশংস সহিংসতার দায় কোনো রাজনৈতিক সমঝোতার কল্পকাহিনি দিয়ে আড়াল করা যাবে না। বিএনপির বিরুদ্ধে মিথ্যা রাজনৈতিক অপবাদ দেওয়া শুধু দুঃখজনক নয়, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অপচেষ্টাও বটে।
বিএনপির এ যুগ্ম মহাসচিব বলেন, আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে এক কাতারে দাঁড় করানোর অপচেষ্টা আসলে আওয়ামী লীগের অতীত অপকর্মের দায় মুছে দেওয়ার চেষ্টা। যারা বিএনপির দীর্ঘ সংগ্রামকে অস্বীকার করতে চায়, তারা ইতিহাসের সত্যকেই অস্বীকার করছে।
তিনি আরও বলেন, বিএনপির বিরুদ্ধে কল্পিত আঁতাতের গল্প ছড়িয়ে নিজেদের রাজনৈতিক দেউলিয়াত্ব ঢাকার চেষ্টা করবেন না। ইতিহাসকে বিকৃত করা যায়, কিন্তু ইতিহাসের সত্যকে মুছে ফেলা যায় না।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বিচারে স্থানীয় নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে একজনকেই বিএনপির পক্ষ থেকে সমর্থন দেওয়া হবে। যাকেই দল থেকে সমর্থন দেওয়া হবে, সবাই মিলে তাকে ঐক্যবদ্ধভাবে বিজয়ী করতে হবে। দলের সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ডিসেম্বরকে কেন্দ্র করে ফ্যাসিবাদের দোসরদের অপতৎপরতা নজরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদের কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাঘবেড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, সাবেক চেয়ারম্যান ফরহাদ রাব্বানী সুমন। সভাটি পরিচালনা করেন সদস্য সচিব সিরাজুল ইসলাম সরকার। সভায় উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান মানিক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস, মাহবুবুল আলম বাবুল, জেলা যুবদলের সহ-সভাপতি আবুল কাশেম ডলার, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, ইউনিয়ন নেতা মো. শাজাহান, আবদুস শহীদ আকন্দ, মাহবুবুল আলম মাসুম, আমিনুল ইসলাম, ইদ্রিস আলী, আলাল উদ্দিনসহ ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য দেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ