ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হচ্ছে


যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হচ্ছে

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : সশস্ত্র বাহিনী দিবসটি যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপিত হচ্ছে।

আজ শনিবার, এই দিবস উপলক্ষে দেশের সকল সেনানিবাস, নৌ ঘাঁটি ও স্থাপনা এবং বিমানঘাঁটিতে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

দিবসের কর্মসূচির শুরুতে ফজরের নামাজের পর দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উন্নতি ও অগ্রগতি এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় মসজিদগুলোতে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: কারা পাবেন সরকারি সহায়তা, নতুন নির্দেশিকায় ১২টি শর্ত

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাঁদের গার্ড অব অনার প্রদান করে। পুষ্পস্তবক অর্পণের সময় শহীদদের স্মরণে বিউগলে করুণ সুর বাজানো হয়।

পরে প্রধানমন্ত্রী শিখা অনির্বাণে সংরক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এর আগে শিখা অনির্বাণে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার।

আরও পড়ুন: মোংলায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা বিজয়’ দেখতে সাধারণ মানুষের ভিড়

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।

এদিকে মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মরণে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ নিজ বাহিনীর পক্ষে সম্মিলিতভাবে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন।

শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে যান। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও মহাপরিচালগণ। এ সময় সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান ও বিমানবাহিনী প্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

পরে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

অনুষ্ঠানে সাত বীরশ্রেষ্ঠের নিকটাত্মীয়সহ প্রায় ১০১ জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীগণ অংশ নেন।

এ সময় অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সঙ্গে চা-চক্রে অংশ নেন।

আরও পড়ুন: ফ্যামিলি কার্ড শুমারি শুরু, কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান সমাজসেবা অধিদফতরের

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুক্তিযোদ্ধাদের কল্যাণে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:২৩ পি.এম


মুক্তিযোদ্ধাদের কল্যাণে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, জনগণের রায়ে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি উল্লেখ করেছেন, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সম্মান, মর্যাদা এবং কল্যাণ নিশ্চিত করতে রাষ্ট্র তার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার ধারা অব্যাহত রাখবে।

শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধের গৌরব সমুন্নত রাখা এবং বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করতে বিএনপি সরকারের সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০১ সালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ২০০২ সালে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন প্রণয়ন করা হয়। এসব উদ্যোগ ছিল সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

প্রধানমন্ত্রী আরও বলেন, সময়ের নিয়মে অনেক বীর মুক্তিযোদ্ধা আজ বয়সের ভারে ক্লান্ত। জীবনের শেষ প্রান্তে এসেও তাঁদের চোখে স্বাধীনতার সেই দীপ্তি এখনো জ্বলজ্বল করছে। মহান মুক্তিযুদ্ধে তাঁদের অসামান্য অবদান ও আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে প্রতিবছর সশস্ত্র বাহিনী বিভাগ যে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করে আসছে, তার জন্য সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান প্রদর্শন এবং তাঁদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারেক রহমান আরও বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের আত্মত্যাগের বিনিময়েই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে। তাঁদের পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতিও রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্র তার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সম্মান, সহযোগিতা ও সহায়তার ধারা অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সম্মাননা জানানো হয়। এ সময় প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের সম্মিলিত অবদান ও আত্মত্যাগের স্মরণে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে বিকেলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পৃথক সংবর্ধনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। এতে সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, রাজনৈতিক নেতা, কূটনীতিক, বীরশ্রেষ্ঠ ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী এবং জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে ফ্ল্যাটে জমে থাকা গ্যাস বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ ৪ জন দগ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:২৩ পি.এম


নারায়ণগঞ্জে ফ্ল্যাটে জমে থাকা গ্যাস বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ ৪ জন দগ্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় একটি আবাসিক ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে বিকট শব্দে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার ফলে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) ভোর ৫টার সময় ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় আসলাম মিয়ার চারতলা ভবনের নিচতলায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিদের মধ্যে রয়েছেন শাহিন, তার স্ত্রী লিমা পারভীন এবং তাঁদের দুই আত্মীয়। গুরুতর দগ্ধ অবস্থায় তাঁদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা শিহাব জানিয়েছেন, ঘটনার সময় ফ্ল্যাটের দরজা ও জানালা সব বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, গ্যাসের চাবি খোলা থাকায় অথবা গ্যাসলাইনের লিকেজের কারণে সারা ঘরে গ্যাস জমে গিয়েছিল। সকালে ঘুম থেকে উঠে যখন চুলায় আগুন জ্বালাতে গিয়েছিলেন, তখন মুহূর্তের মধ্যে তা বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় ফ্ল্যাটের দরজা-জানালাসহ ঘরের আসবাব পুড়ে যায়। বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন এ বিষয়ে বলেন, ‘ঘটনাস্থলে আমাদের একটি টিম কাজ করছে। বিস্ফোরণের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রস সংগ্রহের মৌসুমে গাছে গাছে ব্যস্ত গাছিরা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:২৪ পি.এম


রস সংগ্রহের মৌসুমে গাছে গাছে ব্যস্ত গাছিরা

দিগন্তজোড়া মাঠের দৃশ্য। মাঠের মাঝখানে একটি মেঠো পথ। এই পথের দুই পাশে সারি সারি খেজুরগাছ দাঁড়িয়ে রয়েছে। গাছের এক পাশে ডাল ছেঁটে এবং বাকল চেঁছে রস সংগ্রহের জন্য প্রস্তুতি নিচ্ছেন ষাটোর্ধ একজন ব্যক্তি। তার নাম মুজিবর মোল্যা।

মুজিবর মোল্যার শরীরে প্যাঁচানো মোটা দড়ি রয়েছে। কোমরের পেছনে ঝুলছে বাঁশের তৈরি একটি দীর্ঘ ঝুড়ি। হাতে রয়েছে ধারালো গাছি দা। তিনি তরতর করে গাছে উঠছেন এবং এক-একটি গাছ পরিষ্কার করে রস বের করার উপযোগী করছেন। স্থানীয় ভাষায় এই প্রক্রিয়াকে বলা হয় ‘গাছ তোলা’।

মুজিবর মোল্যার বাসস্থান নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা গ্রামে। তিনি প্রায় ২৫ বছর ধরে বংশ পরম্পরায় খেজুর গাছ তুলছেন। শীত মৌসুম এলেই যেন তার জন্য দম ফেলারও সময় নেই। রস সংগ্রহের পর তিনি সেই রস থেকে গুড় প্রস্তুত করেন এবং তা বিক্রি করেন।

রবিবার (১৫ নভেম্বর) সকালে শেখহাটি মালিয়াট সড়কের পাশে খেজুর গাছ কাটছিলেন মুজিবর। সেখানে তার সঙ্গে কথা হয়। তিনি জানান, “প্রায় ৩৫ বছর ধরে আমি খেজুর গাছ থেকে রস সংগ্রহের কাজ করছি।” তার বড় ভাইও প্রায় ৪০ বছর ধরে এ কাজ করেছেন এবং তার দাদা ও বাবা এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন অন্তত ৪০ বছর ধরে।

মুজিবর বলেন, “বংশ পরম্পরায় আমরা এ কাজ করছি। খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে নিজেই গুড় তৈরি করে তা বিক্রি করি। এবছর আমি ৫৩টি গাছ তুলেছি।” তিনি আরও জানান, “চৈত্র মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত রস তোলা যাবে।” এই মৌসুমে কাঁচা রস ছাড়াও তিনি দুই লাখ টাকার গুড় বিক্রি করতে পারবেন বলে আশা করছেন।

মুজিবরের মতো অন্যান্য গাছিরাও বর্তমানে নড়াইলে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তাদের দিনের বেশিরভাগ সময় কাটছে খেজুর গাছের মাথায়।

গাছিদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলার অনেক গাছির জীবিকার প্রধান উৎস কৃষিকাজ। তবে শীত মৌসুমে তারা খেজুর গাছ থেকে রস সংগ্রহ করেন। নিজের কোনো খেজুর গাছ না থাকায় অনেকে অন্যের গাছ ইজারা নেন। মৌসুমে ইজারা নিয়ে গাছগুলো কেটে বাড়তি আয় করেন।

গাছিরা জানান, অগ্রহায়ণের মাঝামাঝি সময়ের মধ্যে রস সংগ্রহের জন্য খেজুর গাছ প্রস্তুত করেন তারা। চৈত্রের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত চলে রস সংগ্রহের কার্যক্রম।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে জানা গেছে, জেলায় ২৩ হাজার ৫৫০টি খেজুর গাছ রয়েছে। সেখান থেকে এ বছর ৩৫৪ মেট্রিক টন রস সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা থেকে গুড় উৎপাদিত হবে ৫৩ মেট্রিক টন।

সরর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, “নিরাপদ ও স্বাস্থ্যসম্মত রস সংগ্রহে কৃষি বিভাগ উদ্যোগ নিয়েছে।” প্রত্যেক ইউনিয়নে উপসহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত গাছিদের পরামর্শ প্রদান করছেন।

বিশেষ করে উপজেলার শেখহাটি ইউনিয়নের দেবভোগ, শেখহাটি, আফরা এলাকায় খেজুর গাছের সংখ্যা বেশি হওয়ায় শীত মৌসুমে সেখানে খেজুর গাছ কাটার ধুম পড়ে যায়।

কৃষি বিভাগ থেকে খেজুর গাছের রস সংগ্রহকারীদের খাঁটি রস ও গুড় প্রস্তুতে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মণিপুরে বিষাক্ত মদপানে ১৫ জনের মৃত্যু, ১৮০ অসুস্থ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:২৫ পি.এম


মণিপুরে বিষাক্ত মদপানে ১৫ জনের মৃত্যু, ১৮০ অসুস্থ

ভারতের মণিপুর রাজ্যে বিষাক্ত মদপানে ১৫ জনের মৃত্যু ঘটেছে। এ ঘটনায় ১৮০ জনেরও বেশি মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্থানীয়ভাবে তৈরি মদপানের পর মিথানল বিষক্রিয়ায় এসব মৃত্যুর ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কর্তৃপক্ষ মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত করেনি।

মণিপুরের চান্দেল জেলায় ১৮ থেকে ২০ নভেম্বরের মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটে। গত ৪৮ ঘণ্টায় পরিস্থিতির অবনতি হলে অসুস্থ ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। আক্রান্তদের অধিকাংশই চান্দেল জেলার চাকপি কারং ও আশপাশের এলাকার বাসিন্দা। তাঁদের মধ্যে প্রাপ্তবয়স্ক ও মধ্যবয়সী ব্যক্তিরাও রয়েছেন।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, বিষাক্ত মদপানের পর কয়েকজন নিজ বাড়িতে মারা যান। অন্যদের হাসপাতালে নেওয়ার পথে অথবা চাকপি কারংয়ের কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে।

পুলিশের দাবি, মৃত ব্যক্তিরা যে মদপান করেছিলেন বলে অভিযোগ উঠেছে, সেটি কাকচিং জেলার সুগনু এলাকা থেকে আনা হয়েছিল। মদটি চান্দেল জেলায় তৈরি বা চোলাই করা হয়নি। এ ঘটনার পর যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করতে সাধারণ মানুষ ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।

এদিকে, বৃহস্পতিবার চান্দেলের উপকমিশনার জনস্বাস্থ্যবিষয়ক সতর্কতা জারি করেছেন। সতর্কতায় বলা হয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ এখনো চিকিৎসাগত ও বৈজ্ঞানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রশাসন স্থানীয়ভাবে তৈরি মদ এবং সন্দেহজনক উৎস থেকে আসা যেকোনো ধরনের মদপান থেকে বিরত থাকতে বাসিন্দাদের পরামর্শ দিয়েছে। পাশাপাশি মদপানের পর বমি, পেটব্যথা, মাথাব্যথা, মাথা ঘোরা, দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া কিংবা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার পর বৃহস্পতিবার মণিপুরের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং ইম্ফল পশ্চিমের শিজা হাসপাতাল ও গবেষণা প্রতিষ্ঠান এবং ইম্ফল পূর্বের বাবিনা হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে ভেজাল মদপানের সন্দেহে অসুস্থ হয়ে চিকিৎসাধীন ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি।

এ সময় মুখ্যমন্ত্রী চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং রোগীদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। রাজ্য সরকারের পক্ষ থেকে চিকিৎসাধীন ব্যক্তিদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি। একই সঙ্গে অসুস্থ ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন মুখ্যমন্ত্রী।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%