১২:২৫ পি.এম
ভারতের মণিপুর রাজ্যে বিষাক্ত মদপানে ১৫ জনের মৃত্যু ঘটেছে। এ ঘটনায় ১৮০ জনেরও বেশি মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্থানীয়ভাবে তৈরি মদপানের পর মিথানল বিষক্রিয়ায় এসব মৃত্যুর ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কর্তৃপক্ষ মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত করেনি।
মণিপুরের চান্দেল জেলায় ১৮ থেকে ২০ নভেম্বরের মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটে। গত ৪৮ ঘণ্টায় পরিস্থিতির অবনতি হলে অসুস্থ ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। আক্রান্তদের অধিকাংশই চান্দেল জেলার চাকপি কারং ও আশপাশের এলাকার বাসিন্দা। তাঁদের মধ্যে প্রাপ্তবয়স্ক ও মধ্যবয়সী ব্যক্তিরাও রয়েছেন।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, বিষাক্ত মদপানের পর কয়েকজন নিজ বাড়িতে মারা যান। অন্যদের হাসপাতালে নেওয়ার পথে অথবা চাকপি কারংয়ের কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে।
আরও পড়ুন: মুসলিম জনসংখ্যা বাড়ছে, তাই প্রতিটি হিন্দু বাড়িতে বন্দুক রাখার আহ্বান বিজেপি বিধায়কের
পুলিশের দাবি, মৃত ব্যক্তিরা যে মদপান করেছিলেন বলে অভিযোগ উঠেছে, সেটি কাকচিং জেলার সুগনু এলাকা থেকে আনা হয়েছিল। মদটি চান্দেল জেলায় তৈরি বা চোলাই করা হয়নি। এ ঘটনার পর যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করতে সাধারণ মানুষ ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।
এদিকে, বৃহস্পতিবার চান্দেলের উপকমিশনার জনস্বাস্থ্যবিষয়ক সতর্কতা জারি করেছেন। সতর্কতায় বলা হয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ এখনো চিকিৎসাগত ও বৈজ্ঞানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রশাসন স্থানীয়ভাবে তৈরি মদ এবং সন্দেহজনক উৎস থেকে আসা যেকোনো ধরনের মদপান থেকে বিরত থাকতে বাসিন্দাদের পরামর্শ দিয়েছে। পাশাপাশি মদপানের পর বমি, পেটব্যথা, মাথাব্যথা, মাথা ঘোরা, দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া কিংবা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনার পর বৃহস্পতিবার মণিপুরের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং ইম্ফল পশ্চিমের শিজা হাসপাতাল ও গবেষণা প্রতিষ্ঠান এবং ইম্ফল পূর্বের বাবিনা হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে ভেজাল মদপানের সন্দেহে অসুস্থ হয়ে চিকিৎসাধীন ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি।
আরও পড়ুন: পোল্যান্ডের মাটিতে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন: ন্যাটোর প্রতিক্রিয়া কি হবে?
এ সময় মুখ্যমন্ত্রী চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং রোগীদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। রাজ্য সরকারের পক্ষ থেকে চিকিৎসাধীন ব্যক্তিদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি। একই সঙ্গে অসুস্থ ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন মুখ্যমন্ত্রী।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন