প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দিগন্তজোড়া মাঠের দৃশ্য। মাঠের মাঝখানে একটি মেঠো পথ। এই পথের দুই পাশে সারি সারি খেজুরগাছ দাঁড়িয়ে রয়েছে। গাছের এক পাশে ডাল ছেঁটে এবং বাকল চেঁছে রস সংগ্রহের জন্য প্রস্তুতি নিচ্ছেন ষাটোর্ধ একজন ব্যক্তি। তার নাম মুজিবর মোল্যা।
মুজিবর মোল্যার শরীরে প্যাঁচানো মোটা দড়ি রয়েছে। কোমরের পেছনে ঝুলছে বাঁশের তৈরি একটি দীর্ঘ ঝুড়ি। হাতে রয়েছে ধারালো গাছি দা। তিনি তরতর করে গাছে উঠছেন এবং এক-একটি গাছ পরিষ্কার করে রস বের করার উপযোগী করছেন। স্থানীয় ভাষায় এই প্রক্রিয়াকে বলা হয় ‘গাছ তোলা’।
মুজিবর মোল্যার বাসস্থান নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা গ্রামে। তিনি প্রায় ২৫ বছর ধরে বংশ পরম্পরায় খেজুর গাছ তুলছেন। শীত মৌসুম এলেই যেন তার জন্য দম ফেলারও সময় নেই। রস সংগ্রহের পর তিনি সেই রস থেকে গুড় প্রস্তুত করেন এবং তা বিক্রি করেন।
রবিবার (১৫ নভেম্বর) সকালে শেখহাটি মালিয়াট সড়কের পাশে খেজুর গাছ কাটছিলেন মুজিবর। সেখানে তার সঙ্গে কথা হয়। তিনি জানান, “প্রায় ৩৫ বছর ধরে আমি খেজুর গাছ থেকে রস সংগ্রহের কাজ করছি।” তার বড় ভাইও প্রায় ৪০ বছর ধরে এ কাজ করেছেন এবং তার দাদা ও বাবা এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন অন্তত ৪০ বছর ধরে।
মুজিবর বলেন, “বংশ পরম্পরায় আমরা এ কাজ করছি। খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে নিজেই গুড় তৈরি করে তা বিক্রি করি। এবছর আমি ৫৩টি গাছ তুলেছি।” তিনি আরও জানান, “চৈত্র মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত রস তোলা যাবে।” এই মৌসুমে কাঁচা রস ছাড়াও তিনি দুই লাখ টাকার গুড় বিক্রি করতে পারবেন বলে আশা করছেন।
মুজিবরের মতো অন্যান্য গাছিরাও বর্তমানে নড়াইলে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তাদের দিনের বেশিরভাগ সময় কাটছে খেজুর গাছের মাথায়।
গাছিদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলার অনেক গাছির জীবিকার প্রধান উৎস কৃষিকাজ। তবে শীত মৌসুমে তারা খেজুর গাছ থেকে রস সংগ্রহ করেন। নিজের কোনো খেজুর গাছ না থাকায় অনেকে অন্যের গাছ ইজারা নেন। মৌসুমে ইজারা নিয়ে গাছগুলো কেটে বাড়তি আয় করেন।
গাছিরা জানান, অগ্রহায়ণের মাঝামাঝি সময়ের মধ্যে রস সংগ্রহের জন্য খেজুর গাছ প্রস্তুত করেন তারা। চৈত্রের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত চলে রস সংগ্রহের কার্যক্রম।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে জানা গেছে, জেলায় ২৩ হাজার ৫৫০টি খেজুর গাছ রয়েছে। সেখান থেকে এ বছর ৩৫৪ মেট্রিক টন রস সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা থেকে গুড় উৎপাদিত হবে ৫৩ মেট্রিক টন।
সরর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, “নিরাপদ ও স্বাস্থ্যসম্মত রস সংগ্রহে কৃষি বিভাগ উদ্যোগ নিয়েছে।” প্রত্যেক ইউনিয়নে উপসহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত গাছিদের পরামর্শ প্রদান করছেন।
বিশেষ করে উপজেলার শেখহাটি ইউনিয়নের দেবভোগ, শেখহাটি, আফরা এলাকায় খেজুর গাছের সংখ্যা বেশি হওয়ায় শীত মৌসুমে সেখানে খেজুর গাছ কাটার ধুম পড়ে যায়।
কৃষি বিভাগ থেকে খেজুর গাছের রস সংগ্রহকারীদের খাঁটি রস ও গুড় প্রস্তুতে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন