প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, জনগণের রায়ে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি উল্লেখ করেছেন, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সম্মান, মর্যাদা এবং কল্যাণ নিশ্চিত করতে রাষ্ট্র তার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার ধারা অব্যাহত রাখবে।
শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধের গৌরব সমুন্নত রাখা এবং বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করতে বিএনপি সরকারের সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০১ সালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ২০০২ সালে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন প্রণয়ন করা হয়। এসব উদ্যোগ ছিল সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
প্রধানমন্ত্রী আরও বলেন, সময়ের নিয়মে অনেক বীর মুক্তিযোদ্ধা আজ বয়সের ভারে ক্লান্ত। জীবনের শেষ প্রান্তে এসেও তাঁদের চোখে স্বাধীনতার সেই দীপ্তি এখনো জ্বলজ্বল করছে। মহান মুক্তিযুদ্ধে তাঁদের অসামান্য অবদান ও আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে প্রতিবছর সশস্ত্র বাহিনী বিভাগ যে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করে আসছে, তার জন্য সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান প্রদর্শন এবং তাঁদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তারেক রহমান আরও বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের আত্মত্যাগের বিনিময়েই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে। তাঁদের পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতিও রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্র তার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সম্মান, সহযোগিতা ও সহায়তার ধারা অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সম্মাননা জানানো হয়। এ সময় প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের সম্মিলিত অবদান ও আত্মত্যাগের স্মরণে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে বিকেলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পৃথক সংবর্ধনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। এতে সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, রাজনৈতিক নেতা, কূটনীতিক, বীরশ্রেষ্ঠ ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী এবং জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন