ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিজিবি মহাপরিচালকের সীমান্ত পরিদর্শন, বিতর্কিতদের প্রবেশ রোধের নির্দেশ


বিজিবি মহাপরিচালকের সীমান্ত পরিদর্শন, বিতর্কিতদের প্রবেশ রোধের নির্দেশ

কুমিল্লা, ফেনী এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি এ সময় বাংলাদেশে বিতর্কিত ব্যক্তিদের প্রবেশ ঠেকানোর জন্য বিজিবি সদস্যদের নির্দেশনা প্রদান করেন।

রোববার (২২ নভেম্বর) সকালে, তিনি কুমিল্লা সেক্টর সদর দফতরে গিয়ে কুমিল্লা সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, সীমান্ত নজরদারি কার্যক্রম ও অপারেশনাল কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।

এরপর বিজিবি মহাপরিচালক ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ পরশুরাম সীমান্ত এলাকা পরিদর্শন করেন। এই সময় তিনি বিলোনিয়া আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) ও মজুমদারহাট বর্ডার আউটপোস্ট (বিওপি) পরিদর্শন করেন এবং সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে নিরাপত্তা ব্যবস্থা, টহল কার্যক্রম ও সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

আরও পড়ুন: নেত্রকোণায় টোল আদায়কারীর ঘুষিতে ৮৬ বছর বয়সী বৃদ্ধের মৃত্যু

পরবর্তীতে, বিজিবি মহাপরিচালক সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধীনস্থ আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) ও আখাউড়া বর্ডার আউটপোস্ট (বিওপি) পরিদর্শন করেন। সেখানে তিনি সীমান্তে সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলেন। তিনি সীমান্তের স্পর্শকাতর এলাকায় বিশেষ নজরদারি বজায় রাখার নির্দেশনা দেন।

এই পরিদর্শনকালে, বিজিবি মহাপরিচালক দায়িত্বরত সকল পর্যায়ের বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, সীমান্ত অপরাধ প্রতিরোধ, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, পুশ ইন প্রতিরোধসহ বিতর্কিত ব্যক্তিবর্গ প্রবেশ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। এছাড়া, যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় অপারেশনাল ও প্রশাসনিক দিকনির্দেশনা প্রদান করেন।

মহাপরিচালকের এই পরিদর্শনকালে বিজিবি সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সরাইল রিজিয়ন কমান্ডার, কুমিল্লা সেক্টর কমান্ডার এবং সংশ্লিষ্ট ব্যাটালিয়নসমূহের অধিনায়করা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: তথ্য কমিশনে ৫ দিনে নিষ্পত্তি হলো ২৮টি অভিযোগ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মির্জা আজমকে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৮ পি.এম


মির্জা আজমকে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মির্জা আজমকে ট্রাইব্যুনালে হাজির করার জন্য দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একই মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমুসহ ছয় আসামিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ প্রদান করেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান। তিনি জানান, মির্জা আজমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করতে সক্ষম হয়নি। তার স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় অভিযান চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা নন-এক্সিকিউশন রিপোর্ট (এনইআর) দাখিল করেছেন।

এই পরিস্থিতিতে পলাতক মির্জা আজমকে ট্রাইব্যুনালে হাজির করার জন্য দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আবেদন জানায় প্রসিকিউশন। শুনানি শেষে ট্রাইব্যুনাল এই নির্দেশ প্রদান করে।

একই মামলায় গ্রেফতার হওয়া ছয় আসামির মধ্যে রয়েছেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, সাবেক কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

রোববার সকালে গ্রেফতার পাঁচ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তবে অসুস্থতার কারণে ফারুক খানকে আদালতে আনা সম্ভব হয়নি। এই মামলায় পলাতক মির্জা আজমসহ মোট আসামির সংখ্যা সাতজন।

এর আগে গত ২ নভেম্বর আওয়ামী লীগের এই সাত নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ৫ নভেম্বর অভিযোগ আমলে নিয়ে ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন বিচারিক প্যানেল। একই সঙ্গে মির্জা আজমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

প্রসিকিউশনের অভিযোগ, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই সাত নেতা। ১৪-দলীয় জোটের বৈঠকে অংশ নিয়ে আন্দোলন দমনে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ, কারফিউ জারি এবং সেই কারফিউ কাজে লাগিয়ে হত্যাযজ্ঞ পরিচালনার পরিকল্পনার সঙ্গে তারা যুক্ত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

প্রসিকিউশনের দাবি, এসব সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দেশজুড়ে হত্যাযজ্ঞ চালানো হয়। এ ঘটনায় সাত নেতার বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃত্বের দায় বা ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’র অভিযোগ আনা হয়েছে।

মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৭ ডিসেম্বর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষকের স্বপ্নে বৃষ্টির আঘাত, মাঠেই নষ্ট হচ্ছে ধান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৮ পি.এম


কৃষকের স্বপ্নে বৃষ্টির আঘাত, মাঠেই নষ্ট হচ্ছে ধান

দীর্ঘ দিনের কঠোর পরিশ্রম, ঋণ নিয়ে সার-বীজ কেনা এবং বুকভরা স্বপ্ন, সবকিছু যেন দুই দিনের টানা বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। ঘূর্ণিঝড় আকভান-এর প্রভাবে শুরু হওয়া বৃষ্টিতে কৃষকের সোনালি ফসল, যা পাকা ধান কেটে ঘরে তোলার অপেক্ষায় ছিল, মাঠে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। কোথাও কাটা ধান পানিতে ডুবে গেছে, আবার কোথাও বৃষ্টির কারণে ধানের অঙ্কুরোদগম ও গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রকৃতির এমন বিরূপ আচরণে কুড়িগ্রামের চিলমারী উপজেলার কৃষকদের মুখে এখন হাসির বদলে দুশ্চিন্তার ছাপ দেখা যাচ্ছে।

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে শনিবার সকালে শুরু হওয়া টানা বর্ষণ এবং জলাবদ্ধতায় সবচেয়ে বেশি বিপদে পড়েছেন ব্রহ্মপুত্র নদবেষ্টিত চরাঞ্চল ও নিচু এলাকার কৃষকেরা। অনেক কৃষক পাকা ধান কেটে জমিতে রেখেছিলেন শুকানোর জন্য এবং আটি বাধার জন্য। কিন্তু হঠাৎ বৃষ্টির কারণে নিচু জমিতে পানি জমে যাওয়ায় অনেকেই সময়মতো কাটা ধান ঘরে তুলতে পারছেন না। জলাবদ্ধতা তৈরি হওয়ায় ধান কাটা, মাড়াই এবং শুকানোর কাজ ব্যাহত হচ্ছে। সময়মতো রোদ না পেলে ভেজা ধানে অঙ্কুরোদগম কিংবা চিটা হয়ে যাওয়ার মতো ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।

সবুজপাড়া এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুর রহমান রতন আক্ষেপ করে বলেন, "সারাবছর কষ্ট করে যে স্বপ্নের ফসল ফলিয়েছি, বৃষ্টির কারণে সেই ফসল ঘরে তুলতে পারছি না।" তিনি ধানে ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন। কৃষক নগেন চন্দ্র বলেন, "মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে সার-বীজ কিনে অনেক কষ্টে ফসল ফলিয়েছিলাম। হঠাৎ বৃষ্টিতে আমরা চরম ক্ষতির মুখে পড়েছি।" চোখের সামনে কষ্টের ফসল নষ্ট হতে দেখে বুক ভেঙে যাচ্ছে তাদের।

উপজেলার চরাঞ্চল নয়ারহাট ইউনিয়নের কৃষক মাহফুজার রহমান, চিলমারী ইউনিয়নের মেহেদী হাসান, অষ্টমীরচর এলাকার রবিউল ইসলাম এবং চরপাত্রখাতা এলাকার লিয়াকত আলী জানান, ধানের বাম্পার ফসল দেখে তারা আশায় বুক বেধেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে এসব পাকা ধান ঘরে তুলতে না পেরে তাদের সেই আশা বিফলে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

এদিকে বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টির কারণে চিলমারীর শ্রমজীবী ও দিনমজুর মানুষের স্বাভাবিক কর্মকান্ডও বাধাগ্রস্ত হচ্ছে। কাজ না থাকায় অনেকের দৈনন্দিন আয় বন্ধ হয়ে গেছে, ফলে পরিবার নিয়ে দুর্বিসহ জীবনযাপন করতে হচ্ছে খেটে খাওয়া ওই মানুষগুলোকে।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র বলেন, "হঠাৎ বৃষ্টি হওয়ায় কিছু ধান মাটিতে পড়ে গেছে, আবার কিছু কাটা ধান কেটে শুকানোর জন্য মাঠে রাখা হয়েছিল সেগুলো ক্ষতিগ্রস্থ হচ্ছে। তবে দ্রুত আবহাওয়া ভালো হলে ক্ষতির পরিমাণ কম হবে। এখানে ক্ষয়-ক্ষতির পরিমাণ সম্পর্কে বলা যাচ্ছে না, দু’একদিন গেলে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যাবে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কপ৩১-এ চুক্তির সম্ভাবনা কমছে: ইইউ প্রেসিডেন্টের মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৯ পি.এম


কপ৩১-এ চুক্তির সম্ভাবনা কমছে: ইইউ প্রেসিডেন্টের মন্তব্য

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : জলবায়ু সম্মেলন কপ৩১-এ একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা প্রতি ঘণ্টায় কমছে, এমন মন্তব্য করেছেন আয়ারল্যান্ডের জলবায়ু ও জ্বালানিমন্ত্রী ড্যারেন ও’ব্রায়েন।

তিনি রোববার নির্ধারিত সময়ের পরও আলোচনা চলাকালীন সময়ে এ কথা বলেন।

তুরস্কের আনতালিয়া থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ইউরোপীয় ইউনিয়নের বর্তমান প্রেসিডেন্ট আয়ারল্যান্ডের জলবায়ু ও জ্বালানিমন্ত্রী ড্যারেন ও’ব্রায়েন উল্লেখ করেন, প্রস্তাবিত চুক্তিতে জলবায়ু সংকট মোকাবিলার জন্য যে উচ্চাকাঙ্ক্ষী পদক্ষেপের প্রয়োজন, তা প্রতিফলিত হচ্ছে না।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে তাদের গভীর হতাশা রয়েছে।

আয়ারল্যান্ড বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের রাওটিং প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হজরত শাহজালাল বিমানবন্দরে ৭.৫ কেজি স্বর্ণের পেস্টসহ তিনজন গ্রেফতার, পাঁচ দিনের রিমান্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৯ পি.এম


হজরত শাহজালাল বিমানবন্দরে ৭.৫ কেজি স্বর্ণের পেস্টসহ তিনজন গ্রেফতার, পাঁচ দিনের রিমান্ড

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪ ক্যারেটের ৭ কেজি ৫০০ গ্রাম স্বর্ণের পেস্টসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন- মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), মো. জাকিবুল ইসলাম জুয়েল (৫৩) ও মো. শাওন (৩৯)।

আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন তাদের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে উল্লিখিত ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করেন। পরে এপিবিএন কার্যালয়ে সৌরভের দেহ তল্লাশি করে কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো ১৫টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়, যার মোট ওজন ৭ কেজি ৫০০ গ্রাম। স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণের পর সেগুলো স্বর্ণের পেস্ট হিসেবে শনাক্ত করা হয়।

এ ঘটনায় বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%