প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দীর্ঘ দিনের কঠোর পরিশ্রম, ঋণ নিয়ে সার-বীজ কেনা এবং বুকভরা স্বপ্ন, সবকিছু যেন দুই দিনের টানা বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। ঘূর্ণিঝড় আকভান-এর প্রভাবে শুরু হওয়া বৃষ্টিতে কৃষকের সোনালি ফসল, যা পাকা ধান কেটে ঘরে তোলার অপেক্ষায় ছিল, মাঠে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। কোথাও কাটা ধান পানিতে ডুবে গেছে, আবার কোথাও বৃষ্টির কারণে ধানের অঙ্কুরোদগম ও গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রকৃতির এমন বিরূপ আচরণে কুড়িগ্রামের চিলমারী উপজেলার কৃষকদের মুখে এখন হাসির বদলে দুশ্চিন্তার ছাপ দেখা যাচ্ছে।
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে শনিবার সকালে শুরু হওয়া টানা বর্ষণ এবং জলাবদ্ধতায় সবচেয়ে বেশি বিপদে পড়েছেন ব্রহ্মপুত্র নদবেষ্টিত চরাঞ্চল ও নিচু এলাকার কৃষকেরা। অনেক কৃষক পাকা ধান কেটে জমিতে রেখেছিলেন শুকানোর জন্য এবং আটি বাধার জন্য। কিন্তু হঠাৎ বৃষ্টির কারণে নিচু জমিতে পানি জমে যাওয়ায় অনেকেই সময়মতো কাটা ধান ঘরে তুলতে পারছেন না। জলাবদ্ধতা তৈরি হওয়ায় ধান কাটা, মাড়াই এবং শুকানোর কাজ ব্যাহত হচ্ছে। সময়মতো রোদ না পেলে ভেজা ধানে অঙ্কুরোদগম কিংবা চিটা হয়ে যাওয়ার মতো ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।
সবুজপাড়া এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুর রহমান রতন আক্ষেপ করে বলেন, "সারাবছর কষ্ট করে যে স্বপ্নের ফসল ফলিয়েছি, বৃষ্টির কারণে সেই ফসল ঘরে তুলতে পারছি না।" তিনি ধানে ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন। কৃষক নগেন চন্দ্র বলেন, "মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে সার-বীজ কিনে অনেক কষ্টে ফসল ফলিয়েছিলাম। হঠাৎ বৃষ্টিতে আমরা চরম ক্ষতির মুখে পড়েছি।" চোখের সামনে কষ্টের ফসল নষ্ট হতে দেখে বুক ভেঙে যাচ্ছে তাদের।
উপজেলার চরাঞ্চল নয়ারহাট ইউনিয়নের কৃষক মাহফুজার রহমান, চিলমারী ইউনিয়নের মেহেদী হাসান, অষ্টমীরচর এলাকার রবিউল ইসলাম এবং চরপাত্রখাতা এলাকার লিয়াকত আলী জানান, ধানের বাম্পার ফসল দেখে তারা আশায় বুক বেধেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে এসব পাকা ধান ঘরে তুলতে না পেরে তাদের সেই আশা বিফলে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
এদিকে বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টির কারণে চিলমারীর শ্রমজীবী ও দিনমজুর মানুষের স্বাভাবিক কর্মকান্ডও বাধাগ্রস্ত হচ্ছে। কাজ না থাকায় অনেকের দৈনন্দিন আয় বন্ধ হয়ে গেছে, ফলে পরিবার নিয়ে দুর্বিসহ জীবনযাপন করতে হচ্ছে খেটে খাওয়া ওই মানুষগুলোকে।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র বলেন, "হঠাৎ বৃষ্টি হওয়ায় কিছু ধান মাটিতে পড়ে গেছে, আবার কিছু কাটা ধান কেটে শুকানোর জন্য মাঠে রাখা হয়েছিল সেগুলো ক্ষতিগ্রস্থ হচ্ছে। তবে দ্রুত আবহাওয়া ভালো হলে ক্ষতির পরিমাণ কম হবে। এখানে ক্ষয়-ক্ষতির পরিমাণ সম্পর্কে বলা যাচ্ছে না, দু’একদিন গেলে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যাবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন