০৭:৪৯ পি.এম
ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪ ক্যারেটের ৭ কেজি ৫০০ গ্রাম স্বর্ণের পেস্টসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন- মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), মো. জাকিবুল ইসলাম জুয়েল (৫৩) ও মো. শাওন (৩৯)।
আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন তাদের রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: ফতুল্লায় পুলিশের কনস্টেবল আনোয়ারকে কুপিয়ে হত্যা, পালিয়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে উল্লিখিত ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করেন। পরে এপিবিএন কার্যালয়ে সৌরভের দেহ তল্লাশি করে কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো ১৫টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়, যার মোট ওজন ৭ কেজি ৫০০ গ্রাম। স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণের পর সেগুলো স্বর্ণের পেস্ট হিসেবে শনাক্ত করা হয়।
এ ঘটনায় বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন