ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কৃষকের স্বপ্নে বৃষ্টির আঘাত, মাঠেই নষ্ট হচ্ছে ধান


কৃষকের স্বপ্নে বৃষ্টির আঘাত, মাঠেই নষ্ট হচ্ছে ধান

দীর্ঘ দিনের কঠোর পরিশ্রম, ঋণ নিয়ে সার-বীজ কেনা এবং বুকভরা স্বপ্ন, সবকিছু যেন দুই দিনের টানা বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। ঘূর্ণিঝড় আকভান-এর প্রভাবে শুরু হওয়া বৃষ্টিতে কৃষকের সোনালি ফসল, যা পাকা ধান কেটে ঘরে তোলার অপেক্ষায় ছিল, মাঠে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। কোথাও কাটা ধান পানিতে ডুবে গেছে, আবার কোথাও বৃষ্টির কারণে ধানের অঙ্কুরোদগম ও গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রকৃতির এমন বিরূপ আচরণে কুড়িগ্রামের চিলমারী উপজেলার কৃষকদের মুখে এখন হাসির বদলে দুশ্চিন্তার ছাপ দেখা যাচ্ছে।

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে শনিবার সকালে শুরু হওয়া টানা বর্ষণ এবং জলাবদ্ধতায় সবচেয়ে বেশি বিপদে পড়েছেন ব্রহ্মপুত্র নদবেষ্টিত চরাঞ্চল ও নিচু এলাকার কৃষকেরা। অনেক কৃষক পাকা ধান কেটে জমিতে রেখেছিলেন শুকানোর জন্য এবং আটি বাধার জন্য। কিন্তু হঠাৎ বৃষ্টির কারণে নিচু জমিতে পানি জমে যাওয়ায় অনেকেই সময়মতো কাটা ধান ঘরে তুলতে পারছেন না। জলাবদ্ধতা তৈরি হওয়ায় ধান কাটা, মাড়াই এবং শুকানোর কাজ ব্যাহত হচ্ছে। সময়মতো রোদ না পেলে ভেজা ধানে অঙ্কুরোদগম কিংবা চিটা হয়ে যাওয়ার মতো ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।

সবুজপাড়া এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুর রহমান রতন আক্ষেপ করে বলেন, "সারাবছর কষ্ট করে যে স্বপ্নের ফসল ফলিয়েছি, বৃষ্টির কারণে সেই ফসল ঘরে তুলতে পারছি না।" তিনি ধানে ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন। কৃষক নগেন চন্দ্র বলেন, "মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে সার-বীজ কিনে অনেক কষ্টে ফসল ফলিয়েছিলাম। হঠাৎ বৃষ্টিতে আমরা চরম ক্ষতির মুখে পড়েছি।" চোখের সামনে কষ্টের ফসল নষ্ট হতে দেখে বুক ভেঙে যাচ্ছে তাদের।

আরও পড়ুন: ঝিনাইদহে ৪,৬৫০ কৃষক পেলেন বিনামূল্যে সার ও বীজ

উপজেলার চরাঞ্চল নয়ারহাট ইউনিয়নের কৃষক মাহফুজার রহমান, চিলমারী ইউনিয়নের মেহেদী হাসান, অষ্টমীরচর এলাকার রবিউল ইসলাম এবং চরপাত্রখাতা এলাকার লিয়াকত আলী জানান, ধানের বাম্পার ফসল দেখে তারা আশায় বুক বেধেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে এসব পাকা ধান ঘরে তুলতে না পেরে তাদের সেই আশা বিফলে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

এদিকে বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টির কারণে চিলমারীর শ্রমজীবী ও দিনমজুর মানুষের স্বাভাবিক কর্মকান্ডও বাধাগ্রস্ত হচ্ছে। কাজ না থাকায় অনেকের দৈনন্দিন আয় বন্ধ হয়ে গেছে, ফলে পরিবার নিয়ে দুর্বিসহ জীবনযাপন করতে হচ্ছে খেটে খাওয়া ওই মানুষগুলোকে।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র বলেন, "হঠাৎ বৃষ্টি হওয়ায় কিছু ধান মাটিতে পড়ে গেছে, আবার কিছু কাটা ধান কেটে শুকানোর জন্য মাঠে রাখা হয়েছিল সেগুলো ক্ষতিগ্রস্থ হচ্ছে। তবে দ্রুত আবহাওয়া ভালো হলে ক্ষতির পরিমাণ কম হবে। এখানে ক্ষয়-ক্ষতির পরিমাণ সম্পর্কে বলা যাচ্ছে না, দু’একদিন গেলে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যাবে।"

আরও পড়ুন: সুবর্ণচরে ২০ শতক জমির টমেটো গাছ কেটে কৃষকের ক্ষতি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কপ৩১-এ চুক্তির সম্ভাবনা কমছে: ইইউ প্রেসিডেন্টের মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৯ পি.এম


কপ৩১-এ চুক্তির সম্ভাবনা কমছে: ইইউ প্রেসিডেন্টের মন্তব্য

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : জলবায়ু সম্মেলন কপ৩১-এ একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা প্রতি ঘণ্টায় কমছে, এমন মন্তব্য করেছেন আয়ারল্যান্ডের জলবায়ু ও জ্বালানিমন্ত্রী ড্যারেন ও’ব্রায়েন।

তিনি রোববার নির্ধারিত সময়ের পরও আলোচনা চলাকালীন সময়ে এ কথা বলেন।

তুরস্কের আনতালিয়া থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ইউরোপীয় ইউনিয়নের বর্তমান প্রেসিডেন্ট আয়ারল্যান্ডের জলবায়ু ও জ্বালানিমন্ত্রী ড্যারেন ও’ব্রায়েন উল্লেখ করেন, প্রস্তাবিত চুক্তিতে জলবায়ু সংকট মোকাবিলার জন্য যে উচ্চাকাঙ্ক্ষী পদক্ষেপের প্রয়োজন, তা প্রতিফলিত হচ্ছে না।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে তাদের গভীর হতাশা রয়েছে।

আয়ারল্যান্ড বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের রাওটিং প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হজরত শাহজালাল বিমানবন্দরে ৭.৫ কেজি স্বর্ণের পেস্টসহ তিনজন গ্রেফতার, পাঁচ দিনের রিমান্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৯ পি.এম


হজরত শাহজালাল বিমানবন্দরে ৭.৫ কেজি স্বর্ণের পেস্টসহ তিনজন গ্রেফতার, পাঁচ দিনের রিমান্ড

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪ ক্যারেটের ৭ কেজি ৫০০ গ্রাম স্বর্ণের পেস্টসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন- মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), মো. জাকিবুল ইসলাম জুয়েল (৫৩) ও মো. শাওন (৩৯)।

আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন তাদের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে উল্লিখিত ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করেন। পরে এপিবিএন কার্যালয়ে সৌরভের দেহ তল্লাশি করে কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো ১৫টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়, যার মোট ওজন ৭ কেজি ৫০০ গ্রাম। স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণের পর সেগুলো স্বর্ণের পেস্ট হিসেবে শনাক্ত করা হয়।

এ ঘটনায় বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানা বন্ধ, ২৫টিতে সাধারণ ছুটি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫০ পি.এম


আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানা বন্ধ, ২৫টিতে সাধারণ ছুটি

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিকদের চলমান আন্দোলনের কারণে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিরতার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতির প্রেক্ষিতে, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারার আওতায় অনির্দিষ্টকালের জন্য ২১টি তৈরি পোশাক কারখানা বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি হামিম গ্রুপ ও ডেকো ডিজাইনসহ ২৫টি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

রোববার সকালে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, শ্রমিকরা সকালে কারখানায় উপস্থিত হলেও কাজে যোগদান না করে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও ভাঙচুর এড়ানোর জন্য মালিকপক্ষ কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

শিল্প পুলিশ জানায়, শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী (কাজ নেই, মজুরি নেই ভিত্তিতে) ২১টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা ২৫টি কারখানার মধ্যে হামিম গ্রুপ, ডেকো ডিজাইন, নেক্সট কালেকশন ও স্টারলিং গ্রুপের একটি কারখানা অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে, আরও তিনটি কারখানার শ্রমিকরা সকালে কর্মস্থলে উপস্থিত হলেও কাজে যোগদান না করে কারখানার ভেতরেই বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, শ্রমিকদের আন্দোলনের কারণে ২১টি কারখানা শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারায় বন্ধ এবং ২৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তিনটি কারখানার ভেতরে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে অবস্থান করছেন।

তিনি আরও জানান, শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত শিল্প পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনগণের বিরুদ্ধে অবস্থানকারীদের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫০ পি.এম


জনগণের বিরুদ্ধে অবস্থানকারীদের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: রিজভী

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তিদের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই। তিনি উল্লেখ করেন, "বাংলাদেশের জনগণ সত্য, ন্যায় ও ন্যায়বিচারের পক্ষে রয়েছে।"

তিনি আরও বলেন, বর্তমান সরকার এবং বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নয়। অপরাধীদের দমনে দমন-পীড়নের পথ বেছে না নিয়ে আইন অনুযায়ী বিচারের মুখোমুখি করার বিষয়টিই তাদের অবস্থান।

রোববার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিলের পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

এ কর্মসূচির আয়োজন করা হয়েছে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে।

রুহুল কবির রিজভী বলেন, বিগত ১৭ বছরের শাসনামলে গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে। বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন, মিথ্যা মামলা এবং হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

তিনি উল্লেখ করেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও বিদেশে বসে অডিও বার্তার মাধ্যমে সহিংসতা ও নাশকতায় উসকানি দিচ্ছেন।

সাম্প্রতিক সহিংস ঘটনার প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ফরিদপুরের ভাঙ্গা ও নড়াইলে প্রাণহানি, গ্রামীণ ব্যাংকের ৮০টি শাখায় অগ্নিসংযোগ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ বিএনপির বিভিন্ন নেতার বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের বিদেশে অবস্থানরত নেতারা ককটেল নিক্ষেপ ও নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য অর্থের জোগান দিচ্ছেন। ব্যাংকিং খাত এবং বড় বড় মেগা প্রকল্প থেকে আত্মসাৎ করা অর্থ এসব কর্মকাণ্ডে ব্যবহার হচ্ছে।

রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যদি চান, তবে তিনি সহিংসতাকারীদের কঠোরভাবে দমন করতে পারতেন। কিন্তু গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাসী হওয়ায় তিনি প্রতিশোধপরায়ণতার পথ অবলম্বন করছেন না।

নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধের জন্য স্বেচ্ছাসেবক দলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্ক থাকার এবং রাজপথে পাহারা দেওয়ার আহ্বান জানান তিনি।

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও এস এম জিলানী।

সমাবেশটি সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ বাপ্পা সিকদার, যেখানে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%