০২:৪৮ পি.এম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এলে সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। তিনি উল্লেখ করেছেন, শুধু দেশের ভূখণ্ডেই নয়, বিশ্বের যেকোনো দেশে বাংলাদেশের দূতাবাস বা মিশনে গেলেও তাঁকে গ্রেপ্তার করা হবে। প্রতিমন্ত্রী এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন এবং জানান, এ ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটবে না।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামা ওবায়েদ এসব মন্তব্য করেন। তিনি জানান, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে শেখ হাসিনা দেশে ফিরতে চান এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন বলে তাঁর মুখপাত্রের বরাতে খবর প্রকাশিত হয়েছে।
শামা ওবায়েদ উল্লেখ করেন, শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত আসামি। বিদেশে পালিয়ে থাকা অন্য দণ্ডপ্রাপ্ত আসামিদের ক্ষেত্রে বাংলাদেশের আইন যে অবস্থান নির্ধারণ করেছে, শেখ হাসিনার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। দেশে ফিরে এলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে।
আরও পড়ুন: সড়ক নির্মাণে নিম্নমানের কাজ বরদাশত হবে না: ডা. শাহাদাত হোসেন
প্রতিমন্ত্রী বলেন, “আমড়া এর আগেও বলেছি, এখনও বলছি, ভবিষ্যতেও একই উত্তর দেব। শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা দেশে এলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে। তাঁদের জেলে যেতে হবে, কেন্দ্রীয় কারাগারে যেতে হবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না।”
শেখ হাসিনাকে দেশে ফেরাতে বিমান, হেলিকপ্টার, বাস, গাড়ি কিংবা রিকশা পাঠানোর বিষয়ে বাংলাদেশ সরকারের কারও সঙ্গে আলোচনা হয়নি বলেও তিনি স্পষ্ট করেন। তাঁর মতে, এ নিয়ে অপ্রয়োজনীয় আলোচনা করে গণমাধ্যম, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের সময় নষ্ট হচ্ছে।
ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও অন্যান্য দণ্ডপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে আনার বিষয়ে ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, জুলাই-আগস্টের হত্যাকাণ্ড, গুম, হত্যার নির্দেশ দেওয়া এবং রক্তপাতের ঘটনায় দণ্ডপ্রাপ্ত যেসব আসামি ভারতসহ বিভিন্ন দেশে পালিয়ে রয়েছেন, তাঁদের প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার কূটনৈতিক প্রক্রিয়া চলছে।
শেখ হাসিনা বাংলাদেশের কোনো দূতাবাস বা মিশনে গেলে তাঁকে গ্রেপ্তার করার সক্ষমতা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, তিনি কোথায় আছেন, তা কেউ জানে না। পালিয়ে যাওয়ার পর থেকে তাঁকে প্রকাশ্যে দেখা গেছে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।
আরও পড়ুন: গাজীপুরে নারী শ্রমিক নিহতের গুজব, থানায় এসে জানালেন তিনি সুস্থ
প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের ৮৪টি মিশন রয়েছে। এসব মিশনে শেখ হাসিনা গেলে তাঁকে গ্রেপ্তার করা হবে বলে সরকারের অবস্থান স্পষ্ট।
শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছাকে রাজনৈতিক স্টান্ট হিসেবে আখ্যায়িত করেন শামা ওবায়েদ। তিনি বলেন, “ভাই, আসুক না। তিনি এলে গ্রেপ্তার হয়ে জেলে যাবেন। এই পলিটিক্যাল স্টান্টের কোনো মানে হয় না।”
শেখ হাসিনা নেতাকর্মীদের বিপদে ফেলে দেশ ছেড়ে পালিয়েছেন অভিযোগ করে প্রতিমন্ত্রী বলেন, এখন আবার আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের বিপদে ফেলার চেষ্টা করছেন তিনি। সারা দেশে তাণ্ডব সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন শামা ওবায়েদ।
তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের অবস্থান পরিষ্কার। শেখ হাসিনা দেশে ফিরলে গ্রেপ্তার হবেন এবং আইন নিজস্ব গতিতে চলবে।
আরও পড়ুন: নড়াইলে জনবল সংকটে জেলা হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত
শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার আবেদন নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তাঁর দাবি, মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে পাসপোর্ট, এনআইডি বা অন্য কোনো সুবিধা দেওয়ার বিধান নেই। এ ক্ষেত্রে আইনের ব্যত্যয় ঘটবে না।
এর আগে শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও এনআইডি দেওয়ার বিষয়ে গত ৯ নভেম্বর দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন পাঠায় ব্রিটিশ আইন প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স। ওই আবেদনের অগ্রগতি জানতে ১৯ নভেম্বর প্রতিষ্ঠানটির আইনজীবী স্টিভেন পাওলস আবার চিঠি দেন।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও সরকারের অবস্থান তুলে ধরে বলেন, দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়। ফিরতে হলে তাঁকে বন্দি হিসেবেই আসতে হবে।
আরও পড়ুন: নওগাঁর মাতাজীহাটে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবার হত্যার অভিযোগ করেছে
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন