শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
১২:০৮ পি.এম
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে টাঙ্গাইল জেলা ছাত্রদলের সদস্য সাজ্জাদ হোসেন রিফাতের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আনসারক্যাম্প রোড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এই বিক্ষোভে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা রাসেল, সাব্বির, আদনান, নিবিড়, মারজান, ইমরান, যুবদল নেতা আসিফ, নাসিরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকের সিন্দুরখান শাখার কার্যালয়ের বারান্দায় অগ্নিসংযোগের একটি ঘটনা ঘটেছে। গত বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে, দুর্বৃত্তরা ব্যাংকের সামনে থাকা গাড়ির টায়ারে আগুন ধরিয়ে দেয়। তবে স্থানীয় বাসিন্দাদের দ্রুত পদক্ষেপের কারণে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলা সম্ভব হয়, ফলে ব্যাংকটি বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে স্থানীয় ইউপি সদস্য মোরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ব্যাংক ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একদল দুর্বৃত্ত সিন্দুরখান শাখার প্রধান ফটকের সামনের বারান্দায় গাড়ির টায়ার জড়ো করে আগুন ধরিয়ে দেয়। আগুনের শিখা দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত ছুটে এলে দুর্বৃত্তরা অন্ধকারে পালিয়ে যায়।
গ্রামীণ ব্যাংকের সিন্দুরখান শাখার ব্যবস্থাপক অজিত চক্রবর্তী জানান, দুর্বৃত্তরা প্রধান ফটকের সামনের বারান্দায় টায়ার জ্বালিয়ে নাশকতার চেষ্টা করেছিল। তবে এলাকাবাসী দ্রুত এগিয়ে আসায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এদিকে, অগ্নিসংযোগের এই ঘটনার ফলে পুরো এলাকায় তীব্র প্রতিক্রিয়া ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ঘটনার পর থেকেই একটি বিশেষ গোষ্ঠী বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য দিনভর বিভিন্নভাবে তৎপরতা চালাচ্ছে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে দুর্বৃত্তদের পৃষ্ঠপোষকতার অভিযোগ তুলেছেন মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি নিয়ামুল হক তরফদার। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "যারা এসব দুর্বৃত্তদের পৃষ্ঠপোষকতা করছে, এই আগুনের তাপ কিন্তু তাদের ঘরেও পৌঁছাতে পারে।"
খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, "পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।"
তবে বৃহস্পতিবার রাত পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের হয়নি বলে পুলিশ জানিয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
॥ আব্দুর রউফ ॥
ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : পুরোনো ২৮ নম্বর সড়ক, ধানমন্ডি লেকের পাড় ঘেঁষে অবস্থিত। এই শান্ত ও স্নিগ্ধ সড়কের একটি বাড়ি, ৩৩০-বি, নতুন ২৭। এখানে দাঁড়িয়ে থাকলে মনে হয়, বাতাসে এখনও এক নির্বাক সুরের গুঞ্জন বেজে চলেছে।
এটি ‘কবিভবন’। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই বাড়িতে বসবাস করতেন। স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠার পর তাঁর শেষ জীবনের দীর্ঘ সময় এই বাড়ির আঙিনায় কেটেছে। এখানে দেয়াল এবং খোলা আঙিনার কোণে একসময় জমে ছিল বেদনাভরা নীরবতা, মানুষের ভালোবাসার অসংখ্য গল্প। কালের আবর্তে স্মৃতিবিজড়িত এই বাড়িটি এখন আধুনিক বহুতল ভবন। যেন এক গভীর স্মৃতিকাতরতায় দাঁড়িয়ে আছে।
কবির সঙ্গে এই ভবনের সম্পর্কের সূচনা ঘটে ১৯৭২ সালের ২৪ মে। তখন দেশ সদ্য স্বাধীন। সরকারি উদ্যোগে সেদিন অসুস্থ নজরুলকে কলকাতা থেকে বিমানে করে ঢাকায় আনা হয়। তেজগাঁও বিমানবন্দরে এসে নামার পর তাঁকে অ্যাম্বুলেন্সে করে ধানমন্ডির এই বাড়িতে নিয়ে আসা হয়। এই বাড়িটি কবির স্থায়ী আবাস হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছিল। এদিন কবির ৭৩তম জন্মদিন ছিল, তাই সকাল থেকেই বাড়ির সামনে ভক্ত, অনুরাগী এবং সংস্কৃতিপ্রেমীরা জড়ো হতে থাকেন। সেদিন থেকেই বাড়িটির নাম হয়ে যায় ‘কবিভবন’।
কবি তখন সম্পূর্ণ নির্বাক ছিলেন। ১৯৪২ সালে দুরারোগ্য রোগে (পিকস ডিজিজ) আক্রান্ত হওয়ার পর থেকে তিনি ধীরে ধীরে বাকশক্তি হারাতে শুরু করেন। যে কণ্ঠ একদিন বিদ্রোহের গানে গোটা জাতিকে জাগিয়ে তুলেছিল, সেই কণ্ঠ তখন স্তব্ধ। তবুও, কবিকে ঘিরে মানুষের ভালোবাসা কমেনি। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফুল হাতে মানুষ কবি ভবনে আসতেন। কেউ কদমবুসি করে নিজেকে ধন্য মনে করতেন, কেউ শুধু দূর থেকে একবার দেখেই নীরবে ফিরে যেতেন। আবার কেউ এসে কবিকে গান শোনাতেন। কবি কিছু বলতে পারতেন না, কিন্তু তাঁর উপস্থিতিই মানুষকে কাছে টেনে আনতো। ১৯৭২ সালের ২৪ মে থেকে ১৯৭৫ সালের ২২ জুলাই পর্যন্ত, মোট ৩ বছর ১ মাস ২৮ দিন কবি এই বাড়িতে ছিলেন। বাংলাদেশে আর কোনো বাড়িতে কবি এত দীর্ঘ সময় কাটাননি।
এই বাড়ির সবচেয়ে বেদনাদায়ক স্মৃতি ১৯৭৫ সালের ২২ জুলাইয়ের। সেদিন কবিকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। যারা সার্বক্ষণিক কবির দেখাশোনা করতেন, তাদের একজন শফী চাকলাদার। নজরুলকে নিয়ে নির্মিত এক টেলিভিশন অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, কবি সেদিন যেতে চাননি। সিঁড়ির রেলিং শক্ত করে আঁকড়ে ধরে রেখেছিলেন এবং ধমকও দিচ্ছিলেন। যারা নিয়মিত কবির কাছে আসতেন, তারা জানতেন, এমন আচরণ তিনি আগে কখনো করেননি। শফী চাকলাদারের কাছে এটিই জীবনের সবচেয়ে কষ্টের স্মৃতি। সেদিন কবিকে ভর্তি করা হয় তৎকালীন পিজি হাসপাতালে (বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়)। সেখানে ১১৭ নম্বর কেবিনে রাখা হয়। এখান থেকে কবি কবিভবনে আর কখনো ফেরেননি। কবি ১৯৭৬ সালের ২৯ আগস্ট এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কবির মৃত্যুর পর তাঁর স্মৃতি রক্ষা, সৃষ্টিকর্ম সংগ্রহ, সংরক্ষণ, গবেষণা ও প্রচারের লক্ষ্যে ১৯৮৫ সালের ফেব্রুয়ারিতে এই প্রাঙ্গণে প্রতিষ্ঠা করা হয় ‘নজরুল ইনস্টিটিউট’। ১৯৮৪ সালের অধ্যাদেশের অধীনে গঠিত প্রতিষ্ঠানটি ২০১৮ সালে প্রণীত ‘কবি নজরুল ইনস্টিটিউট আইন, ২০১৮’-এর আওতায় বর্তমানে ‘কবি নজরুল ইনস্টিটিউট’ নামে পরিচালিত হচ্ছে।
শুরুতে কবির স্মৃতিবিজড়িত আদি ভবনটি (কবিভবন) জাদুঘর হিসেবে ব্যবহৃত হতো। ১৯৮৫ সালে প্রাঙ্গণে ইনস্টিটিউটের জন্য একটি ৬ তলা ভবন নির্মিত হয়। যেখানে এখনো প্রতিষ্ঠানটির কার্যক্রম চলছে। ইনস্টিটিউটের ভেতরে থাকা একটি পুরোনো ফলক থেকে জানা যায়, ১৯৯১ সালের ১৭ সেপ্টেম্বর তৎকালীন শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এখানকার মিলনায়তনের ফলক উন্মোচন করেছিলেন।
তবে কালের আবর্তে একসময় আদি ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। ইনস্টিটিউট-সংশ্লিষ্টরা জানান, পুরোনো সেই ভবনটি এতটাই জরাজীর্ণ হয়ে পড়েছিল যে এর দেয়াল খসে খসে পড়ছিল এবং সংস্কার করেও সেটিকে আর টিকিয়ে রাখা সম্ভব ছিল না। নিরাপত্তার কথা ভেবে ২০১৯ সালের জুন মাসে কবিভবন ভেঙে ফেলা হয়। পরে সেখানে নির্মাণ করা হয় নতুন বহুতল ভবন। দুটি বেজমেন্টসহ নতুন এই ভবনটি বর্তমানে ১১ তলা।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১ ও সেবা শাখা) মোহা. খালিদ হোসেন বাসসকে জানান, ‘প্রকল্পের কাজ প্রায় সম্পন্ন হলেও আংশিক কাজ বাকি থাকায় ভবনটি এখনো ইনস্টিটিউটের কাছে হস্তান্তর করা হয়নি।’
এদিকে দ্রুতই নতুন ভবনে ওঠার প্রত্যাশা সংশ্লিষ্টদের।
পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের এই বিষয়টিকে আবেগের পাশাপাশি বাস্তবতার নিরিখেও দেখতে চান বিশিষ্ট নজরুলসংগীত শিল্পী ও গবেষক সুজিত মোস্তফা।
বাসসের সঙ্গে আলাপকালে তিনি বলেন, একটি ভবনকে ঐতিহ্য হিসেবে সংরক্ষণের দাবি বা আবেগের জায়গাটি অমূলক নয়। কিন্তু নজরুল যেহেতু আমাদের জাতীয় কবি, তাই তাঁর আদর্শ ও সৃষ্টির প্রচার-প্রসারে ব্যাপক কার্যক্রম চালাতে বড় পরিসরের স্থাপনাও প্রয়োজন। শুধু একটি ঘর সংরক্ষণ করে কালেভদ্রে দর্শনার্থীদের পরিদর্শনের চেয়ে নতুন ভবনের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে মানুষের হৃদয়ে নজরুলের চেতনা প্রোথিত করাই মূল লক্ষ্য হওয়া উচিত বলে তিনি মনে করেন।
উপসচিব খালিদ হোসেন জানান, নতুন ভবনটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর হয়নি। তাই বর্তমানে ১৯৮৫ সালে নির্মিত পুরোনো ৬ তলা ভবনেই ইনস্টিটিউটের সার্বিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এখানে নিয়মিত চলছে গবেষণা, প্রকাশনা, অনুষ্ঠানমালা ও লাইব্রেরি-সংক্রান্ত কার্যক্রম। এর বাইরে দেওয়া হচ্ছে সংগীত (নজরুলসংগীতে সর্বোচ্চ ডিপ্লোমা পর্যন্ত), নৃত্য ও আবৃত্তির (প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়) ওপর প্রশিক্ষণ।
লাইব্রেরির সমৃদ্ধ সংগ্রহ সম্পর্কে ইনস্টিটিউটের সহকারী লাইব্রেরিয়ান তামান্না আনওয়ার বাসসকে জানান, বর্তমানে লাইব্রেরিতে সর্বমোট ১৮ হাজার ৮৭৭টি বই রয়েছে। এর মধ্যে নজরুলের ওপর বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষণামূলক বই, সমসাময়িক নজরুল-লেখকদের বই এবং ইনস্টিটিউট-প্রকাশিত সব বই রয়েছে। এছাড়া আছে সংগীত, কবিতা, ঐতিহাসিক ও ধর্মীয় গ্রন্থ।
তিনি বলেন, ‘নজরুলকেন্দ্রিক গবেষণার জন্য কোনো লেখকের ইনস্টিটিউটের বাইরে যাওয়ার প্রয়োজন হবে না।’
বর্তমানে লাইব্রেরির সংগ্রহে নজরুলের শুদ্ধ বাণী ও গানের ৬৫টি স্বরলিপির বই রয়েছে। আরও রয়েছে ১৯৮৫ সালের পর থেকে এ পর্যন্ত নজরুল-বিষয়ক বিভিন্ন পত্রিকার কার্টিং ও পেপার পেস্টিং। সেই সঙ্গে কবির হাতের লেখা ও প্রতিকৃতির অ্যালবামও এখানে সংরক্ষিত আছে।
তামান্না আনওয়ার জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট নিজস্ব পত্রিকা প্রকাশের পাশাপাশি নজরুল সম্পাদিত ধূমকেতু, লাঙল ও গণবাণীর মতো পত্রিকা সংগ্রহ করে সেসব বই আকারে প্রকাশ করেছে। এর বাইরে তুর্কি, ইতালীয়, ফ্রেঞ্চ, পর্তুগিজ, ইংরেজি, উর্দু, হিন্দি, তামিলসহ আরও কয়েকটি ভাষায় নজরুলের রচনার অনুবাদ এবং তাঁকে নিয়ে গবেষণাগ্রন্থের অনুবাদও এখানে সংরক্ষণ করা আছে।
‘নজরুলের ধূমকেতু’ গ্রন্থের সম্পাদকীয় অনুযায়ী, নজরুল সম্পাদিত ধূমকেতুর মোট ৩২টি সংখ্যা প্রকাশিত হয়েছিল, যার মধ্যে ২৭টি এই গ্রন্থে সংকলিত হয়েছে। অন্যদিকে ‘নজরুলের লাঙল’ গ্রন্থের প্রসঙ্গ-কথায় বলা হয়েছে, লাঙলের সবগুলো সংখ্যা পাওয়া গেলেও কিছু পৃষ্ঠা উদ্ধার করা সম্ভব হয়নি। সংগ্রহ করা গেলে পরবর্তী সংস্করণে সেসব পৃষ্ঠা যুক্ত করার কথাও জানানো হয়েছে।
সংগীত-সংরক্ষণেও ইনস্টিটিউটের উদ্যোগ আছে জানিয়ে তামান্না আনওয়ার বাসসকে বলেন, আদি গ্রামোফোন রেকর্ডে ধারণকৃত নজরুলসংগীতের ১ হাজার ২৩৮টি গানের একটি সংকলন ডিভিডি অডিও আকারে তৈরি করা হয়েছে। এছাড়া ‘নজরুলের সাতান্নটি পত্র’ শীর্ষক শ্রুতিভাষ্য এবং কবির জীবন নিয়ে ‘জীবন-পরিক্রমা’ শিরোনামের তথ্যচিত্র ডিভিডিতে প্রকাশিত হয়েছে।
তিনি বলেন, গবেষণার প্রয়োজনে এখানকার বিভিন্ন তথ্য, বই ও নথির ছবি তুলে রাখা যায়। তবে সেগুলো লাইব্রেরির বাইরে নেওয়ার সুযোগ নেই। ফটোকপি সুবিধা চালুর উদ্যোগ চলছে, তবে বিষয়টি এখনো প্রক্রিয়াধীন। এটি চালু হলে গবেষকসহ সংশ্লিষ্টরা তাদের কাজের সুবিধার্থে প্রয়োজনীয় অংশ ফটোকপি করে নিয়ে যেতে পারবেন।
এদিকে নজরুল-গবেষণা ও সংগীতসাধনায় অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটি ১৯৮৬ সাল থেকে এ পর্যন্ত ৫৫ জন গুণী ব্যক্তিত্বকে সম্মানিত করেছে। এসব পুরস্কারপ্রাপ্তদের জীবনীও এই লাইব্রেরিতে সংরক্ষিত আছে।
আদি বাড়িটি হারিয়ে গেলেও এই সড়কে নজরুলকে ঘিরে নতুন স্বপ্ন দানা বাঁধছে। চলতি বছরের ৬ অক্টোবর ধানমন্ডি লেক পুনঃখনন ও উন্নয়নের কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ৭৫ কোটি টাকার মাস্টারপ্ল্যানের অংশ হিসেবে রবীন্দ্র সরোবরের আদলে গড়ে উঠবে ‘নজরুল সরোবর’ (বিদ্রোহী চত্বর)। ইনস্টিটিউটের ঠিক বিপরীতে প্রায় ৫১ কাঠা জমিতে ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই সাংস্কৃতিক পরিসরে নজরুলসংগীত ও আলোচনার জন্য থাকবে উন্মুক্ত মঞ্চ। আরও থাকবে লাইব্রেরি, কবির জীবন ও সাহিত্যভিত্তিক বুক কর্নার, প্লাজা ও লেকের ঘাট।
নজরুলের স্মৃতিধন্য ধানমন্ডির সেই আদি বাড়ি আজ নেই। নেই সেই ঘর কিংবা সিঁড়ির রেলিং। তবু আধুনিকতার ভিড়ে পেছন ফিরে তাকালে মনে হয়, ভবন বদলালেও পুরোনো ২৮ নম্বর সড়ক এখনো এক নির্বাক কবির গল্প বয়ে বেড়ায়। যে কণ্ঠ একদিন স্তব্ধ হয়ে গিয়েছিল। লেকের বাতাসে আজও যেন ভেসে ফেরে তার প্রতিধ্বনি। গ্রন্থাগারের তাকে, গানের সুরে আর লেকপাড়ের নতুন স্বপ্নে বেঁচে আছে তাঁর অবিনাশী সৃষ্টি। যে ভালোবাসা কবির নীরবতাকেও কখনো একা থাকতে দেয়নি, সেই ভালোবাসাই আজও এই ঠিকানাকে আপন করে রেখেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির পাশাপাশি সামরিকীকরণসহ বিভিন্ন ইস্যুতে সরকারের বিরুদ্ধে চাপ সৃষ্টি করতে শুক্রবার ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভে অংশ নিতে যাচ্ছেন বিক্ষোভকারীরা। তারা অভিন্ন দাবিতে একত্রিত হয়ে একই সময়ে সমন্বিত বিক্ষোভ কর্মসূচি আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইউরোপের বিভিন্ন দেশে কয়েক সপ্তাহ ধরে চলমান বিক্ষোভের ধারাবাহিকতায়, এবার ফ্রান্স, যুক্তরাজ্য, বেলজিয়াম, স্পেন, ইতালি, পর্তুগাল ও গ্রিসের শ্রমিক সংগঠন এবং আন্দোলনকর্মীরা শুক্রবার ও আগামী সপ্তাহান্তে একযোগে সমাবেশের ডাক দিয়েছেন।
দেশভেদে বিক্ষোভের কারণ ও দাবি ভিন্ন হলেও লাখ লাখ মানুষকে রাজপথে নামানোর মতো কিছু অভিন্ন সমস্যা রয়েছে। এর মধ্যে রয়েছে বাড়িভাড়া ও আবাসন ব্যয়ের অস্বাভাবিক বৃদ্ধি, শিক্ষার পরিবেশের অবনতি, দীর্ঘদিন ধরে মজুরি না বাড়া এবং সামরিক খাতে ব্যয় বৃদ্ধি।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পাঁচ বছর পূর্তির কাছাকাছি সময়ে এবং স্পেন, ফ্রান্স, ইতালি ও গ্রিসে গুরুত্বপূর্ণ কয়েকটি নির্বাচনের আগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।
তরুণদের নেতৃত্বাধীন একটি জোট জানিয়েছে, ২৫টির বেশি দেশের তরুণেরা এসব বিক্ষোভে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ট্রুরো শহরে বিক্ষোভে অংশ নেওয়ার পরিকল্পনা করা ১৭ বছর বয়সী শিক্ষার্থী জেনর টিনডেল-বিস্কো বলেন, ‘সারা দেশে তরুণদের মতামত তুলে ধরার এবং নিজেদের ভবিষ্যতের জন্য ব্যবস্থাগত ও তাৎক্ষণিক পরিবর্তনের প্রয়োজনীয়তা জানানোর ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়োজন।’
তিনি আরও বলেন, ‘তরুণদের কণ্ঠস্বরের শক্তি এবং প্রাপ্তবয়স্কদের নেতৃত্বাধীন সমাজে এর প্রভাবের বিষয়ে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
এ সময় তিনি ফ্রান্সের তরুণদের চলমান আন্দোলনের কথাও উল্লেখ করেন।
‘ব্যবস্থার আমূল পরিবর্তন চাই’
তরুণদের নেতৃত্বাধীন জোট বর্তমান সমাজব্যবস্থার ‘আমূল পরিবর্তনের’ আহ্বান জানিয়েছে। তারা সামরিকীকরণ ও সামাজিক অবিচারের বিরুদ্ধে তরুণদের আন্দোলনে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে।
৫০টির বেশি তরুণ ও শিক্ষার্থী সংগঠনের সমন্বয়ে গঠিত জোটটির স্লোগান, ‘তাদের যুদ্ধের জন্য নয়, নিজেদের ভবিষ্যতের জন্য লড়াই করো!’
আন্দোলনের আয়োজকদের মধ্যে রয়েছে ফ্রান্সের ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনও। ২০১৮ ও ২০১৯ সালে রাজপথের বিক্ষোভের মাধ্যমে প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সরকারকে চাপে ফেলেছিল এই আন্দোলন।
শ্রমিক সংগঠন ও আবাসন অধিকারকর্মীরা ছয়টি প্রধান দাবি সামনে এনেছেন। এর মধ্যে রয়েছে সবার জন্য আবাসনের অধিকার নিশ্চিত করা, ধনীদের ওপর কর বাড়ানো এবং সামরিক অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম বৃদ্ধির নীতি বন্ধ করা।
রাশিয়ার হুমকি মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যখন সামরিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে, তখন বিক্ষোভের আয়োজকেরা বলছেন, সামরিক খাতে ব্যয়ের জন্য বরাদ্দ অর্থ শিক্ষা, তরুণদের কল্যাণমূলক কর্মসূচি ও আবাসন খাতে ব্যয় করা উচিত।
জার্মানিতে সামরিক বাধ্যতামূলক নিয়োগব্যবস্থা আবার চালু হতে পারে—এমন আশঙ্কায় অনেক তরুণ এই বিক্ষোভে যোগ দিচ্ছেন।
জার্মানির শিক্ষার্থী বিক্ষোভকারী হানেস ক্র্যামার বলেন, ‘সামরিক বাহিনী ও সামরিক অবকাঠামো গড়ে তুলতে যখন প্রায় সীমাহীন অর্থ ব্যয় করা হচ্ছে, তখন কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা ভেঙে ফেলা হচ্ছে।’
‘পরিবর্তনের ডাক’
আয়োজকদের দাবি, পর্তুগাল, ক্রোয়েশিয়া ও সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশে শত শত বিক্ষোভ ও ধর্মঘটের কর্মসূচি পালিত হতে পারে। তবে এসব কর্মসূচিতে মোট কত মানুষ অংশ নেবেন, তা এখনই নিশ্চিত করে বলা কঠিন।
ফ্রান্সে এবারের বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে ইয়েলো ভেস্ট আন্দোলনের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। জ্বালানির ওপর কর বাড়ানোর প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন পরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে রূপ নেয়।
ইতালিতে পরিবহন, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালের কার্যক্রমে প্রভাব ফেলতে পারে এমন একটি দেশব্যাপী ধর্মঘটের সঙ্গে একই সময়ে বিক্ষোভ অনুষ্ঠিত হবে। দেশটির শ্রমিক সংগঠন সিজিআইএল এই আন্দোলনকে ‘দেশের পরিবর্তনের ডাক’ হিসেবে অভিহিত করেছে।
স্পেনে স্বৈরশাসক ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর মৃত্যুর বার্ষিকীর দিনে বিক্ষোভ অনুষ্ঠিত হবে। সেখানে দুপুরে তরুণদের বিক্ষোভ এবং সন্ধ্যায় ফ্যাসিবাদবিরোধী সমাবেশের পরিকল্পনা রয়েছে।
জার্মানিতে ‘জেনজি রেগেল্ট’ নামের একটি সংগঠন জানিয়েছে, শুধু বার্লিনেই তাদের বিক্ষোভে ১৫ হাজার মানুষ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এ ছাড়া দেশটির আরও কয়েক ডজন শহরে কর্মসূচি পালিত হবে।
গত সেপ্টেম্বরের মাঝামাঝি ফ্রান্সের শিক্ষার্থীরা উন্নত শিক্ষার পরিবেশের দাবিতে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রবেশপথ অবরোধ করে আন্দোলন শুরু করেন। ইউরোপের অন্যান্য দেশে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হওয়ার পেছনে এই কর্মসূচি অনুপ্রেরণা জুগিয়েছে।
পরবর্তী সময়ে শিক্ষার্থীদের এই আন্দোলন দেশজুড়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারি সেবার মানের অবনতি এবং পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে রূপ নেয়।
বিক্ষোভ চলাকালে পুলিশের ব্যবহৃত অস্ত্রের আঘাতে কয়েকজন তরুণ দৃষ্টিশক্তি হারিয়েছেন, কেউ কেউ হাত হারিয়েছেন। এ ছাড়া কাঁদানে গ্যাসের কারণে মারাত্মক শারীরিক সমস্যার শিকার হওয়ার অভিযোগ জানিয়েছেন হাজার হাজার বিক্ষোভকারী।
ফ্রান্সের এই আন্দোলন বেলজিয়াম, ইতালি ও স্পেনসহ অন্যান্য দেশেও শিক্ষার্থীদের একই ধরনের কর্মসূচিতে উৎসাহিত করেছে। এসব দেশে ফরাসি শব্দ ‘ব্লকুস’, যার অর্থ অবরোধ, সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হ্যাশট্যাগে পরিণত হয়েছে।
ফরাসি ইতিহাসবিদ সিলভাঁ বুলুক বলেন, ‘আমরা একই সময়ে বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের আন্দোলন গড়ে উঠতে দেখছি।’
তিনি আরও বলেন, ‘প্রায় সব বিক্ষোভের মধ্যে যে বিষয়টি অভিন্ন, তা হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক কর্তৃপক্ষের প্রতি মানুষের অবিশ্বাস।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিচালিত অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে ৪৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।
আজ ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাজধানীর বিভিন্ন থানার এলাকায় বৃহস্পতিবার বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৪০, লালবাগ বিভাগ থেকে ৫০, ওয়ারী বিভাগ থেকে ৫২, মতিঝিল বিভাগ থেকে ৪৭, তেজগাঁও বিভাগ থেকে ৬৩, মিরপুর বিভাগ থেকে ১০৩, গুলশান বিভাগ থেকে ৪৮, উত্তরা বিভাগ থেকে ৫৩ এবং গোয়েন্দা বিভাগ থেকে ১৮ জনকে আটক করা হয়েছে।
অভিযানের সময় উদ্ধার করা হয়েছে দুটি হাত বোমা, আটটি ছুরি, দুইটি চাপাতি, একটি রাম দা, একটি অটোরিকশা, ১১১টি মোবাইল, ৫ হাজার ৭২০ পিস ইয়াবা, ৩৩ কেজি ২ গ্রাম গাঁজা, পাচ বোতল দেশি মদ, এবং একজন ভিকটিম।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ