প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
॥ আব্দুর রউফ ॥
ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : পুরোনো ২৮ নম্বর সড়ক, ধানমন্ডি লেকের পাড় ঘেঁষে অবস্থিত। এই শান্ত ও স্নিগ্ধ সড়কের একটি বাড়ি, ৩৩০-বি, নতুন ২৭। এখানে দাঁড়িয়ে থাকলে মনে হয়, বাতাসে এখনও এক নির্বাক সুরের গুঞ্জন বেজে চলেছে।
এটি ‘কবিভবন’। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই বাড়িতে বসবাস করতেন। স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠার পর তাঁর শেষ জীবনের দীর্ঘ সময় এই বাড়ির আঙিনায় কেটেছে। এখানে দেয়াল এবং খোলা আঙিনার কোণে একসময় জমে ছিল বেদনাভরা নীরবতা, মানুষের ভালোবাসার অসংখ্য গল্প। কালের আবর্তে স্মৃতিবিজড়িত এই বাড়িটি এখন আধুনিক বহুতল ভবন। যেন এক গভীর স্মৃতিকাতরতায় দাঁড়িয়ে আছে।
কবির সঙ্গে এই ভবনের সম্পর্কের সূচনা ঘটে ১৯৭২ সালের ২৪ মে। তখন দেশ সদ্য স্বাধীন। সরকারি উদ্যোগে সেদিন অসুস্থ নজরুলকে কলকাতা থেকে বিমানে করে ঢাকায় আনা হয়। তেজগাঁও বিমানবন্দরে এসে নামার পর তাঁকে অ্যাম্বুলেন্সে করে ধানমন্ডির এই বাড়িতে নিয়ে আসা হয়। এই বাড়িটি কবির স্থায়ী আবাস হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছিল। এদিন কবির ৭৩তম জন্মদিন ছিল, তাই সকাল থেকেই বাড়ির সামনে ভক্ত, অনুরাগী এবং সংস্কৃতিপ্রেমীরা জড়ো হতে থাকেন। সেদিন থেকেই বাড়িটির নাম হয়ে যায় ‘কবিভবন’।
কবি তখন সম্পূর্ণ নির্বাক ছিলেন। ১৯৪২ সালে দুরারোগ্য রোগে (পিকস ডিজিজ) আক্রান্ত হওয়ার পর থেকে তিনি ধীরে ধীরে বাকশক্তি হারাতে শুরু করেন। যে কণ্ঠ একদিন বিদ্রোহের গানে গোটা জাতিকে জাগিয়ে তুলেছিল, সেই কণ্ঠ তখন স্তব্ধ। তবুও, কবিকে ঘিরে মানুষের ভালোবাসা কমেনি। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফুল হাতে মানুষ কবি ভবনে আসতেন। কেউ কদমবুসি করে নিজেকে ধন্য মনে করতেন, কেউ শুধু দূর থেকে একবার দেখেই নীরবে ফিরে যেতেন। আবার কেউ এসে কবিকে গান শোনাতেন। কবি কিছু বলতে পারতেন না, কিন্তু তাঁর উপস্থিতিই মানুষকে কাছে টেনে আনতো। ১৯৭২ সালের ২৪ মে থেকে ১৯৭৫ সালের ২২ জুলাই পর্যন্ত, মোট ৩ বছর ১ মাস ২৮ দিন কবি এই বাড়িতে ছিলেন। বাংলাদেশে আর কোনো বাড়িতে কবি এত দীর্ঘ সময় কাটাননি।
এই বাড়ির সবচেয়ে বেদনাদায়ক স্মৃতি ১৯৭৫ সালের ২২ জুলাইয়ের। সেদিন কবিকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। যারা সার্বক্ষণিক কবির দেখাশোনা করতেন, তাদের একজন শফী চাকলাদার। নজরুলকে নিয়ে নির্মিত এক টেলিভিশন অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, কবি সেদিন যেতে চাননি। সিঁড়ির রেলিং শক্ত করে আঁকড়ে ধরে রেখেছিলেন এবং ধমকও দিচ্ছিলেন। যারা নিয়মিত কবির কাছে আসতেন, তারা জানতেন, এমন আচরণ তিনি আগে কখনো করেননি। শফী চাকলাদারের কাছে এটিই জীবনের সবচেয়ে কষ্টের স্মৃতি। সেদিন কবিকে ভর্তি করা হয় তৎকালীন পিজি হাসপাতালে (বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়)। সেখানে ১১৭ নম্বর কেবিনে রাখা হয়। এখান থেকে কবি কবিভবনে আর কখনো ফেরেননি। কবি ১৯৭৬ সালের ২৯ আগস্ট এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কবির মৃত্যুর পর তাঁর স্মৃতি রক্ষা, সৃষ্টিকর্ম সংগ্রহ, সংরক্ষণ, গবেষণা ও প্রচারের লক্ষ্যে ১৯৮৫ সালের ফেব্রুয়ারিতে এই প্রাঙ্গণে প্রতিষ্ঠা করা হয় ‘নজরুল ইনস্টিটিউট’। ১৯৮৪ সালের অধ্যাদেশের অধীনে গঠিত প্রতিষ্ঠানটি ২০১৮ সালে প্রণীত ‘কবি নজরুল ইনস্টিটিউট আইন, ২০১৮’-এর আওতায় বর্তমানে ‘কবি নজরুল ইনস্টিটিউট’ নামে পরিচালিত হচ্ছে।
শুরুতে কবির স্মৃতিবিজড়িত আদি ভবনটি (কবিভবন) জাদুঘর হিসেবে ব্যবহৃত হতো। ১৯৮৫ সালে প্রাঙ্গণে ইনস্টিটিউটের জন্য একটি ৬ তলা ভবন নির্মিত হয়। যেখানে এখনো প্রতিষ্ঠানটির কার্যক্রম চলছে। ইনস্টিটিউটের ভেতরে থাকা একটি পুরোনো ফলক থেকে জানা যায়, ১৯৯১ সালের ১৭ সেপ্টেম্বর তৎকালীন শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এখানকার মিলনায়তনের ফলক উন্মোচন করেছিলেন।
তবে কালের আবর্তে একসময় আদি ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। ইনস্টিটিউট-সংশ্লিষ্টরা জানান, পুরোনো সেই ভবনটি এতটাই জরাজীর্ণ হয়ে পড়েছিল যে এর দেয়াল খসে খসে পড়ছিল এবং সংস্কার করেও সেটিকে আর টিকিয়ে রাখা সম্ভব ছিল না। নিরাপত্তার কথা ভেবে ২০১৯ সালের জুন মাসে কবিভবন ভেঙে ফেলা হয়। পরে সেখানে নির্মাণ করা হয় নতুন বহুতল ভবন। দুটি বেজমেন্টসহ নতুন এই ভবনটি বর্তমানে ১১ তলা।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১ ও সেবা শাখা) মোহা. খালিদ হোসেন বাসসকে জানান, ‘প্রকল্পের কাজ প্রায় সম্পন্ন হলেও আংশিক কাজ বাকি থাকায় ভবনটি এখনো ইনস্টিটিউটের কাছে হস্তান্তর করা হয়নি।’
এদিকে দ্রুতই নতুন ভবনে ওঠার প্রত্যাশা সংশ্লিষ্টদের।
পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের এই বিষয়টিকে আবেগের পাশাপাশি বাস্তবতার নিরিখেও দেখতে চান বিশিষ্ট নজরুলসংগীত শিল্পী ও গবেষক সুজিত মোস্তফা।
বাসসের সঙ্গে আলাপকালে তিনি বলেন, একটি ভবনকে ঐতিহ্য হিসেবে সংরক্ষণের দাবি বা আবেগের জায়গাটি অমূলক নয়। কিন্তু নজরুল যেহেতু আমাদের জাতীয় কবি, তাই তাঁর আদর্শ ও সৃষ্টির প্রচার-প্রসারে ব্যাপক কার্যক্রম চালাতে বড় পরিসরের স্থাপনাও প্রয়োজন। শুধু একটি ঘর সংরক্ষণ করে কালেভদ্রে দর্শনার্থীদের পরিদর্শনের চেয়ে নতুন ভবনের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে মানুষের হৃদয়ে নজরুলের চেতনা প্রোথিত করাই মূল লক্ষ্য হওয়া উচিত বলে তিনি মনে করেন।
উপসচিব খালিদ হোসেন জানান, নতুন ভবনটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর হয়নি। তাই বর্তমানে ১৯৮৫ সালে নির্মিত পুরোনো ৬ তলা ভবনেই ইনস্টিটিউটের সার্বিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এখানে নিয়মিত চলছে গবেষণা, প্রকাশনা, অনুষ্ঠানমালা ও লাইব্রেরি-সংক্রান্ত কার্যক্রম। এর বাইরে দেওয়া হচ্ছে সংগীত (নজরুলসংগীতে সর্বোচ্চ ডিপ্লোমা পর্যন্ত), নৃত্য ও আবৃত্তির (প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়) ওপর প্রশিক্ষণ।
লাইব্রেরির সমৃদ্ধ সংগ্রহ সম্পর্কে ইনস্টিটিউটের সহকারী লাইব্রেরিয়ান তামান্না আনওয়ার বাসসকে জানান, বর্তমানে লাইব্রেরিতে সর্বমোট ১৮ হাজার ৮৭৭টি বই রয়েছে। এর মধ্যে নজরুলের ওপর বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষণামূলক বই, সমসাময়িক নজরুল-লেখকদের বই এবং ইনস্টিটিউট-প্রকাশিত সব বই রয়েছে। এছাড়া আছে সংগীত, কবিতা, ঐতিহাসিক ও ধর্মীয় গ্রন্থ।
তিনি বলেন, ‘নজরুলকেন্দ্রিক গবেষণার জন্য কোনো লেখকের ইনস্টিটিউটের বাইরে যাওয়ার প্রয়োজন হবে না।’
বর্তমানে লাইব্রেরির সংগ্রহে নজরুলের শুদ্ধ বাণী ও গানের ৬৫টি স্বরলিপির বই রয়েছে। আরও রয়েছে ১৯৮৫ সালের পর থেকে এ পর্যন্ত নজরুল-বিষয়ক বিভিন্ন পত্রিকার কার্টিং ও পেপার পেস্টিং। সেই সঙ্গে কবির হাতের লেখা ও প্রতিকৃতির অ্যালবামও এখানে সংরক্ষিত আছে।
তামান্না আনওয়ার জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট নিজস্ব পত্রিকা প্রকাশের পাশাপাশি নজরুল সম্পাদিত ধূমকেতু, লাঙল ও গণবাণীর মতো পত্রিকা সংগ্রহ করে সেসব বই আকারে প্রকাশ করেছে। এর বাইরে তুর্কি, ইতালীয়, ফ্রেঞ্চ, পর্তুগিজ, ইংরেজি, উর্দু, হিন্দি, তামিলসহ আরও কয়েকটি ভাষায় নজরুলের রচনার অনুবাদ এবং তাঁকে নিয়ে গবেষণাগ্রন্থের অনুবাদও এখানে সংরক্ষণ করা আছে।
‘নজরুলের ধূমকেতু’ গ্রন্থের সম্পাদকীয় অনুযায়ী, নজরুল সম্পাদিত ধূমকেতুর মোট ৩২টি সংখ্যা প্রকাশিত হয়েছিল, যার মধ্যে ২৭টি এই গ্রন্থে সংকলিত হয়েছে। অন্যদিকে ‘নজরুলের লাঙল’ গ্রন্থের প্রসঙ্গ-কথায় বলা হয়েছে, লাঙলের সবগুলো সংখ্যা পাওয়া গেলেও কিছু পৃষ্ঠা উদ্ধার করা সম্ভব হয়নি। সংগ্রহ করা গেলে পরবর্তী সংস্করণে সেসব পৃষ্ঠা যুক্ত করার কথাও জানানো হয়েছে।
সংগীত-সংরক্ষণেও ইনস্টিটিউটের উদ্যোগ আছে জানিয়ে তামান্না আনওয়ার বাসসকে বলেন, আদি গ্রামোফোন রেকর্ডে ধারণকৃত নজরুলসংগীতের ১ হাজার ২৩৮টি গানের একটি সংকলন ডিভিডি অডিও আকারে তৈরি করা হয়েছে। এছাড়া ‘নজরুলের সাতান্নটি পত্র’ শীর্ষক শ্রুতিভাষ্য এবং কবির জীবন নিয়ে ‘জীবন-পরিক্রমা’ শিরোনামের তথ্যচিত্র ডিভিডিতে প্রকাশিত হয়েছে।
তিনি বলেন, গবেষণার প্রয়োজনে এখানকার বিভিন্ন তথ্য, বই ও নথির ছবি তুলে রাখা যায়। তবে সেগুলো লাইব্রেরির বাইরে নেওয়ার সুযোগ নেই। ফটোকপি সুবিধা চালুর উদ্যোগ চলছে, তবে বিষয়টি এখনো প্রক্রিয়াধীন। এটি চালু হলে গবেষকসহ সংশ্লিষ্টরা তাদের কাজের সুবিধার্থে প্রয়োজনীয় অংশ ফটোকপি করে নিয়ে যেতে পারবেন।
এদিকে নজরুল-গবেষণা ও সংগীতসাধনায় অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটি ১৯৮৬ সাল থেকে এ পর্যন্ত ৫৫ জন গুণী ব্যক্তিত্বকে সম্মানিত করেছে। এসব পুরস্কারপ্রাপ্তদের জীবনীও এই লাইব্রেরিতে সংরক্ষিত আছে।
আদি বাড়িটি হারিয়ে গেলেও এই সড়কে নজরুলকে ঘিরে নতুন স্বপ্ন দানা বাঁধছে। চলতি বছরের ৬ অক্টোবর ধানমন্ডি লেক পুনঃখনন ও উন্নয়নের কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ৭৫ কোটি টাকার মাস্টারপ্ল্যানের অংশ হিসেবে রবীন্দ্র সরোবরের আদলে গড়ে উঠবে ‘নজরুল সরোবর’ (বিদ্রোহী চত্বর)। ইনস্টিটিউটের ঠিক বিপরীতে প্রায় ৫১ কাঠা জমিতে ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই সাংস্কৃতিক পরিসরে নজরুলসংগীত ও আলোচনার জন্য থাকবে উন্মুক্ত মঞ্চ। আরও থাকবে লাইব্রেরি, কবির জীবন ও সাহিত্যভিত্তিক বুক কর্নার, প্লাজা ও লেকের ঘাট।
নজরুলের স্মৃতিধন্য ধানমন্ডির সেই আদি বাড়ি আজ নেই। নেই সেই ঘর কিংবা সিঁড়ির রেলিং। তবু আধুনিকতার ভিড়ে পেছন ফিরে তাকালে মনে হয়, ভবন বদলালেও পুরোনো ২৮ নম্বর সড়ক এখনো এক নির্বাক কবির গল্প বয়ে বেড়ায়। যে কণ্ঠ একদিন স্তব্ধ হয়ে গিয়েছিল। লেকের বাতাসে আজও যেন ভেসে ফেরে তার প্রতিধ্বনি। গ্রন্থাগারের তাকে, গানের সুরে আর লেকপাড়ের নতুন স্বপ্নে বেঁচে আছে তাঁর অবিনাশী সৃষ্টি। যে ভালোবাসা কবির নীরবতাকেও কখনো একা থাকতে দেয়নি, সেই ভালোবাসাই আজও এই ঠিকানাকে আপন করে রেখেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন