শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
১২:২৯ পি.এম
ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির পাশাপাশি সামরিকীকরণসহ বিভিন্ন ইস্যুতে সরকারের বিরুদ্ধে চাপ সৃষ্টি করতে শুক্রবার ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভে অংশ নিতে যাচ্ছেন বিক্ষোভকারীরা। তারা অভিন্ন দাবিতে একত্রিত হয়ে একই সময়ে সমন্বিত বিক্ষোভ কর্মসূচি আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইউরোপের বিভিন্ন দেশে কয়েক সপ্তাহ ধরে চলমান বিক্ষোভের ধারাবাহিকতায়, এবার ফ্রান্স, যুক্তরাজ্য, বেলজিয়াম, স্পেন, ইতালি, পর্তুগাল ও গ্রিসের শ্রমিক সংগঠন এবং আন্দোলনকর্মীরা শুক্রবার ও আগামী সপ্তাহান্তে একযোগে সমাবেশের ডাক দিয়েছেন।
দেশভেদে বিক্ষোভের কারণ ও দাবি ভিন্ন হলেও লাখ লাখ মানুষকে রাজপথে নামানোর মতো কিছু অভিন্ন সমস্যা রয়েছে। এর মধ্যে রয়েছে বাড়িভাড়া ও আবাসন ব্যয়ের অস্বাভাবিক বৃদ্ধি, শিক্ষার পরিবেশের অবনতি, দীর্ঘদিন ধরে মজুরি না বাড়া এবং সামরিক খাতে ব্যয় বৃদ্ধি।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পাঁচ বছর পূর্তির কাছাকাছি সময়ে এবং স্পেন, ফ্রান্স, ইতালি ও গ্রিসে গুরুত্বপূর্ণ কয়েকটি নির্বাচনের আগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।
তরুণদের নেতৃত্বাধীন একটি জোট জানিয়েছে, ২৫টির বেশি দেশের তরুণেরা এসব বিক্ষোভে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ট্রুরো শহরে বিক্ষোভে অংশ নেওয়ার পরিকল্পনা করা ১৭ বছর বয়সী শিক্ষার্থী জেনর টিনডেল-বিস্কো বলেন, ‘সারা দেশে তরুণদের মতামত তুলে ধরার এবং নিজেদের ভবিষ্যতের জন্য ব্যবস্থাগত ও তাৎক্ষণিক পরিবর্তনের প্রয়োজনীয়তা জানানোর ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়োজন।’
তিনি আরও বলেন, ‘তরুণদের কণ্ঠস্বরের শক্তি এবং প্রাপ্তবয়স্কদের নেতৃত্বাধীন সমাজে এর প্রভাবের বিষয়ে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
এ সময় তিনি ফ্রান্সের তরুণদের চলমান আন্দোলনের কথাও উল্লেখ করেন।
‘ব্যবস্থার আমূল পরিবর্তন চাই’
তরুণদের নেতৃত্বাধীন জোট বর্তমান সমাজব্যবস্থার ‘আমূল পরিবর্তনের’ আহ্বান জানিয়েছে। তারা সামরিকীকরণ ও সামাজিক অবিচারের বিরুদ্ধে তরুণদের আন্দোলনে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে।
৫০টির বেশি তরুণ ও শিক্ষার্থী সংগঠনের সমন্বয়ে গঠিত জোটটির স্লোগান, ‘তাদের যুদ্ধের জন্য নয়, নিজেদের ভবিষ্যতের জন্য লড়াই করো!’
আন্দোলনের আয়োজকদের মধ্যে রয়েছে ফ্রান্সের ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনও। ২০১৮ ও ২০১৯ সালে রাজপথের বিক্ষোভের মাধ্যমে প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সরকারকে চাপে ফেলেছিল এই আন্দোলন।
শ্রমিক সংগঠন ও আবাসন অধিকারকর্মীরা ছয়টি প্রধান দাবি সামনে এনেছেন। এর মধ্যে রয়েছে সবার জন্য আবাসনের অধিকার নিশ্চিত করা, ধনীদের ওপর কর বাড়ানো এবং সামরিক অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম বৃদ্ধির নীতি বন্ধ করা।
রাশিয়ার হুমকি মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যখন সামরিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে, তখন বিক্ষোভের আয়োজকেরা বলছেন, সামরিক খাতে ব্যয়ের জন্য বরাদ্দ অর্থ শিক্ষা, তরুণদের কল্যাণমূলক কর্মসূচি ও আবাসন খাতে ব্যয় করা উচিত।
জার্মানিতে সামরিক বাধ্যতামূলক নিয়োগব্যবস্থা আবার চালু হতে পারে—এমন আশঙ্কায় অনেক তরুণ এই বিক্ষোভে যোগ দিচ্ছেন।
জার্মানির শিক্ষার্থী বিক্ষোভকারী হানেস ক্র্যামার বলেন, ‘সামরিক বাহিনী ও সামরিক অবকাঠামো গড়ে তুলতে যখন প্রায় সীমাহীন অর্থ ব্যয় করা হচ্ছে, তখন কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা ভেঙে ফেলা হচ্ছে।’
‘পরিবর্তনের ডাক’
আয়োজকদের দাবি, পর্তুগাল, ক্রোয়েশিয়া ও সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশে শত শত বিক্ষোভ ও ধর্মঘটের কর্মসূচি পালিত হতে পারে। তবে এসব কর্মসূচিতে মোট কত মানুষ অংশ নেবেন, তা এখনই নিশ্চিত করে বলা কঠিন।
ফ্রান্সে এবারের বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে ইয়েলো ভেস্ট আন্দোলনের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। জ্বালানির ওপর কর বাড়ানোর প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন পরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে রূপ নেয়।
ইতালিতে পরিবহন, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালের কার্যক্রমে প্রভাব ফেলতে পারে এমন একটি দেশব্যাপী ধর্মঘটের সঙ্গে একই সময়ে বিক্ষোভ অনুষ্ঠিত হবে। দেশটির শ্রমিক সংগঠন সিজিআইএল এই আন্দোলনকে ‘দেশের পরিবর্তনের ডাক’ হিসেবে অভিহিত করেছে।
স্পেনে স্বৈরশাসক ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর মৃত্যুর বার্ষিকীর দিনে বিক্ষোভ অনুষ্ঠিত হবে। সেখানে দুপুরে তরুণদের বিক্ষোভ এবং সন্ধ্যায় ফ্যাসিবাদবিরোধী সমাবেশের পরিকল্পনা রয়েছে।
জার্মানিতে ‘জেনজি রেগেল্ট’ নামের একটি সংগঠন জানিয়েছে, শুধু বার্লিনেই তাদের বিক্ষোভে ১৫ হাজার মানুষ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এ ছাড়া দেশটির আরও কয়েক ডজন শহরে কর্মসূচি পালিত হবে।
গত সেপ্টেম্বরের মাঝামাঝি ফ্রান্সের শিক্ষার্থীরা উন্নত শিক্ষার পরিবেশের দাবিতে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রবেশপথ অবরোধ করে আন্দোলন শুরু করেন। ইউরোপের অন্যান্য দেশে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হওয়ার পেছনে এই কর্মসূচি অনুপ্রেরণা জুগিয়েছে।
পরবর্তী সময়ে শিক্ষার্থীদের এই আন্দোলন দেশজুড়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারি সেবার মানের অবনতি এবং পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে রূপ নেয়।
বিক্ষোভ চলাকালে পুলিশের ব্যবহৃত অস্ত্রের আঘাতে কয়েকজন তরুণ দৃষ্টিশক্তি হারিয়েছেন, কেউ কেউ হাত হারিয়েছেন। এ ছাড়া কাঁদানে গ্যাসের কারণে মারাত্মক শারীরিক সমস্যার শিকার হওয়ার অভিযোগ জানিয়েছেন হাজার হাজার বিক্ষোভকারী।
ফ্রান্সের এই আন্দোলন বেলজিয়াম, ইতালি ও স্পেনসহ অন্যান্য দেশেও শিক্ষার্থীদের একই ধরনের কর্মসূচিতে উৎসাহিত করেছে। এসব দেশে ফরাসি শব্দ ‘ব্লকুস’, যার অর্থ অবরোধ, সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হ্যাশট্যাগে পরিণত হয়েছে।
ফরাসি ইতিহাসবিদ সিলভাঁ বুলুক বলেন, ‘আমরা একই সময়ে বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের আন্দোলন গড়ে উঠতে দেখছি।’
তিনি আরও বলেন, ‘প্রায় সব বিক্ষোভের মধ্যে যে বিষয়টি অভিন্ন, তা হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক কর্তৃপক্ষের প্রতি মানুষের অবিশ্বাস।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিচালিত অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে ৪৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।
আজ ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাজধানীর বিভিন্ন থানার এলাকায় বৃহস্পতিবার বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৪০, লালবাগ বিভাগ থেকে ৫০, ওয়ারী বিভাগ থেকে ৫২, মতিঝিল বিভাগ থেকে ৪৭, তেজগাঁও বিভাগ থেকে ৬৩, মিরপুর বিভাগ থেকে ১০৩, গুলশান বিভাগ থেকে ৪৮, উত্তরা বিভাগ থেকে ৫৩ এবং গোয়েন্দা বিভাগ থেকে ১৮ জনকে আটক করা হয়েছে।
অভিযানের সময় উদ্ধার করা হয়েছে দুটি হাত বোমা, আটটি ছুরি, দুইটি চাপাতি, একটি রাম দা, একটি অটোরিকশা, ১১১টি মোবাইল, ৫ হাজার ৭২০ পিস ইয়াবা, ৩৩ কেজি ২ গ্রাম গাঁজা, পাচ বোতল দেশি মদ, এবং একজন ভিকটিম।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজশাহীর মোহনপুর উপজেলায় একটি পানের বরজ থেকে শেফালী বেগম (৪২) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) সকালে ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। নিহত শেফালী বেগম মোহনপুর উপজেলার করিশা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী।
পুলিশ ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন শেফালী বেগম। বৃহস্পতিবার রাত আনুমানিক আড়াইটার দিকে বাড়ির পাশে শব্দ শুনে তার ছেলের ঘুম ভেঙে যায়। ঘর থেকে বাইরে বের হওয়ার সময় তিনি দেখতে পান বাড়ির বাইরের গেট বন্ধ এবং তার মা ঘরে নেই। এরপর মাকে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। একপর্যায়ে বাড়ির পাশের একটি পানের বরজে তার মাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
মোহনপুর থানার ওসি আতিকুর রহমান বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে নারীর মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে।’
তিনি আরো বলেন, ‘মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছেন। ইনস্টাগ্রামে একটি পোস্টে তিনি উল্লেখ করেছেন, তার দেশ ভারত এখন সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে।
শুক্রবার (১৯ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
মোদি মূলত তার পোস্টে গত ১৩ বছরে ভারতের অগ্রগতির চিত্র তুলে ধরার জন্য এমন মন্তব্য করেছেন। পোস্টে তিনি কংগ্রেসের নেতৃত্বাধীন আগের ইউপিএ সরকারের প্রতি কটাক্ষ করেছেন।
এনডিটিভি জানাচ্ছে, জনপ্রিয় ভিডিও গেম জিটিএ-৬ এর মুক্তির বিষয়টিকে কাজে লাগিয়ে মোদি গত ১৩ বছরে ভারতের অগ্রগতির চিত্র তুলে ধরেছেন। তার সরকারি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত পোস্টে ২০১৩ সালে জিটিএ-৫ মুক্তির পর থেকে জিটিএ-৬ আসা পর্যন্ত ভারত কীভাবে এগিয়েছে তা তুলে ধরা হয়েছে। পোস্টটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘ভারত এখন সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে।’
পোস্টের সঙ্গে দেওয়া একাধিক ছবিতে গত এক দশকে দারিদ্র্য উল্লেখযোগ্যভাবে কমে আসার পাশাপাশি ভারতের বিভিন্ন অর্জনের কথা উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে কংগ্রেসের নেতৃত্বাধীন আগের ইউপিএ সরকারের দিকেও কটাক্ষ করা হয়েছে। পোস্টে ব্যবহৃত ছবিগুলোতে ‘প্রাইসডাউন’ ফন্ট ব্যবহার করা হয়েছে, যা জিটিএ গেম সিরিজের প্রচ্ছদ ও প্রচারণায় বিশেষভাবে পরিচিত।
পোস্টে উল্লেখ করা হয়েছে, একসময় ‘ফ্র্যাজাইল ফাইভ’ বা ঝুঁকিপূর্ণ পাঁচ অর্থনীতির একটি হিসেবে পরিচিত ভারত এখন বিশ্বের দ্রুততম বর্ধনশীল বড় অর্থনীতিতে পরিণত হয়েছে। ২০১৩ সালের আগস্টে মরগান স্ট্যানলির এক বিশ্লেষক ‘ফ্র্যাজাইল ফাইভ’ শব্দটি ব্যবহার করেছিলেন।
বিদেশি পুঁজির প্রবাহের ওপর অতিরিক্ত নির্ভরশীল এবং বৈশ্বিক আর্থিক পরিস্থিতির পরিবর্তনে ঝুঁকিতে থাকা পাঁচটি উদীয়মান অর্থনীতিকে বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয়েছিল। দেশগুলো হলো ভারত, ব্রাজিল, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা ও তুরস্ক। বর্তমানে ভারতের নাম আর এই তালিকায় নেই।
মোদি পোস্টে ভারতের অন্যান্য অর্জনের মধ্যে উল্লেখ করেছেন পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন করা, সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতায় ব্যাপক উন্নতি, মহাকাশ প্রযুক্তি খাতে নিবন্ধিত ৪৪০টি স্টার্টআপ এবং বিদ্যুতায়নের ক্ষেত্রে অগ্রগতি।
গেমপ্রেমীদের সঙ্গে সংযোগ তৈরির লক্ষ্যে পোস্টে উল্লেখ করা হয়েছে, ভারতে উচ্চগতির ইন্টারনেটের দাম প্রতি গিগাবাইটে (জিবি) ৩০৮ রুপি থেকে কমে ৭ দশমিক ৫১ রুপিতে নেমে এসেছে।
এছাড়া মাওবাদমুক্ত দেশ হিসেবে ভারতের আত্মপ্রকাশ এবং প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানিকেও মোদির পোস্টে অর্জন হিসেবে উল্লেখ করা হয়েছে।
এনডিটিভি বলছে, তরুণ প্রজন্মের সঙ্গে যোগাযোগ বাড়াতে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে জনপ্রিয় সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গ ব্যবহার করার জন্য পরিচিত প্রধানমন্ত্রী মোদি। পোস্টটি প্রকাশের ১০ মিনিটেরও কম সময়ের মধ্যে প্রায় ৬০ হাজার লাইক এবং প্রায় দুই হাজার মন্তব্য পড়েছে। বেশির ভাগ ব্যবহারকারীই পোস্টটির প্রশংসা করেছেন বলে জানা গেছে।
গেমপ্রেমীদের সঙ্গে সংযোগ তৈরির লক্ষ্যে পোস্টে একটি বিষয় তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, ভারতে উচ্চগতির ইন্টারনেটের দাম প্রতি গিগাবাইটে (জিবি) ৩০৮ রুপি থেকে কমে ৭ দশমিক ৫১ রুপিতে নেমে এসেছে।
এছাড়া মাওবাদমুক্ত দেশ হিসেবে ভারতের আত্মপ্রকাশ এবং প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানিকেও মোদির পোস্টে অর্জন হিসেবে উল্লেখ করা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তরুণ প্রজন্মের সঙ্গে যোগাযোগ বাড়াতে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে জনপ্রিয় সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গ ব্যবহার করার জন্য পরিচিত প্রধানমন্ত্রী মোদি। পোস্টটি প্রকাশের ১০ মিনিটেরও কম সময়ের মধ্যে প্রায় ৬০ হাজার লাইক এবং প্রায় দুই হাজার মন্তব্য পড়েছে। বেশির ভাগ ব্যবহারকারীই পোস্টটির প্রশংসা করেছেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মধ্যরাতে মুক্তি পেয়েছে জিটিএ-৬। এর আগের মূল সংস্করণ জিটিএ-৫ মুক্তি পেয়েছিল ১৩ বছর আগে।
ডিজিটাল ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের তথ্য অনুযায়ী, জনপ্রিয় এই ভিডিও গেম সিরিজের নতুন সংস্করণটি তৈরিতে ১০০ কোটি ডলারের বেশি খরচ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মুক্তির আগেই গেমটির প্রি-অর্ডার থেকে আয় হয়েছে প্রায় ১১০ কোটি ডলার। ইতিহাসে কোনো গেমের ক্ষেত্রে এটিই সর্বোচ্চ প্রি-অর্ডার থেকে আয়ের রেকর্ড।
আরতিভি/এসএইচএম
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বরিশালের বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২০ নভেম্বর) গভীর রাতে উপজেলার দেহেরগতি ইউনিয়নে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে কামাল হোসেনকে গ্রেপ্তার করে। বরিশাল বিমানবন্দর থানায় দায়ের করা নাশকতার অভিযোগের একটি মামলায় তাকে আটক করা হয়েছে।
বিমানবন্দর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ঢালে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দুর্বৃত্তরা। এ সময় জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে সড়কের ওপর টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ এবং যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় দায়ের করা নাশকতার মামলায় কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ