প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব, সিলেটের জকিগঞ্জে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিক জুবায়ের আহমদকে মুঠোফোনে ‘দেখে নেওয়ার’ হুমকির অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এই ঘটনার প্রেক্ষিতে সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা রক্ষায় করণীয় নির্ধারণের জন্য জরুরি সভা আয়োজন করেছে সংগঠনটি।
সোমবার (১৬ নভেম্বর) বাদ আসর জকিগঞ্জ মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় দৈনিক ইনকিলাবের উপজেলা সংবাদদাতা সাংবাদিক জুবায়ের আহমদ। সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাবাজার পত্রিকার জকিগঞ্জ প্রতিনিধি আহসান হাবীব লায়েক। সভায় হুমকির ঘটনা এবং সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করা হয়।
সভায় প্রেসক্লাবের নেতৃবৃন্দ উল্লেখ করেন, সাংবাদিকরা বিভিন্ন মতাদর্শের অনুসারী এবং ভিন্ন ভিন্ন গণমাধ্যমে কাজ করলেও পেশাগত স্বার্থ ও নিরাপত্তার প্রশ্নে তাঁরা ঐক্যবদ্ধ। তাঁরা বলেন, জনস্বার্থে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে হুমকি দেওয়া বা ভয়ভীতি প্রদর্শন গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনার ক্ষেত্রে সংগঠন হিসেবে প্রেসক্লাব নীরব থাকতে পারে না।
নেতৃবৃন্দ আরও জানান, সাংবাদিক জুবায়ের আহমদ একা নন। তিনি জকিগঞ্জে কর্মরত সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের সংগঠন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি। তাঁর প্রতি হুমকির বিষয়টি সংগঠনের সব সদস্য এবং উপজেলার অন্যান্য গণমাধ্যমকর্মীরাও উদ্বেগের সঙ্গে দেখছেন এবং সংহতি জানিয়েছেন। তাই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা রক্ষায় প্রশাসনকে কার্যকর ভূমিকা নিতে হবে।
সভায় আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সহসভাপতি ও জাতীয় দৈনিক রূপালী বাংলাদেশের জকিগঞ্জ প্রতিনিধি আব্দুল মুকিত, কোষাধ্যক্ষ ও জকিগঞ্জের ডাক সম্পাদক তারেক আহমদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং সীমান্ত জার্নালের সম্পাদক হাবিবুল্লাহ মিসবাহ, তথ্যপ্রযুক্তি সম্পাদক ও জকিগঞ্জ টিভির হেড অব নিউজ আহমদ হোসাইন আইমান, অফিস সম্পাদক ও জেড টিভির সম্পাদক আব্দুশ শহীদ শাকির এবং সাপ্তাহিক সবুজ প্রান্তের স্টাফ রিপোর্টার উবেদুল্লাহ তালুকদার প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হুমকির অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন