প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বগুড়ার শেরপুর পৌরসভায় সিএনজিচালিত অটোরিকশার জন্য নির্ধারিত কোনো টার্মিনাল কিংবা পার্কিংয়ের ব্যবস্থা নেই। তথাপি, পৌর কর্তৃপক্ষ কাগজে-কলমে টার্মিনাল দেখিয়ে ইজারা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন রুটে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশার মালিক ও চালকেরা। তাঁদের অভিযোগ, পার্কিংয়ের জায়গা নিশ্চিত না করেই টোল আদায়ের জন্য ইজারা দেওয়া হলে তাঁরা অযৌক্তিকভাবে আর্থিক হয়রানির শিকার হবেন। তাই তাঁরা দাবি করেছেন, টার্মিনাল ও পার্কিংয়ের জায়গা নিশ্চিত না হওয়া পর্যন্ত ইজারা কার্যক্রম বন্ধ রাখতে হবে।
এ দাবিতে রবিবার (১৫ নভেম্বর) দুপুরে শেরপুর পৌরসভার প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় সিএনজি অটোরিকশার মালিক ও চালক সমিতির নেতারা। আবেদনে কয়েকশ মালিক-চালকের স্বাক্ষর অন্তর্ভুক্ত রয়েছে।
লিখিত আবেদনে উল্লেখ করা হয়েছে, গত ৯ নভেম্বর বগুড়ার একটি দৈনিক পত্রিকায় শেরপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান হিমুর স্বাক্ষরিত ইজারা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিতে ধুনট রোড মোড়কে পৌর টার্মিনাল হিসেবে উল্লেখ করে বাস, ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার জন্য টার্মিনাল ইজারা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে সেখানে সিএনজি অটোরিকশা রাখার জন্য নির্ধারিত কোনো জায়গা নেই।
ধুনট মোড়ে ১০ থেকে ২০ শতক আয়তনের একটি খালি জায়গা থাকলেও সেটি দীর্ঘদিন ধরে ট্রাক টার্মিনাল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ফলে সেখানে সিএনজি অটোরিকশা রাখার কোনো সুযোগ নেই। বাধ্য হয়ে চালকেরা ধুনট মোড়সংলগ্ন মহাসড়কের দুই পাশে গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করছেন। এতে একদিকে যানজট সৃষ্টি হচ্ছে, অন্যদিকে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। সাধারণ পথচারী ও যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন।
আবেদনে আরও বলা হয়েছে, অতীতে সিএনজি অটোরিকশা রাখার জন্য জায়গা বরাদ্দ দেওয়ার আশ্বাস দিয়েছিল পৌর কর্তৃপক্ষ। সেই আশ্বাসে মালিক-চালকেরা নিয়মিত ইজারার টাকা পরিশোধ করে আসছিলেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পার্কিংয়ের জন্য কোনো জায়গা বরাদ্দ দেওয়া হয়নি। এ বিষয়ে পৌর কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগও চোখে পড়েনি। ফলে বাধ্য হয়ে ব্যক্তিমালিকানাধীন জায়গা ভাড়া নিয়ে এবং বিভিন্ন স্থানের ফুটপাত ও সড়কের পাশে গাড়ি রেখে জীবিকা নির্বাহ করতে হচ্ছে তাঁদের।
সিএনজি অটোরিকশা রাখার জন্য আবেদনে উল্লেখ করা হয়েছে পাঁচটি স্থানের কথা। এগুলো হলো—ধুনট রোড মোড়ের ট্রাক টার্মিনাল থেকে প্রায় এক কিলোমিটার দূরে কলেজ রোড, রণবীরবালা ঈদগাহ মাঠের জায়গা, শেরপুর বাসস্ট্যান্ডের সিএমবি অফিসের দক্ষিণ পাশে গফুর ভান্ডারের জায়গা, মহনা শপিং সেন্টারের সামনের ফুটপাত এবং ধুনট মোড়ের খাদ্যগুদামের উত্তর পাশে আঞ্চলিক সড়কের ফুটপাত।
বগুড়া জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতির সভাপতি নুরুল ইসলাম নুর ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শেখ বলেন, পৌরসভায় সিএনজি অটোরিকশার জন্য স্থায়ী টার্মিনাল ও পর্যাপ্ত পার্কিংয়ের জায়গা নিশ্চিত করা জরুরি। গাড়ি রাখার ব্যবস্থা না করে টার্মিনালের নামে ইজারা দিয়ে টোল আদায় করা হলে মালিক-চালকেরা অযথা হয়রানির শিকার হবেন। তাই তাঁরা স্থায়ী টার্মিনাল ও পার্কিংয়ের জায়গা নিশ্চিত না হওয়া পর্যন্ত টোল আদায়ের ইজারা ও কার্যক্রম বন্ধ রাখার দাবি জানান।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শেরপুর পৌরসভার প্রশাসক মো. সাইদুজ্জামান হিমু বলেন, ইতিপূর্বেও একই পদ্ধতিতে সিএনজি টার্মিনাল ইজারা দেওয়া হয়েছে। তিনি দায়িত্ব গ্রহণের পর আগের পদ্ধতি অনুসরণ করেই ইজারা দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। তবে এ নিয়ে অভিযোগ ওঠায় বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন