ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

২৩ বছরের আক্ষেপ ঘুচিয়ে শিরোপা ঘরে আনার অঙ্গীকার হামজার


২৩ বছরের আক্ষেপ ঘুচিয়ে শিরোপা ঘরে আনার অঙ্গীকার হামজার

বাংলাদেশ ফুটবল দল ২৩ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে ফেরানোর জন্য দৃঢ়প্রতিজ্ঞ। হামজা চৌধুরীর মতো তারকার উপস্থিতিতে স্বপ্নের পালে জোরেশোরে হাওয়া লেগেছে। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ফিরিয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেছেন হামজা নিজেও। শেফিল্ড ইউনাইটেডের এই তারকা মনে করেন এবারের সাফে বাংলাদেশই ফেবারিট। যদিও স্ট্রাইকিং পজিশনে সমস্যা রয়েছে, তবুও শ্রীলঙ্কা ম্যাচে তার কোন প্রভাব পড়বে না বলেই বিশ্বাস হামজার।

বুধবার (১১ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। স্থানীয় সময় রাত ৮টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। এর আগে ভুটান ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি ড্র হওয়ায় আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে লাল সবুজের দল। আজকের ম্যাচে লক্ষ্য চ্যাম্পিয়ন হিসেবে গ্রুপ পর্ব শেষ করা।

সোমবার (৯ নভেম্বর) রাতে ঢাকা পৌঁছে পরদিনই অনুশীলনে যোগ দিয়েছেন ফারহান আলী ওয়াহিদ। ফরোয়ার্ড লাইনে সমস্যার কারণে শ্রীলঙ্কা ম্যাচে গেম প্ল্যানের অংশ তিনি। তবে সাফের ক্যাম্পে সবাই যোগ দিলেও পুরো দল নিয়ে অনুশীলন না করতে পারার আক্ষেপ রয়ে গেছে কোচ থমাস ডুলির। কারণ, চোটের কারণে এদিন মাঠে আসেননি বিশ্বনাথ ঘোষ।

আরও পড়ুন: প্রথম একাদশে থাকা অর্ধেকের বেশি ক্রিকেটার ‘আনফিট’: প্রধান কোচের মন্তব্য

হামজা দলের মধ্যে চনমনে ভাব স্পষ্ট করে তুলেছেন। তবে লঙ্কা ম্যাচেও ইনজুরির কালো ছায়া বাংলাদেশের পিছু ছাড়েনি। চোট সারলেও এখনও পুরোপুরি ম্যাচ ফিটনেস ফিরে পাননি তপু, তাই শুরুর একাদশে তার থাকার সম্ভাবনা ক্ষীণ। টিম কম্বিনেশনের কারণে জামাল জায়গা না পেলে এই ম্যাচে অধিনায়কত্ব করবেন হামজা। যদিও তার কাছে আর্ম ব্যান্ডের চেয়ে বড় ২৩ বছর পর বাংলাদেশকে সাফের শিরোপা উপহার দেওয়া।

শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার বলেন, "ঘরের মাঠের দর্শকদের সামনে খেলার জন্য মুখিয়ে আছি। খুব বড় টুর্নামেন্ট আর ২৩ বছর হয়ে গেছে আমরা জিততে পারিনি। ইনশাআল্লাহ, শিরোপা আমরা ঘরে নিতে পারব।"

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ফরোয়ার্ড লাইনে আসছে পরিবর্তন। ভুটান ম্যাচে সাব হিসেবে নামলেও এদিন শুরু থেকেই খেলবেন ইব্রাহিম। তবে স্ট্রাইকিং পজিশনে কতটা পরিবর্তন আসবে তা হামজা নিজেও জানেন না। তার ফোকাস গোলের সুযোগ তৈরি করার দিকে।

হামজা বলেন, "সুযোগ তৈরি করার দিকেই আমাদের নজর বেশি থাকবে। চান্স কাজে লাগাতে হবে। আমিও মিস করেছিলাম মালয়েশিয়ার বিপক্ষে। সুযোগ তৈরি করতে পারলে আমরা সবাই মিলে ম্যাচ বের করতে পারব, ইনশাআল্লাহ।"

আরও পড়ুন: নুরুল হাসান সোহানের আহ্বান, 'দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন'

বিদেশি ফুটবলারের সমন্বয়ে একটি দারুণ দল গঠন করেছে শ্রীলঙ্কা। তবে ভুটানের সঙ্গে ড্র করায় সাফের শুরুটা তাদের জন্য ভালো হয়নি। বাংলাদেশ ম্যাচ থেকে তাদের লক্ষ্য পয়েন্ট বের করে শীর্ষ চারের পথ পরিষ্কার করা। যেখানে তারা আত্মবিশ্বাস খুঁজছে জামালদের বিপক্ষে সবশেষ ম্যাচে পাওয়া জয় থেকে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যানজটে নাভিশ্বাস: চট্টগ্রামে ২২০০ কোটি টাকায় নতুন ফ্লাইওভার পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৯ পি.এম


যানজটে নাভিশ্বাস: চট্টগ্রামে ২২০০ কোটি টাকায় নতুন ফ্লাইওভার পরিকল্পনা

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) যানজট নিরসনের লক্ষ্যে নতুন একটি ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে, যদিও বিগত ১৫ বছরে নির্মিত ৫টি ফ্লাইওভারের কার্যকারিতা নিয়ে বিভিন্ন সমালোচনা রয়েছে।

নগরীর প্রবেশদ্বার অক্সিজেন মোড়ে নির্মিত হবে সাড়ে ৭ কিলোমিটার দৈর্ঘ্যের উড়াল সড়ক। সিডিএর দাবি, এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তর চট্টগ্রাম এবং পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙ্গামাটির লাখ লাখ মানুষের দুর্ভোগ কমবে। নগর পরিকল্পনাবিদদের পরামর্শ অনুযায়ী, মাস্টার প্ল্যান অনুসরণ করে নতুন প্রকল্প গ্রহণ করা হচ্ছে।

সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন মন্তব্য করেন, “আমাদের মূল উদ্দেশ যানজট কমানো। উত্তর চট্টগ্রামের মানুষের স্বস্তির ব্যবস্থা করা। অক্সিজেন মোড়ে সব সময় যানজট লেগেই থাকে। এতে যানজট কমে আসবে। গাড়ির চাপ নিয়ন্ত্রণ করতে হলে এটার বিকল্প নেই।”

তিনি আরও জানান, “সাড়ে সাত কিলোমিটার দৈর্ঘ্যের উড়াল সড়ক সংযুক্ত হবে মুরাদপুর, বায়েজিদ, হাটহাজারি ও কুয়াইশ সড়ককে। থাকবে সাতটি রাম্প। এর ব্যয় দুই হাজার ২০০ কোটি টাকা।”

নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী সুভাষ বড়ুয়া বলেন, “বেশি গুরুত্ব দেয়া উচিত সড়ক আর জনগণের ওপর। সড়কগুলো বড় করা উচিত। শহরের নিয়ে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা এখনো হয়নি। পরিকল্পনা করতে হবে। শুধু উড়াল সড়ক যানজটের স্থায়ী সমাধান নয়; মাস্টার প্লান অনুসরণে প্রয়োজন সমন্বিত সড়ক ও গণপরিবহন ব্যবস্থা করা। জনগণ ও নগর বিবেচনায় এমন প্রকল্প নেয়া উচিত বলে মনে করেন এ শিক্ষাবিদ।”

এ বিষয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস এম নসরুল কদির বলেন, “জনগণ ও নগরীর গুরুত্ব বিবেচনায় প্রকল্প গ্রহণ করা উচিত। যেটা অর্থনৈতিকভাবে কাজে আসে। প্রকল্পটির নকশা ও বিস্তারিত প্রকল্প প্রস্তাব (ডিপিপি) শিগগিরই অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে।”

উড়াল সড়কের সাতটি গন্তব্য হলো:

বায়েজিদ থেকে হাটহাজারী, বায়েজিদ থেকে কুয়াইশ সড়ক, হাটহাজারী সড়ক থেকে বায়েজিদ, হাটহাজারী থেকে মুরাদপুর, হাটহাজারী থেকে কুয়াইশ, কুয়াইশ থেকে বায়েজিদ।

এর আগে নির্মিত ৫টি উড়াল সড়ক ও এলিভেটর এক্সপ্রেসওয়ে হলো: লালখানবাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বহদ্দারহাট ফ্লাইওভার, মুরাদপুর-লালখানবাজার ফ্লাইওভার, কদমতলী-ধনিয়ালাপাড়া ফ্লাইওভার এবং দেওয়ানহাট ফ্লাইওভার।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাইরাল ভিডিওতে অস্ত্র দেখিয়ে হুমকি, বুলেট গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২০ পি.এম


ভাইরাল ভিডিওতে অস্ত্র দেখিয়ে হুমকি, বুলেট গ্রেফতার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি একাধিক দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে অপর এক ব্যক্তিকে ভয়ভীতি ও হুমকি প্রদান করছে। ভিডিওটি চট্টগ্রাম জেলা পুলিশের দৃষ্টি আকর্ষণ করে। এরপর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অস্ত্র প্রদর্শনকারীর পরিচয়, প্রদর্শিত অস্ত্রের উৎস এবং তার অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য সংগ্রহে কাজ শুরু করে।

এই প্রক্রিয়ার অংশ হিসেবে নোয়াখালীর কবিরহাট থেকে মো. হৃদয় আহম্মেদ শাওন, যিনি বুলেট নামে পরিচিত, তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ নিশ্চিত করেছে যে, গ্রেফতার হওয়া বুলেটই ভাইরাল ভিডিওর সেই ব্যক্তি, যে হুমকি প্রদান করছিল।

গ্রেফতার হওয়া বুলেট চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের গরীবুল্লাহ পাড়ার মো. বাদশা মিয়ার ছেলে। স্থানীয়ভাবে সে কিশোর গ্যাংয়ের নেতা হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে রাউজান থানায় দস্যুতা ও ডাকাতির দুটি মামলা রয়েছে।

ভিডিওতে প্রদর্শিত আগ্নেয়াস্ত্র সম্পর্কে বুলেট জানায়, অস্ত্রগুলো রাউজানের নোয়াপাড়া এলাকার কামাল নামের এক ব্যক্তির। ২০২৫ সালের ৩০ অক্টোবর বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ কামাল র‍্যাবের হাতে ধরা পড়ে। পরবর্তীতে পুলিশের অভিযানেও কামালের অস্ত্রভাণ্ডার থেকে অস্ত্র উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বুলেট বিভিন্ন সময় মোবাইলফোনে আগ্নেয়াস্ত্রের ছবি ও ভিডিও ধারণ করতো এবং হুমকিমূলক কথোপকথন অডিও আকারে রেকর্ড করে রাখতো। পরে এসব ছবি-ভিডিও-অডিও ব্যবহার করে সে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশের হুমকি এবং চাঁদা দাবি করতো।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘূর্ণিঝড়ে ক্ষয়-ক্ষতি থেকে বাঁচার দোয়া পাঠ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২০ পি.এম


ঘূর্ণিঝড়ে ক্ষয়-ক্ষতি থেকে বাঁচার দোয়া পাঠ

বাংলাদেশে প্রায় প্রতিবছর ঘূর্ণিঝড় আক্রমণ করে। বর্তমানে বঙ্গোপসাগর থেকে বাংলাদেশের উপকূলের দিকে ঘূর্ণিঝড় রেমাল অগ্রসর হচ্ছে। ইতিমধ্যে সাগর পাড়ের জেলাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের ফলে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়ে থাকে। ঘূর্ণিঝড়ের ক্ষয়-ক্ষতি থেকে বাঁচার দোয়া শিখিয়েছেন প্রিয় নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দমকা বাতাসের কারণে আতঙ্কিত হয়ে যেতেন এবং উদ্বিগ্ন হয়ে চলাফেরা করতেন। বৃষ্টির সময় তিনি আনন্দিত হতেন। হযরত আয়েশা (রা.) বলেন, যখন আকাশ মেঘাচ্ছন্ন হতো এবং ঝড়ো বাতাস বইত, তখন নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখাবয়বে চিন্তার ছাপ ফুটে উঠত। এই পরিস্থিতি দেখে তিনি এদিক-সেদিক পায়চারি করতে থাকতেন এবং এ দোয়া পড়তেন-

اللَّهُمَّ إِنِّي أَسأَلك خَيرهَا وَخير مَا فِيهَا وَخير مَا أرْسلت بِهِ وَأَعُوذ بك من شَرها وَشر مَا فِيهَا وَشر مَا أرْسلت بِهِ উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা-ফিহা ওয়া খাইরা মা-উরসিলাত বিহি, ওয়া আউজুবিকা মিন শাররিহা ওয়া শাররি মা-ফিহা ওয়া শাররি মা-উরসিলাত বিহি।

অর্থ : হে আল্লাহ, আমি আপনার কাছে এ বৃষ্টির কল্যাণগুলো কামনা করছি, এই বৃষ্টিতে যেসব কল্যাণ রয়েছে সেগুলো কামনা করছি এবং এই বৃষ্টির মাধ্যমে প্রেরিত কল্যাণ প্রার্থনা করছি। আর এ বৃষ্টি ও বৃষ্টির মাধ্যমে প্রেরিত সব রকম অকল্যাণ ও বিপদাপদ থেকে পরিত্রাণ চাই।

যখন বৃষ্টি হতো, তখন নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত হতেন। হযরত আয়েশা (রা.) আরও বলেন, আমি নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলাম যে, লোকজন মেঘ দেখলে বৃষ্টির আশায় আনন্দিত হয়ে থাকে, আর আপনি তা দেখে চিন্তিত হয়ে পড়েন?’ নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর ছিল, ‘আমি এ ভেবে শঙ্কিত হই যে বৃষ্টি আমার উম্মতের ওপর আজাব হিসেবে পতিত হয় কি না। কারণ, আগের উম্মতদের ওপর এ পদ্ধতিতে (বৃষ্টি বর্ষণের আকারে) আজাব পতিত হয়েছিল। (বুখারি: ৩২০৬)

নিরাপদ স্থানে আশ্রয় নেয়া

ঘূর্ণিঝড়ের সময় ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে নিরাপদ স্থানে চলে গিয়ে মহান আল্লাহর ওপর ভরসা করতে হবে। হযরত আনাস ইবনে মালেক (রা.) বলেন, ‘এক ব্যক্তি রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ‘হে আল্লাহর রসুল! আমি কীভাবে আল্লাহর ওপর ভরসা করবো? আমার উটনিটি ছেড়ে দিয়ে নাকি বেঁধে রেখে?’ রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথমে তোমার উটনিটি বাঁধ, এরপর আল্লাহর ওপর ভরসা করো। (তিরমিজি: ২৫১৭)

বেশি বেশি ইস্তিগফার পাঠ করা

ইস্তিগফার পাঠের মাধ্যমে বান্দার ক্ষয়-ক্ষতি রোধ করা যায়। মহান আল্লাহ বলেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّاراً*يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَاراً*وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَاراً অতপর বলেছি- তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা কর। তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন। তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্তুতি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্যে উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্যে নদীনালা প্রবাহিত করবেন। (সুরা নুহ, আয়াত : ১০-১২)

ইস্তিগফারের বাক্য

أَستَغْفِرُ اللهَ উচ্চারণ: আস্তাগফিরুল্লাহ। অর্থ: আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি।

أَسْتَغْفِرُ اللهَ وَأَتُوْبُ إِلَيْهِ উচ্চারণ: আস্তাগফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহি। অর্থ: আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি।

أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ উচ্চারণ: আস্‌তাগফিরুল্লা হাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কইয়্যুমু ওয়া আতুবু ইলায়হি।

অর্থ : আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তার কাছেই (তাওবাহ করে) ফিরে আসি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোনিয়া গান্ধীর স্মৃতিকথায় উঠে এলো চাঞ্চলকর নানা তথ্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২১ পি.এম


সোনিয়া গান্ধীর স্মৃতিকথায় উঠে এলো চাঞ্চলকর নানা তথ্য

দীর্ঘ প্রতীক্ষা ও কয়েক মাসের বিতর্কের পর গত মঙ্গলবার (১০ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে ভারতের বর্ষীয়সী রাজনীতিক ও কংগ্রেস পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’।

হার্পারকলিন্স ইন্ডিয়া প্রকাশিত ৫৪৪ পৃষ্ঠার এই বইয়ে সোনিয়া গান্ধী তার জীবনের গুরুত্বপূর্ণ নানা ঘটনা তুলে ধরেছেন। বইটিতে স্বামী রাজীব গান্ধীর হত্যাকাণ্ড, ক্যানসারের সঙ্গে লড়াই এবং ২০০৪ সালে প্রধানমন্ত্রীর পদ গ্রহণ না করার কারণ উল্লেখ করা হয়েছে।

ভারতের ইতিহাসের বিতর্কিত কিছু অধ্যায়, যেমন ১৯৮৪ সালের অপারেশন ব্লু স্টার, ১৯৭৫ সালের জরুরি অবস্থা এবং ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের ঘটনাও স্মৃতিকথায় স্থান পেয়েছে।

বইটিতে সোনিয়া গান্ধীর জীবনের বেশ কিছু গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ তথ্য উঠে এসেছে। সেগুলোর কয়েকটি হলো:

জরুরি অবস্থা জারি করা ভুল সিদ্ধান্ত ছিল: সোনিয়া গান্ধী

সোনিয়া গান্ধী ১৯৭৫ সালে ভারতে জরুরি অবস্থা জারির সিদ্ধান্তকে ভুল বলে উল্লেখ করেছেন। তার মতে, তার শাশুড়ি ও তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও পরবর্তী সময়ে নিজের এই সিদ্ধান্তকে ভুল বলে আখ্যায়িত করেছিলেন। সোনিয়া লিখেছেন, সঞ্জয় গান্ধীকে নিয়ন্ত্রণে রাখা গেলে জরুরি অবস্থা জারির পর সৃষ্ট অনেক ক্ষতি এড়ানো সম্ভব হতো।

স্মৃতিকথা প্রকাশের আগে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে সোনিয়া বলেন, “আমার সব সময় মনে হয়, শ্রীমতী (ইন্দিরা) গান্ধী মনেপ্রাণে একজন গণতন্ত্রপন্থী ছিলেন। অনেকেই হয়তো এ কথা শুনে হাসবেন। কিন্তু আমার বিশ্বাস, জরুরি অবস্থার পথে এগিয়ে যেতে তিনি কখনোই স্বস্তি বোধ করেননি। আমার মনে হয়, বিষয়টি তাকে ভেতরে ভেতরে ভীষণভাবে পীড়া দিত।”

সোনিয়ার ভাষ্য অনুযায়ী, জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত পরিবারেও বিভক্তি তৈরি করেছিল। তার স্বামী রাজীব গান্ধী এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন। তিনি মাকে পরবর্তী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দিয়েছিলেন। তবে ছোট ছেলে সঞ্জয় গান্ধী জরুরি অবস্থা জারির পক্ষে ছিলেন। এক পারিবারিক নৈশভোজে তিনি যুক্তি দিয়েছিলেন, বিরোধীরা তার মাকে ধ্বংস করে দেবে। তাই তাদের থামানো জরুরি। সঞ্জয় মাকে বলেছিলেন, “তাদের অবশ্যই থামাতে হবে।”

বাবরি মসজিদ ধ্বংস ভারতের রাজনীতিতে মোড় ঘুরিয়ে দেয়

সোনিয়া গান্ধী ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের ঘটনাকে ভারতের রাজনৈতিক যাত্রার একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, এ ঘটনা বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) ক্রমবর্ধমান প্রভাবের ইঙ্গিত দিয়েছিল।

স্মৃতিকথায় সোনিয়া লিখেছেন, “বেশ কয়েক বছর ধরেই স্পষ্ট হয়ে উঠেছিল যে বিজেপি-আরএসএস এবং তাদের সহযোগী সংগঠনগুলো বিভাজনের রাজনীতি বাস্তবায়নে একনিষ্ঠভাবে কাজ করছে। ১৯৯২ সালে বাবরি মসজিদের মর্মান্তিক ধ্বংস এবং এর পরবর্তী সাম্প্রদায়িক সহিংসতার ধারাবাহিকতা ছিল এর সুস্পষ্ট প্রমাণ। এসব সংগঠন আর পর্দার আড়ালে থেকে কাজ করতে চাইছিল না। বিজেপি তখন নিরঙ্কুশ ক্ষমতা অর্জনের স্বপ্নের আরও কাছাকাছি পৌঁছে যাচ্ছিল।”

দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে সোনিয়া গান্ধী স্মরণ করেন, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙার দৃশ্য টেলিভিশনে দেখে তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন। তার উপলব্ধি হয়েছিল, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু এবং ভারতের প্রতিষ্ঠাতা প্রজন্মের অন্য নেতাদের ধর্মনিরপেক্ষতার আদর্শ ধরে রাখতে দীর্ঘ সংগ্রাম করতে হবে।

সোনিয়ার এই বক্তব্য প্রকাশের পর বিজেপির সঙ্গে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।

কেন প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব নাকচ করে দেন

২০০৪ সালের সাধারণ নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট জয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব পেয়েছিলেন সোনিয়া গান্ধী। কিন্তু তিনি সেই প্রস্তাব গ্রহণ করেননি। পরিবর্তে দলের জ্যেষ্ঠ নেতা মনমোহন সিংকে সরকারপ্রধান হিসেবে বেছে নিয়েছিলেন।

স্মৃতিকথায় এমন সিদ্ধান্তের কারণও ব্যাখ্যা করেছেন সোনিয়া। মনমোহন সিংকে ‘প্রশ্নাতীত সততার অধিকারী এবং রাষ্ট্র পরিচালনা সম্পর্কে গভীর জ্ঞানসম্পন্ন’ ব্যক্তি হিসেবে বর্ণনা করেছেন তিনি।

তার মতে, কংগ্রেসের কোনো নির্দিষ্ট গোষ্ঠীর সঙ্গে মনমোহন সিংয়ের ঘনিষ্ঠতা ছিল না। পাশাপাশি বামপন্থি দলগুলোর সমর্থনে সরকার পরিচালনার ক্ষেত্রেও তিনি উপযুক্ত ব্যক্তি ছিলেন।

সোনিয়া লিখেছেন, “দলের কোনো নির্দিষ্ট শিবিরের সঙ্গে তার সম্পর্ক ছিল না। একটা সময় কংগ্রেসকে মধ্য-বামপন্থি দল হিসেবে তুলে ধরা হয়েছিল। এখন আমাদের সরকার কমিউনিস্ট দলগুলোরও সমর্থন পেতে যাচ্ছিল। আমার মনে হয়েছিল, ড. মনমোহন সিং অনেকের মধ্যে থাকা এই সংশয় দূর করতে পারবেন যে, আমরা সরকার পরিচালনা করতে এবং কয়েক বছর আগে শুরু হওয়া নীতিগুলো অব্যাহত রাখতে সক্ষম কি না।”

ইতালিতে ক্যানসারের চিকিৎসার অভিজ্ঞতা

স্মৃতিকথায় নিজের শারীরিক অসুস্থতা ও চিকিৎসার অভিজ্ঞতাও তুলে ধরেছেন সোনিয়া গান্ধী। এর মধ্যে রয়েছে ২০১০ সালে তার স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার ঘটনা এবং এর এক বছর পর অগ্ন্যাশয়ে একটি টিউমার বা অস্বাভাবিক বৃদ্ধি শনাক্ত হওয়ার বিষয়টি।

তিনি লিখেছেন, স্তন ক্যানসার শনাক্ত হওয়ার আগে মাঝেমধ্যে হাঁপানি, অ্যালার্জি ও পেটের সমস্যায় ভুগতেন। তবে বড় ধরনের কোনো স্বাস্থ্যগত জটিলতা ছিল না।

সোনিয়া স্মৃতিচারণ করে লিখেছেন, “তারপরও আমি ভীষণভাবে ভেঙে পড়েছিলাম এবং উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। আমার সন্তানদের ও আমাকে জানানো হয়েছিল, সময় নষ্ট করার সুযোগ নেই। তখন আমার মনে নানা ধরনের ভয়ংকর আশঙ্কা ঘুরপাক খেতে শুরু করে।”

চিকিৎসার জন্য ইতালির মিলানের কাছেই অবস্থিত ইউরোপিয়ান ইনস্টিটিউট অব অনকোলজিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন একজন জ্যেষ্ঠ কর্মকর্তা, দুই সন্তান রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী, প্রিয়াঙ্কার স্বামী রবার্ট ভদ্র এবং তার বোনেরা। বিশিষ্ট শল্যচিকিৎসক উমবার্তো ভেরোনেসির তত্ত্বাবধানে তার অস্ত্রোপচার করা হয়।

অপারেশন ব্লু স্টারের পর বাড়িতে গ্রেনেড পাওয়ার ঘটনা

১৯৮৪ সালে অমৃতসরের স্বর্ণমন্দিরে ভারতীয় সেনাবাহিনীর ‘অপারেশন ব্লু স্টারে’র পর নিজেদের বাড়ির একটি কক্ষে গ্রেনেড খুঁজে পাওয়ার ভয়ংকর অভিজ্ঞতার কথা লিখেছেন সোনিয়া গান্ধী।

ভারতের ইতিহাসের অন্যতম অস্থির ও রক্তক্ষয়ী অধ্যায় ছিল এই সামরিক অভিযান। ওই সময় গান্ধী পরিবারের মধ্যে যে নিরাপত্তাহীনতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল, স্মৃতিকথায় তারও কিছু চিত্র তুলে ধরেছেন তিনি।

অভিযানটি তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকেও গভীরভাবে নাড়া দিয়েছিল বলে জানিয়েছেন সোনিয়া। ১৯৮৪ সালের জুনে স্বর্ণমন্দিরের ভেতরে অভিযান-পরবর্তী ধ্বংসযজ্ঞের ছবি প্রথমবার ইন্দিরা গান্ধীকে দেখানো হলে তাঁর চোখ বেয়ে পানি গড়িয়ে পড়েছিল বলে স্মৃতিকথায় উল্লেখ করেছেন সোনিয়া।

ইন্দিরা গান্ধীকে ভয় পেতেন সোনিয়া

নেহরু-গান্ধী পরিবারে বিয়ের পর শুরুর দিনগুলো সব সময় সহজ ছিল না বলে স্মৃতিচারণ করেছেন সোনিয়া গান্ধী। বিশেষ করে শাশুড়ি ইন্দিরা গান্ধীর রাগের বিষয়টি বুঝে উঠতে তার সময় লেগেছিল।

স্মৃতিকথায় ইন্দিরার মাঝে মাঝে রেগে যাওয়ার ঘটনা তুলে ধরেছেন তিনি। তার রাগে পরিবারের সদস্যদের পাশাপাশি কর্মীরাও ভয় পেতেন।

একবার একটি অ্যাপয়েন্টমেন্টের কথা মনে করিয়ে দিতে ভুলে যাওয়ায় এক কর্মীকে ঘরের এক কোণে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। অন্য এক ঘটনায় সোনিয়া দেখেছিলেন, কংগ্রেসের একজন জ্যেষ্ঠ নেতাকে দেয়ালের দিকে মুখ করে দাঁড়ানোর নির্দেশ দিয়েছিলেন ইন্দিরা।

সোনিয়া লিখেছেন, “তবে তাকে ভালোভাবে জানার আগপর্যন্ত আমি নিজের আসনে বসেই ভয়ে কাঁপতাম।”

ইউপিএ সরকারে নিজের প্রভাব খাটানোর অভিযোগের জবাব

মনমোহন সিংয়ের প্রধানমন্ত্রীত্বের সময় সোনিয়া গান্ধী নেপথ্যে থেকে সরকার পরিচালনা করতেন বা ‘ব্যাক-সিট ড্রাইভার’ হিসেবে ভূমিকা রাখতেন, স্মৃতিকথায় এমন অভিযোগেরও জবাব দিয়েছেন তিনি।

সোনিয়ার ভাষ্য, তাদের মধ্যে দায়িত্বের একটি অলিখিত বিভাজন ছিল। মনমোহন সিং সরকার পরিচালনা করতেন, আর তিনি কংগ্রেস দল পরিচালনার দায়িত্ব পালন করতেন।

সরকারের প্রশাসনিক কাজে হস্তক্ষেপ কিংবা সরকারি নথিপত্র দেখার অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তার দাবি, নিজের অবস্থানের সীমারেখা সম্পর্কে তিনি সচেতন ছিলেন এবং তা মেনে চলেছেন।

প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন প্রণব মুখার্জি

সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে ২০১০ সালের একটি কথোপকথনের কথাও স্মৃতিকথায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী। সোনিয়া বলেছেন, ওই কথোপকথনের একপর্যায়ে প্রণব মুখার্জি বলেছিলেন, “শীর্ষ পর্যায়ে পরিবর্তনের সময় এসেছে।”

সোনিয়ার ধারণা, এর মাধ্যমে প্রণব মুখার্জি প্রধানমন্ত্রী হওয়ার দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ইঙ্গিত দিয়েছিলেন। তবে তিনি বিষয়টি এড়িয়ে যেতে ‘কৌশলে অন্য প্রসঙ্গে কথা শুরু করেন’। সোনিয়া লিখেছেন, তার এই প্রতিক্রিয়ায় প্রণব মুখার্জি কখনো অসন্তুষ্টি প্রকাশ করেননি।

মোদির সঙ্গে তেমন কোনো যোগাযোগ নেই

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে গত ১২ বছরে তার ‘প্রায় কোনো বাস্তব যোগাযোগই হয়নি’ বলে স্মৃতিকথায় লিখেছেন সোনিয়া গান্ধী।

তার ভাষ্য, সংসদের স্পিকারের ছোট কক্ষসহ বিভিন্ন জায়গায় দুজনের দেখা হলেও মোদি সাধারণত তার দিকে তাকান না এবং চোখাচোখি এড়িয়ে যান। আনুষ্ঠানিক অনুষ্ঠানে দেখা হলে তাদের কথাবার্তা মূলত সৌজন্য বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে।

তবে একবার হাসপাতালে ভর্তি থাকার পর মোদি সংক্ষেপে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছিলেন বলে স্বীকার করেছেন সোনিয়া।

প্রথম সন্তান হারানোর বেদনাদায়ক স্মৃতি

স্মৃতিকথার সবচেয়ে ব্যক্তিগত ও আবেগঘন বিষয়গুলোর একটি হলো ১৯৬৯ সালে প্রথম সন্তান হারানোর ঘটনা। সোনিয়া লিখেছেন, তার প্রথম সন্তান নির্ধারিত সময়ের আগেই জন্মগ্রহণ করেছিল এবং জন্মের কিছুক্ষণের মধ্যেই মারা যায়। সেই বেদনাদায়ক অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি জানান, সন্তানের মরদেহ সমাহিত করার বিষয়ে তিনি অনড় ছিলেন।

মানেকা গান্ধীর সঙ্গে সম্পর্কের অবনতির কারণ

দেবর সঞ্জয় গান্ধীর স্ত্রী মানেকা গান্ধীর সঙ্গে সম্পর্কের অবনতির ঘটনাও স্মৃতিকথায় তুলে ধরেছেন সোনিয়া। তার ভাষ্য, শুরুতে দুজনের সম্পর্ক ভালো থাকলেও সময়ের সঙ্গে তা তিক্ত হয়ে ওঠে।

১৯৭৪ সালে মাত্র ১৮ বছর বয়সে সঞ্জয় গান্ধীকে বিয়ে করে গান্ধী পরিবারে আসেন মানেকা। পরিবারের ছোট বউ বা ‘ছোটি বহু’ হিসেবে পরিচিত ছিলেন তিনি।

সোনিয়া লিখেছেন, সময়ের সঙ্গে তাদের মধ্যে মতবিরোধ ও ঝগড়া বাড়তে থাকে। এমনকি ইন্দিরা গান্ধীর সামনেও মানেকা কখনো কখনো কঠোর ও অশালীন ভাষা ব্যবহার করতেন।

১৯৮০ সালের জুনে বিমান দুর্ঘটনায় সঞ্জয় গান্ধীর মৃত্যুর পর মানেকার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাকে কেন্দ্র করে উত্তেজনা আরও বাড়ে। তখন মানেকার বয়স ছিল ২৩ বছর। তার তিন মাস বয়সি একটি সন্তানও ছিল। ইন্দিরা গান্ধী মনে করতেন, নেতৃত্বের দায়িত্ব নেওয়ার জন্য মানেকা তখনো অনেক ছোট।

১৯৮২ সালে এই বিরোধ আরও গভীর হয়। সে সময় ইন্দিরা গান্ধী লন্ডনে থাকাকালে মানেকা নিজের জিনিসপত্র বাড়ি থেকে সরিয়ে নিতে শুরু করেন।

সোনিয়ার দাবি, পরবর্তী সময়ে মানেকা তাকে ও রাজীব গান্ধীকে শত্রু হিসেবে বিবেচনা করতে শুরু করেন। এমনকি তাদের সম্পর্কে বিভিন্ন নেতিবাচক তথ্য সাংবাদিকদের কাছেও ফাঁস করতেন তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%