ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বাঘাইছড়িতে ভ্রাম্যমাণ আদালতে ৯ ব্যবসায়ীকে এলপিজি গ্যাসের অতিরিক্ত দামে জরিমানা


বাঘাইছড়িতে ভ্রাম্যমাণ আদালতে ৯ ব্যবসায়ীকে এলপিজি গ্যাসের অতিরিক্ত দামে জরিমানা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় এলপিজি গ্যাস সিলিন্ডার নির্ধারিত মূল্যের তুলনায় বেশি দামে বিক্রির অভিযোগে ৯ জন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) মোট ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।

বুধবার (২৫ নভেম্বর) উপজেলার বিভিন্ন বাজার ও দোকানে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় এলপিজি গ্যাস সিলিন্ডারের অতিরিক্ত মূল্য ধার্য করার প্রমাণ পাওয়া যাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারার আওতায় ৯ জন ব্যবসায়ীকে ৮ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, অতিরিক্ত দাম আদায় প্রতিরোধ এবং সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ব্যবসায়ীদের আইন ও নির্ধারিত মূল্য মেনে পণ্য বিক্রির পাশাপাশি ভোক্তাদেরও আহ্বান জানানো হয়েছে যে, তারা কেনাকাটার সময় নির্ধারিত মূল্য যাচাই করবেন এবং অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করবেন।

আরও পড়ুন: কালিয়াকৈরে পোশাক কারখানায় শ্রমিক ভাঙচুর, ছুটি ঘোষণা

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান জানান, জনস্বার্থ রক্ষা, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে এই ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেড় মাস পর রাজবাড়ী-নাজিরগঞ্জ নৌপথে ফেরি চলাচল শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


দেড় মাস পর রাজবাড়ী-নাজিরগঞ্জ নৌপথে ফেরি চলাচল শুরু

নাব্যতা সংকটের কারণে প্রায় দেড় মাস বন্ধ থাকার পর রাজবাড়ীর ধাওয়াপাড়া-পাবনার নাজিরগঞ্জ নৌপথে ফেরি চলাচল পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ধাওয়াপাড়া ঘাট থেকে ‘ক্যামেলিয়া’ নামের একটি ফেরি নাজিরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে ধাওয়াপাড়া ঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১২ অক্টোবর রাত থেকে নাব্যতা সংকটের কারণে এ রুটে ফেরি চলাচল বন্ধ ছিল। এরপর ১৯ অক্টোবর থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ড্রেজিং কার্যক্রম শুরু করে। ২৪ নভেম্বর ড্রেজিংয়ের কাজ শেষ হওয়ার পর নদীতে নাব্যতা ফিরে এসেছে। এই প্রেক্ষাপটে বুধবার ফেরি চলাচল পরীক্ষামূলকভাবে শুরু হলো। সবকিছু ঠিকঠাক থাকলে এ রুটে নিয়মিত ফেরি চলাচল শুরু হবে।

এর আগে, তীব্র স্রোতের কারণে গত ৬ সেপ্টেম্বর রাত থেকে ২১ সেপ্টেম্বর এবং ৫ অক্টোবর থেকে ১১ অক্টোবর বিকেল পর্যন্ত এ রুটে ফেরি চলাচল বন্ধ ছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পীরগঞ্জে শ্রমিক সংকটে পাকা ধান ঘরে তুলতে পারছেন না কৃষকরা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:১০ পি.এম


পীরগঞ্জে শ্রমিক সংকটে পাকা ধান ঘরে তুলতে পারছেন না কৃষকরা

রংপুরের পীরগঞ্জ উপজেলায় শ্রমিক সংকটের কারণে কৃষকেরা মাঠের পাকা ধান ঘরে তোলার বিষয়ে দুশ্চিন্তায় রয়েছেন। বৃষ্টির পূর্বে মাঠের ধান পেকে গেলেও হঠাৎ বৃষ্টিপাতের ফলে ধান কাটা ও মাড়াইয়ের কাজ বাধাগ্রস্ত হয়েছে। ফলে অনেক কৃষক সময়মতো ধান ঘরে তুলতে পারেননি। বৃষ্টি শেষে একসঙ্গে অধিকাংশ জমির ধান কাটার উপযোগী হওয়ায় শ্রমিক সংকট আরও তীব্র হয়ে উঠেছে।

উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করে জানা গেছে, বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে ধান কাটতে না পারায় অনেক জমিতে পাকা ধান পড়ে রয়েছে। বর্তমানে অধিকাংশ জমির ধান একই সময়ে কাটার উপযোগী হওয়ায় অল্প সময়ের মধ্যে ধান কাটা ও মাড়াইয়ের জন্য প্রয়োজনীয় শ্রমিক পাওয়া যাচ্ছে না। এর ফলে কৃষকদের মধ্যে দুশ্চিন্তার পাশাপাশি শ্রমিকের মজুরি বেড়ে গেছে।

বড় ভগবানপুর গ্রামের ধানচাষি লোকনাথ চন্দ্র ও জামালপুর গ্রামের বাদশা মিয়া জানান, ধান কাটার মৌসুমে এলাকার অনেক শ্রমিক ইটভাটায় ইট তৈরির কাজে ব্যস্ত রয়েছেন। আবার কেউ কেউ কাজের সন্ধানে ঢাকাসহ বিভিন্ন এলাকায় চলে গেছেন। এ কারণে স্থানীয়ভাবে ধান কাটার শ্রমিকের সংকট দেখা দিয়েছে। সময়মতো শ্রমিক না পাওয়ায় মাঠের পাকা ধান নিয়ে তাঁরা বিপাকে পড়েছেন।

কৃষকেরা জানান, বর্তমানে যাঁরা ধান কাটার কাজ করছেন, তাঁদের অনেকেই দিন হাজিরায় কাজ করতে আগ্রহী নন। তাঁরা জমির পরিমাণ অনুযায়ী চুক্তিতে ধান কাটতে ইচ্ছুক। ফলে কৃষকদের বাড়তি টাকা গুনতে হচ্ছে। কৃষকদের দেওয়া তথ্যমতে, ৩৩ শতকের এক বিঘা জমির ধান কাটা ও বাঁধার জন্য শ্রমিকদের ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে। এতে ধান উৎপাদনের খরচ বেড়ে যাওয়ায় লাভের পরিমাণ কমে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছর পীরগঞ্জ উপজেলায় প্রায় ২৬ হাজার হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ করা হয়েছে। তবে বৃষ্টি-বাধার কারণে ধান কাটা ও মাড়াইয়ের কাজে কিছুটা বিলম্ব হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে কৃষকেরা আবারও পুরোদমে ধান কাটার কাজ শুরু করেছেন বলে উপসহকারী কৃষি কর্মকর্তারা জানিয়েছেন।

কৃষকদের আশঙ্কা, দ্রুত ধান কেটে ঘরে তুলতে না পারলে মাঠে থাকা পাকা ধান নিয়ে নতুন করে লোকসানের মুখে পড়তে হতে পারে। তাই শ্রমিক সংকট নিরসন ও ধান ঘরে তোলার কাজে প্রয়োজনীয় সহযোগিতার দাবি জানিয়েছেন তাঁরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিউসিওয়াইয়ের ১৮ মাসের বিক্রয়োত্তর সেবা, ব্র্যান্ড অ্যাম্বাসেডর তৌসিফ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:১০ পি.এম


কিউসিওয়াইয়ের ১৮ মাসের বিক্রয়োত্তর সেবা, ব্র্যান্ড অ্যাম্বাসেডর তৌসিফ

বাংলাদেশের প্রযুক্তিপণ্য ব্র্যান্ড কিউসিওয়াইয়ের (QCY) নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন অভিনেতা তৌসিফ মাহবুব। একই সাথে, আইটেক স্মার্ট লিমিটেড, যা কিউসিওয়াইয়ের পরিবেশক, ঘোষণা করেছে যে, পণ্যের ওয়ারেন্টির মেয়াদ ১২ মাস থেকে বৃদ্ধি করে ১৮ মাস করা হয়েছে।

এই ঘোষণা মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ‘পাওয়ারিং দ্য নেক্সট ওয়েভ’ শীর্ষক অনুষ্ঠানে দেওয়া হয়। অনুষ্ঠানে তৌসিফ মাহবুবের সঙ্গে এক বছরের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি স্বাক্ষর করে আইটেক স্মার্ট লিমিটেড।

অনুষ্ঠানে কিউসিওয়াই এবং আইটেক স্মার্ট লিমিটেডের উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের রিসেলার, ডিলার, প্রযুক্তিবিষয়ক সাংবাদিক, ইউটিউবার এবং কনটেন্ট ক্রিয়েটররা উপস্থিত ছিলেন।

আইটেক স্মার্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সালেহ আহমেদ মাহাদি মন্তব্য করেন, ‘বাংলাদেশে কিউসিওয়াইয়ের প্রতি গ্রাহকদের আস্থা ও আগ্রহ বেড়েছে। ওয়ারেন্টির মেয়াদ ১৮ মাস করার মাধ্যমে গ্রাহকদের আরও নিশ্চিন্ত ব্যবহারের অভিজ্ঞতা দিতে চাই। একটি ব্র্যান্ড তখনই প্রায় দেড় বছরের ওয়ারেন্টি দেয়, যখন সে জানে তার পণ্যের সক্ষমতা অনেক। আমরা শুধু বিভিন্ন ব্র্যান্ডের পণ্য দেশেই আনতে চাই না, দেশেও কারখানা করতে কাজ করছি। যেখানে ভবিষ্যতে তৈরি হবে ‘মেড-ইন-বাংলাদেশ’ পণ্য।’

অনুষ্ঠানে কিউসিওয়াইয়ের বিভিন্ন পণ্যের প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে মেলোবাডস ও ক্রসকি সিরিজের ইয়ারবাডস, হেডফোন, পাওয়ার ব্যাংক এবং স্মার্টওয়াচ অন্তর্ভুক্ত ছিল। দর্শনার্থীরা এসব পণ্য সরাসরি দেখার এবং ব্যবহারের মাধ্যমে অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পান।

কিউসিওয়াই চীনের ডংগুয়ান হেলে ইলেকট্রনিকস কোম্পানি লিমিটেডের একটি কনজিউমার ইলেকট্রনিকস ব্র্যান্ড। প্রতিষ্ঠানটি মূলত ওয়্যারলেস ইয়ারবাডস, হেডফোন ও অডিও সরঞ্জাম তৈরি করে। পাশাপাশি পাওয়ার ব্যাংক, চার্জার ও স্মার্টওয়াচও বাজারজাত করে।

বাংলাদেশে কিউসিওয়াইয়ের অফিসিয়াল পরিবেশক হিসেবে আইটেক স্মার্ট লিমিটেড কাজ করছে। প্রতিষ্ঠানটি কিউসিওয়াই ছাড়াও আওয়েই, ম্যাকডোডো, উলানজি, কলমি, জিব্লেজ ও সাউন্ডপিটসসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রযুক্তিপণ্যের ব্র্যান্ড নিয়ে কাজ করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাল ব্যান্ডরোলে নকল সিগারেট তৈরির অভিযোগ: বেঙ্গল টোব্যাকোর দুই ভাইসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


জাল ব্যান্ডরোলে নকল সিগারেট তৈরির অভিযোগ: বেঙ্গল টোব্যাকোর দুই ভাইসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

কুষ্টিয়ার মিরপুরে গোল্ডেন বেঙ্গল টোব্যাকো কোম্পানিতে শুল্ক ফাঁকি দিয়ে জাল ব্যান্ডরোলে নকল সিগারেট তৈরির অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ। মামলার আসামিরা দুই যৌথ মালিকসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

গত সোমবার (২৩ নভেম্বর) কুষ্টিয়ার মিরপুর থানায় বাদী হয়ে মামলাটি করেন কুষ্টিয়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল-২ ভেড়ামারার সহকারী রাজস্ব কর্মকর্তা মমিনুল ইসলাম। বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-ক এর (ক) ও (খ) ধারায় দায়ের করা মামলার নম্বর ২৩। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন বেঙ্গল টোব্যাকো কোম্পানির যৌথ মালিক আতিয়ার রহমান (৫৬) ও তাঁর ছোট ভাই রাজু আহমেদ (৫০), কোম্পানির ডেপুটি ম্যানেজার সাইফুল আলম (৫০) এবং ম্যানেজার নঈম ইকবাল (৪৭)। সকলেই কুষ্টিয়া সদর থানার জুগিয়া ও মিলপাড়া এলাকার বাসিন্দা।

মামলার এজাহার অনুযায়ী, গত ২ নভেম্বর মিরপুর উপজেলা প্রশাসন ও কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল গোল্ডেন বেঙ্গল টোব্যাকো কোম্পানিতে অভিযান চালায়। অভিযানে নকল ব্যান্ডরোলযুক্ত সন্দেহে এক হাজার প্যাকেট বেঙ্গল স্পেশাল সিগারেট জব্দ করা হয়, যেখানে প্রতি প্যাকেটে ১০ শলাকা হিসেবে মোট ১০ হাজার শলাকা সিগারেট ছিল। জব্দকৃত সিগারেটের মধ্যে ১২ প্যাকেট নমুনা যাচাইয়ের জন্য গাজীপুরের দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডে পাঠানো হয়।

পরীক্ষায় দেখা যায়, পাঠানো ১২ প্যাকেটের ব্যান্ডরোলের কাগজ, মুদ্রণ ও নিরাপত্তা ফয়েল সঠিক নয় এবং অন্যান্য প্রয়োজনীয় নিরাপত্তা বৈশিষ্ট্যও অনুপস্থিত। স্ট্যাম্প নকল হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কর্তৃপক্ষ মামলা দায়েরের সিদ্ধান্ত নেয়।

ওসি মো. শহিদুল ইসলাম জানান, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ বাদী হয়ে মামলাটি করেছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

একাধিক সূত্রে জানা গেছে, বেঙ্গল টোব্যাকোর যৌথ মালিক আতিয়ার রহমান ও রাজু আহমেদ দীর্ঘদিন ধরে শুল্ক ফাঁকি দিয়ে তামাক গুদামজাত করে বিভিন্ন টোব্যাকো প্রতিষ্ঠানে সরবরাহ করে আসছেন। তাঁদের বিরুদ্ধে এর আগেও কয়েক দফা অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছিল। একইভাবে খোকসার বেতবাড়িয়া-জানিপুর এলাকায় 'জমজম টোব্যাকো' নামের একটি প্রতিষ্ঠানে শুল্ক ফাঁকি দিয়ে জাল ব্যান্ডরোলে নকল সিগারেট তৈরির অভিযোগ রয়েছে।

এছাড়া, জাতীয় পরিচয়পত্র জালিয়াতির মাধ্যমে কুষ্টিয়া শহরতলীর মিনাপাড়া এলাকার ১২টি পরিবারের প্রায় ৩০ কোটি টাকা মূল্যের সম্পত্তি ভুয়া মালিক সেজে নিজেদের নামে রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগও রয়েছে আতিয়ার রহমান ও রাজু আহমেদের বিরুদ্ধে। এ সংক্রান্ত প্রতিবেদন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%