০৪:৪২ পি.এম
ঢাকা, ২ নভেম্বর, ২০২৬, : আফগানিস্তান চতুর্থবারের মত জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার কৃতিত্ব অর্জন করেছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে।
গত রাতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে আফগানিস্তান ৭ উইকেটে জিম্বাবুয়েকে পরাজিত করেছে। সিরিজের প্রথম দুই ম্যাচে আফগানিস্তান যথাক্রমে ৩৭ ও ১৯ রানে জয়লাভ করেছিল।
এর আগে ২০২১, ২০২২ এবং ২০২৫ সালে আফগানিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছিল।
আরও পড়ুন: মেসি ছাড়া ২১ বছর পর আর্জেন্টিনার দল ঘোষণা
শারজাহ’তে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে আফগানিস্তানের স্পিনার নূর আহমদের ঘূর্ণিতে ১৪.৩ ওভারে ৭৯ রানে অলআউট হয়ে যায়।
নূর ৩.৩ ওভারে ১৩ রানে ৫ উইকেট নিয়েছেন। এর মধ্যে জিম্বাবুয়ের ইনিংসের ১১তম ওভারে তিনি ৩ উইকেট শিকার করেন। এটি ৩০ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে তার প্রথমবারের মত ইনিংসে ৫ উইকেট নেওয়া এবং ক্যারিয়ার সেরা বোলিং।
জিম্বাবুয়ের ব্যাটিংয়ে মাত্র দু’জন ব্যাটার দুই অঙ্কের কোটা স্পর্শ করতে সক্ষম হন। রায়ান বার্ল সর্বোচ্চ ৩০ রান করেন এবং ওয়েসলি মাধভেরে ১০ রান সংগ্রহ করেন। এছাড়া অতিরিক্ত থেকে ১২ রান আসে।
জবাবে, আফগানিস্তান ৮.১ ওভারেই জয়লাভ করে। ওপেনার ইব্রাহিম জাদরান অপরাজিত ২৫ রান করেন, সেদিকুল্লাহ আতাল ২০ রান এবং আজমতুল্লাহ ওমারজাই ১৮ রান করে দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
আরও পড়ুন: ম্যানচেস্টার সিটি ছাড়তে পারেন হলান্ড, সম্ভাব্য গন্তব্য রিয়াল মাদ্রিদ
ম্যাচ সেরা হয়েছেন নূর এবং সিরিজ সেরার পুরস্কার জিতেছেন ওমারজাই।
টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর আফগানিস্তান ও জিম্বাবুয়ে আগামী ৫ নভেম্বর থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশগ্রহণ করবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন