০৩:০৮ পি.এম
ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর পদাঙ্ক অনুসরণ করে আন্তর্জাতিক ফুটবলে একটি নতুন পদক্ষেপ গ্রহণ করলেন তার বড় ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র। ১৬ বছর বয়সী এই ফরোয়ার্ড প্রথমবারের মতো পর্তুগাল অনূর্ধ্ব-১৭ জাতীয় দলে ডাক পেয়েছেন। কোচ ফিলিপে রামোস ঘোষিত ২৩ সদস্যের স্কোয়াডে তিনি জায়গা পেয়েছেন, যা আগামী নভেম্বরে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের জন্য প্রস্তুতির অংশ হিসেবে গঠিত হয়েছে।
পর্তুগালে ‘ক্রিস্তিয়ানিনহো’ নামে পরিচিত রোনালদো জুনিয়র বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-নাসরের যুব দলে খেলছেন। চলতি মৌসুমে তিনি ক্লাবটির হয়ে সাতটি ম্যাচে তিনটি গোল করেছেন।
বয়সভিত্তিক ফুটবলে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে অনূর্ধ্ব-১৭ দলে সুযোগ পেয়েছেন রোনালদো-পুত্র। ২০২৫ সালের মে মাসে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে তার অভিষেক ঘটে। এরপর তিনি দেশের বিভিন্ন বয়সভিত্তিক দলে ১৩ ম্যাচে পাঁচ গোল করেছেন।
আরও পড়ুন: মেসি ছাড়া ২১ বছর পর আর্জেন্টিনার দল ঘোষণা
অনূর্ধ্ব-১৫ দলের হয়ে চার ম্যাচে দুটি গোল করার পর ক্রিশ্চিয়ানো জুনিয়র অনূর্ধ্ব-১৬ দলে সুযোগ পান। সেখানে তিনি নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। এই বয়সভিত্তিক দলের হয়ে নয় ম্যাচে তিন গোল করেছেন। এবার অনূর্ধ্ব-১৭ দলে জায়গা করে নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের নতুন অধ্যায়ের সূচনা করলেন তরুণ এই ফুটবলার।
পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী বাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে তার তুলনা হওয়া স্বাভাবিক। তবে বাবার পরিচয়ের বাইরে নিজের যোগ্যতায় আলাদা অবস্থান তৈরি করা এখন তার জন্য বড় চ্যালেঞ্জ। বয়সভিত্তিক ফুটবলে পারফরম্যান্সের মাধ্যমে তিনি সেই পথে এগিয়ে যাচ্ছেন।
আল-নাসরের যুব দল থেকে পর্তুগালের বয়সভিত্তিক জাতীয় দলে রোনালদো জুনিয়রের এই অগ্রযাত্রা ফুটবলপ্রেমীদের নজর কাড়ছে। ভবিষ্যতে প্রতিযোগিতামূলক ফুটবলে বাবা-ছেলেকে একই মাঠে একসঙ্গে দেখা যাবে কি না, সে বিষয়েও সমর্থকদের আগ্রহ রয়েছে।
এদিকে আগামী শুক্রবার পর্তুগালের জাতীয় দলের নতুন স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে। সেখানে আল-নাসরের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো জায়গা পান কি না, সেটিও জানার অপেক্ষায় রয়েছেন সমর্থকরা।
আরও পড়ুন: ম্যানচেস্টার সিটি ছাড়তে পারেন হলান্ড, সম্ভাব্য গন্তব্য রিয়াল মাদ্রিদ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন