ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

ম্যানচেস্টার সিটি ছাড়তে পারেন হলান্ড, সম্ভাব্য গন্তব্য রিয়াল মাদ্রিদ


ম্যানচেস্টার সিটি ছাড়তে পারেন হলান্ড, সম্ভাব্য গন্তব্য রিয়াল মাদ্রিদ

ম্যানচেস্টার সিটির জন্য চ্যাম্পিয়ন্স লিগ এনে দেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন আর্লিং হলান্ড। এই নরওয়েজিয়ান ইতোমধ্যে ক্লাবটির ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। পেপ গার্দিওলার বিদায় এবং এনজো মারেস্কার আগমনের পর, দলের আক্রমণভাগে হলান্ডের গুরুত্ব আরও বেড়ে গেছে। তবে বছরের শুরুতে ভালো শুরু করলেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে সিটিজেনদের ছন্দ হারানোর ঘটনা ঘটেছে। এরই মধ্যে, আর্থিক অনিয়মের বিরুদ্ধে শতাধিক অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় প্রিমিয়ার লিগের শাস্তির মুখে পড়তে পারে ক্লাবটি।

ম্যানচেস্টার সিটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি দলের সেরা খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে। এদের মধ্যে হলান্ডের নাম প্রথমে আসে। চলতি প্রিমিয়ার লিগের প্রথম নয় ম্যাচে তিনি নয়টি গোল করেছেন। যদিও ২০৩৪ সাল পর্যন্ত সিটির সঙ্গে তার চুক্তি রয়েছে, তবে ক্লাব ছাড়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি তার বাবা আলফ-ইঙ্গে হলান্ড।

এ বিষয়ে আলফ-ইঙ্গে বলেন, 'আমার মনে হয়, আপিলের রায় আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত। দ্রুতই এর নিষ্পত্তি হতে পারে। তবে বর্তমানে সিটির বিরুদ্ধে সমর্থক, প্রতিদ্বন্দ্বী ক্লাব এবং বিশেষ করে সাংবাদিকদের একটি অংশ অবস্থান নিয়েছে। তাই আপিলের ফল কী হয়, সেটি দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।'

আরও পড়ুন: মেসি ছাড়া ২১ বছর পর আর্জেন্টিনার দল ঘোষণা

তিনি আরও উল্লেখ করেন, 'সিটি বিশ্বাস করে, তাদের নির্দোষ প্রমাণ করার মতো শক্ত প্রমাণ রয়েছে। আমার মনে হয়, সিদ্ধান্ত না আসা পর্যন্ত অপেক্ষা করাই ভালো। আর্লিং (হলান্ড) এখন শুধু যত বেশি সম্ভব ফুটবল খেলার কথা ভাবছে এবং সেটিতেই মনোযোগ দিচ্ছে। আমার মনে হয়, মাঠের বাইরে আমরাই বিষয়টি নিয়ে একটু বেশি ভাবছি।'

অর্থনৈতিক অনিয়মের অভিযোগে যদি ম্যানচেস্টার সিটি বড় ধরনের শাস্তির মুখে পড়ে, তাহলে তারা অবনমনের ঝুঁকিতেও পড়তে পারে। এমন পরিস্থিতিতে হলান্ডকে দলে পেতে আগ্রহ দেখাতে পারে বিশ্বের বড় বড় ক্লাবগুলো।

নরওয়েজীয় এই তারকার নিজের পরবর্তী ক্লাব বেছে নেওয়ার সুযোগ থাকবে। তবে হলান্ডের বিশাল ট্রান্সফার ফি এবং আকাশছোঁয়া বেতন বহন করার সামর্থ্য খুব বেশি ক্লাবের নেই।

এমন পরিস্থিতিতে সম্ভাব্য গন্তব্য হিসেবে রিয়াল মাদ্রিদ এগিয়ে থাকতে পারে। দীর্ঘদিন ধরেই স্প্যানিশ ক্লাবটির হলান্ডকে দলে নেওয়ার আগ্রহ রয়েছে। পাশাপাশি, তাদের একজন স্বীকৃত নাম্বার নাইন স্ট্রাইকারের ঘাটতি রয়েছে।

আরও পড়ুন: আফ্রিদির উদ্যোগে ৭৫০ পরিবার পেল নিরাপদ আশ্রয়

কিলিয়ান এমবাপ্পের সঙ্গে হলান্ডের জুটি গড়ে উঠলে ফুটবল ইতিহাসের অন্যতম শক্তিশালী আক্রমণভাগ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজপথে সরকারকে জবাব দিতে হবে: নাহিদ ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৪ পি.এম


রাজপথে সরকারকে জবাব দিতে হবে: নাহিদ ইসলাম

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন, সরকারের নৈরাজ্য, ব্যর্থতা ও গণবিরোধী নীতির বিরুদ্ধে রাজপথে নেমে আসার জন্য।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে পাবনা জেলা শিল্পকলা একাডেমিতে জেলা এনসিপির সাংগঠনিক ও স্থানীয় নির্বাচন নিয়ে মতবিনিময় সভায় যোগ দেয়ার আগে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম উল্লেখ করেন, "রাজপথেই এই সরকারকে জবাব দিতে হবে, সরকারকে শায়েস্তা করতে এর বাইরে আর কোনো উপায় নেই।"

ডিসেম্বর মাসকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘ডিসেম্বরে কোনো কিছুই হওয়ার সম্ভাবনা নেই। তবে সরকারের যে ব্যর্থতা ও পারফরম্যান্স, সেটির ওপর আস্থা নেই। তাই ডিসেম্বরে কিছু ঘটলে তা সরকারের ব্যর্থতা এবং সরকার ও আওয়ামী লীগের সমঝোতার কারণেই হবে। এনসিপি রাজপথে থেকেই তা প্রতিহত করবে।’

তৈরি পোশাক শ্রমিকদের চলমান আন্দোলন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন একটি যৌক্তিক আন্দোলন। সরকার সঠিক সময়ে পরিকল্পনা নিতে ব্যর্থ হওয়ায় আজকে এ পরিস্থিতির তৈরি হয়েছে। কোনো একটা ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে পার পাওয়া যায় না।’

তিনি আরও যোগ করেন, ‘যদি এ আন্দোলনে ফ্যাসিস্টরা ঢুকে থাকে এবং নৈরাজ্য সৃষ্টি করে, তবে এর দায়ও সরকারকে নিতে হবে। সারা দেশে ফ্যাসিবাদের নেতাকর্মীদের বিএনপিই লালন-পালন করছে। আওয়ামী লীগের ব্যবসাপ্রতিষ্ঠানসহ সবকিছু এখন বিএনপির দখলে।’

মতবিনিময় সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন ও মাহিন সরকারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে জোড়া কবর জেগে ওঠার রহস্য উদ্ঘাটন করলো প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৪ পি.এম


বরিশালে জোড়া কবর জেগে ওঠার রহস্য উদ্ঘাটন করলো প্রশাসন

নিজের হাতে বসতঘরের মেঝেতে তিনি দুটি কবর তৈরি করেছিলেন। পরে প্রশাসনের জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা স্বীকার করে সজীব বেপারী কোদাল দিয়ে নিজ হাতে কথিত সেই কবর দুটো ভেঙে ফেলেন। বরিশালের আগৈলঝাড়ায় চাঞ্চল্য সৃষ্টি করা বসতঘরের মধ্যে ‘কবর জেগে ওঠার’ রহস্য এভাবেই উদ্ঘাটিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের কদমবাড়ি গ্রামের ওই বাড়িতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল হোসেন তমাল ও আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মাসুদ খান সরেজমিনে উপস্থিত হয়ে সজীব বেপারী এবং তার মা শিউলী বেগমের সঙ্গে কথা বলেন।

একপর্যায়ে সজীব নিজেই কবর দুটো তৈরির কথা স্বীকার করেন। পরে প্রশাসনের উপস্থিতিতে কোদাল দিয়ে সেগুলো ভেঙে ফেলেন তিনি। তবে কেন তিনি কবর দুটো তৈরি করেছিলেন, সে বিষয়ে কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি সজীব। ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবেন না বলেও উপজেলা প্রশাসনের কাছে মুচলেকা দিয়েছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভ্যানচালক ছালাম বেপারীর ছেলে সজীব বেপারী প্রায় ছয় মাস ধরে ধ্যানে বসে বিভিন্ন ধরনের চিকিৎসা দিয়ে আসছিলেন। প্রতিদিন ৪০ থেকে ৫০ জন নারী-পুরুষ তার কাছে চিকিৎসা নিতে আসতেন। প্রতি সোমবার রাতে রোগীর সংখ্যা বেড়ে যেত কয়েক গুণ।

এরইমধ্যে গেল ২৬ অক্টোবর সকালে সজীবের বসতঘরের মেঝেতে একটি কবর জেগে ওঠার দাবি করে তার পরিবার। একই দিন রাত ১২টার দিকে পাশে আরও একটি কবর জেগে ওঠে বলেও জানানো হয়। পরিবারটির দাবি ছিল, কবর দুটো বড় পীর আব্দুল কাদের জিলানী ও খাজা মঈনউদ্দিন চিশতির।

এমন খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। কথিত কবর দুটো দেখতে বাড়িতে ভিড় করেন উৎসুক মানুষ। একই সঙ্গে সেখানে চিকিৎসা নিতে আসা মানুষের সংখ্যাও বেড়ে যায়।

এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল হোসেন তমাল বলেন, ‘এ ধরনের একটি ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসন সরেজমিনে তদন্তে যায়। মানুষ যাতে প্রতারিত না হয়, সে জন্য সজীবকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি কবর দুটো নিজের তৈরি বলে স্বীকার করেন এবং নিজেই সেগুলো ভেঙে ফেলেন।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বড়দিনের জন্য দুই কোটি অনুদানের বদলে প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৪ পি.এম


বড়দিনের জন্য দুই কোটি অনুদানের বদলে প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি টাকা

খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট শুভ বড়দিন উদ্‌যাপনের জন্য দুই কোটি টাকা অনুদান চেয়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান এক কোটি টাকা বেশি, অর্থাৎ তিন কোটি টাকা অনুদান দেয়ার নির্দেশ দিয়েছেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো সারসংক্ষেপ অনুযায়ী, সোমবার (২ নভেম্বর) প্রধানমন্ত্রী তিন কোটি টাকা অনুদান দেয়ার বিষয়ে অনুমোদন প্রদান করেন।

২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন ২০২৬’ উদ্‌যাপনের জন্য ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো সারসংক্ষেপে জানানো হয়েছে, শুভ বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে। এ কারণে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বিশেষ অনুদান দেয়ার প্রস্তাব করা হয়।

সারসংক্ষেপে উল্লেখ করা হয়েছে, চলতি ২০২৬ সালেও বড়দিন উপলক্ষে দুই কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এ অর্থ খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনুকূলে বরাদ্দ দেয়ার জন্য প্রধানমন্ত্রীর সদয় অনুমোদন চাওয়া হয়।

তবে প্রধানমন্ত্রী প্রস্তাবিত দুই কোটি টাকার পরিবর্তে তিন কোটি টাকা অনুদান দেয়ার নির্দেশ দেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউরোপের ১০ দেশের সুপারমার্কেটে সাইবার হামলা, খাদ্যপণ্য ফেলে দিতে বাধ্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৫ পি.এম


ইউরোপের ১০ দেশের সুপারমার্কেটে সাইবার হামলা, খাদ্যপণ্য ফেলে দিতে বাধ্য

ইউরোপের অন্তত ১০টি দেশের অসংখ্য সুপারমার্কেটে সাইবার হামলার ঘটনা ঘটেছে। হামলার ফলে ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা নিয়ন্ত্রণব্যবস্থা অচল হয়ে পড়েছে।

গত সোমবার (২ নভেম্বর) সুপারমার্কেটগুলোর কম্পিউটার নেটওয়ার্কে হ্যাকিংয়ের ঘটনা ঘটে। বেলজিয়াম, এস্তোনিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পর্তুগাল, জার্মানি ও সুইডেনের সুপারমার্কেটগুলোতে এ সমস্যার খবর পাওয়া গেছে। সাইবার হামলার কারণে ফ্রিজারের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় বিভিন্ন খুচরা বিক্রেতাকে বিপুল পরিমাণ খাদ্যপণ্য ফেলে দিতে বাধ্য হতে হয়েছে।

সুইডেনের সুপারমার্কেট চেইন আইসিএ ও কোপের কয়েকটি দোকানও এই হামলার শিকার হয়েছে। সুইডিশ সংবাদমাধ্যম আফটনব্লাডেটের প্রতিবেদনে বলা হয়েছে, এসব দোকানের ফ্রিজ ও ফ্রিজার বন্ধ হয়ে যাওয়ায় গলে যাওয়া এবং যথাযথভাবে সংরক্ষণ করা সম্ভব না হওয়া পণ্য ফেলে দিতে বাধ্য হন কর্মীরা।

সুইডেনের স্যোবো এলাকার আইসিএর একজন দোকানমালিক জানিয়েছেন, হ্যাকিংয়ের কারণে তাদের ফ্রিজারের তাপমাত্রা বেড়ে ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বেলজিয়াম ও লুক্সেমবার্গে সুপারমার্কেট চেইন আহোল্ড ডেলহাইজের কয়েকটি দোকানেও ‘আইটি ইনসিডেন্ট’-এর খবর পাওয়া গেছে যেখানে ফ্রিজ ও ফ্রিজারের কার্যক্রমে প্রভাব পড়ে।

সাইবার হামলার প্রভাব যুক্তরাজ্যের খাদ্য সরবরাহ ব্যবস্থায়ও পড়েছে। দেশটির খাদ্য সরবরাহ খাতের বিভিন্ন প্রতিষ্ঠানও এ হামলার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

যুক্তরাজ্যের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার (এনসিএসসি) জানিয়েছে, দেশটিতে দুর্বল প্রযুক্তির সুযোগ নিয়ে সাইবার হামলার অন্তত দুটি ঘটনা সম্পর্কে তারা অবগত।

বিবিসি রেডিও ফোরের টুডে অনুষ্ঠানে এনসিএসসির প্রধান নির্বাহী ড. রিচার্ড হর্ন বলেন, যুক্তরাজ্যে সম্ভাব্য ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করতে তারা সারা রাত কাজ করেছেন। তিনি জানান, ঝুঁকিতে থাকা প্রতিষ্ঠানগুলোকে দ্রুত সতর্ক করার জন্য রাতভর কার্যক্রম চালিয়েছে সংস্থাটি।

সাইবার হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর মাত্র তিন সপ্তাহ আগে ফ্রান্সের প্রায় ৭০০টি মুদি দোকানে সাইবার হামলার কারণে কার্যক্রম ব্যাহত হয়। ওই ঘটনায় নষ্ট হওয়া খাবারের আর্থিক ক্ষতির পরিমাণ কয়েক কোটি ইউরো বলে ধারণা করা হচ্ছে।

আয়ারল্যান্ডে সাইবার হামলার প্রভাবে সুপারভ্যালু চেইনের ১৩টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিষ্ঠানটির মালিক মুসগ্রেভ গ্রুপ ঘটনাটিকে সাইবার হামলার ঘটনা হিসেবে উল্লেখ করেছে।

সোমবার প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানান, ক্ষতিগ্রস্ত দোকানগুলোতে শীতল ও হিমায়িত খাদ্যপণ্যের সরবরাহ পুনরায় স্বাভাবিক করার কাজ জোরেশোরে চলছে।

নেদারল্যান্ডসেও অল্পসংখ্যক পাড়ার দোকানে কার্যক্রম ব্যাহত হয়েছে। এর আগে গত মাসে পৃথক একটি সাইবার হামলার কারণে দেশটির সুপারমার্কেট চেইন অ্যালবার্ট হেইনকে কয়েকটি সেবা সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল।

জার্মানিতে পশ্চিমাঞ্চলের রেভে বিসকেন সুপারমার্কেটের হিমায়ন ব্যবস্থায় সাইবার হামলার কারণে বিঘ্ন ঘটে। প্রতিষ্ঠানটি বিবিসিকে জানায়, তাদের সিস্টেম সেবাদাতা প্রতিষ্ঠান ড্যানফসের ওপর হামলার ফলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। তবে সোমবার বিকেল থেকেই তাদের সিস্টেম আবার সচল হয়েছে।

পর্তুগালে মোসকেতেইরোস গ্রুপ জানিয়েছে, তাদের ইন্টারমার্শে চেইনের সাতটি দোকানে ঘটে যাওয়া সমস্যার সঙ্গে সাইবার হামলার যোগসূত্র রয়েছে। প্রতিষ্ঠানটির ভাষ্য, হামলাটি সম্ভবত ফ্রিজ ও হিমায়ন ব্যবস্থা পরিচালনার দায়িত্বে থাকা একটি বহিরাগত সেবাদাতা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে চালানো হয়েছে।

ফিনল্যান্ডের কয়েকটি দোকানেও শীতলীকরণ ব্যবস্থায় ত্রুটি দেখা গেছে। ফিনল্যান্ডে কয়েকটি সুপারমার্কেটে ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা নিয়ন্ত্রণে অস্বাভাবিক পরিবর্তনের খবর পাওয়া গেছে। দেশটির খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান কেসকোর পরিচালিত অন্তত কয়েকটি ছোট দোকানে শীতলীকরণ যন্ত্রের তাপমাত্রায় পরিবর্তন লক্ষ্য করা হয়েছে। তবে এসব ঘটনার সম্ভাব্য কারণ এখনও নির্দিষ্ট করা হয়নি।

হেলসিঙ্কির কে-মার্কেট ব্র্যান্ডের লঙ্কান হারক্কু এমন একটি দোকান, যেখানে রোববার রাতে কয়েকটি শীতলীকরণ যন্ত্রে সমস্যা দেখা দেয়। দোকানটির মালিক সামি মুস্তোনেন জানিয়েছেন, সমস্যাটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রায় এক থেকে দুই ঘণ্টা কয়েকটি শীতলীকরণ যন্ত্র অকার্যকর ছিল। তবে এই ত্রুটির কারণ সম্পর্কে কোনো অনুমান করতে রাজি হননি তিনি।

কেসকোর নিরাপত্তা বিভাগের প্রধান পেত্রি কায়হকোর মতে, এটি ব্যাপক কোনো বিপর্যয় নয়। অল্পসংখ্যক দোকান এই সমস্যায় পড়েছে। এসব দোকানের ফ্রিজ ও ফ্রিজার কেন্দ্রীয় নিরাপত্তাব্যবস্থার আওতাভুক্ত ছিল না। এরই মধ্যে সংশ্লিষ্ট দোকানগুলো পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

ফিনল্যান্ডের সংবাদমাধ্যম উলে'কে কায়হকো বলেন, ‘আমরা বর্তমানে ঘটনার কারণ অনুসন্ধান করছি। নেটওয়ার্ক-সম্পর্কিত কোনো বিঘ্নের কারণে এটি ঘটেছে কি না, সেই সম্ভাবনাও আমরা এখনো উড়িয়ে দিচ্ছি না।

অন্যদিকে ফিনল্যান্ডের সাইবার নিরাপত্তা কেন্দ্রের আইটি নিরাপত্তা বিশেষজ্ঞ রনি কোক্কোলা জানিয়েছেন, অল্পসংখ্যক দোকানের শীতলীকরণ যন্ত্র সরাসরি উন্মুক্ত ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত ছিল।

তিনি বলেন, ‘প্রতিষ্ঠানগুলোর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে, নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকতে পারে এমন সব ডিভাইস নিয়মিত হালনাগাদ করা এবং যথাযথ নিরাপত্তার আওতায় রাখা হচ্ছে কি না, তা নিশ্চিত করা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%