০৭:৪৭ পি.এম
ঢাকা, ২৪ অক্টোবর ২০২৬ : পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার এক দশকেরও বেশি সময় পর, আগামী মাসে ইতালির তৃতীয় বিভাগের একটি ম্যাচে আবারও বুট পায়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনহো।
গত জুনে রাভেন্নার সঙ্গে একটি চমকপ্রদ চুক্তি স্বাক্ষর করেন ৪৬ বছর বয়সী রোনালদিনহো। তবে, তিনি এখনো সিরি ‘সি’-এর দলটির হয়ে কোনো ম্যাচ খেলেননি।
শুক্রবার, রাভেন্না ঘোষণা করেছে যে, আগামী ১৫ নভেম্বর স্থানীয় প্রতিদ্বন্দ্বী ফরলির বিপক্ষে অনুষ্ঠিত ডার্বি ম্যাচে রোনালদিনহোর অভিষেক হবে। ২০১৫ সালে ফ্লামিনেন্সের হয়ে তিনি সর্বশেষ পেশাদার ফুটবল খেলেছিলেন।
আরও পড়ুন: মেসি ছাড়া ২১ বছর পর আর্জেন্টিনার দল ঘোষণা
রাভেন্না এক বিবৃতিতে জানায়, “এই আয়োজনের মাধ্যমে বিশ্বের নজর চলে আসবে স্তাদিও ব্রুনো বেনেল্লির দিকে।
বিশ্ব ফুটবল সম্প্রদায় ভেবেছিল, এটি সত্যি হওয়ার মতো নয়। কিন্তু এখন আমরা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে পারি যে, এক মহা প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছে- জাদু, হাসি এবং এমন এক প্রতিভার ফিরে আসা, যিনি দলীয় সমর্থন কিংবা ফুটবলের প্রতি আনুগত্য নির্বিশেষে প্রজন্মের পর প্রজন্মের ভক্তদের মুগ্ধ করেছেন।”
রেস্তোরা ব্র্যান্ড সিপ্রিয়ানির মালিক ইগ্নাজিও সিপ্রিয়ানি রাভেন্না ক্লাবটি পরিচালনা করেন। তিনি জানিয়েছেন, ব্রাজিলিয়ান এই তারকা যেন ক্লাবটির হয়ে নিজের ক্যারিয়ারের শেষ গোলটি করেন, সেটিই তাঁর স্বপ্ন।
মৌসুম শুরুর কিছুদিন আগে, গত আগস্টে সমুদ্রসৈকতে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সমর্থকদের সামনে রোনালদিনহোকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: ম্যানচেস্টার সিটি ছাড়তে পারেন হলান্ড, সম্ভাব্য গন্তব্য রিয়াল মাদ্রিদ
রাভেন্না বিবৃতিতে আরও জানায়, “মিয়ামিতে ঘোষণার পর থেকে শুরু করে মারিনা দি রাভেন্নার সৈকতে সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা- সবকিছু মিলিয়ে প্রত্যাশা বেড়েছে। উত্তেজনা, কৌতূহল এবং অবিশ্বাসের মিশেলে সেই অপেক্ষা আরও তীব্র হয়েছে।
“ক্লাব সভাপতি সিপ্রিয়ানির যে স্বপ্ন সমর্থকদের কল্পনায় আলোড়ন তুলেছে এবং ইতালির সীমানা ছাড়িয়ে বিতর্কের জন্ম দিয়েছে, এবার তার বাস্তব রূপ পাওয়ার নির্দিষ্ট তারিখ এসেছে। রোনালদিনহো বেনেল্লি স্টেডিয়ামে খেলবেন, শুরু হবে এমন এক গল্পের নতুন অধ্যায়, যা বারবার সবাইকে বিস্মিত করে চলেছে।”
২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত এসি মিলানের হয়ে খেলার পর, এবার দ্বিতীয়বারের মতো ইতালিতে ফিরছেন রোনালদিনহো। তাঁর বর্ণাঢ্য, শিরোপাসমৃদ্ধ ক্যারিয়ারে পিএসজি ও বার্সেলোনার হয়ে খেলার অভিজ্ঞতাও রয়েছে। ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ের পাশাপাশি ২০০৫ সালে ব্যালন ডি’অরও জিতেছিলেন তিনি।
রাভেন্না বিবৃতিতে বলেছে, “কিছু ফুটবলার তাঁদের জয়ের জন্য স্মরণীয় হয়ে থাকেন। আবার কেউ কেউ স্মরণীয় হন তাঁরা মানুষকে কেমন অনুভূতি দিয়েছেন, তার জন্যও। রোনালদিনহো সেই বিরল প্রজাতির চ্যাম্পিয়নদের একজন, যাঁরা ফুটবলকে নির্মল আনন্দে পরিণত করতে পারেন- অপ্রত্যাশিত কোনো কৌশল, সৃজনশীলতার ঝলক কিংবা এমন এক হাসির মাধ্যমে, যা স্টেডিয়াম ও প্রজন্মের ব্যবধান ঘুচিয়ে দেয়।”
আরও পড়ুন: আফ্রিদির উদ্যোগে ৭৫০ পরিবার পেল নিরাপদ আশ্রয়
ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে তিনটি গ্রুপে বিভক্ত সিরি ‘সি’-তে বর্তমানে নিজেদের গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে রাভেন্না।
দীর্ঘ বিবৃতির শেষে ক্লাবটি লিখেছে, “অপেক্ষার অবসান প্রায়। জাদু আবারও মাঠে ফিরছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন