ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ, বাজার মূল্য তিন লাখ ১৩ হাজার ৫০০ টাকা


সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ, বাজার মূল্য তিন লাখ ১৩ হাজার ৫০০ টাকা

সাতক্ষীরা, ২৪ অক্টোবর, ২০২৬ : জেলা এলাকায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর পরিচালনায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চলাকালে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।

আজ শনিবার সদর ও কলারোয়া উপজেলার বৈকারী, তলুইগাছা ও কাঁকডাঙ্গা বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় অভিযান চলাকালীন এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার ঈদগাহ নামক স্থান থেকে এবং তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার বেড়িবাঁধ নামক স্থান থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। এছাড়া, কাঁকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালি নামক স্থান থেকে ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত এসব ভারতীয় মালামালের মোট বাজার মূল্য আনুমানিক তিনলাখ ১৩ হাজার পাঁচশ’ টাকা।

আরও পড়ুন: মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণে যুবক দগ্ধ

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশগুলো সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের জন্য বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংবাদ প্রকাশের জেরে সম্পাদককে হত্যাচেষ্টা ও ব্ল্যাকমেইল: শনিরআখড়ার পপুলার হাসপাতালের আড়ালে অপরাধের সাম্রাজ্য

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৬ পি.এম


সংবাদ প্রকাশের জেরে সম্পাদককে হত্যাচেষ্টা ও ব্ল্যাকমেইল: শনিরআখড়ার পপুলার হাসপাতালের আড়ালে অপরাধের সাম্রাজ্য

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়ার আল আমিন টাওয়ারে অবস্থিত বিতর্কিত প্রতিষ্ঠান ‘পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতাল’ এখন আর কোনো সাধারণ চিকিৎসাকেন্দ্র নয়; বরং এটি পরিণত হয়েছে একচ্ছত্র অপরাধের অভয়ারণ্যে। মুমূর্ষু রোগীর রক্তের ব্যবস্থা করায় সাধারণ যুবকের ওপর হামলা থেকে শুরু করে অনুসন্ধানী সাংবাদিকদের চেম্বারে অবরুদ্ধ করে হত্যাচেষ্টা, জিম্মি করে চাঁদাবাজির ভিডিও ধারণ, শেয়ার জালিয়াতি, কোটি টাকা আত্মসাৎ, নারী কর্মীদের যৌন নির্যাতন এবং মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট দিয়ে ভুয়া রিপোর্টের মাধ্যমে নিরীহ রোগীদের জীবন বিপন্ন করার মতো একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বাস্থ্য অধিদপ্তর, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং আদালতে জমা পড়া ভুক্তভোগীদের একাধিক এজাহার ও দালিলিক প্রমাণ বিশ্লেষণ করে প্রতিষ্ঠানটির মালিক নাজমুল হুদা শামীম এবং তাঁর আশ্রিত সাইবার মাফিয়া চক্রের এক ভয়ঙ্কর অপরাধের সাম্রাজ্য উন্মোচিত হয়েছে।

১. মানবিক কাজের চরম প্রতিদান: রক্ত জোগাড় করায় মারধর ও ফোন ভাঙচুর: ঘটনার সূত্রপাত ঘটে গত ৭ অক্টোবর ২০২৬ তারিখে। রাস্তায় অত্যন্ত সংকটাপন্ন ও অভিভাবকহীন অবস্থায় পড়ে থাকা এক প্রসূতি নারীর মানবিক সহায়তায় এগিয়ে আসেন স্থানীয় ‘সারা এক্সপ্রেস’ বাস কাউন্টারের ম্যানেজার আহম্মেদ তুষার। তিনি জরুরি ভিত্তিতে প্রসূতিকে শনির আখড়ার পপুলার হাসপাতালে নিয়ে যান এবং নিজের পরিচিতজনদের মাধ্যমে রক্তদাতার ব্যবস্থা করেন।

পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ ৩৫,০০০ টাকা বিল দাবি করলে ভুক্তভোগী তুষার স্থানীয় একটি মসজিদ থেকে অনুদান সংগ্রহ এবং নিজের বেতনের টাকা মিলিয়ে মোট ১৭,০০০ টাকা পরিশোধ করেন। রোগীর চরম অসহায়ত্বের কথা জানিয়ে বাকি টাকা মওকুফের অনুরোধ করায় ক্ষিপ্ত হয়ে ওঠেন হাসপাতালের মালিক নাজমুল হুদা শামীম। তিনি তুষারকে নিজের ব্যক্তিগত চেম্বারে ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেন। এ সময় তুষারের ব্যবহৃত দুটি মোবাইল ফোন আছড়ে ভেঙে ফেলা হয় এবং মানিব্যাগ থেকে নগদ ৮,৭০০ টাকা ছিনিয়ে নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে তাঁকে হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী তুষার বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় আনুষ্ঠানিক এজাহার দায়ের করেছেন।

২. সংবাদ সংগ্রহে গিয়ে অবরুদ্ধ ও সাংবাদিকদের হত্যাচেষ্টা: তুষারের দায়েরকৃত অভিযোগের সত্যতা যাচাই করতে এবং সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলে হাসপাতালের বক্তব্য জানতে যান ‘ইরশাদ নিউজ মাল্টিমিডিয়া’র রিপোর্টার মো. খালিদ কাওসারসহ কয়েকজন গণমাধ্যমকর্মী।

বক্তব্য জানতে চাইলেই হাসপাতালের মালিক নাজমুল হুদা শামীম সাংবাদিকদের ওপর হিংস্রভাবে চড়াও হন। তিনি টেবিলের ওপর থাকা কাচের গ্লাস ছুঁড়ে মারেন এবং হাসপাতালের স্টাফদের দিয়ে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। সাংবাদিক খালিদ কাওসারের ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাঁর বুকে লাথি মারা হয় এবং একটি গোপন কক্ষে টেনে নিয়ে গিয়ে চাইনিজ চাপাতি ও অস্ত্র উঁচিয়ে হত্যাচেষ্টা চালানো হয়। দীর্ঘ আড়াই ঘণ্টা অবরুদ্ধ রেখে অস্ত্র ঠেকিয়ে খালিদকে জিম্মি করে মোবাইলে জোরপূর্বক একটি স্বীকারোক্তিমূলক ভিডিও ধারণ করা হয়।

৩. অপরাধ ঢাকতে ‘হানিট্র্যাপ’ ও সাইবার মাফিয়া চক্রের অপপ্রচার: সাংবাদিকদের ওপর এহেন সন্ত্রাসী হামলার ঘটনা আড়াল করতে অভিযুক্ত নাজমুল হুদা শামীম তাঁর নিয়ন্ত্রণে থাকা একটি নামসর্বস্ব সাইবার সিন্ডিকেটকে মাঠে নামান। এই চক্রের সামনের সারিতে রয়েছেন ‘টাইম২৪ ইন্টারন্যাশনাল’-এর কথিত সম্পাদক আয়েশা সিদ্দিকা জেসিকা এবং ব্যবস্থাপনা সম্পাদক জাহিদ হাসান পিন্টু। চেনা ছক অনুযায়ী, জিম্মি অবস্থায় ধারণকৃত খণ্ডিত ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে এবং ভুয়া ফেসবুক পেজ ও আইডি (Jessica Asa Asa) থেকে সাংবাদিক খালিদ কাওসারের ছবি বিকৃত করে "চাঁদা নিতে গিয়ে ভুয়া সাংবাদিক আটক" শিরোনামে মনগড়া সংবাদ ছড়ানো হয়। শুধু তাই নয়, এই চক্রের কর্মী মাকসুদুর রহমান সহকর্মীদের হোয়াটসঅ্যাপে বিকৃত ভিডিও পাঠিয়ে মামলা তুলে নেওয়ার জন্য অনবরত ব্ল্যাকমেইল করতে থাকেন।

সূত্রে, এআই প্রযুক্তি ও ছবি-ভিডিও এডিটের মাধ্যমে সাইবার সন্ত্রাস: হুমকির মুখে গণমাধ্যম ও ব্যক্তিগত নিরাপত্তা:
অনুসন্ধানে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে যে, এই সাইবার মাফিয়া চক্রটি অপরাধ ঢাকতে ও ব্ল্যাকমেইল করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং আধুনিক প্রযুক্তির অপব্যবহার করছে। সাংবাদিকদের পেশাগত অবস্থান ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করতে তাঁরা ভুক্তভোগী সম্পাদক ও সাংবাদিকদের ছবি এবং ভিডিও এডিট করে কৃত্রিমভাবে ভুয়া ও আপত্তিকর কন্টেন্ট তৈরি করছে। পরবর্তীতে এসব এআই-জেনারেটেড ও এডিটেড ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ২ লাখ টাকা দাবি এবং মামলা তুলে নেওয়ার জন্য অনবরত ব্ল্যাকমেইল করা হচ্ছে। কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়াই ভুয়া ফেসবুক পেজ থেকে এ ধরনের সাইবার হামলা চালানোয় তথ্যপ্রযুক্তির নিরাপত্তা ব্যবস্থা বড় ধরনের ঝুঁকিতে পড়েছে।

অপরাধ ঢাকতে তথ্যপ্রযুক্তি ও এআই-এর এমন অপব্যবহার কেবল ব্যক্তি সাংবাদিকেরই নয়, বরং পুরো গণমাধ্যমের স্বাধীন ভূমিকার ওপর এক মারাত্মক আঘাত। ডিজিটাল প্লাটফর্মে প্রতিনিয়ত এ ধরনের সাইবার বুলিং, হানিট্র্যাপ ও ব্ল্যাকমেইলিং বন্ধে সাইবার সিকিউরিটি অ্যাটর্নি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাইবার ক্রাইম ইউনিটকে (Cyber Crime Unit) দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। একই সাথে, এআই ও প্রযুক্তির অপব্যবহার করে ভুয়া কনটেন্ট বানিয়ে ব্ল্যাকমেইল করা চক্রটিকে ‘সাইবার নিরাপত্তা আইন’-এর আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সচেতন মহল।

পরবর্তীতে ‘দৈনিক স্বাধীন সংবাদ’ পত্রিকায় পপুলার হাসপাতালের এসব অপকর্ম নিয়ে অনুসন্ধানী রিপোর্ট প্রকাশিত হলে এই সাইবার চক্র আরও বেপরোয়া হয়ে ওঠে। মুখ ঢাকা এক নারীকে ক্যামেরার সামনে বসিয়ে বানোয়াট ভিডিও তৈরি করে ‘বিপুল সংবাদ’ নামের একটি ভুয়া ফেসবুক পেজে স্বাধীন সংবাদের সম্পাদক আনোয়ার হোসেন আকাশের বিরুদ্ধে চাকরি ও আইডি কার্ডের প্রলোভনে অনৈতিক কুপ্রস্তাবের কাল্পনিক অভিযোগ তোলা হয়। ভিডিও সরিয়ে নেওয়ার শর্তে তাদের নিজস্ব বিজ্ঞাপনী নম্বর (০১৩২০৩৫৯০১২) থেকে সম্পাদকের কাছে ২,০০,০০০ (দুই লাখ) টাকা চাঁদা দাবি করা হয়। এ বিষয়ে দৈনিক স্বাধীন সংবাদের পক্ষ থেকে ডিএমপির ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বরাবর আনুষ্ঠানিক আইনি অভিযোগ দাখিল করা হয়েছে। এর আগে গত ১৮ জুলাই ২০২৬ তারিখে এই চক্রের মূল হোতা আয়েশা সিদ্দিকা জেসিকার বিরুদ্ধে কদমতলী থানায় সাধারণ ডায়েরি (জিডি নং ১৩৮২) করেছিলেন সাংবাদিক কাউসার আহমেদ পনির।

৪. পূর্বেও চিকিৎসককে ইয়াবা দিয়ে ফাঁসানোর ব্ল্যাকমেইল ও ভিডিও বাণিজ্য: অনুসন্ধানে প্রাপ্ত একাধিক নথি ও গোপন ভিডিও ফুটেজ প্রমাণ করে যে, সাধারণ মানুষকে চেম্বারে ডেকে নিয়ে ব্ল্যাকমেইল করা এই চক্রের দীর্ঘদিনের পরিচিত কৌশল। হাসপাতালের সাবেক অংশীদার আব্দুর রহিমের যাত্রাবাড়ী থানায় দায়ের করা অভিযোগপত্র থেকে জানা যায়, নাজমুল হুদা শামীম হাসপাতালের একজন চিকিৎসককে ইয়াবা দিয়ে ফাঁসানোর ভয় দেখিয়ে ব্যক্তিগত কক্ষে জিম্মি করেন এবং বলপূর্বক স্বীকারোক্তিমূলক ভিডিও ধারণ করে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা আদায় করেছিলেন। ভিডিওতে দেখা যায়, অসহায় এক ব্যক্তিকে প্রশ্নবাণে জর্জরিত করে বলপূর্বক ক্ষমা চাইতে বাধ্য করা হচ্ছে। ঠিক একই ব্লু-প্রিন্ট সাংবাদিক খালিদ কাওসারের ওপরও প্রয়োগ করা হয়েছিল।

৫. কোটি টাকার শেয়ার আত্মসাৎ ও অংশীদারকে কুপিয়ে জখম
২০২৪ সালের ২৯ মে ‘শনিরআখড়া পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতাল’-এর নিজস্ব ডেবিট ভাউচারে দেখা যায়, মো. আমিনুল ইসলাম সুমনের কাছ থেকে ২ আনা শেয়ার বাবদ নগদ ৫ লাখ টাকা গ্রহণ করা হয়। একইভাবে অংশীদার আব্দুর রহিম হাসপাতালটিতে শেয়ার ও মালামাল বাবদ সর্বমোট ৬ লাখ ৬৭ হাজার টাকা বিনিয়োগ করেন।

কিন্তু শামীমের একক স্বেচ্ছাচারিতা, মাদকাসক্তি এবং চিকিৎসা প্রতারণা দেখে আব্দুর রহিম তাঁর বিনিয়োগকৃত অর্থ ফেরত চান। এতে ক্ষিপ্ত হয়ে শামীম তাঁর সন্ত্রাসী বাহিনী এবং বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোস্তফাকে সঙ্গে নিয়ে রায়েরবাগে আব্দুর রহিমের ওপর প্রাণঘাতী হামলা চালান। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়, যার দীর্ঘ চিকিৎসা চলে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে।

৬. নারী নার্স ও কর্মীদের ওপর যৌন নিপীড়ন ও মধ্যরাতে কুপ্রস্তাব
যাত্রাবাড়ী থানায় হাসপাতালের ওটি নার্স ফারজানা আক্তারের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, হাসপাতালের মালিক শামীম ডিউটিরত অবস্থায় তাঁকে ব্যক্তিগত কক্ষে ডেকে নিয়ে অনৈতিক কুপ্রস্তাব দিতেন এবং সময় কাটানোর জন্য অনবরত চাপ সৃষ্টি করতেন। এতে রাজি না হওয়ায় ফারজানাকে চাকরিচ্যুত করার হুমকি এবং একপর্যায়ে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

একইভাবে মেডিকেল টেকনোলজিস্ট অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি মো. গোলাম রাব্বানী রিংকুর থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, হাসপাতালের নারী টেকনোলজিস্ট মনিরা খাতুন মুন্নির বকেয়া ৬৪,৫০০ টাকা বেতন চাইতে গেলে শামীম অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং ভুক্তভোগী নারীকে মধ্যরাতে তাঁর কাছে আসার অবর্ণনীয় কুপ্রস্তাব দেন, যার অডিও রেকর্ড আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সংরক্ষিত রয়েছে।

৭. মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট, চিকিৎসকের জাল স্বাক্ষর ও জীবনবিনাশী ভুয়া রিপোর্ট
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (DGHS) বরাবর খোদ হাসপাতালের পার্টনার ডা. মো. আরিফ হোসেনের লিখিত অভিযোগে (ডকেট নং: ৫৭-৬৪৫/২৩.১০.২০২৫) প্রতিষ্ঠানটির ভয়াবহ চিকিৎসা জালিয়াতির চিত্র উঠে এসেছে। অভিযোগে উল্লেখ করা হয়—

হাসপাতালটির স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ কোনো বৈধ লাইসেন্স নেই।

কোনো অনুমোদিত এমবিবিএস চিকিৎসক ছাড়াই মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করে নামমাত্র রক্ত টেনে নার্স মুন্নিকে দিয়েই প্যাথলজি রিপোর্ট তৈরি করানো হয়।

সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মাজহারুল ইসলামের জাল স্বাক্ষর ব্যবহার করে রোগীদের হাতে ডেলিভারি দেওয়া হতো।

ভুক্তভোগী রোগী নাদিয়া আক্তার ও ডা. মিরাজুল আমিন শিপন জানান, শনির আখড়া পপুলার হাসপাতালের ভুল ও কাল্পনিক রিপোর্টের ওপর ভিত্তি করে ওষুধ সেবন করায় রোগীরা তীব্র ড্রাগ রিঅ্যাকশনের শিকার হয়ে মৃত্যুর মুখে পতিত হন। অথচ সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মাজহারুল ইসলাম আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন যে তিনি কখনো শনির আখড়ার এই পপুলার হাসপাতালে যাননি এবং তাঁর স্বাক্ষরটি সম্পূর্ণ জাল। এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরেও (DNCRP) মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও হাসপাতালটিতে সরকারি হাসপাতাল থেকে দালালদের মাধ্যমে রোগী ভাগিয়ে আনা এবং অবৈধ গর্ভপাত করানোর মতো বহুবিধ গুরুতর অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করা হতো।

৮. আইনি পদক্ষেপ ও প্রশাসনের কাছে সাংবাদিক সমাজের কঠোর হুশিয়ারি:
সাধারণ মানুষের জীবন ও স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা, পেশাদার সাংবাদিকদের ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন এবং সাইবার সন্ত্রাসের মাধ্যমে সম্মানহানির এই অপচেষ্টার বিরুদ্ধে ফুঁসে উঠেছে সচেতন নাগরিক সমাজ ও সাংবাদিকরা। অপরাধী সিন্ডিকেটের বিরুদ্ধে ইতোমধ্যে যেসব আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে-
১. থানায় মামলা ও জিডি: যাত্রাবাড়ী ও কদমতলী থানায় একাধিক ফৌজদারি এজাহার ও সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে।
২. র‍্যাবের কাছে অভিযোগ: র‍্যাব-১০ (RAB-10) এর অধিনায়ক বরাবর আহমদ তুষার ও সাংবাদিক খালিদ কাওসারের পক্ষ থেকে দুটি পৃথক সুনির্দিষ্ট অভিযোগ জমা দেওয়া হয়েছে।
৩. প্রশাসনের হস্তক্ষেপ কামনা: স্বাস্থ্য অধিদপ্তর ও ঢাকা সিভিল সার্জন বরাবর প্রতিষ্ঠানটি সিলগালা করার আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে।
৪. আইনি নোটিশ: সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে টাইম২৪-এর ৫ জনের বিরুদ্ধে ১ কোটি টাকার ক্ষতিপূরণ ও নিঃশর্ত ক্ষমা চাওয়ার আইনি নোটিশ পাঠানো হয়েছে।
৫. বিক্ষোভ ও মানববন্ধন: কদমতলী ও যাত্রাবাড়ীর সাংবাদিক সমাজ ‘শ্যামপুর-কদমতলী এ্যান্ড যাত্রাবাড়ী থানা প্রেসক্লাব’-এর ব্যানারে যাত্রাবাড়ী থানার সামনে বিক্ষোভ ও মানববন্ধনের ডাক দিয়েছে।

সাধারণ মানুষের জীবন নিয়ে ব্যবসা করা, সাংবাদিকদের ওপর সশস্ত্র হামলা চালানো এবং সাইবার মাফিয়াতন্ত্র কায়েমকারী এই চক্রের মূল হোতা নাজমুল হুদা শামীম, আয়েশা সিদ্দিকা জেসিকা এবং জাহিদ হাসান পিন্টুকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল ও সাংবাদিক নেতারা। চলবে..........

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুড়ির মোয়া তৈরির সহজ রেসিপি: আখের গুড় ও ঘি ব্যবহার করুন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫১ পি.এম


মুড়ির মোয়া তৈরির সহজ রেসিপি: আখের গুড় ও ঘি ব্যবহার করুন

মুড়ির মোয়া ঘরে খুব সহজে তৈরি করতে চান? বাইরের দোকান থেকে মুড়ির মোয়া কেনার প্রয়োজন নেই। তাহলে আজকের সহজ রেসিপির মাধ্যমে মিষ্টিজাতীয় সুস্বাদু খাবারটি বাড়িতে তৈরি করে নিতে পারেন।

মুড়ির মোয়া বাঙালির যেকোনো পূজা ও উৎসবের অবিচ্ছেদ্য অংশ। এটি কয়েকটি উপকরণ দিয়ে বাড়িতে সহজেই তৈরি করা সম্ভব। আসুন, এক নজরে রেসিপিটি জেনে নেওয়া যাক।

প্রয়োজনীয় উপকরণ

• মুড়ি: ২৫০ গ্রাম

• আখের বা খেজুরের গুড়: ১০০ গ্রাম

• পানি: সামান্য

• ঘি বা সরিষার তেল: পরিমাণমতো (হাতে লাগানোর জন্য)

যেভাবে তৈরি করবেন

১. গুড় জ্বাল দেয়া: প্রথমে মৃদু আঁচে একটি কড়াই বসিয়ে তাতে গুড় এবং সামান্য পানি যোগ করুন। যখন গুড় গলতে শুরু করবে, তখন হালকা পানির ছিটা দিন। গুড় ভালোভাবে জ্বাল দিয়ে আঠালো এবং একটি পাক বা তারের মতো তৈরি করুন।

২. মুড়ি মেশানো: গুড় আঠালো হয়ে গেলে চুলার আঁচ একদম কমিয়ে বা বন্ধ করে তাতে মুড়ি ঢেলে দিন। গুড় ও মুড়ি খুব দ্রুত ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন।

৩. মোয়া তৈরি: গুড়-মুড়ি মেশানো মিশ্রণটি চুলা থেকে নামিয়ে হালকা গরম অবস্থায় হাত দিয়ে চেপে চেপে গোল মোয়ার আকার দিন।

টিপস

মোয়া বানানোর সময় হাতে সামান্য ঘি অথবা সরিষার তেল মেখে নিলে মুড়ি হাতে আটকে যাবে না। পানি ব্যবহার না করা ভালো, কারণ পানি দিলে মোয়া দ্রুত নরম হয়ে যেতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরসিংদীতে ড. আবদুল মঈন খানের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫১ পি.এম


নরসিংদীতে ড. আবদুল মঈন খানের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

নরসিংদী, ২৪ অক্টোবর, ২০২৬ : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য নরসিংদীতে একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকেলে নরসিংদী শিশু একাডেমিতে জেলা বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলের সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এবং নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। অনুষ্ঠানে নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বিশেষ মোনাজাতের মাধ্যমে ড. আবদুল মঈন খানের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিজভী: সহনশীলতা ছাড়া ভালো রাজনীতিক হওয়া সম্ভব নয়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫২ পি.এম


রিজভী: সহনশীলতা ছাড়া ভালো রাজনীতিক হওয়া সম্ভব নয়

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, রাজনীতিতে অনেক কিছু সহ্য করতে হয়। তিনি উল্লেখ করেন, "যার মধ্যে সহনশীলতা বা ধৈর্য নেই, সে কখনোই ভালো রাজনীতিক হতে পারে না।"

আজ শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সাহিত্য পত্রিকা ‘সারেঙ’-এর ‘রেজাউদ্দিন স্টালিন সংখ্যা’র প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী গত ১৭ বছরের রাজনৈতিক প্রতিকূলতার স্মৃতি স্মরণ করে বলেন, ওই সময়ে মামলা ও কারাবরণের আশঙ্কায় অনেক নিকটাত্মীয় ও বন্ধুবান্ধব তাদের পারিবারিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে ভয় পেতেন।

তিনি বলেন, "তবে এমন নয় যে, তাদের আন্তরিকতার কোনো অভাব ছিল। কিন্তু আমাদের উপস্থিতির কারণে অন্য অতিথিরা সমস্যায় পড়তে পারেন, এমন আশঙ্কা থেকেই অনেকে দূরে থাকতেন।" তিনি আরও জানান, "তবে সেই দুঃসময়েও কবি রেজাউদ্দিন স্টালিন সাহসের সঙ্গে আমাদের পাশে ছিলেন।"

সমসাময়িক বৈশ্বিক সংকটগুলো সাহিত্যে তুলে আনার গুরুত্বের ওপর তিনি জোর দেন। তিনি বলেন, "জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের কারণে পৃথিবী আজ গভীর সংকটের মুখে। প্রতিটি দেশ এই সংকট থেকে উত্তরণের চেষ্টা করছে।"

রিজভী বলেন, "সমকালীন সংকট ও মানুষের জীবনকে কবিতায় তুলে ধরার মধ্য দিয়ে কবিরা তাদের সময়কে ধারণ করেন।" তিনি উল্লেখ করেন, "এসব জনগুরুত্বপূর্ণ বিষয় যদি কবিতায় উঠে না আসে, তবে তা পূর্ণাঙ্গ হতে পারে না।" এ প্রসঙ্গে তিনি কবি স্টালিনের ‘একদিন বৃক্ষের জন্য সবাইকে কাঁদতে হবে’ পঙ্ক্তিটি উদ্ধৃত করেন, যা সাম্প্রতিক বৈশ্বিক পরিবেশ সংকটের একটি অসাধারণ ও সত্য প্রতিচ্ছবি।

দেশের সাংস্কৃতিক অঙ্গনের ইতিবাচক পরিবর্তন নিয়ে একজন অর্থনীতিবিদের বক্তব্য উল্লেখ করে রিজভী বলেন, "বর্তমান সরকারের আমলে দেশে সাংস্কৃতিক কর্মকাণ্ড কিছুটা বেড়েছে।" তিনি বলেন, "এ ক্ষেত্রে শিল্পকলা একাডেমির ভূমিকা রয়েছে।"

রিজভী বলেন, "একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কোনো প্রতিষ্ঠানে থাকলে সেটি যে কতটা কর্মময় ও প্রাণবন্ত হয়ে উঠতে পারে, নিজ দক্ষতা ও যোগ্যতা দিয়ে রেজাউদ্দিন স্টালিন তার প্রমাণ রেখে গেছেন।"

কবি স্টালিনকে একজন আধুনিক ও ব্যতিক্রমী স্রষ্টা হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, "জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতাদের একজন হলেও, তিনি নিজে কখনো দলটির সদস্য হননি।"

তিনি আরও বলেন, "একইভাবে রেজাউদ্দিন স্টালিনও একটি রাজনৈতিক বিশ্বাস ধারণ করলেও, তিনি কোনো দলীয় কাঠামোর মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেননি, যা একজন বড় কবির নিদর্শন।"

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, জাতীয় কবিতা পরিষদের সভাপতি মোহন রায়হান, মুক্তচিন্তা বাংলাদেশের আহ্বায়ক আবুল কাসেম হায়দার এবং কবি ও সাংবাদিক শাহীন চৌধুরী।

‘সারেঙ’-এর সম্পাদক আবদুর রহমান মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও অংশ নেন কবি জাহাঙ্গীর ফিরোজ, কবি কামরুজ্জামান, কবি সৈকত হাবিব, কবি আসাদ কাজল এবং ছড়াকার ও এটিএন বাংলার প্রধান নির্বাহী (বার্তা) হাসান শরীফ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%