০৪:৩৮ পি.এম
ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : বিশ্বের শীর্ষস্থানীয় চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে লক্ষ্য করে চীনের গুপ্তচরবৃত্তির ষড়যন্ত্রের অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে নজর রাখছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনায় হুয়াংয়ের প্রতি সমর্থন জানিয়েছেন।
এএফপি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, ট্রাম্প গতকাল শনিবার ফ্লোরিডায় নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, বিষয়টি যুক্তরাষ্ট্র সরকার ‘খুব সতর্কতার সঙ্গে’ খতিয়ে দেখছে।
দ্য নিউইয়র্ক টাইমসের বৃহস্পতিবারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা ধারণা করছেন, সিঙ্গাপুরভিত্তিক একটি ডেটা সেন্টার প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট চীনা এক নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংয়ের সঙ্গে যোগাযোগের সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন তথ্য বেইজিংয়ের কাছে পাচার করছিলেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে তুরুপের তাস লাতিনো ভোটাররা
তবে চীন এ প্রতিবেদনকে ‘ভিত্তিহীন জল্পনা’ বলে প্রত্যাখ্যান করেছে।
এ বিষয়ে ট্রাম্প মন্তব্য করেন, ‘জেনসেনের প্রতি আমার অনেক শ্রদ্ধা রয়েছে। নির্দিষ্ট ঘটনাটি সম্পর্কে আমি আগে জানতাম না। তবে আশা করি, তিনি ভালো থাকবেন। তিনি একজন অসাধারণ ও মেধাবী মানুষ। আমরা আমাদের মেধাবী মানুষদের সুরক্ষা দিতে চাই।’
তিনি আরও বলেন, ‘আমরা বিষয়টি খুব সতর্কতার সঙ্গে খতিয়ে দেখব।’
এ ঘটনায় জেনসেন হুয়াংকে উপদেষ্টা হিসেবে বহাল রাখা হবে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি অবশ্যই তাকে বহাল রাখতে চাই। তবে এ বিষয়ে বিপরীত কোনো তথ্য না পাওয়া পর্যন্ত। এখন পর্যন্ত জেনসেন হুয়াংকে আমি সব সময়ই স্বচ্ছ ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে পেয়েছি।’
আরও পড়ুন: মালয়েশিয়ায় ৩ডি খাত ছাড়া বিদেশি কর্মী নিয়োগ সীমিত করার তাগিদ শিল্পমন্ত্রীর
তবে বিষয়টি বেশ জটিল বলেও মন্তব্য করেন তিনি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নীতিনির্ধারণের বিষয়ে জেনসেন হুয়াং ট্রাম্পের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। গত মে মাসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করতে ট্রাম্পের বেইজিং সফরসঙ্গী প্রযুক্তি খাতের শীর্ষ নির্বাহীদের মধ্যেও তিনি ছিলেন।
তাইওয়ানে জন্ম নেওয়া এই ব্যবসায়ী চীনে এনভিডিয়ার তৈরি চিপ ব্যবহারের পক্ষে অবস্থান নিয়ে আসছেন।
এদিকে চীন নিজস্ব সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী চিপ প্রযুক্তির উন্নয়নে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন: ইউরোপের ১০ দেশের সুপারমার্কেটে সাইবার হামলা, খাদ্যপণ্য ফেলে দিতে বাধ্য
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন