০৪:৪০ পি.এম
ঢাকা, ০১ নভেম্বর, ২০২৬ : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, জাতীয় সংসদের আগামী অধিবেশনেই ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনসংক্রান্ত আইন পাস হবে।
মন্ত্রী বলেন, ‘জ্বালানি ও বিদ্যুৎ সমস্যার রাতারাতি সমাধান হবে না বৈশ্বিক পরিস্থিতির কারণে। তবে জনগণের স্বার্থ বিবেচনা করে সরকার বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ একটি সহনীয় পর্যায়ে রাখতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’
শনিবার রাজধানীতে নিউএইজ পত্রিকা আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণে যুবক দগ্ধ
মন্ত্রী আরও বলেন, ‘বিশ্বজুড়ে চলমান দ্বন্দ্ব-সংঘাতের ফলে সৃষ্ট সংকট মোকাবিলা করে দেশের জ্বালানি খাতে স্থিতিশীলতা বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।’
ইকবাল হাসান মাহমুদ জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে উদ্ভূত জ্বালানি সংকট মোকাবিলা করতে এবং জনগণের ওপর জ্বালানি ঘাটতির বোঝা কমাতে প্রয়োজনীয় ক্ষেত্রে সরকার ভর্তুকি দিতে বাধ্য হয়েছে।
নির্বাচিত সরকারের অন্যতম প্রধান দায়িত্ব নাগরিকদের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা উল্লেখ করে তিনি বলেন, জনগণও স্বাভাবিক জ্বালানি সরবরাহ আশা করে।
মন্ত্রী যে কোনো পরিস্থিতিতে স্থিতিশীল জ্বালানি সরবরাহ বজায় রাখার বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এই প্রচেষ্টার অংশ হিসেবে, জ্বালানির ঘাটতি মেটাতে এবং ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সংগতি রেখে আরও বেশি স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) বা ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।
আরও পড়ুন: সচিবালয়ে আইডি কার্ড দৃশ্যমান রাখা বাধ্যতামূলক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন