০৪:৫১ পি.এম
ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : আইসিসির সহযোগি দেশ নামিবিয়া ওয়ানডে ফরম্যাটে প্রথমবারের মত দ্বিপাক্ষিক সিরিজ জিতে নতুন ইতিহাস সৃষ্টি করেছে।
নামিবিয়া পঞ্চম ও শেষ ওয়ানডেতে আইসিসির পূর্ণ সদস্য আয়ারল্যান্ডকে ৫ উইকেটে পরাজিত করেছে। এর ফলে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে নামিবিয়া ৩-২ ব্যবধানে জয়লাভ করেছে। এটি ছিল নামিবিয়ার জন্য দ্বিতীয় ওয়ানডে সিরিজ, যেখানে তারা জয়ের স্বাদ পেল।
গত সেপ্টেম্বরে, প্রথম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে ৩-০ ব্যবধানে পরাজিত হয়েছিল নামিবিয়া, যা ২০২৭ সালের বিশ্বকাপের সহ-স্বাগতিক দেশ হিসেবে তাদের জন্য একটি কঠিন অভিজ্ঞতা ছিল।
আরও পড়ুন: মেসি ছাড়া ২১ বছর পর আর্জেন্টিনার দল ঘোষণা
প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডের কাছে নামিবিয়া ৫৫ রানে পরাজিত হয়। তবে পরবর্তী ম্যাচে তারা ৩১ রানে জয়লাভ করে সিরিজে সমতা ফিরিয়ে আনে। এটি ছিল আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশের বিপক্ষে নামিবিয়ার প্রথম জয়। তৃতীয় ম্যাচে নামিবিয়া ৬৩ রানে জিতে ২-১ ব্যবধানে লিড নেয়। কিন্তু চতুর্থ ম্যাচে আয়ারল্যান্ড ১৩০ রানে জয়লাভ করে সিরিজে ২-২ সমতা এনে দেয়।
উইন্ডহুকে সিরিজ নির্ধারনী ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড নামিবিয়ার বোলারদের সামনে ৩৩.১ ওভারে ১২৯ রানে গুটিয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন জর্ডান নিল। নামিবিয়ার জেজে স্মুথ ৪টি এবং জ্যাক ব্রাসেল ৩টি উইকেট নেন।
জবাবে, নামিবিয়া ২১.২ ওভার ব্যাট করে জয় নিশ্চিত করে। ওপেনার লরেন স্টিসকাম্প ৪৬ রান করেন এবং অধিনায়ক জেরহার্ড ইরাসমুস ১৮ বলে ৩০ রান করেন।
২০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন স্মুথ এবং সিরিজ সেরা হন ইরামুস, যিনি ২৬৪ রান ও ৪ উইকেট নিয়ে সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখান।
আরও পড়ুন: ম্যানচেস্টার সিটি ছাড়তে পারেন হলান্ড, সম্ভাব্য গন্তব্য রিয়াল মাদ্রিদ
আগামী বছর দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সাথে ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে নামিবিয়া থাকবে। স্বাগতিক দেশ হওয়ায় সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ করবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। কিন্তু নামিবিয়া সরাসরি অংশগ্রহণ করতে পারবে না এবং আইসিসির সহযোগী দেশ হিসেবে বিশ্বকাপ বাছাইয়ে তাদের অংশ নিতে হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন