০৪:৫৩ পি.এম
হাইকোর্ট ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিংবডি বাতিল করার ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত স্থগিত করেছে।
বিচারপতি শিকদার মাহমুদুর রাজী এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ সোমবার (২ নভেম্বর) এই আদেশ প্রদান করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট পারভেজ হোসেন।
এর আগে, ১৯ অক্টোবর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি) কর্তৃপক্ষ দেশের সকল ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডির কমিটি বাতিল করে। এই তথ্য ইআবির রেজিস্ট্রার অধ্যাপক ড. এ. কে. মুহা. নুরুল ইসলাম স্বাক্ষরিত একটি অফিস আদেশে জানানো হয়।
আরও পড়ুন: তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবক গ্রেপ্তার
অফিস আদেশে উল্লেখ করা হয় যে, ১৫ অক্টোবর অনুষ্ঠিত ৪৩তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোর গভর্নিং বডি কমিটি বাতিল করা হয়েছে।
আদেশে আরও বলা হয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় তৃতীয় সংবিধি-২০২৩ (খ) এর ধারা (১) খ (১), (৩) অনুযায়ী অ্যাডহক কমিটি গঠনের উদ্দেশ্যে জেলা সদরে অবস্থিত মাদ্রাসার ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং জেলা সদরের বাইরে অবস্থিত মাদ্রাসার ক্ষেত্রে অতিরিক্ত জেলা প্রশাসককে সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া, বিদ্যোৎসাহী সদস্য হিসেবে জেলা পর্যায়ে জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা পর্যায়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে মনোনয়ন দেওয়ার কথা বলা হয়েছে।
মাদ্রাসাগুলোর অ্যাডহক কমিটি অনুমোদনের প্রস্তাব দ্রুততম সময়ের মধ্যে বিধি অনুযায়ী নির্ধারিত ফরমে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন: হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৭ ডিসেম্বর
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন