ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গাজায় সন্তান জন্মদানের সুযোগ বাধাগ্রস্ত করছে ইসরাইল: অ্যামনেস্টি


গাজায় সন্তান জন্মদানের সুযোগ বাধাগ্রস্ত করছে ইসরাইল: অ্যামনেস্টি

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে যে, গাজায় সন্তান জন্মদানের সুযোগ বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে ইসরাইল।

এছাড়া, সংস্থাটির প্রধান আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে সম্ভাব্য ‘গণহত্যার অপরাধ’ সংঘটনের বিষয়টি তদন্ত করার আহ্বান জানিয়েছেন।

এএফপি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, নারীর প্রতি সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবস উপলক্ষে বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে অ্যামনেস্টি জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের ফলে গাজার নারীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং সন্তান ধারণ ও জন্মদানের সক্ষমতার ওপর ভয়াবহ প্রভাব পড়েছে।

আরও পড়ুন: ইরানে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানার পর কিশোরী মেয়েকে হত্যা

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ইসরাইলের কর্মকাণ্ডের কারণে গাজায় বন্ধ্যাত্বের চিকিৎসা গ্রহণের সুযোগ বাধাগ্রস্ত হয়েছে। গর্ভাবস্থায় নানা জটিলতা বেড়ে গেছে, যার মধ্যে গর্ভপাত ও মৃত সন্তান প্রসবের ঘটনাও অন্তর্ভুক্ত রয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, এসব পরিস্থিতির পেছনে ইচ্ছাকৃত উদ্দেশ্য ছিল কি না, তা নিয়ে ‘গুরুতর উদ্বেগ’ রয়েছে। তবে এ বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর মতো অবস্থানে অ্যামনেস্টি নেই বলেও স্বীকার করেছে সংস্থাটি।

এ বিষয়ে এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে ফিলিস্তিনি ভূখণ্ডে বেসামরিক বিষয়গুলো দেখভালের দায়িত্বে থাকা ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা কোঅর্ডিনেশন অব গভর্নমেন্ট অ্যাক্টিভিটিজ ইন দ্য টেরিটরিজ (কোগাট) অ্যামনেস্টির বিরুদ্ধে ‘হামাসের মিথ্যা বয়ানকে সমর্থন করার’ অভিযোগ তোলে।

সংস্থাটি জানায়, ২০২৫ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ২৭ হাজার টনের বেশি চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ প্রবেশ করেছে। এ ছাড়া সেখানে ৩৫টি হাসপাতাল চালু রয়েছে, যার মধ্যে নারীদের স্বাস্থ্যসেবা ও বন্ধ্যাত্বের চিকিৎসার সুবিধাও রয়েছে।

আরও পড়ুন: ইউক্রেন সংঘাতে প্রতি চার মিনিটে নিহত হচ্ছে একজন রুশ সেনা

অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় চিকিৎসাসেবা নিতে গিয়ে কিংবা প্রসূতি ওয়ার্ডে অবস্থানকালে ইসরাইলি হামলায় অনেক নারী ও কিশোরী নিহত বা আহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অব্যাহত বোমাবর্ষণের মধ্যেও অনেক নারী আহত অবস্থায় গর্ভাবস্থা পার করেছেন কিংবা নিজেদের নবজাতক শিশুর দেখাশোনা করেছেন।

অ্যামনেস্টির মতে, চিকিৎসা সরঞ্জামের সংকটের কারণে গর্ভবতী নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, প্রসবপূর্ব ও প্রসবোত্তর চিকিৎসাসেবা এবং গর্ভকালীন জটিলতা শনাক্ত করার কাজ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

এ ছাড়া প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ করার জন্য প্রয়োজনীয় অবেদনকারী ওষুধ ও অন্যান্য চিকিৎসাসামগ্রীর সংকট অনেক ক্ষেত্রে প্রাণহানির কারণ হয়েছে।

আরও পড়ুন: মোদি সরকারের শাসনে ভারতের গণতন্ত্রের ভিত্তি দুর্বল: এইচআরডব্লিউ

অ্যামনেস্টি এসব সংকটের জন্য মানবিক সহায়তা প্রবেশে ইসরাইলের বিধিনিষেধকে দায়ী করেছে। সংস্থাটির মতে, এসব বিধিনিষেধের কারণে মা ও নবজাতকের মৃত্যুর হার বেড়ে যাচ্ছে।

প্রতিবেদনের এসব পর্যবেক্ষণের ভিত্তিতে অ্যামনেস্টির মহাসচিব ক্যালামার্ড আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি কর্মকর্তাদের দ্বারা ‘গণহত্যার অপরাধ সংঘটিত হয়েছে কি না’, তা বিবেচনায় নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে আদালতের তদন্তে ‘লিঙ্গভিত্তিক অপরাধ ও প্রজননস্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাবের বিষয়গুলো’ অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি।

জাতিসংঘের গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত কনভেনশনের দ্বিতীয় অনুচ্ছেদ অনুযায়ী, কোনো জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে তাদের মধ্যে সন্তান জন্মদান বন্ধ বা বাধাগ্রস্ত করার পদক্ষেপ গণহত্যার একটি অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

চিকিৎসার কোনো সুযোগ নেই

আরও পড়ুন: মার্কিন পাহারায় থাকা ছয় জাহাজে হামলা, ট্রাম্পের রুট এড়িয়ে চলার হুঁশিয়ারি ইরানের

প্রতিবেদন তৈরির জন্য নেওয়া ২২৮টি সাক্ষাৎকারের মধ্যে দুজন প্যারামেডিক অ্যামনেস্টিকে ২০২৬ সালের শুরুর দিকে ঘটে যাওয়া দুটি ঘটনার কথা জানিয়েছেন। ঘটনাগুলো গাজা উপত্যকায় ইসরাইলের নিয়ন্ত্রণাধীন এলাকা চিহ্নিতকারী তথাকথিত ‘ইয়েলো লাইন’ থেকে কয়েক শ মিটার দূরে ঘটেছিল।

তাদের ভাষ্য অনুযায়ী, উভয় ঘটনায় সন্তান জন্মদানের অপেক্ষায় থাকা এক নারী এবং তাকে হাসপাতালে নিতে পাঠানো অ্যাম্বুলেন্স গুলির মুখে পড়ে।

প্রতিবেদনে ২০২৫ সালে মারা যাওয়া ২০ দিন বয়সী এক শিশুর ঘটনাও উল্লেখ করা হয়েছে। অসুস্থ আরেক শিশুর সঙ্গে একই ইনকিউবেটরে থাকার পর সংক্রমণে শিশুটির মৃত্যু হয়।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধের পর থেকে গাজায় ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়টি হামাসের অধীনে পরিচালিত হলেও তাদের প্রকাশিত পরিসংখ্যানকে জাতিসংঘ নির্ভরযোগ্য বলে মনে করে।

আরও পড়ুন: ট্রাম্প প্রশাসনে ইরানের শীর্ষ নেতাদের হত্যার পরিকল্পনা নিয়ে আলোচনা

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২০২৫ সালের প্রথম ছয় মাসে গাজায় জীবিত শিশুর জন্মের সংখ্যা ২০২২ সালের একই সময়ের তুলনায় প্রায় ৪১ শতাংশ কমেছে। জাতিসংঘের তথ্যেও দেখা গেছে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে আগের বছরের একই সময়ের তুলনায় সন্তান প্রসবের সংখ্যা কমেছে।

অ্যামনেস্টি আরও জানিয়েছে, গাজার হাসপাতালগুলোকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো ব্যবহার করেছে—এমন কিছু প্রমাণ তারা পেয়েছে। বিশেষ করে জিম্মিদের আটকে রাখা কিংবা ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের ক্ষেত্রে হাসপাতাল ব্যবহারের তথ্য রয়েছে। তবে হাসপাতালগুলো হামাসের কমান্ড সেন্টার হিসেবে ব্যবহৃত হতো—ইসরাইলের এমন অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পায়নি সংস্থাটি।

যুদ্ধ শুরুর আগে গাজায় ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) বা কৃত্রিম উপায়ে সন্তান ধারণের চিকিৎসা দেওয়া হতো এমন অন্তত নয়টি ক্লিনিক ছিল। কিন্তু বর্তমানে এসব ক্লিনিকের কোনোটিতেই এ চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে অ্যামনেস্টি।

সংস্থাটি বলেছে, সংরক্ষণ করে রাখা হাজার হাজার ভ্রƒণ, শুক্রাণু ও ডিম্বাণু ধ্বংস হয়ে গেছে।

আরও পড়ুন: বড় ক্ষতির সম্মুখীন শত্রু বাহিনী, হটিয়ে দিতে প্রস্তুত ইরানের সেনারা: আইআরজিসি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদায়ী সংবর্ধনা শেষে ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপ্লব সরকার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২৪ পি.এম


বিদায়ী সংবর্ধনা শেষে ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপ্লব সরকার

চট্টগ্রাম (দক্ষিণ), ২৫ নভেম্বর, ২০২৬ : ৩৫ বছরের দীর্ঘ শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবসে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান শেষে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন শিক্ষক বিপ্লব সরকার। বিদ্যালয় প্রাঙ্গণে সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার হাতে নিয়ে তার বিদায়কে কেন্দ্র করে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে তাকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষিকা এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা এ অনুষ্ঠানের আয়োজন করেন।

বিদায়ী সংবর্ধনা শেষে বিপ্লব সরকার সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে বাড়ির দিকে রওনা হন।

১৯৯১ সালে পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করে তিনি ১৯৯৩ সালে গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। দীর্ঘ সময় ধরে সিনিয়র শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ২১ সেপ্টেম্বর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন। মঙ্গলবার ৩৫ বছরের শিক্ষকতা জীবন শেষে তিনি অবসরে যান।

বিদ্যালয়ের হলরুমে আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শওকত আলম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নৌশীন প্রত্যাশা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সালমা ইসলাম।

বিদায়ী বক্তব্যে বিপ্লব সরকার তার পারিবারিক ও কর্মজীবনের স্মৃতিচারণ করেন। তিনি জানান, তার বাবা আর্থিকভাবে অসচ্ছল ছিলেন এবং বাবার একটি দর্জির দোকান ছিল। দুই ভাই-বোনের মধ্যে দু’জনই শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন।

তিনি সুস্থভাবে শিক্ষকতা জীবন শেষ করতে পারায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দায়িত্ব পালন করতে গিয়ে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকেন তবে তার জন্য ক্ষমা চান তিনি।

বিপ্লব সরকার বলেন, ‘প্রধান শিক্ষক আর ব্যক্তি বিপ্লব সরকার কিন্তু এক নয়। প্রধান শিক্ষকের চেয়ারে বসে দায়িত্ব পালন করতে গিয়ে অনেক কিছু করতে হয়। অজান্তে কারো মনে কষ্ট দিয়ে থাকলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।’

শিক্ষকতা জীবনে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে দায়িত্ব পালন করেছেন উল্লেখ করে তিনি বলেন, ইচ্ছা থাকা সত্ত্বেও পরিস্থিতির কারণে অনেক কাজ করতে পারেননি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোণায় বিজিবি-৩১ ব্যাটালিয়নের অভিযানে ২৮১ বোতল ভারতীয় মদ জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২৫ পি.এম


নেত্রকোণায় বিজিবি-৩১ ব্যাটালিয়নের অভিযানে ২৮১ বোতল ভারতীয় মদ জব্দ

নেত্রকোণা, ২৫ নভেম্বর, ২০২৬ : নেত্রকোণা এবং ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে মাদকবিরোধী দুটি পৃথক অভিযানের মাধ্যমে ২৮১ বোতল ভারতীয় মদ জব্দ করেছে নেত্রকোণা বিজিবি-৩১ ব্যাটালিয়নের সদস্যরা। জব্দকৃত মদের আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ২১ হাজার ৫শ’ টাকা।

বুধবার সকাল ১০টায় নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী বাসস’কে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটে নেত্রকোণা ব্যাটালিয়নের দায়িত্বাধীন কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও বিওপি’র সদস্যরা অভিযান পরিচালনা করেন। এসময় ওই উপজেলার সীমান্ত পিলার ১১৮১/৫-এস থেকে আনুমানিক ৩শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে সন্ন্যাসীপাড়া এলাকা থেকে ১৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

অপরদিকে, একই দিন রাত আনুমানিক ১০টার দিকে মুন্সিপাড়া বিওপি’র সদস্যরা ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সীমান্ত পিলার ১১৪০/৩-এস থেকে আনুমানিক ৪শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে গিলাগড়া এলাকায় অভিযান চালিয়ে ২৬৭ বোতল ভারতীয় মদ জব্দ করেন।

অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবি’র অভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত মাদকদ্রব্য নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুয়াডাঙ্গায় আধিপত্য নিয়ে বিরোধে পাহারাদারকে কুপিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২৬ পি.এম


চুয়াডাঙ্গায় আধিপত্য নিয়ে বিরোধে পাহারাদারকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দর্শনা এলাকার গহেরপুর গ্রামে বদর উদ্দিন (৪৬) নামের এক ব্যক্তি দুর্বৃত্তদের দ্বারা কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে কামড়িয়ার বিল সংলগ্ন মুক্তার মেম্বারের পুকুর ও মাছের ঘেরের নিকটবর্তী তার নিজ জমিতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের মাঝের পাড়ার মৃত সামছদ্দিন মন্ডলের পুত্র।

স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, বিলের পাশে একটি ছোট অস্থায়ী কুঁড়েঘর বা বসার স্থান ছিল, যেখানে বদর উদ্দিন প্রায়ই যাতায়াত করতেন এবং মাছের ঘেরের পাহারা দিতেন। ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দিবাগত রাতে তার ওপর হামলা চালানো হয়।

বুধবার (২৫ নভেম্বর) ভোরে বদর উদ্দিনের ছেলে সুমন প্রথমে তার বাবাকে পানির মধ্যে পড়ে থাকতে দেখতে পান। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে নিহতের মাথায় প্রায় ১০ থেকে ১২টির বেশি আঘাতের চিহ্ন রয়েছে।

চুয়াডাঙ্গার দর্শনা থানার ওসি ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গঙ্গা চুক্তির মেয়াদ ১২ ডিসেম্বর শেষ, নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজের দাবি বাংলাদেশে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২৭ পি.এম


গঙ্গা চুক্তির মেয়াদ ১২ ডিসেম্বর শেষ, নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজের দাবি বাংলাদেশে

॥ মোশতাক আহমদ ॥

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : আগামী ১২ ডিসেম্বর, ১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত ৩০ বছরের গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। তবে, নতুন চুক্তি বা চুক্তি নবায়ন নিয়ে দুই দেশের মধ্যে এখনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। এই পরিস্থিতিতে, বাংলাদেশ শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার লক্ষ্যে নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ বা পানিপ্রবাহের নিশ্চয়তামূলক ধারা অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে।

চুক্তির মেয়াদ শেষ হতে তিন সপ্তাহেরও কম সময় বাকি থাকলেও, ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক আলোচনার জন্য কোনো সময়সূচি জানানো হয়নি। অন্যদিকে, বাংলাদেশ নতুন চুক্তির বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে ভারতের সঙ্গে আলোচনা শুরু করার অপেক্ষায় রয়েছে।

এদিকে, গত রোববার ঢাকায় বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) যৌথ কমিটির ৯১তম নিয়মিত বৈঠকে গঙ্গার পানি বণ্টন চুক্তির বাস্তবায়নের ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদনটি দুই দেশের সরকারের কাছে উপস্থাপন করা হবে। তবে বৈঠকে চুক্তি নবায়ন বা নতুন চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি। কারণ, চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণ ও পর্যালোচনার দায়িত্ব যৌথ কমিটির হলেও নতুন চুক্তি নিয়ে আলোচনা করার এখতিয়ার রয়েছে দুই দেশের সরকার ও রাজনৈতিক নেতৃত্বের।

যৌথ নদী কমিশনের সদস্য এবং বাংলাদেশের পক্ষে যৌথ কমিটির প্রধান ড. মো. আনোয়ার কাদির জানিয়েছেন, বৈঠকে ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তা দুই দেশের সরকারের কাছে পাঠানো হবে।

জানতে চাইলে, ড. মো. আনোয়ার কাদির বাসসকে বলেন, ‘গঙ্গা পানি বণ্টন চুক্তি বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনায় দ্বিপক্ষীয় সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। চুক্তির সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে দুই দেশের মধ্যে নিয়মিত তথ্য বিনিময়, পানিপ্রবাহ পর্যবেক্ষণ এবং যৌথভাবে পরিস্থিতি পর্যালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। আমরা আশা করি, যৌথ কমিটির ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে চুক্তির বাস্তবায়ন আরও কার্যকর হবে।’

১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় প্রতিবছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ফারাক্কা ব্যারাজ ও বাংলাদেশের হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানিপ্রবাহ পর্যবেক্ষণ করে যৌথ কমিটি। ১৯৯৭ সাল থেকে এ কার্যক্রমের ধারাবাহিকতায় প্রতিবছর পানিপ্রবাহ ও পানি বণ্টনের তথ্য পর্যালোচনা করে প্রতিবেদন তৈরি করা হচ্ছে।

বাংলাদেশের অবস্থান হচ্ছে, কেবল বিদ্যমান চুক্তির মেয়াদ বাড়ানো নয়, বরং জাতীয় স্বার্থ সুরক্ষিত করে নতুন বা সংশোধিত চুক্তি করা। বিশেষ করে শুষ্ক মৌসুমে পানির প্রবাহ কমে গেলেও বাংলাদেশ যাতে নির্ধারিত পরিমাণ পানি পায়, সে নিশ্চয়তা নতুন চুক্তিতে রাখতে চায় সরকার।

এ বিষয়ে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বাসসকে বলেন, বাংলাদেশ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে চায়। এ জন্য নতুন চুক্তিতে ১৯৭৭ সালের পানি বণ্টন চুক্তির মতো গ্যারান্টি ক্লজ ফিরিয়ে আনা বাংলাদেশের অগ্রাধিকার। আমরা ভারতের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত রয়েছি। দুই দেশের আলোচনার মাধ্যমে একটি দীর্ঘমেয়াদি ও গ্রহণযোগ্য সমাধান বেরিয়ে আসবে বলে আশা করি।

তিনি জানান, এ লক্ষ্যে তিনি ভারতের পানিসম্পদ মন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে দ্রুত আনুষ্ঠানিক আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন।

১৯৭৭ সালের চুক্তিতে শুষ্ক মৌসুমে ফারাক্কায় গঙ্গার পানিপ্রবাহ কমে গেলে যেকোনো ১০ দিনের মেয়াদে বাংলাদেশকে তার নির্ধারিত হিস্যার অন্তত ৮০ শতাংশ পানি দেওয়ার বাধ্যবাধকতা ছিল। তবে ১৯৯৬ সালের চুক্তিতে এ ধরনের নিশ্চয়তামূলক ধারা রাখা হয়নি। নতুন চুক্তিতে এ ধরনের ব্যবস্থা ফিরিয়ে আনার মাধ্যমে শুষ্ক মৌসুমে বাংলাদেশের পানির হিস্যা সুরক্ষিত করতে চায় সরকার।

বর্তমান চুক্তি অনুযায়ী, জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ফারাক্কায় গঙ্গার পানির প্রবাহের ভিত্তিতে প্রতি ১০ দিন অন্তর দুই দেশের মধ্যে পানি বণ্টন করা হয়। ফারাক্কায় পানির প্রবাহ ৭০ হাজার কিউসেক বা তার কম হলে দুই দেশ সমান ভাগে পানি পায়। প্রবাহ ৭০ হাজার থেকে ৭৫ হাজার কিউসেকের মধ্যে থাকলে বাংলাদেশ পায় ৩৫ হাজার কিউসেক এবং অবশিষ্ট পানি পায় ভারত। আর প্রবাহ ৭৫ হাজার কিউসেক বা তার বেশি হলে ভারত পায় ৪০ হাজার কিউসেক এবং অবশিষ্ট পানি পায় বাংলাদেশ। এ ছাড়া ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত তিনটি পালাক্রমিক ১০ দিন মেয়াদে উভয় দেশ ৩৫ হাজার কিউসেক করে পানি পাওয়ার বিধান রয়েছে।

গঙ্গা চুক্তি নিয়ে আলোচনার প্রস্তুতি হিসেবে বাংলাদেশ ইতোমধ্যে উচ্চপর্যায়ের একটি কারিগরি কমিটি গঠন করেছে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর এ কমিটির নেতৃত্ব দিচ্ছেন। এতে পানিসম্পদ, পররাষ্ট্রসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং নদী বিশেষজ্ঞরা রয়েছেন।

বাংলাদেশ গত জুনে ভারতকে আনুষ্ঠানিক আলোচনার প্রস্তাব দেয়। আগস্টে ভারতের পক্ষ থেকেও একটি কারিগরি কমিটি গঠনের অনুরোধ জানানো হয়। সর্বশেষ ১৭ নভেম্বর পানিসম্পদমন্ত্রী ভারতের পানিসম্পদমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে দ্রুত আলোচনা শুরুর আহ্বান জানান। তবে ভারতের পক্ষ থেকে এ বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময়সূচি পাওয়া যায়নি।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর বাসসকে বলেন, গঙ্গার পানি বণ্টন বাংলাদেশের জন্য শুধু পানিসম্পদের বিষয় নয়, এটি কৃষি, খাদ্যনিরাপত্তা, পরিবেশ ও অর্থনীতির সঙ্গেও সম্পর্কিত। আমরা এমন একটি চুক্তি চাই, যাতে শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত হয় এবং দীর্ঘমেয়াদে বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত থাকে।

এদিকে গঙ্গার পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ নির্ধারণে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক ও আঞ্চলিক স্বার্থও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও বিহারের পানির চাহিদা নতুন চুক্তি নিয়ে আলোচনায় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পশ্চিমবঙ্গের কাছে ভাগীরথী-হুগলি নদীতে পানিপ্রবাহ, নৌচলাচল ও বন্দর সচল রাখা গুরুত্বপূর্ণ। অন্যদিকে বিহার পানীয় জল ও শিল্পের জন্য পর্যাপ্ত পানি নিশ্চিত করতে আগ্রহী।

চুক্তির দ্বাদশ অনুচ্ছেদ অনুযায়ী, স্বাক্ষরের পর থেকে ৩০ বছর পর্যন্ত এটি কার্যকর থাকবে এবং দুই দেশের পারস্পরিক সম্মতির ভিত্তিতে নবায়ন করা যাবে। অর্থাৎ, চুক্তির মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়ার কোনো সুযোগ নেই। দুই দেশের সম্মতি ছাড়া নবায়ন সম্ভব নয়।

চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন কোনো সমঝোতা না হলে আগামী শুষ্ক মৌসুমে বাংলাদেশের পানিপ্রবাহ নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। কারণ, গঙ্গার পানির ওপর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, সেচ, মৎস্য, নৌপরিবহন ও পরিবেশগত ভারসাম্য অনেকাংশে নির্ভরশীল। শুষ্ক মৌসুমে পানিপ্রবাহ কমে গেলে এ অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, কৃষি ও মৎস্য উৎপাদন ব্যাহত হওয়া এবং নদীর নাব্যতা সংকটের আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানির সম্পদ বিভাগের অধ্যাপক ড. আতাউর রহমান বাসসকে বলেন, গঙ্গার পানি বণ্টন চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শুষ্ক মৌসুমে পানির প্রবাহ নিশ্চিত করা। শুধু দুই দেশের মধ্যে পানি ভাগাভাগির সূত্র থাকলেই হবে না, নদীতে পানির প্রবাহ কমে গেলে বাংলাদেশ কতটুকু পানি পাবে, সেটিও চুক্তিতে স্পষ্ট থাকতে হবে। গ্যারান্টি ক্লজ না থাকলে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা কঠিন হতে পারে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদী রয়েছে ৫৪টি। এর মধ্যে গঙ্গাই একমাত্র নদী, যার পানি বণ্টনে দুই দেশের মধ্যে কার্যকর চুক্তি রয়েছে। দীর্ঘদিন ধরে তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে আলোচনা চললেও এখনো তা বাস্তবায়িত হয়নি। ফলে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বিশেষজ্ঞদের মতে, দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি ও টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে নতুন চুক্তিতে শুধু পানির হিস্যা নির্ধারণ নয়, বরং প্রবাহের নিশ্চয়তা, তথ্য বিনিময়, শুষ্ক মৌসুমে পানির সংকট মোকাবিলা এবং বর্ষায় অতিরিক্ত পানিপ্রবাহের ঝুঁকি ব্যবস্থাপনার বিষয়গুলোও গুরুত্ব পাওয়া প্রয়োজন। বাংলাদেশের জন্য এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ভারতের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নতুন চুক্তিতে অন্তর্ভুক্ত করা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%