ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চুয়াডাঙ্গায় আধিপত্য নিয়ে বিরোধে পাহারাদারকে কুপিয়ে হত্যা


চুয়াডাঙ্গায় আধিপত্য নিয়ে বিরোধে পাহারাদারকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দর্শনা এলাকার গহেরপুর গ্রামে বদর উদ্দিন (৪৬) নামের এক ব্যক্তি দুর্বৃত্তদের দ্বারা কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে কামড়িয়ার বিল সংলগ্ন মুক্তার মেম্বারের পুকুর ও মাছের ঘেরের নিকটবর্তী তার নিজ জমিতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের মাঝের পাড়ার মৃত সামছদ্দিন মন্ডলের পুত্র।

স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, বিলের পাশে একটি ছোট অস্থায়ী কুঁড়েঘর বা বসার স্থান ছিল, যেখানে বদর উদ্দিন প্রায়ই যাতায়াত করতেন এবং মাছের ঘেরের পাহারা দিতেন। ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দিবাগত রাতে তার ওপর হামলা চালানো হয়।

বুধবার (২৫ নভেম্বর) ভোরে বদর উদ্দিনের ছেলে সুমন প্রথমে তার বাবাকে পানির মধ্যে পড়ে থাকতে দেখতে পান। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে নিহতের মাথায় প্রায় ১০ থেকে ১২টির বেশি আঘাতের চিহ্ন রয়েছে।

আরও পড়ুন: কালিয়াকৈরে পোশাক কারখানায় শ্রমিক ভাঙচুর, ছুটি ঘোষণা

চুয়াডাঙ্গার দর্শনা থানার ওসি ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গঙ্গা চুক্তির মেয়াদ ১২ ডিসেম্বর শেষ, নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজের দাবি বাংলাদেশে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২৭ পি.এম


গঙ্গা চুক্তির মেয়াদ ১২ ডিসেম্বর শেষ, নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজের দাবি বাংলাদেশে

॥ মোশতাক আহমদ ॥

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : আগামী ১২ ডিসেম্বর, ১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত ৩০ বছরের গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। তবে, নতুন চুক্তি বা চুক্তি নবায়ন নিয়ে দুই দেশের মধ্যে এখনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। এই পরিস্থিতিতে, বাংলাদেশ শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার লক্ষ্যে নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ বা পানিপ্রবাহের নিশ্চয়তামূলক ধারা অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে।

চুক্তির মেয়াদ শেষ হতে তিন সপ্তাহেরও কম সময় বাকি থাকলেও, ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক আলোচনার জন্য কোনো সময়সূচি জানানো হয়নি। অন্যদিকে, বাংলাদেশ নতুন চুক্তির বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে ভারতের সঙ্গে আলোচনা শুরু করার অপেক্ষায় রয়েছে।

এদিকে, গত রোববার ঢাকায় বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) যৌথ কমিটির ৯১তম নিয়মিত বৈঠকে গঙ্গার পানি বণ্টন চুক্তির বাস্তবায়নের ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদনটি দুই দেশের সরকারের কাছে উপস্থাপন করা হবে। তবে বৈঠকে চুক্তি নবায়ন বা নতুন চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি। কারণ, চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণ ও পর্যালোচনার দায়িত্ব যৌথ কমিটির হলেও নতুন চুক্তি নিয়ে আলোচনা করার এখতিয়ার রয়েছে দুই দেশের সরকার ও রাজনৈতিক নেতৃত্বের।

যৌথ নদী কমিশনের সদস্য এবং বাংলাদেশের পক্ষে যৌথ কমিটির প্রধান ড. মো. আনোয়ার কাদির জানিয়েছেন, বৈঠকে ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তা দুই দেশের সরকারের কাছে পাঠানো হবে।

জানতে চাইলে, ড. মো. আনোয়ার কাদির বাসসকে বলেন, ‘গঙ্গা পানি বণ্টন চুক্তি বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনায় দ্বিপক্ষীয় সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। চুক্তির সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে দুই দেশের মধ্যে নিয়মিত তথ্য বিনিময়, পানিপ্রবাহ পর্যবেক্ষণ এবং যৌথভাবে পরিস্থিতি পর্যালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। আমরা আশা করি, যৌথ কমিটির ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে চুক্তির বাস্তবায়ন আরও কার্যকর হবে।’

১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় প্রতিবছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ফারাক্কা ব্যারাজ ও বাংলাদেশের হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানিপ্রবাহ পর্যবেক্ষণ করে যৌথ কমিটি। ১৯৯৭ সাল থেকে এ কার্যক্রমের ধারাবাহিকতায় প্রতিবছর পানিপ্রবাহ ও পানি বণ্টনের তথ্য পর্যালোচনা করে প্রতিবেদন তৈরি করা হচ্ছে।

বাংলাদেশের অবস্থান হচ্ছে, কেবল বিদ্যমান চুক্তির মেয়াদ বাড়ানো নয়, বরং জাতীয় স্বার্থ সুরক্ষিত করে নতুন বা সংশোধিত চুক্তি করা। বিশেষ করে শুষ্ক মৌসুমে পানির প্রবাহ কমে গেলেও বাংলাদেশ যাতে নির্ধারিত পরিমাণ পানি পায়, সে নিশ্চয়তা নতুন চুক্তিতে রাখতে চায় সরকার।

এ বিষয়ে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বাসসকে বলেন, বাংলাদেশ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে চায়। এ জন্য নতুন চুক্তিতে ১৯৭৭ সালের পানি বণ্টন চুক্তির মতো গ্যারান্টি ক্লজ ফিরিয়ে আনা বাংলাদেশের অগ্রাধিকার। আমরা ভারতের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত রয়েছি। দুই দেশের আলোচনার মাধ্যমে একটি দীর্ঘমেয়াদি ও গ্রহণযোগ্য সমাধান বেরিয়ে আসবে বলে আশা করি।

তিনি জানান, এ লক্ষ্যে তিনি ভারতের পানিসম্পদ মন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে দ্রুত আনুষ্ঠানিক আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন।

১৯৭৭ সালের চুক্তিতে শুষ্ক মৌসুমে ফারাক্কায় গঙ্গার পানিপ্রবাহ কমে গেলে যেকোনো ১০ দিনের মেয়াদে বাংলাদেশকে তার নির্ধারিত হিস্যার অন্তত ৮০ শতাংশ পানি দেওয়ার বাধ্যবাধকতা ছিল। তবে ১৯৯৬ সালের চুক্তিতে এ ধরনের নিশ্চয়তামূলক ধারা রাখা হয়নি। নতুন চুক্তিতে এ ধরনের ব্যবস্থা ফিরিয়ে আনার মাধ্যমে শুষ্ক মৌসুমে বাংলাদেশের পানির হিস্যা সুরক্ষিত করতে চায় সরকার।

বর্তমান চুক্তি অনুযায়ী, জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ফারাক্কায় গঙ্গার পানির প্রবাহের ভিত্তিতে প্রতি ১০ দিন অন্তর দুই দেশের মধ্যে পানি বণ্টন করা হয়। ফারাক্কায় পানির প্রবাহ ৭০ হাজার কিউসেক বা তার কম হলে দুই দেশ সমান ভাগে পানি পায়। প্রবাহ ৭০ হাজার থেকে ৭৫ হাজার কিউসেকের মধ্যে থাকলে বাংলাদেশ পায় ৩৫ হাজার কিউসেক এবং অবশিষ্ট পানি পায় ভারত। আর প্রবাহ ৭৫ হাজার কিউসেক বা তার বেশি হলে ভারত পায় ৪০ হাজার কিউসেক এবং অবশিষ্ট পানি পায় বাংলাদেশ। এ ছাড়া ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত তিনটি পালাক্রমিক ১০ দিন মেয়াদে উভয় দেশ ৩৫ হাজার কিউসেক করে পানি পাওয়ার বিধান রয়েছে।

গঙ্গা চুক্তি নিয়ে আলোচনার প্রস্তুতি হিসেবে বাংলাদেশ ইতোমধ্যে উচ্চপর্যায়ের একটি কারিগরি কমিটি গঠন করেছে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর এ কমিটির নেতৃত্ব দিচ্ছেন। এতে পানিসম্পদ, পররাষ্ট্রসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং নদী বিশেষজ্ঞরা রয়েছেন।

বাংলাদেশ গত জুনে ভারতকে আনুষ্ঠানিক আলোচনার প্রস্তাব দেয়। আগস্টে ভারতের পক্ষ থেকেও একটি কারিগরি কমিটি গঠনের অনুরোধ জানানো হয়। সর্বশেষ ১৭ নভেম্বর পানিসম্পদমন্ত্রী ভারতের পানিসম্পদমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে দ্রুত আলোচনা শুরুর আহ্বান জানান। তবে ভারতের পক্ষ থেকে এ বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময়সূচি পাওয়া যায়নি।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর বাসসকে বলেন, গঙ্গার পানি বণ্টন বাংলাদেশের জন্য শুধু পানিসম্পদের বিষয় নয়, এটি কৃষি, খাদ্যনিরাপত্তা, পরিবেশ ও অর্থনীতির সঙ্গেও সম্পর্কিত। আমরা এমন একটি চুক্তি চাই, যাতে শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত হয় এবং দীর্ঘমেয়াদে বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত থাকে।

এদিকে গঙ্গার পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ নির্ধারণে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক ও আঞ্চলিক স্বার্থও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও বিহারের পানির চাহিদা নতুন চুক্তি নিয়ে আলোচনায় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পশ্চিমবঙ্গের কাছে ভাগীরথী-হুগলি নদীতে পানিপ্রবাহ, নৌচলাচল ও বন্দর সচল রাখা গুরুত্বপূর্ণ। অন্যদিকে বিহার পানীয় জল ও শিল্পের জন্য পর্যাপ্ত পানি নিশ্চিত করতে আগ্রহী।

চুক্তির দ্বাদশ অনুচ্ছেদ অনুযায়ী, স্বাক্ষরের পর থেকে ৩০ বছর পর্যন্ত এটি কার্যকর থাকবে এবং দুই দেশের পারস্পরিক সম্মতির ভিত্তিতে নবায়ন করা যাবে। অর্থাৎ, চুক্তির মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়ার কোনো সুযোগ নেই। দুই দেশের সম্মতি ছাড়া নবায়ন সম্ভব নয়।

চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন কোনো সমঝোতা না হলে আগামী শুষ্ক মৌসুমে বাংলাদেশের পানিপ্রবাহ নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। কারণ, গঙ্গার পানির ওপর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, সেচ, মৎস্য, নৌপরিবহন ও পরিবেশগত ভারসাম্য অনেকাংশে নির্ভরশীল। শুষ্ক মৌসুমে পানিপ্রবাহ কমে গেলে এ অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, কৃষি ও মৎস্য উৎপাদন ব্যাহত হওয়া এবং নদীর নাব্যতা সংকটের আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানির সম্পদ বিভাগের অধ্যাপক ড. আতাউর রহমান বাসসকে বলেন, গঙ্গার পানি বণ্টন চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শুষ্ক মৌসুমে পানির প্রবাহ নিশ্চিত করা। শুধু দুই দেশের মধ্যে পানি ভাগাভাগির সূত্র থাকলেই হবে না, নদীতে পানির প্রবাহ কমে গেলে বাংলাদেশ কতটুকু পানি পাবে, সেটিও চুক্তিতে স্পষ্ট থাকতে হবে। গ্যারান্টি ক্লজ না থাকলে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা কঠিন হতে পারে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদী রয়েছে ৫৪টি। এর মধ্যে গঙ্গাই একমাত্র নদী, যার পানি বণ্টনে দুই দেশের মধ্যে কার্যকর চুক্তি রয়েছে। দীর্ঘদিন ধরে তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে আলোচনা চললেও এখনো তা বাস্তবায়িত হয়নি। ফলে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বিশেষজ্ঞদের মতে, দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি ও টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে নতুন চুক্তিতে শুধু পানির হিস্যা নির্ধারণ নয়, বরং প্রবাহের নিশ্চয়তা, তথ্য বিনিময়, শুষ্ক মৌসুমে পানির সংকট মোকাবিলা এবং বর্ষায় অতিরিক্ত পানিপ্রবাহের ঝুঁকি ব্যবস্থাপনার বিষয়গুলোও গুরুত্ব পাওয়া প্রয়োজন। বাংলাদেশের জন্য এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ভারতের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নতুন চুক্তিতে অন্তর্ভুক্ত করা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেতানিয়াহুর দুই চেষ্টা ব্যর্থ, আইজেনকোটের সরকার গঠনের পথ সুগম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২৭ পি.এম


নেতানিয়াহুর দুই চেষ্টা ব্যর্থ, আইজেনকোটের সরকার গঠনের পথ সুগম

ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে) প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলেছে। টাইমস অব ইসরাইলের রিপোর্ট অনুযায়ী, বিরোধী নেতা গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোটের সঙ্গে সরকারের গঠন নিয়ে আলোচনা এগিয়ে যাচ্ছে তারা।

ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর তথ্য অনুযায়ী, ইউটিজের সংসদ সদস্য মেইর পোরুশ ও এলিয়াকিম স্টার্ককে নেতানিয়াহুর ডানপন্থি জোটের ঘনিষ্ঠ বলে মনে করা হয়। তবে সাম্প্রতিক সময়ে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা সফল হয়নি। নেতানিয়াহু দুইবার যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।

পোরুশের কার্যালয়ের কর্মীরা নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করতে পারেননি। স্টার্কের সঙ্গেও যোগাযোগের চেষ্টা ফলপ্রসূ হয়নি।

অন্যদিকে, ইউটিজের আইনপ্রণেতারা আইজেনকোটের নেতৃত্বাধীন ইয়াশার জোটের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সরকার গঠন নিয়ে আলোচনা শুরু করার অনুমতি পেতে দলের আধ্যাত্মিক নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন।

ইউটিজের এক জ্যেষ্ঠ সূত্র আলোচনা প্রসঙ্গে জানিয়েছেন, আইজেনকোটের পক্ষের সঙ্গে আলোচনা ‘প্রত্যাশার চেয়েও বেশি’ অগ্রসর হয়েছে। তবে এখনো কোনো আইনি কাঠামোর খসড়া তৈরি করা সম্ভব হয়নি।

হিব্রু সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনার অন্যতম প্রধান বিষয় হয়ে উঠেছে অতি-রক্ষণশীল ইহুদি পুরুষদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের বিষয়টি।

প্রস্তাবিত কাঠামোয় সামরিক বাহিনীতে নিয়োগের কোটা পুরোপুরি বাতিল করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এর ফলে ইয়েশিভা বা ইহুদি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত অতি-রক্ষণশীল ইহুদি পুরুষদের সামরিক বাহিনীতে যোগদানের ক্ষেত্রে আগের মতোই ব্যাপক ছাড় বজায় থাকতে পারে।

তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি। বিশেষ করে আদালতে টেকসই হবে—এমন আইনি কাঠামো তৈরি করাই আলোচনা চলাকালীন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাভার-আশুলিয়ায় ২৪ কারখানা বন্ধ, ১০টিতে শ্রমিকদের কর্মবিরতি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২৮ পি.এম


সাভার-আশুলিয়ায় ২৪ কারখানা বন্ধ, ১০টিতে শ্রমিকদের কর্মবিরতি

সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পর পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে। বুধবার সকালে, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে হেমায়েতপুর-সিংগাইর সড়ক অবরোধের চেষ্টা করেন কয়েকটি কারখানার শ্রমিকরা। পুলিশ তাঁদের সরিয়ে দিলে, বিক্ষুব্ধ শ্রমিকরা স্থানীয় এ কে এইচ স্টিজ কারখানায় ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালান। পরে অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

একই দাবিতে, শিল্পাঞ্চলের অন্তত ১০টি কারখানায় উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। শ্রমিকরা আবারও সড়কে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করলে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, চলমান শ্রমিক অসন্তোষের কারণে সাভার ও আশুলিয়ার অন্তত ৪৫টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ২২টি কারখানা। সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে ১১টিতে। এ ছাড়া ১০টি কারখানায় শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন এবং অন্যান্য কারণে বন্ধ রয়েছে দুটি কারখানা।

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়া কারখানাগুলোর মধ্যে রয়েছে হামীম গ্রুপ, এনভয় গ্রুপ, লুসাকা গ্রুপ, আল-মুসলিম অ্যাপারেলস, মণ্ডল নিটওয়্যার, নেক্সট কালেকশন, নিট এশিয়া, ইসলাম গ্রুপ ও পাইওনিয়্যার অ্যাপারেলসসহ ২২টি প্রতিষ্ঠান।

কর্মবিরতি পালন করা কারখানাগুলোর মধ্যে রয়েছে স্ট্যান্ডার্ড গ্রুপ, নিউ এইজ গ্রুপ, ডং লিয়ান ফ্যাশন, ম্যাংগো টেক্স, কমফিট কম্পোজিট নিট ও ফান ফ্যাক্টরিসহ ১০টি প্রতিষ্ঠান। অন্যদিকে, কন্টিনেন্টাল গার্মেন্টস, সিগমা ফ্যাশন, বাবিলন ক্যাজুয়ালওয়্যার, অবনী ফ্যাশন ও একেএইচ স্টিজসহ ১১টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, "১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।" তিনি উল্লেখ করেন, মজুরি বোর্ডের প্রস্তাবের খসড়া গেজেট এখনো প্রকাশিত হয়নি। এ অবস্থায় রিভিউ করার সুযোগ রয়েছে। শ্রমিকদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড এড়িয়ে শান্তিপূর্ণভাবে কাজে ফেরার আহ্বান জানান তিনি।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, "অধিকাংশ কারখানায় উৎপাদন স্বাভাবিক রয়েছে।" তিনি আরও জানান, কয়েকটি কারখানা বন্ধ ও কিছুতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কোথাও কোথাও শ্রমিকরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাঁদের ছত্রভঙ্গ করা হয়েছে। সামগ্রিকভাবে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৬ সালের মধ্যে ১০০০তম গোল করবেন রোনালদো?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২৮ পি.এম


২০২৬ সালের মধ্যে ১০০০তম গোল করবেন রোনালদো?

ক্রিশ্চিয়ানো রোনালদোকে ডাকছে একটি অনন্য রেকর্ড। এমন সব কীর্তির সামনে আসলে অনেকের কাজের গতি বেড়ে যায়, রোনালদোর ক্ষেত্রেও এটি সত্যি।

প্রতি ম্যাচে অংশগ্রহণের মাধ্যমে তিনি ধীরে ধীরে ১০০০তম গোলের অবিশ্বাস্য মাইলফলকের দিকে অগ্রসর হচ্ছেন। এ কারণে এখন প্রশ্ন উঠেছে, ২০২৬ সালের শেষের আগেই কি রোনালদো ১০০০তম গোলটি করে ফেলবেন?

গেল রাতে রোনালদো তার সর্বশেষ গোলটি করেছেন, যখন তার দল আল নাসর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে আল সাদকে ২-১ গোলে পরাজিত করেছে। এই ম্যাচে আল নাসরের প্রথম গোলটি করেন রোনালদো নিজেই।

ম্যাচের ১৩তম মিনিটে আল নাসর একটি পেনাল্টি পায়। সেই পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। এই গোলটি তার জন্য অন্য একটি দিক থেকে গুরুত্বপূর্ণ ছিল। কারণ এর আগে টানা দুই পেনাল্টি মিস করেছিলেন পর্তুগিজ এই মহাতারকা। গেল রাতের পেনাল্টির মাধ্যমে তিনি সেই চাপ কাটিয়ে উঠলেন। এই গোলের মাধ্যমে তার মোট গোলের সংখ্যা ৯৮৭-তে পৌঁছেছে।

নভেম্বরে রোনালদো পর্তুগাল জাতীয় দলের হয়ে অবসরের ঘোষণা দিয়েছেন। তাই বছরের বাকি গোলগুলো তাকে শুধুমাত্র আল নাসরের হয়ে করতে হবে।

বছরের হাতে এখন মাত্র কয়েক সপ্তাহ রয়েছে। ক্লাবের ম্যাচও হাতে গোনা, বিশেষ করে ৭টি ম্যাচ। এর মধ্যে আল হিলালের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে খেলা রয়েছে। এই সময়ের মধ্যে ১৩ গোল করতে হলে একাধিক ম্যাচে জোড়া গোল বা হ্যাটট্রিক করতে হবে। তাই এটি একটি চ্যালেঞ্জ।

যদিও চ্যালেঞ্জ কঠিন, রোনালদোর ফর্ম ভিন্ন কথা বলছে। তিনি তার সর্বশেষ চার ম্যাচে ৬টি গোল করেছেন। এই গতিটা ধরে রাখতে পারলে ৯৯৮ বা ৯৯৯ গোল নিয়ে বছর শেষ হতে পারে। সামান্য বাড়ালেই তো ছুঁয়ে ফেলা যাবে সেই কীর্তি, যা বিশ্ব আর কখনো দেখেনি। রোনালদো কি পারবেন?

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%