মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:১৭ পি.এম
মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) কর্তৃক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে, বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম এবং প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মোঃ আনিছুর রহমানের নেতৃত্বে সকাল ৭টা ৩০ মিনিটে মাওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রোভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, অফিসপ্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ভাসানী পরিবারের সদস্য, টাঙ্গাইল প্রেস ক্লাব, এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৮টায় তবারক বিতরণ করা হয় এবং বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এদিকে, দিবসটি উপলক্ষে পূর্ববর্তী কয়েক দিন ধরে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১৫ নভেম্বর মাওলানা ভাসানীর জীবন, কর্ম, রাজনৈতিক দর্শন ও জাতীয় জীবনে তাঁর অবদান নিয়ে "মাওলানা ভাসানীর বিশ্বশান্তি দর্শন" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী রিসার্চ সেন্টারের উদ্যোগে নির্মিত তাঁর জীবন ও কর্মভিত্তিক ২৫ মিনিটের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রচনা, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সপ্তাহব্যাপী ভাসানী মেলার আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী, গবেষক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মজলুম জননেতা মাওলানা ভাসানীর সংগ্রামী জীবন, রাজনৈতিক আদর্শ, দেশপ্রেম এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অসামান্য অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রেক্ষাপটে দ্বিতীয় দফায় দেশের ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থীদের নাম প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই তালিকায় ৫৭ জন উপজেলা চেয়ারম্যান, ৪২ জন পৌরসভার মেয়র এবং একজন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অন্তর্ভুক্ত রয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীবসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সারজিস আলম উল্লেখ করেন, ‘সামনে স্থানীয় সংসদ নির্বাচন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এনসিপির কার্যক্রম পরিচালিত হবে। নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে দেশের ৪ হাজার ৬০০ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীর নাম ঘোষণা করা হবে। প্রতিটি ইউনিয়ন পরিষদে এনসিপি এককভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবে।’
নতুন ঘোষিত ১০০ জন উপজেলা ও ভাইস চেয়ারম্যান এবং পৌরসভার মেয়র পদপ্রার্থীর তালিকা দেখতে এখানে ক্লিক করুন .
এর আগে গত ১০ মে প্রথম দফায় স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের জন্য ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল এনসিপি। তাদের মধ্যে ৬৭ জন উপজেলা চেয়ারম্যান এবং ৩৩ জন পৌরসভার মেয়র পদপ্রার্থী ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সরকারের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘ দুই বছর পর মালেয়শিয়ার শ্রমবাজার খুলতে যাচ্ছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকেই তালিকাভুক্ত মেডিকেল সেন্টারগুলোতে শত শত কর্মী ভিড় করেন। তবে অনেক কর্মী বায়োমেট্রিক পরীক্ষায় বাদ পড়ছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, শারীরিক কোনো সমস্যা আছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ইবনে ওমর মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক বলেছেন, সরকার নির্ধারিত ৮ হাজার টাকার বাইরে কোনো লেনদেন হচ্ছে না।
এদিকে, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় অনিয়মকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
একজন কর্মী স্বাস্থ্য পরীক্ষার পর রিপোর্ট পেতে তিন দিন সময় লাগবে।
এর আগে সোমবার (১৬ নভেম্বর) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা শুরুর কথা জানিয়েছিল।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার ফলে ক্রিমিয়া উপদ্বীপের সাথে রাশিয়ার মূল ভূখণ্ডের সংযোগকারী কৌশলগত ‘ক্রিমিয়া সেতু’ এবং ইউক্রেনের রাজধানী কিয়েভের দুটি গুরুত্বপূর্ণ সেতু অচল হয়ে পড়েছে। সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে উভয় দেশই একে অপরের গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাবেক উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন। ছবিগুলোতে দেখা যায়, কার্চ সেতু নামে পরিচিত ক্রিমিয়া সেতুর একটি অংশ ভেঙে পানিতে পড়ে গেছে এবং সেতুর একটি পিলার ও সড়কের অংশ পানির নিচ থেকে বেরিয়ে রয়েছে।
এই সেতুটি ক্রেমলিনের মর্যাদার প্রতীক হিসেবে পরিচিত, যা ২০১৪ সালে ক্রিমিয়া দখলের পর রাশিয়া নির্মাণ করেছিল এবং ২০১৮ সালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে এর উদ্বোধন করেছিলেন। ক্রিমিয়ার মস্কো-সমর্থিত গভর্নর সের্গেই আকসিওনভ টেলিগ্রামে জানিয়েছেন, সেতুটির ওপর দিয়ে সব ধরনের যান চলাচল স্থগিত করা হয়েছে। এর আগে রোববার (১৫ নভেম্বর) রাতের হামলায় সেতুটিতে দুজন নিহত হয়েছিলেন বলে তিনি জানান। বহুস্তরীয় আকাশ ও নৌ প্রতিরক্ষাব্যবস্থা থাকা সত্ত্বেও সেতুটির ক্ষয়ক্ষতির মাত্রা পর্যালোচনা করতে মঙ্গলবার (১৭ নভেম্বর) জরুরি বৈঠকে বসবে রুশ কর্তৃপক্ষ।
ক্রিমিয়া সেতুতে হামলার প্রতিক্রিয়ায় কিয়েভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের মেয়র ভিতালি ক্লিটসকো জানিয়েছেন, রুশ হামলায় নিপ্রো নদীর ওপর অবস্থিত গুরুত্বপূর্ণ ‘নর্দার্ন’ এবং ‘সাউদার্ন’ সেতু দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। নিপ্রো নদীর ওপর থাকা আটটি সেতুর মাধ্যমে কিয়েভের পূর্ব ও পশ্চিম অংশের প্রায় ৩০ লাখ মানুষ যাতায়াত করে। সেতু দুটি বন্ধ হওয়ায় রাজধানীতে তীব্র যানজট ও চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।
সোমবার মধ্যরাতের ঠিক আগে কিয়েভে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। মেয়র ক্লিটসকো জানান, হামলায় শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ক্ষতি হয়েছে এবং পানি ও হিটিং ব্যবস্থায় বিপর্যয় দেখা দিয়েছে। এছাড়া, ভূপৃষ্ঠের ওপর থাকা কিছু মেট্রোরেল সেবাও ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার সময় নাগরিকদের ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে, ইউক্রেনের চেরকাসি অঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন আহত হয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাহরাইনের শেখ ঈসা বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন রাডার সিস্টেমের ওপর ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের আইআরজিসি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) এই হামলার দাবি করে আইআরজিসি।
একটি বিবৃতিতে, যা ইরানের সম্প্রচারমাধ্যম আইআরআইবি-তে প্রকাশিত হয়েছে, আইআরজিসি জানায়, হামলাটি ছিল ‘ওই অঞ্চলে মার্কিন বাহিনীর বৈরী কর্মকাণ্ড মোকাবিলার প্রচেষ্টার অংশ’ বলে উল্লেখ করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে উপসাগরীয় দেশটিতে মার্কিন রাডার সিস্টেমের ওপর ইরানের দাবি করা বেশ কয়েকটি হামলার মধ্যে এটি সর্বশেষ ঘটনা।
এদিকে, বাহরাইনের রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়েছে যে, আইআরজিসি বেশ কয়েকটি ড্রোন নিক্ষেপ করার পর সেই হামলাটি ব্যর্থ করে দেওয়া হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ