প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) কর্তৃক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে, বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম এবং প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মোঃ আনিছুর রহমানের নেতৃত্বে সকাল ৭টা ৩০ মিনিটে মাওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রোভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, অফিসপ্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ভাসানী পরিবারের সদস্য, টাঙ্গাইল প্রেস ক্লাব, এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৮টায় তবারক বিতরণ করা হয় এবং বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এদিকে, দিবসটি উপলক্ষে পূর্ববর্তী কয়েক দিন ধরে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১৫ নভেম্বর মাওলানা ভাসানীর জীবন, কর্ম, রাজনৈতিক দর্শন ও জাতীয় জীবনে তাঁর অবদান নিয়ে "মাওলানা ভাসানীর বিশ্বশান্তি দর্শন" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী রিসার্চ সেন্টারের উদ্যোগে নির্মিত তাঁর জীবন ও কর্মভিত্তিক ২৫ মিনিটের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রচনা, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সপ্তাহব্যাপী ভাসানী মেলার আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী, গবেষক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মজলুম জননেতা মাওলানা ভাসানীর সংগ্রামী জীবন, রাজনৈতিক আদর্শ, দেশপ্রেম এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অসামান্য অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন