০৭:৫৪ পি.এম
ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি বাংলাদেশ গড়ার লক্ষ্য রাখেন যেখানে মানবিকতা, সহমর্মিতা এবং মানুষের প্রতি মানুষের ভালোবাসা হবে প্রধান পরিচয়। এ কথা বলেছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান মন্তব্য করেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর গঠিত সরকার এমন একটি বাংলাদেশ চান, যেখানে মানবিকতা ও মানুষের জন্য মানুষ—এই চেতনাই প্রধান হবে। আজ আপনাদের বিপদে আমরা পাশে আছি। ভবিষ্যতেও যেকোনো বিপদে আপনাদের পাশে থাকব, ইনশা আল্লাহ।’
আজ রোববার রাজধানীর কড়াইল বিটিসিএল কলোনিতে আগুনে ক্ষতিগ্রস্ত ও গৃহহীন হয়ে পড়াদের মধ্যে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু
প্রধানমন্ত্রী ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য তারেক রহমানের পক্ষ থেকে ডা. জুবাইদা রহমান ৭টি ঘরের চাবি হস্তান্তর করেন।
এ সময় অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ১৯ বছর বয়সী শাহরিয়ার রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ডা. জুবাইদা রহমান।
তিনি বলেন, শাহরিয়ারের সামনে ছিল উজ্জ্বল ভবিষ্যৎ। কিন্তু অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় তাঁকে হারাতে হয়েছে।
তিনি শাহরিয়ার রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
আরও পড়ুন: পরীক্ষার ফরম পূরণে বেশি টাকা আদায়ের ঘটনায় ইউএনওর হস্তক্ষেপ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে মিজানুর রহমান, মরশেদা খাতুন, নাজমিন বেগম, কোহিনুর বেগম ও মরশেদা বেগমের নাম উল্লেখ করে তাঁদের প্রতি সমবেদনা জানান তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে শাহরিয়ার রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত সবাইকে এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানান ডা. জুবাইদা রহমান।
গত ১৫ নভেম্বর ভোরে কড়াইলে লাগা আগুনে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়। এ সময় আগুনে অন্তত সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান পুড়ে যায়। বস্তির টিঅ্যান্ডটি কলোনির পশ্চিমপাড়ায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
এরপরই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘর পুনর্নির্মাণ ও পুনর্বাসনের উদ্যোগ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আরও পড়ুন: প্রাথমিক শিক্ষা অধিদফতরের নতুন ডিজি হলেন মো. আনোয়ারুল ইসলাম
আজ আনুষ্ঠানিকভাবে গৃহহীন বাসিন্দাদের পুনরায় তাদের ঘরে ওঠার জন্য চাবি হস্তান্তর করেন বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ঢাকা ১৭ নং সংসদীয় আসনের প্রতিনিধি আব্দুর রহমান সানীসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন