সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৪:০৯ পি.এম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রচার ও প্রসার কার্যক্রমকে আরও গতিশীল করার উদ্দেশ্যে ‘ন্যাশনালিস্ট সাইবার ফোরাম (এনসিএফ)’ গঠন করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) ফোরামের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক রাজীবের স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশিত হয়েছে।
বিএনপির নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি কর্তৃক স্বাক্ষরিত একটি নির্দেশনায় ফোরামের নির্বাহী কমিটির চেয়ারম্যান নাসি ওয়াহিদ এবং মহাসচিব কে এম হারুন অর রশিদকে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
ন্যাশনালিস্ট সাইবার ফোরামের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন সুলতান সালাউদ্দিন টুকু এমপি। এছাড়াও, উপদেষ্টা হিসেবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি রয়েছেন।
সংগঠনটির সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটিতে মেজর (অব.) গনি উল আজম, রেজওয়ানুল হক শোভন, আবদুস সালাম জাহির, ডা. মনজুরুল ইসলাম ধ্রুব, হাসান মাহবুব, কাজী বিন আকবর এবং মহিউদ্দিন আহমেদ সৈকতসহ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী পরিচিত অনলাইন অ্যাক্টিভিস্টরা অন্তর্ভুক্ত রয়েছেন।
অন্যদিকে, ফোরামের নির্বাহী কমিটিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দেওয়ান আলমাজ হোসেন, ভাইস চেয়ারম্যান হিসেবে নুরনবী পাশা সবুজ ও সোনিয়া আক্তার স্মৃতি এবং সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে ইঞ্জিনিয়ার সুজাউল রহমান দায়িত্ব গ্রহণ করেছেন। এছাড়াও, যুগ্ম মহাসচিব হিসেবে লাবিব আবুল কালাম মুন্না, সাংগঠনিক সম্পাদক হিসেবে মাচেন্ড্র মেরিনার রিয়া, দপ্তর সম্পাদক হিসেবে ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক রাজীব, প্রচার সম্পাদক হিসেবে কাজী বিন আকবর এবং কোষাধ্যক্ষ হিসেবে ইঞ্জিনিয়ার নুরুজ্জামান উজ্জ্বলসহ অন্যান্য সদস্য রয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে নীতিনির্ধারণী ও নির্বাহী কমিটির সদস্যদের সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য আহ্বান জানানো হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণে সরকার কর্তৃক নির্ধারিত ফি থেকে অনেক বেশি অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। অভিভাবকদের দাবি, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ৮ হাজার টাকা করে নেওয়া হচ্ছে। এ কারণে বিদ্যালয়টিতে অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিভাবকদের অভিযোগ হলো, সরকার নির্ধারিত ফি অনুযায়ী বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে বোর্ড ও কেন্দ্র ফিসহ ২ হাজার ৪৩৫ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ২ হাজার ৩১৫ টাকা পরিশোধ করার কথা। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ প্রত্যেক শিক্ষার্থীর কাছে ৮ হাজার টাকা দাবি করছে। ফলে বিভাগ ভেদে নির্ধারিত ফির চেয়ে ৫ হাজার ৫৬৫ থেকে ৫ হাজার ৬৮৫ টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ দাবি করা হচ্ছে।
এ বিষয়ে ভুক্তভোগী এক অভিভাবক সোহরাব হোসেন জানান, তার মেয়ে ছামিহা ইসলাম বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের প্রথম রোলধারী শিক্ষার্থী। এসএসসি নির্বাচনি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হওয়ার পর ফরম পূরণ করতে গেলে বিদ্যালয় থেকে ৮ হাজার টাকা দাবি করা হয়। তিনি ৩ হাজার ৫০০ টাকা দিতে চাইলেও মেয়ের ফরম পূরণ করা হয়নি। পরে বিষয়টি সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মাহমুদ হাসানের কাছে জানালে তিনি ব্যক্তিগত উদ্যোগে ওই শিক্ষার্থীর ফরম পূরণের ব্যবস্থা করেন। অভিভাবক ইউএনওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাসাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল অভিযোগ অস্বীকার করে বলেন, বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণসহ মোট ৮ হাজার টাকা নেওয়া হচ্ছে। এর মধ্যে তিন মাসের অগ্রিম কোচিং ফি, মডেল টেস্ট ফি, অনলাইন ফি ও বোর্ডের ফরম পূরণের ফি অন্তর্ভুক্ত রয়েছে। তিনি জানান, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করেই এ অর্থ নির্ধারণ করা হয়েছে। তিনি দাবি করেন, তারা কোনো অতিরিক্ত অর্থ আদায় করছেন না। তবে দরখাস্ত করে অনেক শিক্ষার্থী এর থেকে অনেক কম টাকা দিয়ে ফরম ফিলাপ করেছে।
সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহমুদ হাসান বলেন, নির্ধারিত ফির বাইরে কোনো বিদ্যালয় অতিরিক্ত ফি আদায় করতে পারবে না। যদি কোনো বিদ্যালয় এর ব্যত্যয় ঘটায়, তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, আজ যে শিক্ষার্থীর অভিভাবক এসেছিলেন, তিনি বিদ্যালয়ের প্রথম রোলধারী ও মেধাবী শিক্ষার্থী। তিনি ব্যক্তিগতভাবে তার ফরম পূরণের ব্যবস্থা করে দিয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পাবনা, ২৩ নভেম্বর, ২০২৬ : আজ জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে রূপপুর পরমাণু বিদ্যুত কেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে।
সকাল ১০টা ২০ মিনিটে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে বিদ্যুত সরবরাহ শুরু হয়।
প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানিয়েছেন, দ্বিতীয় দফায় প্রায় ৩শ’ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুত ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এই সময়ে বিদ্যুত কেন্দ্রের উৎপাদন ব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে।
এর আগে গত ১৭ নভেম্বর দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি শেষে প্রথমবারের মতো রূপপুর পরমাণু বিদ্যুত কেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুত সরবরাহ শুরু হয়। প্রথম দফায় কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন করে প্রায় সাড়ে ৮ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। ওই দফায় সরবরাহ করা বিদ্যুতের আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় ২ কোটি টাকা। পরে রাত ১১টা ৫০ মিনিটে গ্রিডের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান বাসস’কে জানান, প্রথম গ্রিড সংযোগের (এফজিসি) সময় টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। পরীক্ষার ফলাফল সন্তোষজনক হওয়ায় প্রয়োজনীয় বিরতির পর দ্বিতীয় দফায় আবারও গ্রিডে সংযোগ দেয়া হয়েছে। এবারও কয়েক ঘণ্টা পর্যবেক্ষণের পর পরিস্থিতি বিবেচনায় গ্রিড থেকে সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
তিনি উল্লেখ করেন, দেশের বিদ্যুৎ চাহিদা ও সংকট বিবেচনায় এনপিসিবিএলের প্রকৌশলী, বিজ্ঞানী ও কর্মকর্তাদের নিরলস প্রচেষ্টায় দ্রুততম সময়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয়েছে। পরবর্তী পরীক্ষাগুলোতে প্রয়োজন অনুযায়ী উৎপাদন বাড়ানো বা কমানো হবে। কিছু পরীক্ষার প্রয়োজনে ইউনিটটি সাময়িকভাবে বন্ধও রাখা হতে পারে। উৎপাদনের ওঠানামার সঙ্গে জাতীয় গ্রিডের ভারসাম্য বজায় রাখতে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিবি) প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এনপিসিবিএলের কর্মকর্তা-কর্মচারীদের প্রচেষ্টার প্রশংসা করে ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, আগামী গ্রীষ্মের আগেই, অর্থাৎ ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে প্রথম ইউনিটের বিদ্যুত পূর্ণ সক্ষমতায় জাতীয় গ্রিডে সরবরাহের সর্বাত্মক চেষ্টা চলছে। এ পর্যায়ে প্রায় ১ হাজার ১৫০ মেগাওয়াট বিদ্যুত সরবরাহ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এতে আগামী গ্রীষ্মে দেশের বিদ্যুত ঘাটতি অনেকটাই কমে আসবে বলে প্রত্যাশা করেন তিনি।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, গ্রিড সংযোগ বিদ্যুত কেন্দ্রের উৎপাদন ব্যবস্থা ও জাতীয় সঞ্চালন ব্যবস্থার মধ্যে সমন্বয় প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ কারিগরি ধাপ। তবে পরীক্ষামূলকভাবে গ্রিডে বিদ্যুত সরবরাহ শুরু হওয়ার অর্থ এই নয় যে, কেন্দ্রটি পূর্ণাঙ্গ বাণিজ্যিকভাবে উৎপাদনে চলে গেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশিকা ও আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে ধাপে ধাপে উৎপাদন সক্ষমতা বাড়ানো হবে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, লাইসেন্স ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন শেষে প্রথম ইউনিটের উৎপাদন ক্ষমতা পর্যায়ক্রমে শতভাগে উন্নীত করার লক্ষ্য রয়েছে।
উল্লেখ্য, রূপপুর পরমাণু বিদ্যুত কেন্দ্রে ১ হাজার ২শ’ মেগাওয়াট ক্ষমতার দু’টি ইউনিট নির্মাণ করা হচ্ছে। দু’টি ইউনিট চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৪শ’ মেগাওয়াট। প্রথম ইউনিটের পরীক্ষামূলক বিদ্যুত জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার ধারাবাহিকতায় দ্বিতীয় দফার সরবরাহ কার্যক্রম দেশের পরমাণু বিদ্যুত উৎপাদনের পথে আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ২০২৭ সালের হজযাত্রীদের টিকা গ্রহণের পূর্বে সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেছে। এই পরীক্ষাগুলি দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতাল এবং নির্ধারিত ‘ক’ শ্রেণির বেসরকারি হাসপাতালে সম্পন্ন করতে হবে।
রোববার (২২ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-৩ শাখা থেকে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার ভিত্তিতে হজযাত্রীদের টিকা গ্রহণের আগে রক্তের গ্রুপ ও আরএইচ টাইপিং, কমপ্লিট ব্লাড কাউন্ট (সিবিসি উইথ ইএসআর), প্রস্রাব পরীক্ষা (ইউরিন আর/এম/ই), বুকের এক্স-রে (পি/এ ভিউ), ইসিজি, র্যান্ডম ব্লাড সুগার (আরবিএস) এবং সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষা করাতে হবে। এক্স-রে ও ইসিজির রিপোর্ট জমা দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।
এছাড়া, দুরারোগ্য ও গুরুতর রোগের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত পরীক্ষা করাতে হবে। যদি হৃদযন্ত্রের অকার্যকারিতা সন্দেহ হয়, তবে ইকোকার্ডিওগ্রাফি, কিডনির জটিলতায় সিরাম ক্রিয়েটিনিন, কিডনি-ইউরেটার-ব্লাডার আলট্রাসনোগ্রাম (ইউএসজি অব কেইউবি) এবং সিরাম ইউরিয়া পরীক্ষা করা প্রয়োজন।
লিভারের অকার্যকারিতা সন্দেহ হলে সিরাম বিলিরুবিন, এসজিপিটি, অ্যালবুমিন-গ্লোবুলিন অনুপাত, পুরো পেটের আলট্রাসনোগ্রাম, আপার জিআইটি এন্ডোস্কপি এবং প্রোথ্রম্বিন টাইম পরীক্ষা করাতে হবে।
দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ শনাক্তকরণের জন্য কফের এএফবি পরীক্ষা, বুকের সিটি স্ক্যান এবং গর্ভাবস্থার জটিলতার ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী প্রেগন্যান্সি টেস্ট ও গর্ভাবস্থার আলট্রাসনোগ্রাম করাতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ও ই-হেলথ প্রোফাইলের কপি নির্ধারিত টিকাকেন্দ্রে মেডিকেল টিমের কাছে জমা দিয়ে টিকা গ্রহণ করতে হবে। এরপর হজযাত্রীদের স্বাস্থ্য সনদ প্রদান করা হবে।
এ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য হজ কল সেন্টারের ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রোববার (২২ নভেম্বর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছেন এস এম আসলাম হোসেন, যিনি ‘সুইডেন আসলাম’ নামে পরিচিত। নব্বইয়ের দশকে ঢাকায় সন্ত্রাসী কার্যকলাপের জন্য আলোচিত এই শীর্ষ সন্ত্রাসী দেশ ছেড়ে থাইল্যান্ডে পালানোর চেষ্টা করছিলেন।
ধরা পড়ার পর, গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে জিজ্ঞাসাবাদ করছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) মো. আকতার হোসেন জানিয়েছেন, চলতি বছরে রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘটিত টিটন হত্যাকাণ্ডের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আকতার হোসেন। তিনি বলেন, ভোর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এস এম আসলাম হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ রয়েছে এবং একাধিক মামলা রয়েছে। টিটন হত্যাকাণ্ডের মামলায় তার গ্রেপ্তার দেখানো হয়েছে।
আইনানুগ প্রক্রিয়া শেষে আজই তাকে আদালতে সোপর্দ করা হবে এবং রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান তিনি। টিটন হত্যা মামলায় আসলামের সম্পৃক্ততা সম্পর্কে জানতে চাইলে উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, "তদন্তে নাম আসায় তাকে এ মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে তার প্রকৃত সম্পৃক্ততার মাত্রা আশা করছি উঠে আসবে।"
চার দিন আগে আসলাম থাইল্যান্ড থেকে বাংলাদেশে এসেছিলেন এবং থাইল্যান্ডের একটি বিমানে করে যাওয়ার পথে গ্রেপ্তার হন। এই বিষয়টি কতটুকু সত্য এবং আসা-যাওয়ার মধ্যে নতুন কোনো পরিকল্পনা ছিল কি না জানতে চাইলে আকতার হোসেন বলেন, "আমাদের ইমিগ্রেশন পুলিশ ডিবি পুলিশের কাছে আসলামকে হস্তান্তর করেছে। বিদেশে যাওয়ার বিষয়টি ইমিগ্রেশন পুলিশ বলতে পারবে।" তিনি আরও বলেন, "বর্তমানে তিনি ডিবি হেফাজতে আছেন। তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলাই রয়েছে।"
আকতার হোসেন জানান, "ডিএমপি প্রতিনিয়ত চিহ্নিত ও শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারিসহ বিভিন্ন অভিযান পরিচালনা করছে। নজরদারি গ্রেপ্তারের একটি নিয়মিত প্রক্রিয়া। যখনই সুযোগ ও সক্ষমতা তৈরি হচ্ছে, তখনই সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হচ্ছে এবং এই অভিযান অব্যাহত রয়েছে।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ