সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৩:১৬ পি.এম
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬( বাসস) : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান জানিয়েছেন যে, বিশ্বব্যাংক উপকূলীয় অঞ্চলের জনগণের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
মন্ত্রী উল্লেখ করেছেন যে, এই অর্থ উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনধারা ও জীবনপদ্ধতি টেকসই (সাসটেইনেবল) করার লক্ষ্যে ব্যয় করা হবে এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বিপদ থেকে তাদের রক্ষা করার উপায় খুঁজে বের করা হবে।
আজ সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিসে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
সভায় বিশ্বব্যাংকের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক জ্যঁ পেসমে, নগর উন্নয়ন, সহনশীলতা ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের প্র্যাকটিস ম্যানেজার আবেদালরাজাক এফ. খলিল, বাংলাদেশ ও ভুটানের কার্যক্রম বিষয়ক ব্যবস্থাপক ড. গেইল এইচ. মার্টিন, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনাবিষয়ক জ্যেষ্ঠ বিশেষজ্ঞ ভেরোনিক মেরি মরিন ফ্লোয়াসাক, এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকল্প পরিচালক আল আমিন ফয়সাল।
এ সময় বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও চলমান বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
বৈঠকের পর মন্ত্রী জানান, ঢাকা শহরের জনসংখ্যার ক্রমবর্ধমান চাপ মোকাবিলা করার জন্য এবং নগরকে আরও বাসযোগ্য ও মানুষের জন্য আরামদায়ক করে তোলার বিষয়ে নতুন একটি প্রকল্পের বিষয়েও আলোচনা হয়েছে।
তিনি বলেন, বস্তিবাসীর জীবনমান উন্নয়নে মডেল প্রকল্প হিসেবে ঢাকা শহরের নিম্ন আয়ের মানুষ ও বস্তিবাসীদের জীবনমান উন্নয়নের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে একটি বা দুটি বস্তিকে— যেমন কড়াইল, ভাসানটেক বা এ ধরনের কয়েকটি এলাকাকে— মডেল হিসেবে চিহ্নিত করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, আগামী এক-দুই বছরের মধ্যে মডেল প্রকল্প তৈরি করে দরিদ্র ও খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক উদ্যোগ নেওয়া সম্ভব হবে। বিশ্বব্যাংক এ ক্ষেত্রে সহায়তা দিতে সম্মত হয়েছে।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই বিশ্বব্যাংক আমাদের দেশকে বিপুল পরিমাণ সহায়তা দিয়ে আসছে। সবচেয়ে কম সুদে অর্থ সহায়তা দেওয়ার কারণে বিশ্বব্যাংককে বরাবরই প্রাধান্য দেওয়া হয়।
বিশ্বব্যাংক প্রতিনিধি পেসমে বলেন, ঢাকাকে আরও বাসযোগ্য করার লক্ষ্যে পাইলট কর্মসূচিতে সহায়তা দেবে বিশ্বব্যাংক। ঢাকার নির্দিষ্ট কিছু এলাকায় কী কী করা সম্ভব, সে বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রী তাদের পরিকল্পনা জানিয়ে দিয়েছেন।
আলোচনার ভিত্তিতে নতুন পাইলট কর্মসূচির মাধ্যমে বিশ্বব্যাংক সহায়তা দেবে বলে তিনি জানান। শহরের বিশেষ চ্যালেঞ্জিং এলাকাগুলোর উন্নয়ন কীভাবে করা সম্ভব, তা যাচাইয়ের একটি মডেল হিসেবে এই পাইলট কর্মসূচিতে কাজ করবে বিশ্বব্যাংক।
তিনি বলেন, উপকূলীয় অঞ্চলের সহায়তার বিষয় এবং ভৌত অবকাঠামো ও জীবিকার পাশাপাশি স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে কীভাবে সহায়তা করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। বর্তমান কর্মসূচির পাশাপাশি ভবিষ্যতের কৌশল নির্ধারণেও এটি গুরুত্বপূর্ণ।
তিনি জানান, পরিবহনসহ বিভিন্ন খাতে উন্নয়ন সঙ্গীদের সঙ্গে সমন্বয় করে ছোট পরিসরে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে কাজ শুরু করে কীভাবে শহরের বাসিন্দাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা যায়, সে বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দেশের ওটিটি অঙ্গনে দর্শকপ্রিয় চরিত্রগুলোর তালিকায় ‘অ্যালেন স্বপন’ শীর্ষে অবস্থান করছে। ২০২২ সালে চরকি অরিজিনাল সিরিজ ‘সিন্ডিকেট’-এর মাধ্যমে দর্শক প্রথমবারের মতো চরিত্রটির সঙ্গে পরিচিত হন। নাসির উদ্দিন খানের অভিনয়ে অল্প সময়ের মধ্যেই চরিত্রটি হয়ে ওঠে আলোচিত।
এই জনপ্রিয়তার ভিত্তিতে নির্মাতা শিহাব শাহীন তৈরি করেছেন স্বতন্ত্র সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। প্রথম সিজনের সাফল্যের পর গত বছর মুক্তি পায় এর দ্বিতীয় সিজন। এখন পর্দায় আসছে সিরিজটির তৃতীয় কিস্তি। তবে নতুন পর্বে একটি বড় পরিবর্তন রয়েছে- অ্যালেন স্বপনের সঙ্গী শায়লা চরিত্রে অভিনয় করবেন সাদিয়া জাহান প্রভা। আগের দুই সিজনে এই চরিত্রে অভিনয় করেছিলেন রাফিয়াত রশিদ মিথিলা।
তথ্য অনুযায়ী, তৃতীয় সিজনের শুটিং ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আগের মতো এবারও অ্যালেন স্বপন চরিত্রে ফিরছেন নাসির উদ্দিন খান। তবে শায়লা চরিত্রে মিথিলার পরিবর্তে প্রভার অন্তর্ভুক্তি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে নির্মাতা শিহাব শাহীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘চুক্তিগত বাধ্যবাধকতার কারণে চরকির কোনো নিউজ কনফার্ম করা আমার পক্ষে সম্ভব নয়। তাদের নিজস্ব পিআর সিস্টেম রয়েছে। সেখান থেকেই জানানো হবে।’
পরে চরকির একটি বিশ্বস্ত সূত্র ঢাকা পোস্টকে প্রভার যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রের তথ্য অনুযায়ী, ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর তৃতীয় সিজনে শায়লা চরিত্রে অভিনয় করবেন তিনি।
মিথিলার সরে দাঁড়ানোর কারণ হিসেবে জানা গেছে, বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই অভিনেত্রী। সেখানে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণা বিজ্ঞানী হিসেবে যোগ দেওয়ার পাশাপাশি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে শিক্ষকতাও শুরু করেছেন তিনি। নতুন এই পেশাগত ব্যস্ততার কারণে সিরিজটির শুটিংয়ে অংশ নিতে বাংলাদেশে আসা সম্ভব হচ্ছে না তাঁর। এই পরিস্থিতিতে শায়লা চরিত্রের জন্য প্রভাকে বেছে নিয়েছেন নির্মাতা।
চলতি মাসের শেষ দিকে শুটিংয়ে যোগ দেওয়ার কথা রয়েছে প্রভার। ডিসেম্বরের মাঝামাঝি পুরো কাজ শেষ হবে। নাসির উদ্দিন খান ও সাদিয়া জাহান প্রভা ছাড়াও সিরিজটিতে অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু, জয়রাজ ও ফারজানা ছবি প্রমুখ। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে চরকিতে মুক্তি পাবে ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর তৃতীয় সিজন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিয়নে বৃষ্টির কারণে শুরুতেই বাধাগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতির জন্য নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হচ্ছে না।
টস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় সোমবার বেলা দেড়টায়। এই সময় আম্পায়াররা মাঠের অবস্থা পর্যবেক্ষণ করতে ছাতা মাথায় নিয়ে উপস্থিত ছিলেন।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে মাঠকর্মীরা মূল পিচ এবং বোলারদের রান-আপ ঢেকে রেখেছেন।
বাংলাদেশ দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পরাজিত হয়ে পিছিয়ে রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী রাজা পাহাড় এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় বডি স্প্রে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৩ নভেম্বর) ভোররাতে ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ কর্ণঝোড়া বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিওপির একটি টহল দল সোমবার ভোররাতে সীমান্তের রাজা পাহাড় এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় চোরাকারবারিদের ফেলে যাওয়া পরিত্যক্ত অবস্থায় ৯৭২ পিস ভারতীয় ডেনভার ব্র্যান্ডের বডি স্প্রে উদ্ধার করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার দুপুরে ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দকৃত ভারতীয় বডি স্প্রেগুলোর আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৮৩ হাজার টাকা।
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। জব্দকৃত মালামাল প্রচলিত নিয়ম অনুযায়ী শুল্ক গুদামে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
শিশুর হাসি, স্বপ্ন এবং শৈশব যখন যুদ্ধ, সহিংসতা ও ধ্বংসযজ্ঞের নির্মমতায় থমকে যায়, তখন শিল্প হয়ে ওঠে প্রতিবাদ, বেদনা ও স্মৃতি সংরক্ষণের শক্তিশালী মাধ্যম। বিশ্ব শিশুদিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্মারক চিত্রপ্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, যা ইরানের মিনাব, ফিলিস্তিনের গাজা এবং জুলাইয়ের শহীদ শিশুদের স্মরণে আয়োজন করা হয়।
‘প্রতিরোধের শিশুরা’ শীর্ষক এই আয়োজনটি সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সংগঠন সিলসিলা দ্বারা পরিচালিত। সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় চিত্রপ্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, প্রদর্শনীতে শিল্পকর্মের মাধ্যমে যুদ্ধ, সহিংসতা ও রাজনৈতিক সংঘাতের শিকার শিশুদের জীবন, স্বপ্ন, বেদনা এবং প্রতিরোধের চিত্র তুলে ধরা হয়।
এছাড়া, চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের সৃজনশীলতা, মানবিক মূল্যবোধ এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী চেতনা প্রকাশের সুযোগ তৈরি করা হয়।
আয়োজকদের প্রত্যাশা, এই প্রদর্শনী শিশুদের অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার বিষয়ে নতুন করে সচেতনতা তৈরি করবে। একই সঙ্গে শিল্পের ভাষায় যুদ্ধ ও সহিংসতার বিরুদ্ধে মানবিক প্রতিবাদ ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে ‘প্রতিরোধের শিশুরা’ শীর্ষক আয়োজন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ