০৬:৪১ পি.এম
বান্দরবানে বৌদ্ধ সম্প্রদায়ের মহাপিণ্ডদান উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য, বর্ণিল আয়োজন এবং দানশীলতার মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। মারমা সম্প্রদায়ের কাছে ‘ছোয়াইং গ্রী’ নামে পরিচিত, এই শত বছরের ঐতিহ্যের উৎসবে জেলার বিভিন্ন বৌদ্ধবিহারের দেড় শতাধিক বৌদ্ধ ভিক্ষু অংশগ্রহণ করেন।
উৎসবটি ঘিরে শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় আনন্দঘন এবং উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
বুধবার (২৫ নভেম্বর) সকালে বান্দরবান পৌর শহরের রাজগুরু বৌদ্ধবিহার থেকে বৌদ্ধ ভিক্ষুদের অংশগ্রহণে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে ভিক্ষু সংঘের অংশগ্রহণে শহরের মধ্যমপাড়া, উজানীপাড়া, জাদিপাড়াসহ বিভিন্ন এলাকায় পিণ্ডদান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে পাড়া-মহল্লার বিভিন্ন স্থানে বর্ণিল প্যান্ডেল ও সাজসজ্জার মাধ্যমে ভিক্ষুদের বরণ করে নেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
আরও পড়ুন: সড়ক নির্মাণে নিম্নমানের কাজ বরদাশত হবে না: ডা. শাহাদাত হোসেন
ধর্মপ্রাণ বৌদ্ধরা ভিক্ষু সংঘকে ভাতের পিণ্ড, আগরবাতি, মোমবাতি এবং নতুন টাকা দান করেন। উৎসবে বহন করা সোনার বুদ্ধমূর্তির প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন তারা। শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ ঐতিহ্যবাহী পোশাক পরে উৎসবে অংশগ্রহণ করেন। দান, প্রার্থনা এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানে মুখর হয়ে ওঠে পুরো শহর।
স্থানীয় বৌদ্ধ সম্প্রদায় সূত্রে জানা যায়, বৌদ্ধ ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুশীলন হলো দানশীলতা এবং ভিক্ষু সংঘের প্রতি শ্রদ্ধা নিবেদন। এর অংশ হিসেবে মহাপিণ্ডদান উৎসবের আয়োজন করা হয়। সাধারণত বিভিন্ন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসব শেষ হওয়ার পর মহাপিণ্ডদান অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে ভিক্ষু সংঘকে সম্মান জানানো হয়।
সূত্র জানায়, বান্দরবানে ১৯৩০ সাল থেকে মহাপিণ্ডদান উৎসব হয়ে আসছে। স্থানীয়ভাবে প্রচলিত রয়েছে যে, বোমাং সার্কেলের ১৩তম বোমাং রাজা ক্যজ সাইন বান্দরবানে এ উৎসব প্রচলন করেন। সেই থেকে প্রজন্মের পর প্রজন্ম ধরে ধর্মীয় ঐতিহ্য এবং সংস্কৃতির অংশ হিসেবে উৎসবটি অনুষ্ঠিত হয়ে আসছে।
শুধু বাংলাদেশেই নয়, প্রতিবেশী মিয়ানমার এবং থাইল্যান্ডেও বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে এ ধরনের পিণ্ডদান উৎসবের প্রচলন রয়েছে। ঐতিহ্য, ধর্মীয় বিশ্বাস, পারস্পরিক সম্প্রীতি এবং দানশীলতার সমন্বয়ে বান্দরবানের মহাপিণ্ডদান উৎসব এখন স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় মিলনমেলায় পরিণত হয়েছে বলে মনে করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
আরও পড়ুন: গাজীপুরে নারী শ্রমিক নিহতের গুজব, থানায় এসে জানালেন তিনি সুস্থ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন