প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কিশোরগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
এ সময় তিনি কিশোরগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনের তফসিলও ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, কিশোরগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে ১০ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৬ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। রিটার্নিং অফিসার মনোনয়ন বাছাই করবেন ৭ ডিসেম্বর। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সময়সীমা ৮ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত থাকবে। আপিল নিষ্পত্তির তারিখ ১৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দের তারিখ ১৮ ডিসেম্বর।
ইসি সচিব জানান, এই উপ-নির্বাচনে প্রবাসী এবং দেশের অভ্যন্তরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য পোস্টাল ভোটিং ব্যবস্থা থাকবে।
এই নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে জেলা নির্বাচন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এছাড়া, এই আসনের দুই উপজেলা নির্বাচন কর্মকর্তারা সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।
সম্প্রতি সরকারি দলের সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।
গত ১৭ নভেম্বর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, ড. মোহাম্মদ ওসমান ফারুক ১৪ নভেম্বর থেকে কার্যকরভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র স্পিকার বরাবর পাঠান। ১৫ নভেম্বর তিনি পদত্যাগপত্রটি গ্রহণ করেন। পদত্যাগপত্রটি বিধিসম্মত হওয়ায় তা গ্রহণ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী, স্পিকার পদত্যাগপত্র পাওয়ার তারিখ থেকে সংশ্লিষ্ট সংসদ সদস্যের আসন শূন্য হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন