ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মধ্যপ্রাচ্যে নিরাপত্তা জোরদারে দ্রুত কংক্রিটের বাংকার বানাতে চায় মার্কিন বাহিনী


মধ্যপ্রাচ্যে নিরাপত্তা জোরদারে দ্রুত কংক্রিটের বাংকার বানাতে চায় মার্কিন বাহিনী

মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন ও জোট বাহিনীর সেনাদের সুরক্ষার জন্য জরুরি ভিত্তিতে কংক্রিটের বাংকার নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। সেনাদের জন্য বর্তমানে ব্যবহৃত রূপান্তরিত শিপিং কনটেইনারগুলোকে ঝুঁকিপূর্ণ মনে করে, সেগুলোর পরিবর্তে শক্তিশালী কংক্রিটের আশ্রয়কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।

মার্কিন সেনাবাহিনী ১৩ নভেম্বর তারিখে প্রকাশিত একটি ক্রয় বিজ্ঞপ্তিতে এই উদ্যোগের কথা জানায়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ইসরায়েলে ১০টি, সউদী আরবে পাঁচটি এবং লেবাননে দুটি বাংকার নির্মাণের পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে পাঁচটি সামরিক স্থাপনায় ১৭টি বাংকার নির্মাণ করা হবে। মার্কিন সামরিক সংবাদমাধ্যম আর্মি টাইমসের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে সেনাদের সুরক্ষার জন্য প্রকল্পটি জরুরি ভিত্তিতে বাস্তবায়ন করা প্রয়োজন। বর্তমানে অস্থায়ী কনটেইনারে আশ্রয় নেওয়া সেনারা ঝুঁকির মধ্যে রয়েছেন। ঠিকাদারদের প্রতিটি কার্যাদেশ পাওয়ার ৪৫ দিনের মধ্যে নির্মাণকাজ শেষ করতে হবে। আনুষ্ঠানিক দরপত্র আহ্বানের পর প্রস্তাব জমা দেওয়ার জন্য দরদাতাদের মাত্র তিন দিন সময় দেওয়ার পরিকল্পনার কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: হোদায়দা বন্দরে হুথি স্থাপনায় সউদী নেতৃত্বাধীন জোটের হামলা, জাজানে সতর্কতা

পরিকল্পনা অনুযায়ী, বাংকারগুলো হবে আগে থেকে তৈরি শক্তিশালী কংক্রিটের কাঠামো। এতে থাকবে স্টিলের দরজা। ছাদ ও বাইরের দেয়ালে অতিরিক্ত সুরক্ষার জন্য বালুর বস্তা ব্যবহার করা হবে। নতুন স্থাপনা নির্মাণের জায়গা তৈরি করতে ঠিকাদারদের বিদ্যমান রূপান্তরিত শিপিং কনটেইনার, কংক্রিটের প্রতিবন্ধক ও অন্যান্য অস্থায়ী স্থাপনা সরিয়ে ফেলতে হবে।

তবে ১৭ নভেম্বর মার্কিন সেনাবাহিনী সরকারি চুক্তি-সংক্রান্ত ওয়েবসাইট থেকে প্রকল্পের সহায়ক নথিপত্র সরিয়ে নেয়। এ বিষয়ে ইউএস আর্মি সেন্ট্রালের মুখপাত্র কর্নেল অ্যাডাম হলমার্ক বিজনেস ইনসাইডারকে জানান, নথি সরানোর বিষয়টি প্রশাসনিক পরিবর্তনের অংশ। তবে সেনাদের সুরক্ষার প্রয়োজনীয়তা বহাল রয়েছে।

মার্কিন সেনাবাহিনী পুরো মধ্যপ্রাচ্যে সেনাদের ঝুঁকির কথা উল্লেখ করলেও লেবাননে দুটি বাংকার নির্মাণের নির্দিষ্ট কারণ জানায়নি। প্রকল্পের নথিতে সামরিক স্থাপনাগুলোর নাম ও অবস্থানও প্রকাশ করা হয়নি।

এদিকে, কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় প্রাণঘাতী ড্রোন হামলার পর সেনাদের নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। গত ১ মার্চ কুয়েতের পোর্ট শুয়াইবায় মার্কিন সেনাবাহিনীর একটি কমান্ড পোস্টে ইরানের ড্রোন হামলায় ছয় মার্কিন সেনা নিহত হন। আহত হন আরও কয়েক ডজন।

আরও পড়ুন: বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভারতীয় মন্তব্য, সম্পর্ক রক্ষার প্রতিশ্রুতি

ওই হামলা থেকে বেঁচে যাওয়া মার্কিন সেনাবাহিনীর মেজর স্টিফেন র‍্যামসবটম কংগ্রেসে একটি হুইসেলব্লোয়ার অভিযোগ জমা দিয়েছেন। এতে তাঁর দাবি, কমান্ড পোস্টের দুর্বল প্রতিরক্ষাব্যবস্থা নিয়ে আগেই সতর্ক করা হলেও জ্যেষ্ঠ কর্মকর্তারা তা উপেক্ষা করেছিলেন। অভিযোগে বলা হয়েছে, ওই স্থাপনাটিতে কোনো চিকিৎসক বা নির্দিষ্ট চিকিৎসাকেন্দ্র ছিল না; ছিল মাত্র একটি অ্যাম্বুলেন্স।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, পেন্টাগনের এক মুখপাত্র অভিযোগের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

গোপালগঞ্জ, ২০ নভেম্বর, ২০২৬ : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) কর্তৃপক্ষ সার্বিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এ সিদ্ধান্ত আগামী ২২ নভেম্বর থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি চলমান থাকবে বলে জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের সচিব মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ১৭ নভেম্বর অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ও ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়েছিল।

একই সভার আলোচনার ভিত্তিতে, জেলার সার্বিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, ১৭ নভেম্বর জারি করা আগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে, রিজেন্ট বোর্ডের ৬ষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ও ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে এবং পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সেই ধারাবাহিকতায় সর্বশেষ এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হলো।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃষ্টি আর কতদিন, কমলেই বাড়বে শীতের অনুভূতি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


বৃষ্টি আর কতদিন, কমলেই বাড়বে শীতের অনুভূতি

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং দমকা হাওয়ার এই প্রভাব আগামী দু-এক দিন অব্যাহত থাকতে পারে। তবে আগামী রবিবার থেকে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে আসার সম্ভাবনা রয়েছে। এরপর সোমবার এবং মঙ্গলবার দেশের অধিকাংশ অঞ্চলে আবহাওয়া থাকবে খটখটে শুষ্ক। আকাশের মেঘ কেটে গেলে রাতের তাপমাত্রা কমতে শুরু করবে, এবং তাতেই শীতের অনুভূতি বাড়বে।

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভানের’ কারণে প্রকৃতির এই পরিবর্তন ঘটছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশার গোপালপুরের কাছ দিয়ে উপকূল অতিক্রম করে স্থলভাগে প্রবেশ করেছে।

স্থলভাগে আছড়ে পড়ার পর ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে শক্তি হারাতে শুরু করবে। তবে এটি পর্যায়ক্রমে নিম্নচাপ এবং লঘুচাপে রূপান্তরিত হওয়ায় বাংলাদেশের আকাশে কিছু সময়ের জন্য মেঘের উপস্থিতি দেখা যাবে।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা গণমাধ্যমকে জানান, শুক্র ও শনিবার বৃষ্টির প্রবণতা থাকবে। তবে শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসবে। রবিবার থেকে দেশের দু-এক জায়গায় সামান্য বৃষ্টি হতে পারে। এরপর বৃষ্টি বন্ধ হলেও আকাশে কিছুটা মেঘলা ভাব থাকবে।

তিনি আরও বলেন, ঘূর্ণিঝড়টি স্থলভাগে উঠে দুর্বল হওয়ার পরবর্তী প্রক্রিয়ার প্রভাবে আগামী মঙ্গলবার পর্যন্ত দেশের আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে। বুধবার থেকে মেঘলা ভাব কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে তাপমাত্রা কমে আসবে।

আবহাওয়া অধিদপ্তরের আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বৃষ্টির প্রবণতা কমে আসার ইঙ্গিত রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, শুক্র ও শনিবার দেশের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টির আশঙ্কাও রয়েছে।

রবিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। তবে সোমবার থেকে দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। মঙ্গলবারও বৃষ্টির উল্লেখযোগ্য সম্ভাবনা নেই।

বৃষ্টি কমলে কি বাড়বে শীত: আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন দেশের রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে পাঁচ দিনের পূর্বাভাসের শেষ দিকে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসার বক্তব্য অনুযায়ী, বুধবার থেকে মেঘলা ভাব কেটে যাওয়ার পাশাপাশি তাপমাত্রা কমতে শুরু করতে পারে। বৃষ্টির প্রবণতা কমার পরই শীতের আমেজ বাড়ার সম্ভাবনা রয়েছে।

অভ্যন্তরীণ নদীবন্দরে সতর্কতা: দেশের ১০ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে অধিদপ্তর জানিয়েছে। শুক্রবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে এই ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনকে সহায়তার জন্য ইউরোপের ব্যয় নিয়ে প্রশ্ন তুললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১২ পি.এম


ইউক্রেনকে সহায়তার জন্য ইউরোপের ব্যয় নিয়ে প্রশ্ন তুললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার জন্য ইউরোপীয় দেশগুলোর বিপুল অর্থ ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি উল্লেখ করেছেন যে, রাশিয়া বর্তমানে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় আগ্রহী। তাই, যুদ্ধ বন্ধের জন্য উদ্যোগ নেওয়া উচিত, দীর্ঘকাল ধরে সামরিক সহায়তা দেওয়া নয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক ফোনালাপে ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এসব মন্তব্য করেন। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চীনের শেনজেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পর এয়ার ফোর্স ওয়ান থেকে বার্লিনে ইউক্রেনের মিত্রদের বৈঠকে ফোনে যুক্ত হন ট্রাম্প। আলোচনায় উপস্থিত ইউরোপীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে পলিটিকো এই তথ্য জানায়।

ফোনালাপে ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদানকারী ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেন ট্রাম্প। ইউক্রেনকে সহায়তাকারী বিভিন্ন দেশের এই জোটের মাধ্যমে কিয়েভকে শত শত কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়া হচ্ছে।

আলোচনার বিষয়ে অবগত এক ব্যক্তি জানিয়েছেন, যুদ্ধে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, যে যুদ্ধের অবসান হওয়া প্রয়োজন, সেখানে দেশগুলো অর্থ অপচয় করছে।

এ সময় পুতিন শান্তি আলোচনার বিষয়ে আন্তরিক এবং ইউক্রেনের সঙ্গে একটি শান্তিচুক্তিতে পৌঁছাতে প্রস্তুত বলেও ইউরোপীয় নেতাদের জানান ট্রাম্প।

তবে ইউক্রেনকে অর্থায়ন বন্ধ করতে ইউরোপীয় দেশগুলোকে ট্রাম্প নির্দেশ দিয়েছেন—এমন দাবি যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা নাকচ করেছেন।

এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এ ধরনের খবর সঠিক নয়। ট্রাম্পের মূল লক্ষ্য রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো।

হোয়াইট হাউসের এক কর্মকর্তাও ফোনালাপের সময় ট্রাম্পকে ইতিবাচক মনোভাবাপন্ন বলে বর্ণনা করেছেন। তিনি জানান, আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধের ভয়াবহ মানবিক ও আর্থিক ক্ষতির বিষয়টি তুলে ধরেন।

ওই কর্মকর্তা বলেন, ‘প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন, মানুষের প্রাণহানি ও অর্থ ব্যয়ের দিক থেকে এই যুদ্ধ অত্যন্ত ব্যয়বহুল। তাই সবারই শান্তির জন্য কাজ করা উচিত। কারণ, যুদ্ধ বন্ধ হলে মানুষের জীবন বাঁচবে এবং বিপুল অর্থ সাশ্রয় হবে। সেই অর্থ নিজেদের দেশের প্রতিরক্ষা ও সমৃদ্ধিতে ব্যয় করা সম্ভব হবে।’

ট্রাম্পের এই বক্তব্যের মাধ্যমে ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি সামরিক সহায়তার ব্যয় নিয়েও যুক্তরাষ্ট্রের অবস্থান নতুন করে আলোচনায় এসেছে।

তথ্যসূত্র: আনাদোলু

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বাস্থ্যসেবায় ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১২ পি.এম


স্বাস্থ্যসেবায় ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা

দেশের স্বাস্থ্যসেবা খাতকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে সরকার প্রায় ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা করছে। এই নিয়োগের মধ্যে প্রায় ৫ হাজার মেডিকেল টেকনোলজিস্ট এবং প্রায় ২ হাজার ফার্মাসিস্ট নিয়োগের সম্ভাবনা রয়েছে।

বর্তমানে বিদ্যমান ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) তথ্যের মধ্যে কারিগরি ত্রুটির কারণে অসংগতি থাকার ফলে শূন্য পদের সঠিক সংখ্যা নির্ধারণের জন্য স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র থেকে হালনাগাদ তথ্য চেয়েছে।

৫ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ২ হাজার ফার্মাসিস্টসহ মোট প্রায় ১০ হাজার পদে বড় পরিসরে নিয়োগের বিজ্ঞপ্তি চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে প্রকাশ হতে পারে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি জানান, "আমরা শুধু এমআইএসের তথ্যের ওপর নির্ভর না করে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র থেকে তথ্য চেয়েছি। তথ্য পাওয়ার পর সেগুলো একত্র করে আমরা নিয়োগের চূড়ান্ত চাহিদা নির্ধারণ করবো।"

তিনি আরও জানান, স্বাস্থ্য অধিদপ্তর হিসাব সহকারী, হিসাবরক্ষক ও অফিস সহকারীসহ বিভিন্ন পদে প্রায় ১৫০ জন কর্মী নিয়োগের প্রস্তুতি নিচ্ছে। আগামী দুই সপ্তাহের মধ্যে এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে।

অতিরিক্ত মহাপরিচালক আরও বলেন, জেলা পর্যায়ে স্বাস্থ্য সহকারী নিয়োগের কাজ চলছে। কিছু এলাকায় এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, আর কোথাও কোথাও এখনো তা চলমান রয়েছে। তবে কিছু জেলায় আদালতে মামলা বিচারাধীন থাকায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে কিছুটা সময় লাগছে।

সরকারি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার পদক্ষেপ সম্পর্কে অধ্যাপক রুমি জানান, ১১ থেকে ২০তম গ্রেডের নন-মেডিকেল পদগুলোতে নিয়োগের জন্য বিশেষ কমিটি গঠন করা হবে। এই কমিটিতে স্বাস্থ্য অধিদপ্তর, সরকারি কর্ম কমিশন (পিএসসি), জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা অন্তর্ভুক্ত থাকবেন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) কমিটির সভাপতি এবং উপপরিচালক (প্রশাসন) সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, "নিয়োগ কমিটি পরীক্ষার নীতিমালা ঠিক করবে। এরপর লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মানদণ্ড বজায় রাখা হবে।"

অতিরিক্ত মহাপরিচালক জানান, স্বচ্ছতা নিশ্চিত করতে নিয়োগ কমিটির তত্ত্বাবধানে লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং ফল প্রকাশের আগে উত্তরপত্র মূল্যায়ন করা হবে।

অধ্যাপক রুমি আরও বলেন, বিসিএস ক্যাডারের চিকিৎসক, অর্থাৎ মেডিকেল ও ডেন্টাল স্নাতক চিকিৎসকদের নিয়োগ পিএসসির মাধ্যমে হয়। এছাড়া ৭ম ও ৯ম গ্রেডের কিছু নন-মেডিকেল পদও এই কমিশনের মাধ্যমে পূরণ করা হয়।

স্বাস্থ্য খাতে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, তাৎক্ষণিক প্রশাসনিক পদক্ষেপ হিসেবে অসদাচরণের সন্দেহে কোনো কর্মকর্তাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা বা পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে।

তিনি বলেন, "আমার জানা মতে, এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে দুর্নীতির অভিযোগে কোনো বিভাগীয় মামলা হয়নি। এ পর্যন্ত যেসব বিভাগীয় মামলা হয়েছে, তার বেশিরভাগই কর্মস্থলে অনুপস্থিতি ও অসদাচরণ সংক্রান্ত।"

চিকিৎসা সরঞ্জামের যথাযথ ব্যবহার নিশ্চিত করার বিষয়ে তিনি বলেন, অব্যবহৃত বা অচল যন্ত্রপাতির কার্যকর ব্যবহার এবং সময়মতো মেরামত নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তর মাঠপর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোকে কঠোর নির্দেশনা দিয়েছে।

সেই সঙ্গে দাপ্তরিক চিঠিপত্র বা নথিপত্র দ্রুত নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

অধ্যাপক রুমি বলেন, কেন্দ্রীয় যানবাহন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সংস্থার (টিইএমও) পাশাপাশি বিভাগীয় পর্যায়ের দপ্তরগুলোকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) তৈরি করা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%