প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং দমকা হাওয়ার এই প্রভাব আগামী দু-এক দিন অব্যাহত থাকতে পারে। তবে আগামী রবিবার থেকে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে আসার সম্ভাবনা রয়েছে। এরপর সোমবার এবং মঙ্গলবার দেশের অধিকাংশ অঞ্চলে আবহাওয়া থাকবে খটখটে শুষ্ক। আকাশের মেঘ কেটে গেলে রাতের তাপমাত্রা কমতে শুরু করবে, এবং তাতেই শীতের অনুভূতি বাড়বে।
বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভানের’ কারণে প্রকৃতির এই পরিবর্তন ঘটছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশার গোপালপুরের কাছ দিয়ে উপকূল অতিক্রম করে স্থলভাগে প্রবেশ করেছে।
স্থলভাগে আছড়ে পড়ার পর ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে শক্তি হারাতে শুরু করবে। তবে এটি পর্যায়ক্রমে নিম্নচাপ এবং লঘুচাপে রূপান্তরিত হওয়ায় বাংলাদেশের আকাশে কিছু সময়ের জন্য মেঘের উপস্থিতি দেখা যাবে।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা গণমাধ্যমকে জানান, শুক্র ও শনিবার বৃষ্টির প্রবণতা থাকবে। তবে শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসবে। রবিবার থেকে দেশের দু-এক জায়গায় সামান্য বৃষ্টি হতে পারে। এরপর বৃষ্টি বন্ধ হলেও আকাশে কিছুটা মেঘলা ভাব থাকবে।
তিনি আরও বলেন, ঘূর্ণিঝড়টি স্থলভাগে উঠে দুর্বল হওয়ার পরবর্তী প্রক্রিয়ার প্রভাবে আগামী মঙ্গলবার পর্যন্ত দেশের আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে। বুধবার থেকে মেঘলা ভাব কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে তাপমাত্রা কমে আসবে।
আবহাওয়া অধিদপ্তরের আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বৃষ্টির প্রবণতা কমে আসার ইঙ্গিত রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, শুক্র ও শনিবার দেশের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টির আশঙ্কাও রয়েছে।
রবিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। তবে সোমবার থেকে দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। মঙ্গলবারও বৃষ্টির উল্লেখযোগ্য সম্ভাবনা নেই।
বৃষ্টি কমলে কি বাড়বে শীত: আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন দেশের রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে পাঁচ দিনের পূর্বাভাসের শেষ দিকে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসার বক্তব্য অনুযায়ী, বুধবার থেকে মেঘলা ভাব কেটে যাওয়ার পাশাপাশি তাপমাত্রা কমতে শুরু করতে পারে। বৃষ্টির প্রবণতা কমার পরই শীতের আমেজ বাড়ার সম্ভাবনা রয়েছে।
অভ্যন্তরীণ নদীবন্দরে সতর্কতা: দেশের ১০ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে অধিদপ্তর জানিয়েছে। শুক্রবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে এই ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন