প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন ও জোট বাহিনীর সেনাদের সুরক্ষার জন্য জরুরি ভিত্তিতে কংক্রিটের বাংকার নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। সেনাদের জন্য বর্তমানে ব্যবহৃত রূপান্তরিত শিপিং কনটেইনারগুলোকে ঝুঁকিপূর্ণ মনে করে, সেগুলোর পরিবর্তে শক্তিশালী কংক্রিটের আশ্রয়কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।
মার্কিন সেনাবাহিনী ১৩ নভেম্বর তারিখে প্রকাশিত একটি ক্রয় বিজ্ঞপ্তিতে এই উদ্যোগের কথা জানায়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ইসরায়েলে ১০টি, সউদী আরবে পাঁচটি এবং লেবাননে দুটি বাংকার নির্মাণের পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে পাঁচটি সামরিক স্থাপনায় ১৭টি বাংকার নির্মাণ করা হবে। মার্কিন সামরিক সংবাদমাধ্যম আর্মি টাইমসের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে সেনাদের সুরক্ষার জন্য প্রকল্পটি জরুরি ভিত্তিতে বাস্তবায়ন করা প্রয়োজন। বর্তমানে অস্থায়ী কনটেইনারে আশ্রয় নেওয়া সেনারা ঝুঁকির মধ্যে রয়েছেন। ঠিকাদারদের প্রতিটি কার্যাদেশ পাওয়ার ৪৫ দিনের মধ্যে নির্মাণকাজ শেষ করতে হবে। আনুষ্ঠানিক দরপত্র আহ্বানের পর প্রস্তাব জমা দেওয়ার জন্য দরদাতাদের মাত্র তিন দিন সময় দেওয়ার পরিকল্পনার কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, বাংকারগুলো হবে আগে থেকে তৈরি শক্তিশালী কংক্রিটের কাঠামো। এতে থাকবে স্টিলের দরজা। ছাদ ও বাইরের দেয়ালে অতিরিক্ত সুরক্ষার জন্য বালুর বস্তা ব্যবহার করা হবে। নতুন স্থাপনা নির্মাণের জায়গা তৈরি করতে ঠিকাদারদের বিদ্যমান রূপান্তরিত শিপিং কনটেইনার, কংক্রিটের প্রতিবন্ধক ও অন্যান্য অস্থায়ী স্থাপনা সরিয়ে ফেলতে হবে।
তবে ১৭ নভেম্বর মার্কিন সেনাবাহিনী সরকারি চুক্তি-সংক্রান্ত ওয়েবসাইট থেকে প্রকল্পের সহায়ক নথিপত্র সরিয়ে নেয়। এ বিষয়ে ইউএস আর্মি সেন্ট্রালের মুখপাত্র কর্নেল অ্যাডাম হলমার্ক বিজনেস ইনসাইডারকে জানান, নথি সরানোর বিষয়টি প্রশাসনিক পরিবর্তনের অংশ। তবে সেনাদের সুরক্ষার প্রয়োজনীয়তা বহাল রয়েছে।
মার্কিন সেনাবাহিনী পুরো মধ্যপ্রাচ্যে সেনাদের ঝুঁকির কথা উল্লেখ করলেও লেবাননে দুটি বাংকার নির্মাণের নির্দিষ্ট কারণ জানায়নি। প্রকল্পের নথিতে সামরিক স্থাপনাগুলোর নাম ও অবস্থানও প্রকাশ করা হয়নি।
এদিকে, কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় প্রাণঘাতী ড্রোন হামলার পর সেনাদের নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। গত ১ মার্চ কুয়েতের পোর্ট শুয়াইবায় মার্কিন সেনাবাহিনীর একটি কমান্ড পোস্টে ইরানের ড্রোন হামলায় ছয় মার্কিন সেনা নিহত হন। আহত হন আরও কয়েক ডজন।
ওই হামলা থেকে বেঁচে যাওয়া মার্কিন সেনাবাহিনীর মেজর স্টিফেন র্যামসবটম কংগ্রেসে একটি হুইসেলব্লোয়ার অভিযোগ জমা দিয়েছেন। এতে তাঁর দাবি, কমান্ড পোস্টের দুর্বল প্রতিরক্ষাব্যবস্থা নিয়ে আগেই সতর্ক করা হলেও জ্যেষ্ঠ কর্মকর্তারা তা উপেক্ষা করেছিলেন। অভিযোগে বলা হয়েছে, ওই স্থাপনাটিতে কোনো চিকিৎসক বা নির্দিষ্ট চিকিৎসাকেন্দ্র ছিল না; ছিল মাত্র একটি অ্যাম্বুলেন্স।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, পেন্টাগনের এক মুখপাত্র অভিযোগের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন