ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

স্যান্ডপেপার কেলেঙ্কারি নিয়ে কামিন্সের বক্তব্যে প্রশ্ন তুললেন ওয়াসিম আকরাম


স্যান্ডপেপার কেলেঙ্কারি নিয়ে কামিন্সের বক্তব্যে প্রশ্ন তুললেন ওয়াসিম আকরাম

পাকিস্তানের কিংবদন্তি পেসার ও সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম মনে করেন, ক্রিকেট বল যদি স্যান্ডপেপার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে সেটির অবস্থা কাছ থেকে দেখলেই তা স্পষ্টভাবে বোঝা সম্ভব। তার মতে, এমন পরিবর্তন একজন বোলারের চোখের অগোচরে থাকার কথা নয়।

২০১৮ সালের কেপ টাউন টেস্টে অস্ট্রেলিয়ার আলোচিত বল বিকৃতি কেলেঙ্কারি নিয়ে প্যাট কামিন্স সম্প্রতি মন্তব্য করেছেন যে, তিনি সেই ঘটনার বিষয়ে কিছুই জানতেন না। তবে ওয়াসিমের দাবি, অভিজ্ঞ কোনো বোলার বল হাতে নিলেই বুঝতে পারবেন যে সেটির সঙ্গে অস্বাভাবিক কিছু করা হয়েছে কি না।

অস্ট্রেলিয়ার সদ্য সাবেক ওপেনার উসমান খাজা তার আত্মজীবনীতে উল্লেখ করেছেন যে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই টেস্টে স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি পুরো অস্ট্রেলিয়া দলের সদস্যদের জানা ছিল। খাজার এই বক্তব্যের ফলে অস্ট্রেলিয়ার সাবেক ও বর্তমান খেলোয়াড়দের মধ্যে মতবিরোধ দেখা দেয়। ডেভিড ওয়ার্নার খাজার দাবিকে সমর্থন করলেও প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক তা প্রত্যাখ্যান করেন।

আরও পড়ুন: ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেওয়া ক্যারিয়ারের অন্যতম কঠিন সিদ্ধান্ত: পচেত্তিনো

এমন পরিস্থিতিতে আকরাম তার মতামত তুলে ধরেন। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ফাস্ট বোলার বলেন, বোলাররা সব সময় বলের অবস্থা পর্যবেক্ষণ করেন এবং স্বাভাবিক ক্ষয় ও স্যান্ডপেপারের আঁচড়ের মধ্যে পার্থক্য সহজেই ধরতে পারেন।

এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত একটি ভিডিওতে আকরাম বলেন, “আমি প্যাট কামিন্সকে দেখেছি। সে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, অসাধারণ ক্রিকেটার এবং বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা নেতা। সে বলেছে, সে কিছু জানত না।”

আকরাম ব্যাখ্যা করেন, রিভার্স সুইং পাওয়ার জন্য বোলাররা বিশেষ করে শুষ্ক কন্ডিশনে বলের এক পাশে ঘসে চকচকে করেন। তবে স্যান্ডপেপারের দাগ এবং স্বাভাবিকভাবে বলে তৈরি হওয়া দাগ এক নয়।

তিনি বলেন, “এটা আমার ব্যক্তিগত মত, ভুলও হতে পারে, সঠিকও হতে পারে। কিন্তু একজন বোলার হিসেবে যখন বল আমার হাতে আসে, সেটা পঞ্চম ওভার, দশম ওভার বা পঞ্চাশতম ওভার যাই হোক না কেন, আমি বল ঘসে নিই। এক পাশ চকচকে রাখি, শুকনো উইকেটে এক বাউন্সে থ্রো করি যাতে কিছুটা আঁচড় পড়ে। কিন্তু স্যান্ডপেপারের আঁচড় আর এক বাউন্সে থ্রো করার ফলে হওয়া আঁচড় সম্পূর্ণ আলাদা।”

আরও পড়ুন: ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা সোমবার কাপ্তাই লেকে

আকরাম এমনকি সমর্থকদেরও বিষয়টি পরীক্ষা করে দেখার পরামর্শ দেন।

তার ভাষায়, “আপনি যদি ক্রিকেটপ্রেমী হন, তাহলে একটি তুলনামূলক নতুন ক্রিকেট বল নিন, স্যান্ডপেপার দিয়ে ঘষুন। দেখবেন সেই আঁচড়গুলো সম্পূর্ণ ভিন্ন ধরনের।”

তবে বিতর্কে কোনো পক্ষ নিচ্ছেন না বলেও পরিষ্কার করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।

তিনি বলেন, “আবারও বলছি, আমি কারও পক্ষ নিচ্ছি না। অস্ট্রেলিয়ানরা তাদের সরলতা, মাঠে ও মাঠের বাইরে কঠোরতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সততার জন্য পরিচিত।”

আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনালে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

আকরামের মতে, আট বছর আগের ঘটনা নতুন করে সামনে আসায় পুরো অস্ট্রেলিয়াই আবার চাপের মধ্যে পড়েছে।

তিনি বলেন, “পুরো দেশই চাপের মধ্যে আছে। আট বছর আগের ঘটনা আবারও সামনে এসেছে। আশা করি বিষয়টির সমাধান হবে। একজন অভিজ্ঞ বোলার হিসেবে বল হাতে নিলে আমি সঙ্গে সঙ্গেই বুঝতে পারব কিছু একটা ঠিক নেই।”

কী ঘটেছিল কেপ টাউন টেস্টে?

২০১৮ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউনে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বল বিকৃতি কেলেঙ্কারি প্রকাশ্যে আসে। ক্যামেরায় ধরা পড়ে ওপেনার ক্যামেরন ব্যানক্রফট বলের অবস্থা পরিবর্তনের জন্য স্যান্ডপেপার ব্যবহার করছেন। পরে ডেভিড ওয়ার্নার এবং তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথও এই ঘটনায় জড়িত বলে প্রমাণিত হন।

আরও পড়ুন: ভিনির জোড়া গোলের পরও ব্রাজিলের ৩-২ হার, কোচ ও অধিনায়কের লাল কার্ড

ঘটনার পর ক্রিকেট অস্ট্রেলিয়া স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে ১২ মাসের নিষেধাজ্ঞা দেয়। অন্যদিকে ব্যানক্রফটকে নয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়।

তখনকার অস্ট্রেলিয়া বোলিং ইউনিটের সদস্য মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স এবং নাথান লায়ন বারবার দাবি করেন, স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি তারা জানতেন না। ২০২১ সালেও এই চার বোলার বলেন, টেলিভিশনের ফুটেজ দেখার পরই তারা প্রথম ঘটনা সম্পর্কে জানতে পারেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল মামলায় আসামি বীর মুক্তিযোদ্ধা সামচু ঢালী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৩ পি.এম


মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল মামলায় আসামি বীর মুক্তিযোদ্ধা সামচু ঢালী

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় আসামি করা হয়েছে মৃত এক বীর মুক্তিযোদ্ধাকে।

মৃত বীর মুক্তিযোদ্ধার নাম সামচু ঢালী, যিনি আওয়ামী লীগ নেতা ছিলেন। তিনি ঘটনার প্রায় সাড়ে সাত মাস আগে মারা যান। সামচু ঢালীর মৃত্যু ২৯ মার্চ ঘটলেও ৯ নভেম্বর রাতে সংঘটিত ঘটনার পর দায়ের করা মামলার এজাহারে তার নাম ২১৯ নম্বরে উল্লেখ করা হয়েছে।

সামচু ঢালী মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ঢালীকান্দি এলাকার ইসমাইল ঢালীর সন্তান। তিনি কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করতেন এবং একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবেও পরিচিত ছিলেন।

মামলার এজাহার অনুযায়ী, ৯ নভেম্বর রাত ১টার দিকে জাজিরার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা লাঠিসোঁটা ও লগি-বৈঠা নিয়ে সড়কে অবস্থান নেন।

একপর্যায়ে, বিক্ষোভের ফলে কয়েকটি যানবাহনে ভাঙচুর ও একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর ফলে প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে এবং সেতুর দুই প্রান্তে যানবাহন আটকে পড়ে।

এ ঘটনায় ১২ নভেম্বর সকালে পদ্মা সেতু দক্ষিণ থানার এসআই আকরাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। এজাহারের ২১৯ নম্বরে মৃত সামচু ঢালীর নাম অন্তর্ভুক্ত রয়েছে।

এজাহারে নাম অন্তর্ভুক্তির আগে আসামিদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করা হয়েছিল কি না, তা নিয়েও আলোচনা চলছে।

সামচু ঢালীর ছেলে নাজমুল ঢালী বলেন, "বাবা গত ২৯ মার্চ মারা গেছেন। অথচ মৃত্যুর পর তাকে একটি মামলার আসামি করা হয়েছে। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই। তবে একজন মৃত ব্যক্তিকে কীভাবে মামলার আসামি করা হলো, সেটিই আমাদের প্রশ্ন।" তিনি দাবি করেন যে বিষয়টি সুষ্ঠু তদন্ত করে তার বাবার নাম মামলা থেকে প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া উচিত।

মামলার বাদী এসআই আকরাম বলেন, "আমি শুধু নামেই মামলার বাদী। আসামিদের নামগুলো আমাকে দেওয়া হয়েছে। কারা কী করছে, বিষয়টি আপনারা বুঝতেই পারছেন। আসামির বাড়ি শিবচরে, অথচ আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না। সেখান থেকেই নামগুলো এসেছে। কীভাবে নামগুলো এসেছে, তা আপনারা বুঝতেই পারছেন।"

পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি মো. আব্দুস সালাম বলেন, "মামলায় এতসংখ্যক আসামির মধ্যে দু-একটি নাম ভুলবশত অন্তর্ভুক্ত হতে পারে। তদন্তে কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়া গেলে বা ভুলক্রমে নাম অন্তর্ভুক্তির প্রমাণ মিললে তাদের বাদ দেওয়ার সুযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদকাসক্ত হওয়ায় গুরুত্ব পায়নি নিখোঁজ সংবাদ, বরগুনায় যুবকের মরদেহ মিলল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৩ পি.এম


মাদকাসক্ত হওয়ায় গুরুত্ব পায়নি নিখোঁজ সংবাদ, বরগুনায় যুবকের মরদেহ মিলল

বরগুনার আমতলীতে পুলিশ তুহিন মুন্সি (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে, যা হাত বাঁধা এবং গলায় ফাঁস দেওয়া অবস্থায় ছিল।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে, উপজেলার চাওড়া ইউনিয়নের লোদা গ্রামে তার নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি পাওয়া যায়।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, তুহিন মুন্সি অলী উল্লাহ মুন্সির ছেলে। তিনি দীর্ঘ সময় ধরে মাদকাসক্ত ছিলেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। মাদকাসক্তির কারণে তার নিখোঁজ হওয়ার বিষয়টি গুরুত্ব পায়নি। দুই দিন ধরে ছেলের কোনো খবর না পেয়ে, শনিবার দুপুরে অলী উল্লাহ মুন্সি তার ঘরের দরজায় ধাক্কা দেন এবং ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে, ঘরের বেড়ার ফাঁক দিয়ে তিনি ছেলের হাত বাঁধা ও গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের বাবা অলী উল্লাহ মুন্সি কান্নাজড়িত কণ্ঠে বলেন, "গত দুই দিন ধরে ছেলের কোনো খোঁজ পাচ্ছিলাম না। শনিবার দুপুরে ঘরের দরজায় ধাক্কা দিয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া পাইনি। পরে বেড়ার ফাঁক দিয়ে ছেলেকে হাত বাঁধা ও গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখি।"

তিনি দাবি করেন, কেউ তার ছেলেকে হত্যা করে এভাবে ঝুলিয়ে রেখেছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান তিনি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, "হাত বাঁধা ও গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্বালানি তেলের দাম সপ্তাহজুড়ে নিম্নমুখী, ব্রেন্ট ক্রুড ৯৫.৮৪ ডলারে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৪ পি.এম


জ্বালানি তেলের দাম সপ্তাহজুড়ে নিম্নমুখী, ব্রেন্ট ক্রুড ৯৫.৮৪ ডলারে

আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। আন্তর্জাতিক মানদণ্ডের অপরিশোধিত তেল ‘ব্রেন্ট ক্রুড’-এর দাম কমে প্রতি ব্যারেল ৯৫.৮৪ ডলারে পৌঁছেছে।

চলতি সপ্তাহজুড়ে বাজারে অব্যাহত দাম পতনের কারণে বৈশ্বিক জ্বালানি তেলের বাজার টানা দ্বিতীয় সাপ্তাহিক ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে।

মার্কেট বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি এবং বৈশ্বিক চাহিদার তুলনায় জোগানের আধিক্য এই নিম্নমুখী চাপ সৃষ্টি করেছে। আন্তর্জাতিক শক্তি সংস্থাসহ (IEA) বিভিন্ন পরাশক্তি বাজারে অতিরিক্ত সরবরাহের আশঙ্কা প্রকাশ করায় বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা তৈরি হয়েছে। বর্তমান পরিস্থিতিতে তেলের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা সীমিত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকরা এই সপ্তাহের জন্য তেলের দামের বুলিশ (বাজার ঊর্ধ্বমুখী হওয়ার) এবং বেয়ারিশ (বাজার নিম্নমুখী হওয়ার) সূচক বা রেঞ্জ যথাক্রমে ৯৮ ডলার এবং ৯১ ডলার নির্ধারণ করেছেন। মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি এবং রপ্তানি পরিস্থিতির ওপর নির্ভর করে আগামী দিনে তেলের বাজার কোন দিকে মোড় নেবে, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বাজার বিশেষজ্ঞরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপরাধ করলে নিজ দলের নেতাকর্মীকেও ছাড় নয়: শরীফুল আলম

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৪ পি.এম


অপরাধ করলে নিজ দলের নেতাকর্মীকেও ছাড় নয়: শরীফুল আলম

পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম মন্তব্য করেছেন যে, ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকারের অধীনে কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইয়ের মতো অপরাধের বিস্তার ঘটেছে। তিনি বলেন, এসব অপরাধ আওয়ামী লীগের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া। সরকার অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছে। তবে বর্তমান সরকার কাউকে ছাড় দেবে না।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ সদর মডেল থানায় সিসি ক্যামেরা স্থাপনের সার্ভার স্টেশন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। শহরের অপরাধ দমনে নিরবচ্ছিন্ন নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে। মাদক, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। তিনি সমাজের যেকোনো ধরনের অন্যায় ও অপরাধ দমনে পুলিশকে কঠোরভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

মো. শরীফুল আলম বলেন, আগের সরকারের সময়ে কিশোর গ্যাং, মাদক ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হতো। অনেক অপরাধের সঙ্গে জনপ্রতিনিধিরাও জড়িত ছিলেন। বর্তমান সরকার এসব অপরাধে কাউকে প্রশ্রয় দেবে না। এমনকি অপরাধের সঙ্গে নিজ দলের কোনো নেতাকর্মী জড়িত থাকলেও তাকে ছাড় দেওয়া হবে না।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিন, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান এবং সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঞাসহ অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, কিশোরগঞ্জ শহরের নিরাপত্তাব্যবস্থা তদারকিতে জেলা পুলিশের উদ্যোগে ২৫০টি অত্যাধুনিক সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। এর মধ্যে ৭৪টি ক্যামেরা স্থাপনের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এ জন্য সদর মডেল থানায় সার্ভার স্টেশন স্থাপন করা হয়েছে। প্রতিমন্ত্রী শরীফুল আলম দলীয় নেতাকর্মীসহ বিত্তবানদের এই প্রকল্পে আর্থিক সহযোগিতার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

এর আগে সকালে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে জেলা ডায়াবেটিস সমিতি আয়োজিত মিনি ম্যারাথন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে ৩৬০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%