প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় আসামি করা হয়েছে মৃত এক বীর মুক্তিযোদ্ধাকে।
মৃত বীর মুক্তিযোদ্ধার নাম সামচু ঢালী, যিনি আওয়ামী লীগ নেতা ছিলেন। তিনি ঘটনার প্রায় সাড়ে সাত মাস আগে মারা যান। সামচু ঢালীর মৃত্যু ২৯ মার্চ ঘটলেও ৯ নভেম্বর রাতে সংঘটিত ঘটনার পর দায়ের করা মামলার এজাহারে তার নাম ২১৯ নম্বরে উল্লেখ করা হয়েছে।
সামচু ঢালী মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ঢালীকান্দি এলাকার ইসমাইল ঢালীর সন্তান। তিনি কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করতেন এবং একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবেও পরিচিত ছিলেন।
মামলার এজাহার অনুযায়ী, ৯ নভেম্বর রাত ১টার দিকে জাজিরার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা লাঠিসোঁটা ও লগি-বৈঠা নিয়ে সড়কে অবস্থান নেন।
একপর্যায়ে, বিক্ষোভের ফলে কয়েকটি যানবাহনে ভাঙচুর ও একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর ফলে প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে এবং সেতুর দুই প্রান্তে যানবাহন আটকে পড়ে।
এ ঘটনায় ১২ নভেম্বর সকালে পদ্মা সেতু দক্ষিণ থানার এসআই আকরাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। এজাহারের ২১৯ নম্বরে মৃত সামচু ঢালীর নাম অন্তর্ভুক্ত রয়েছে।
এজাহারে নাম অন্তর্ভুক্তির আগে আসামিদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করা হয়েছিল কি না, তা নিয়েও আলোচনা চলছে।
সামচু ঢালীর ছেলে নাজমুল ঢালী বলেন, "বাবা গত ২৯ মার্চ মারা গেছেন। অথচ মৃত্যুর পর তাকে একটি মামলার আসামি করা হয়েছে। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই। তবে একজন মৃত ব্যক্তিকে কীভাবে মামলার আসামি করা হলো, সেটিই আমাদের প্রশ্ন।" তিনি দাবি করেন যে বিষয়টি সুষ্ঠু তদন্ত করে তার বাবার নাম মামলা থেকে প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া উচিত।
মামলার বাদী এসআই আকরাম বলেন, "আমি শুধু নামেই মামলার বাদী। আসামিদের নামগুলো আমাকে দেওয়া হয়েছে। কারা কী করছে, বিষয়টি আপনারা বুঝতেই পারছেন। আসামির বাড়ি শিবচরে, অথচ আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না। সেখান থেকেই নামগুলো এসেছে। কীভাবে নামগুলো এসেছে, তা আপনারা বুঝতেই পারছেন।"
পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি মো. আব্দুস সালাম বলেন, "মামলায় এতসংখ্যক আসামির মধ্যে দু-একটি নাম ভুলবশত অন্তর্ভুক্ত হতে পারে। তদন্তে কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়া গেলে বা ভুলক্রমে নাম অন্তর্ভুক্তির প্রমাণ মিললে তাদের বাদ দেওয়ার সুযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন