প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পলাতক শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করতে পারবেন না। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন মন্তব্য করেছেন যে, তার ফাঁসির রায় কার্যকর করার কোনো বিকল্প নেই।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে খুলনার ডাকবাংলো এলাকার সোনালী ব্যাংক চত্বরে চার দফা দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
সমাবেশে আখতার হোসেন উল্লেখ করেন, ‘সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে আর বাংলাদেশে ফিরতে দেয়া হবে না। শেখ হাসিনাকে ভারত থেকে বের করে দেয়া হোক, অথবা তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। তার ফাঁসির রায় কার্যকর করতে হবে, এর কোনো বিকল্প নেই।’
তিনি আরো বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগ দেশের মানুষের ওপর জুলুম চালিয়েছে। তিনি দাবি করেন, দলটির বিরুদ্ধে দেশের প্রতিটি উপজেলা থেকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত গণশুনানি করতে হবে। ফ্যাসিবাদ, দখলদারিত্ব ও দলীয়করণমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে আখতার হোসেন বলেন, ‘সম্পর্ক হতে হবে ন্যায্যতা ও বন্ধুত্বের ভিত্তিতে, প্রভুত্বের ভিত্তিতে নয়। গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ে বর্তমান সরকারকে ভারতের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘ভারত যদি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে চায়, তাহলে তা হতে হবে পারস্পরিক সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে।’
এ সময় সীমান্তের ওপার থেকে বাংলাদেশকে দখলে নেয়ার হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, ‘বাংলাদেশের ভূখণ্ড দখলের যেকোনো চেষ্টা এ দেশের মানুষ প্রতিহত করবে। দেশের জমি দখল হতে দেয়া হবে না।’
শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর, সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়সহ চার দফা দাবিতে এ সমাবেশের আয়োজন করে এনসিপি।
খুলনা মহানগর এনসিপির আহ্বায়ক আহম্মদ হামীম রাহাতের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন: দলটির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হকসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খুলনা মহানগর এনসিপির সেক্রেটারি ডা. আব্দুল্লাহ চৌধুরী।
সমাবেশ শেষে ডাকবাংলো চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ী মোড়ে গিয়ে শেষ হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন