ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চামড়া শিল্পের টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান এলএফবির


চামড়া শিল্পের টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান এলএফবির

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : দেশের চামড়া শিল্পের সকল সমস্যা সমাধানে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) স্থাপন করলেই যথেষ্ট হবে না। লেদার ফাউন্ডেশন অব বাংলাদেশের (এলএফবি) সভাপতি সাদাত হোসেন সেলিম মন্তব্য করেছেন যে, এ শিল্পের টেকসই উন্নয়নের জন্য পরিবেশবান্ধব উৎপাদন, বর্জ্য ব্যবস্থাপনা, কাঁচা চামড়ার সঠিক সংরক্ষণ, বাজার সম্প্রসারণ এবং নীতিগত সহায়তা সহ বিভিন্ন ক্ষেত্রে সমন্বিত উদ্যোগের প্রয়োজন।

শনিবার জাতীয় প্রেসক্লাবে লেদার ফাউন্ডেশন অব বাংলাদেশের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সাদাত হোসেন সেলিম বলেন, চামড়া শিল্পের পরিবেশগত উন্নয়নে সিইটিপি গুরুত্বপূর্ণ হলেও এটিকে একমাত্র সমাধান হিসেবে দেখা উচিত নয়। যদি সিইটিপি একমাত্র সমাধান হতো, তাহলে চামড়ার স্যুট ও জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে নানা অনিশ্চয়তার মুখোমুখি হতে হতো না। যারা এই শিল্পকে টিকিয়ে রেখেছেন, তাদের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে কার্যকর সরকারি সহায়তা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: শীতার্তদের জন্য ২০ টাকার কাপড়ের হাট নীলফামারীতে

অনুষ্ঠানে দেশের চামড়া শিল্পের টেকসই উন্নয়ন, দক্ষ জনবল তৈরি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধির জন্য ১৩ দফা কৌশলগত প্রস্তাব উপস্থাপন করা হয়।

সভাপতির বক্তব্যে সাদাত হোসেন সেলিম বলেন, বাংলাদেশের অর্থনীতি, রপ্তানি আয়, কর্মসংস্থান এবং ধর্মীয় ও সামাজিক জীবনের সঙ্গে চামড়া শিল্পের গভীর সম্পর্ক রয়েছে। এ শিল্পের উন্নয়নে কোনো একটি নির্দিষ্ট সমস্যা বা প্রযুক্তিগত সমাধানের ওপর নির্ভর করা উচিত নয়। পরিবেশবান্ধব উৎপাদন, বর্জ্য ব্যবস্থাপনা, কাঁচা চামড়ার যথাযথ সংরক্ষণ, বাজার সম্প্রসারণ এবং নীতিগত সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সংগঠনের মহাসচিব ও প্রতিষ্ঠাতা এম মুফাজ্জল ইবনে মাহফুজ বলেন, চামড়া শিল্পের উন্নয়নে সংশ্লিষ্ট সকল খাত, বাণিজ্য সংগঠন, উদ্যোক্তা ও কারিগরি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলা প্রয়োজন।

আধুনিক প্রযুক্তির ব্যবহার, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নীতিগত সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে ফাউন্ডেশনটি পরিকল্পিতভাবে কাজ করবে।

আরও পড়ুন: ভবদহের জলাবদ্ধতা নিরসনে ৩০০ কোটি টাকার মেগা প্রকল্পের প্রাক-পরিদর্শন করলেন চার মন্ত্রী

মূল প্রবন্ধে সংগঠনের যুগ্ম মহাসচিব প্রকৌশলী এ ফাত্তাহ আল মঞ্জুর আফিক বলেন, দেশে বিপুলসংখ্যক কর্মক্ষম ও পরিশ্রমী জনশক্তি থাকা সত্ত্বেও দক্ষ মধ্যম সারির কর্মীর অভাব, আধুনিক প্রযুক্তির ঘাটতি এবং লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) মান অর্জনে জটিলতার কারণে এ খাত আন্তর্জাতিক বাজারে কাঙ্ক্ষিত অবস্থান তৈরি করতে পারছে না।

তিনি জানান, এ সংকট মোকাবিলায় সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট, ১৮৬০-এর অধীনে নিবন্ধিত এলএফবি দীর্ঘমেয়াদি কর্মসূচি বাস্তবায়ন করবে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে এলএফবি ইনস্টিটিউট, গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র, নীতি ও অ্যাডভোকেসি কাউন্সিল, শিল্প পরামর্শক সেবা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) এবং উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম। পাশাপাশি সামাজিক কল্যাণ ও টেকসই উন্নয়ন কর্মসূচিও বাস্তবায়ন করা হবে।

ফাউন্ডেশনের প্রথম বছরে এক হাজার কর্মীর দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ, ৩০টি কারখানাকে ‘মডেল গ্রিন ফ্যাক্টরিতে’ রূপান্তর এবং শ্রমিকদের সন্তানদের জন্য শিক্ষা সহায়তা বৃত্তি চালুর ঘোষণা দেওয়া হয়। এছাড়া বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযোগ বাড়াতে বিভিন্ন বিদেশি সংস্থা ও প্রতিনিধিদের সঙ্গে কার্যকর সহযোগিতা গড়ে তোলার পরিকল্পনার কথাও জানানো হয়।

চামড়া শিল্পের সংকট নিরসনে ফাউন্ডেশনের ১৩ দফা প্রস্তাবের মধ্যে রয়েছে স্বতন্ত্র চামড়া মন্ত্রণালয় অথবা শক্তিশালী ‘লেদার বোর্ড’ গঠন, ক্ষতিগ্রস্ত ও বন্ধ কারখানা চালুর জন্য পাঁচ হাজার কোটি টাকার বিশেষ তহবিল বরাদ্দ, সাভারের সিইটিপি আধুনিকায়ন এবং নতুন দুটি সিইটিপি নির্মাণ। এছাড়া দেশে দুটি বিশেষায়িত লেদার গুডস ও ফুটওয়্যার শিল্পপার্ক স্থাপনের প্রস্তাব করা হয়েছে।

আরও পড়ুন: বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানার হুঁশিয়ারি ‘ফকির কমিটি’র সভাপতির

অন্যান্য প্রস্তাবের মধ্যে রয়েছে চার থেকে পাঁচটি নতুন চামড়া শিল্পাঞ্চল প্রতিষ্ঠা, পূর্ণাঙ্গ লেদার ও ফুটওয়্যার বিশ্ববিদ্যালয় স্থাপন এবং সারা দেশে ১০ থেকে ১৫টি সরকারি কাঁচা চামড়া সংরক্ষণ কেন্দ্র ও হিমাগার নির্মাণ।

সরকারি বিভিন্ন বাহিনীর জুতা ও আনুষ্ঠানিক পোশাকে দেশীয় চামড়া এবং চামড়াজাত পণ্যের ব্যবহার বাধ্যতামূলক করার প্রস্তাবও রয়েছে।

সংগঠনের সভাপতি বলেন, এসব প্রস্তাব বাস্তবায়ন করা গেলে দেশের চামড়া শিল্পের বিদ্যমান সংকট কাটিয়ে উৎপাদন সক্ষমতা বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করা সম্ভব হবে।

আরও পড়ুন: জৈন্তা রাজবাড়ী ধ্বংসাবশেষ নতুন রূপে ফিরবে: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ এর প্রদর্শনী ও মেলার সময় বাড়লো একদিন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৬ পি.এম


জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ এর প্রদর্শনী ও মেলার সময় বাড়লো একদিন

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬ : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, 'জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬' উদযাপনের জন্য কেন্দ্রীয় কর্মসূচির আওতায় আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময়সীমা একদিন বৃদ্ধি করা হবে।

এখন প্রদর্শনী ও মেলা পূর্বনির্ধারিত সময়সূচির পরিবর্তে ২৬ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এই সময়সীমা বৃদ্ধির মাধ্যমে প্রদর্শনী ও মেলায় দর্শনার্থীদের অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি করা, প্রাণিসম্পদ খাতের বিভিন্ন উদ্যোগ, উদ্ভাবন, প্রযুক্তি ও উৎপাদিত পণ্য সম্পর্কে জনসাধারণকে আরও বিস্তৃতভাবে অবহিত করা এবং খাতসংশ্লিষ্ট উদ্যোক্তা, খামারি ও অংশীজনদের অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের ফলে আগ্রহী দর্শনার্থী, খামারি, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনেরা প্রদর্শনী ও মেলায় আরও একদিন অংশগ্রহণের সুযোগ পাবেন।

উল্লেখ্য, ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে ২৬ থেকে ২৯ নভেম্বর ২০২৬ তারিখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপনের কর্মসূচি নির্ধারিত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটুয়াখালীতে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আ’লীগ নেতা শাহাবুদ্দিন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৭ পি.এম


পটুয়াখালীতে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আ’লীগ নেতা শাহাবুদ্দিন গ্রেফতার

পটুয়াখালী, ২৮ নভেম্বর, ২০২৬ : পুলিশ বাউফল উপজেলার বগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাড. শাহাবুদ্দিনকে গ্রেফতার করেছে।

শনিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গতকাল শুক্রবার রাত ১০টার দিকে পটুয়াখালী পৌর শহরের সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের সূত্র জানায়, বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার সব্যসাচী, বাউফল থানার পরিদর্শক (তদন্ত) রাসেল নিয়াজী ও উপ পরিদর্শক সম্বিত রায়ের নেতৃত্বে বাউফল থানা পুলিশের একটি দল পটুয়াখালী জেলা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতার হওয়া শাহাবুদ্দিন বাউফল উপজেলার বগা ইউনিয়নের দাউরাভাঙ্গা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সময়ে তার এলাকায় ব্যাপক প্রভাব ছিল।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম গ্রেফতারের বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন।

তিনি জানান, তাকে দেশে অস্থিরতা সৃষ্টি ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

ওসি আরও জানান, আজ শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার নদীতীরে ১০০ মিটার সুরক্ষা বলয়, গ্রিন-ব্লু নেটওয়ার্কে তাপমাত্রা কমবে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


ঢাকার নদীতীরে ১০০ মিটার সুরক্ষা বলয়, গ্রিন-ব্লু নেটওয়ার্কে তাপমাত্রা কমবে

॥ মীর রাসেল ॥

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : রাজধানী ঢাকা শহরের চারপাশের নদ-নদীর দুই তীরের ১০০ মিটার এলাকার মধ্যে নতুন অবকাঠামো নির্মাণ নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এই সিদ্ধান্তটি নদী দূষণ প্রতিরোধ ও ইনার সার্কুলার রোডের নির্মাণের স্বার্থে সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় গৃহীত হয়েছে।

গত ৪ অক্টোবর ঢাকার চারপাশের নদ-নদী ও সংলগ্ন খাল-ড্রেনের দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা, নদীর নাব্যতা নিশ্চিতকরণ এবং বৃত্তাকার নৌপথের উন্নয়ন নিয়ে কেন্দ্রীয় সেলের সভা অনুষ্ঠিত হয়। সভায় নদীর দুই তীরে ১০০ মিটার এলাকার মধ্যে নতুন সরকারি এবং বেসরকারি অবকাঠামো নির্মাণের অনুমোদন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) এই সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে যে, এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

নগর পরিকল্পনাবিদরা মনে করেন, এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে নগরের গ্রিন-ব্লু নেটওয়ার্কে উল্লেখযোগ্য উন্নতি হবে। এটি শহরের পরিবেশগত ভারসাম্য রক্ষা করতে সহায়ক হবে এবং শহরের তাপমাত্রা সহনীয় মাত্রায় রাখতে সাহায্য করবে।

গ্রিন-ব্লু নেটওয়ার্ক হল নগর পরিকল্পনা ও পরিবেশ ব্যবস্থাপনায় ব্যবহৃত একটি ধারণা, যেখানে শহরের সবুজ এলাকা (পার্ক, গাছপালা, বন) এবং নীল এলাকা (নদী, খাল, পুকুর, জলাশয়) একটি সংযুক্ত নেটওয়ার্ক হিসেবে গড়ে তোলা হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক আখতার মাহমুদ বাসসকে জানান, নদীর ১০০ মিটার ভেতরে কোনো স্থাপনা নির্মাণের উদ্যোগ আরও আগে নেওয়া উচিত ছিল। কারণ, স্থাপনা নির্মাণ হলে বর্ষাকালে পানি নামতে পারে না, ফলে নগরে জলাবদ্ধতা সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, নদীর সৌন্দর্য সংরক্ষণ করা আমাদের নগরের, জনপদের এবং গ্রামীণসহ সব এলাকার জন্য অত্যন্ত প্রয়োজন। তিনি সাজেস্ট করেন যে, নদীর দুই পাশে সীমানা চিহ্নিত করে সেখানে রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট করা হোক। অর্থাৎ, গণপরিসর তৈরি করা যাতে মানুষের বিনোদনের জন্য একটি জায়গা তৈরি হয়। মানুষ যেন নদীর পাড়ে বসে হাঁটাহাঁটি করতে পারে এবং সেখানে গাছপালা লাগানো যেতে পারে।

তিনি বলেন, বর্তমান সরকার এটাই করার চেষ্টা করছে। এই সরকার নির্বাচনী ইশতেহারে বলেছিল যে তারা প্রচুর গাছ লাগাবে এবং খাল ও নদী সংস্কার করবে। তাই এটি তাদের ইশতেহারের সঙ্গে সঙ্গতিপূর্ণ। সুতরাং, এটি আমার মনে হয় অগ্রাধিকারের তালিকা দিয়ে হলেও করা প্রয়োজন।

এদিকে, সরকারের এই সিদ্ধান্তকে পরিবেশ সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন পরিবেশবিদরা। তারা বলছেন, যদি পরিকল্পিতভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করা যায়, তবে নদী দখল ও দূষণ নিয়ন্ত্রণ, জলপ্রবাহ স্বাভাবিক রাখা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নগরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে এটি বড় ভূমিকা রাখবে।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর সদস্যসচিব শরীফ জামিল বলেন, এটি নদীর প্রয়োজনীয়তা ও দখলমুক্ত রাখতে একটি ভাল বার্তা দেবে। তবে দখল ও দূষণ রোধ করতে হলে কঠোরভাবে আরও অনেক পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।

এদিকে, এই সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারি সংস্থাগুলো সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

রাজউকের সদস্য (প্রশাসন ও অর্থ) শাহীনুর আলম বাসসকে জানান, এর মাধ্যমে প্রেরিত নৌপথসংক্রান্ত কেন্দ্রীয় সেলের সভার সিদ্ধান্ত ৩.৮ অনুযায়ী ১০০ মিটার সুরক্ষাবলয় বাস্তবায়নের দায়িত্ব পালনকারী সংস্থা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউক।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নদী তীরবর্তী বিভিন্ন উন্নয়ন সংক্রান্ত ব্যবস্থা গ্রহণ ও অবৈধ স্থাপনা মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে নিয়মিত উচ্ছেদকরণের কার্যক্রম পরিচালনা করে থাকে।

নদী তীরবর্তী এলাকা রক্ষণাবেক্ষণসহ অন্যান্য কাজ সরাসরি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর কার্যবলীর আওতাধীন হওয়ায়, এ বিষয়ে এ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও রাজউক থেকে কার্যক্রম পরিচালনা করা যেতে পারে। আন্তঃমন্ত্রণালয় সভা করে করণীয় বিষয়ে দিকনির্দেশনা চূড়ান্ত করা হবে।

তবে, এ সুরক্ষা বলয় বাস্তবায়নের ক্ষেত্রে নদীর প্রকৃত সীমানা নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তাদের মতে, নদীর কোন অংশ থেকে ১০০ মিটার পরিমাপ করা হবে, তা বৈজ্ঞানিক ও আইনগতভাবে নির্ধারণ করতে হবে। এ ক্ষেত্রে নদীর স্বাভাবিক গতিপথ, তীরভূমি এবং মৌসুমি পরিবর্তন বিবেচনায় নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে শাহীনুর আলম বলেন, নদীতীরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃক স্থাপিত সীমানা পিলার হতে ১০০ মিটার দূরত্ব পরিমাপ করা হবে।

বিআইডব্লিউটি-এর যুগ্ম পরিচালক ও ঢাকা নদীবন্দরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মোবারক হোসেন মজুমদার বাসসকে বলেন, ১৯৫০ সালের আইন অনুযায়ী নদী সীমানা থেকে ৫০ মিটারের বাইরে অর্থাৎ ১৫০ ফুটের মধ্যে যদি কোন ব্যক্তি বাড়ি বানাতে চান বা বাড়ি নির্মাণ করতে চান, তাহলে বিআইডব্লিউটি-এর অনুমতিপত্র লাগবে। এতদিন রাজউক আমাদের অনুমতিপত্র নিয়েই স্থাপনা করার ছাড়পত্র দিয়ে এসেছে।

তিনি বলেন, সরকার এটাকে ৫০ মিটার থেকে এখন ১০০ মিটার অর্থাৎ ৩০০ ফুট করছে। এখন পরিপত্র জারি হলে, আমরা সেটি বাস্তবায়নের জন্য কাজ করব।

পরিবেশবিদরা মনে করেন, এ ধরনের উদ্যোগ শুধুমাত্র নদী রক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়, বরং ভূমি ব্যবহার পরিকল্পনা, নগর উন্নয়ন, পানি ব্যবস্থাপনা ও জীববৈচিত্র্য সংরক্ষণের সঙ্গে সমন্বয় করতে হবে।

বিশেষজ্ঞদের মতে, যথাযথ পরিকল্পনা, আইনের প্রয়োগ এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে ১০০ মিটার সুরক্ষা বলয় ও গ্রিন-ব্লু নেটওয়ার্ক দেশের নদী ও জলাভূমি সংরক্ষণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার

চট্টগ্রাম (উত্তর), ২৮ নভেম্বর, ২০২৬ : ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর, যিনি বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, জানিয়েছেন যে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ শয্যাবিশিষ্ট কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

নতুন এই ডায়ালাইসিস সেন্টার চালু হলে ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে যুক্ত হয়ে স্থানীয় কিডনি রোগীদের জন্য চিকিৎসাসেবা গ্রহণ করা আরও সহজ হবে। এতে করে দূরবর্তী হাসপাতালে গিয়ে ডায়ালাইসিস করানোর সময় ও ভোগান্তি কমে আসবে, এমন আশাবাদও প্রকাশ করা হয়েছে।

এই সিদ্ধান্তের কথা গত ২৬ নভেম্বর বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় জানানো হয়।

সভাটি স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এবং সেখানে স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়ন, চিকিৎসা সুবিধা সম্প্রসারণ ও স্থানীয় জনগণের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

কিডনি রোগীদের চিকিৎসা সেবা সহজলভ্য করার জন্য ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপনের সিদ্ধান্তকে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

সংশ্লিষ্টদের ধারণা, এই উদ্যোগ বাস্তবায়িত হলে ফটিকছড়ি ছাড়াও আশপাশের এলাকার কিডনি রোগীরা উপকৃত হবেন। বিশেষ করে নিয়মিত ডায়ালাইসিসের জন্য চট্টগ্রাম শহরসহ দূরবর্তী হাসপাতালে যাতায়াতের ব্যয় ও ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমে যাবে।

স্থানীয় জনগণের প্রত্যাশা, দ্রুত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ডায়ালাইসিস সেন্টারটি চালু হলে এটি ফটিকছড়ির স্বাস্থ্যসেবায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।

সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, ডা. সাদিকুল আলম, ডা. কামরুল হাসান, ডা. হাসনা হেনা নিফা, মোহাম্মদ নাছির উদ্দিন চৌধুরী, ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি এস এম মোরশেদ মুন্না ও সহ-সভাপতি মো. এমরান হোসেন প্রমুখ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%