প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফরের জন্য আগামী ২ ডিসেম্বর দুটি আলাদা কর্মসূচি পরিকল্পনা করা হয়েছে। এই কর্মসূচির মধ্যে রয়েছে জি কে সেচ প্রকল্পের খাল ও পাম্প সংস্কার কার্যক্রমের উদ্বোধন এবং কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও ধর্মীয় নেতাদের সম্মানী প্রদান কর্মসূচির উদ্বোধন। জেলা বিএনপি প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রায় লক্ষাধিক মানুষের সমাগমের প্রত্যাশা করছে।
শনিবার (২৮ নভেম্বর) বিকেল পৌনে চারটায় কুষ্টিয়া প্রেসক্লাবের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার এসব তথ্য জানান।
তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর সফরের প্রথম কর্মসূচি চৌড়হাসের ঈদগাহ ময়দানসংলগ্ন জি কে খালে সংস্কার কার্যক্রমের উদ্বোধন করা হবে। এই প্রকল্পের জন্য ইতোমধ্যে ১ হাজার ৩০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। উদ্বোধনের পর ঈদগাহ ময়দানে উপস্থিত জনসাধারণের উদ্দেশে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।
দ্বিতীয় ও প্রধান কর্মসূচি কুষ্টিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সেখানে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
জাকির হোসেন সরকার জানান, একই সঙ্গে দেশের ৬৪টি উপজেলায় এসব কর্মসূচি উদ্বোধন করা হবে। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও দলের নেতারা অনলাইনে যুক্ত থাকবেন। কুষ্টিয়া স্টেডিয়ামে প্রায় এক হাজার সুবিধাভোগী উপস্থিত থাকবেন। তাদের মধ্যে পাঁচজন প্রধানমন্ত্রীর হাত থেকে কার্ড ও সম্মাননা গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
তিনি আরও জানান, এটি সম্পূর্ণ সরকারি কর্মসূচি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সমাজকল্যাণমন্ত্রী। পরিচালনার দায়িত্বে থাকবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব। বিএনপি নেতারা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। কুষ্টিয়ার তিনটি আসনের বিরোধী দলের সংসদ সদস্যদেরও আমন্ত্রণ জানানো হবে।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে দলের প্রস্তুতির বিষয়ে জাকির হোসেন সরকার বলেন, প্রতিদিন প্রচার-প্রচারণা, মাইকিং ও মিছিল চলছে। পোস্টার বিতরণ করা হচ্ছে। আশা করা হচ্ছে, ২ ডিসেম্বর স্টেডিয়ামে প্রায় লক্ষাধিক লোক উপস্থিত হবেন। অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে। পাশাপাশি এসএসএফসহ সরকারি বিভিন্ন সংস্থা নিরাপত্তার দায়িত্ব পালন করবে।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কুষ্টিয়ার উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনে একাধিক প্রস্তাব দেওয়ার কথা জানিয়ে জেলা বিএনপির সদস্যসচিব বলেন, দীর্ঘদিন ধরে বন্ধ ও রুগ্ণ অবস্থায় থাকা সরকারি প্রতিষ্ঠানগুলো চালুর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনা হয়েছে। এর মধ্যে রয়েছে কুষ্টিয়া চিনিকল, মোহিনী মিল ও কুমারখালীর বাংলাদেশ তাঁত বোর্ডের ফ্যাসিলিটিজ অ্যান্ড সার্ভিসেস সেন্টার।
মোহিনী মিল চালুর বিষয়ে তিনি বলেন, মোহিনী মিল চালুর কথা বলা হলেও বাস্তবে সেখানে চালু করার মতো কোনো যন্ত্রপাতি বা মেশিনারি নেই। বর্তমানে প্রতিষ্ঠানটি বিটিএমসির লিকুইডেশন সেলে রয়েছে। আমরা প্রধানমন্ত্রীকে প্রস্তাব দিয়েছি, লিকুইডেশন সেল থেকে প্রতিষ্ঠানটি বিটিএমসিতে ফিরিয়ে দেওয়া হোক। এরপর পিপিপির মাধ্যমে চালুর উদ্যোগ নেওয়া যেতে পারে।
কুষ্টিয়া শহরের যানজট নিরসনে রেললাইন এলিভেটেড করার প্রস্তাবও দেওয়া হয়েছে বলে জানান তিনি।
জাকির হোসেন সরকার বলেন, শহরে ট্রেন চলাচলের সময় চার-পাঁচটি রেলক্রসিংয়ে তিন থেকে চার ঘণ্টা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। বাইপাস সড়ক নির্মাণের ক্ষেত্রে জমি অধিগ্রহণের জটিলতা থাকায় বিকল্প হিসেবে রেললাইন এলিভেটেড করার প্রস্তাব দেওয়া হয়েছে।
তিনি বলেন, কুষ্টিয়া শহরের একমাত্র প্রধান সড়ক এনএস রোড। রেললাইন এলিভেটেড করা গেলে এর নিচে আরেকটি সড়ক পাওয়া যাবে। এতে শহরের যানজট কমবে এবং যোগাযোগব্যবস্থায় নতুন সুযোগ তৈরি হবে।
কুষ্টিয়ায় একটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাবও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছে জেলা বিএনপি।
জাকির হোসেন সরকার বলেন, কুষ্টিয়া ও আশপাশের জেলাগুলোতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় না থাকায় স্থানীয় তরুণদের উচ্চশিক্ষা ও দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার সুযোগ সীমিত। এ কারণে কুষ্টিয়ায় এমন একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে এসব প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। কুষ্টিয়ার উন্নয়নে দীর্ঘদিন ধরে বড় কোনো কাজ হয়নি বলেও তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী প্রস্তাবগুলো বিবেচনা করে ধাপে ধাপে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন বলে দাবি করেন জেলা বিএনপির এই নেতা।
মতবিনিময় সভায় কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনি, জেলা ছাত্রদলের সভাপতি তসলিম উদ্দিন নিশাতসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন