ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

১৪ দিনে ৮ দফা দাম কমেছে, সোনা কেনার সময় কি এখনই?


১৪ দিনে ৮ দফা দাম কমেছে, সোনা কেনার সময় কি এখনই?

বছরের অধিকাংশ সময় উর্ধ্বমুখী থাকার পর সোনার বাজারে হঠাৎ করে ধস নেমেছে। বছরের শেষের দিকে এসে মূল্যবান হলুদ ধাতুর দাম টানা পতনের সম্মুখীন হয়েছে। গত ১৪ দিনে বিশ্ববাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে ৮ দফা দাম কমেছে। সর্বশেষ দফায় ২২ ক্যারেটের সোনার ভরিপ্রতি দাম এক ধাক্কায় প্রায় ১১ হাজার টাকা নেমে গেছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) কর্তৃক নির্ধারিত নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার গহনা বর্তমানে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা হবে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত।

এই টানা দরপতনের শুরুতে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা; অর্থাৎ বর্তমান দাম থেকে প্রায় ২৮ হাজার ৫১৮ টাকা বেশি। দেশের বাজারে সোনার এমন দাম ১৩ মাস আগে দেখা গিয়েছিল।

আরও পড়ুন: ‘রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতে গভর্নর নিয়োগ দিতে হবে’

এ পরিস্থিতিতে অনেকেই মনে করছেন, সোনায় বিনিয়োগ করার জন্য এটি উপযুক্ত সময় হতে পারে। কারণ, বছরের বিভিন্ন সময়ে বাজারে যে চিত্র দেখা গেছে, তাতে অচিরেই সোনার দামে বড় ধরনের লাফ দেখা দিতে পারে বলে তাদের ধারণা। তবে অনেকেই দ্বিধায় রয়েছেন, তাদের আশঙ্কা সোনার দাম যদি আরও কমে যায়।

সর্বমোট, দ্রুত হারে দাম পড়ে যাওয়ার ফলে সোনায় বিনিয়োগে আগ্রহীদের মধ্যে এক ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। সাধারণ গ্রাহকদের মধ্যে নতুন দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। তারা আশা করছেন রেট আরও কিছুটা কমে যাবে, কিন্তু দাম হুট করে আবার বেড়ে যাওয়ার আশঙ্কাও তাদের মধ্যে কাজ করছে।

বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রে সুদের হার নিয়ে উদ্বেগ, বাধ্য হয়ে সম্পদ বিক্রি (ফোর্সড লিকুইডেশন) এবং দরপতনের প্রত্যাশায় নেওয়া বিনিয়োগ কৌশল আন্তর্জাতিক সোনার বাজারে তীব্র চাপ সৃষ্টি করেছে। এর ফলে গত আট মাসের মধ্যে সোনার দাম সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতনের সম্মুখীন হয়েছে।

এমন প্রেক্ষাপটে বাজার বিশ্লেষকরা মনে করছেন, সোনার দাম সামনে আরও অনেকটা কমে যেতে পারে। শনিবারের (২১ নভেম্বর) বাজার বিশ্লেষণে দেখা গেছে, বিশ্ববাজারে সোনার প্রতি আউন্সের দাম ৩ হাজার ৫২৪ দশমিক ৮ ডলারে নেমে এসেছে। প্রায় ১৪ মাস আগে, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর আন্তর্জাতিক বাজারে এই দাম ছিল সোনার। অথচ গত জানুয়ারিতে সোনার দাম রেকর্ড ৫ হাজার ৫১৫ ডলারে পৌঁছেছিল।

আরও পড়ুন: এসএমই মেলায় বিদেশী পণ্য প্রদর্শন করতে দেয়া হবে না: বাণিজ্যমন্ত্রী

মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির সম্ভাবনা বিশ্ববাজারে সোনার প্রতি আকর্ষণ কমিয়ে দিয়েছে।

পেপারস্টোনের গবেষণা প্রধান ক্রিস ওয়েস্টন বলেন, "স্বর্ণের বাজার এখন সামষ্টিক অর্থনৈতিক প্রতিকূলতা এবং বাধ্য হয়ে সম্পদ বিক্রির মতো পরিস্থিতির এক জটিল সংকটের মুখোমুখি।"

ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতি (সুদের হার বাড়ানোর প্রবণতা) ডলারকে শক্তিশালী করেছে এবং ট্রেজারি বন্ডের ইল্ড (মুনাফার হার) বৃদ্ধি করেছে। এটি সোনার জন্য একটি কঠিন পরিস্থিতি তৈরি করেছে। কারণ সোনা থেকে কোনো সুদ পাওয়া যায় না, ফলে অন্য সম্পদের ওপর মুনাফা বাড়লে বিনিয়োগকারীদের কাছে সোনার আকর্ষণ কমে যায়।

বিশ্বজুড়ে শেয়ারবাজারে, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সঙ্গে যুক্ত কোম্পানির শেয়ারে দরপতন ঘটছে। এই পরিস্থিতিতে বিনিয়োগকারীরা নগদ অর্থ সংগ্রহের জন্য সোনাসহ বিভিন্ন সম্পদ বিক্রি করছেন, যা সোনার দরপতনকে আরও ত্বরান্বিত করছে।

আরও পড়ুন: লিড সনদ পেল ১২ কারখানা, দেশে পরিবেশবান্ধব কারখানা ৩০২

সেঞ্চুরি ফিন্যান্সিয়ালের চিফ ইনভেস্টমেন্ট অফিসার বিজয় ভালেচা বলেন, "সোনার সবশেষ দরপতন এমন কিছু নেতিবাচক শক্তির প্রতিফলন, যা একে অপরকে আরও শক্তিশালী করে তুলছে।"

তিনি আরও বলেন, ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতি ডলারকে চাঙ্গা করেছে, যা স্বর্ণের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। একই সময়ে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংশ্লিষ্ট শেয়ারগুলোতে বড় ধরনের বিক্রয়চাপের কারণে বিনিয়োগকারীরা বিভিন্ন সম্পদ শ্রেণি থেকে নগদ অর্থ তুলে নিচ্ছেন। তারা এই অর্থ নিরাপদ বিনিয়োগের ক্ষেত্রগুলোতে সরিয়ে নিচ্ছেন না।

বিজয় ভালেচা জানান, যারা বাজারের প্রবণতা অনুসরণ করে বিনিয়োগ করেন, তারা ইতোমধ্যে সোনার ক্ষেত্রে ‘শর্ট পজিশন’ (দরপতন থেকে মুনাফা অর্জনের কৌশল) বাড়িয়ে দিয়েছেন। অন্যদিকে, এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড-এর বিনিয়োগকারীরা এখনো পুরোপুরি হাল ছাড়েননি। এর মানে হলো, ভবিষ্যতে আরও বিক্রয়চাপ আসার আশঙ্কা রয়েছে।

ক্রিস ওয়েস্টনের মতে, যদি সোনার দাম ৩ হাজার ৫০০ ডলারের নিচে নেমে যায় এবং সেখানে টিকে থাকে, তবে তা ৩ হাজার ৪০০ থেকে ৩ হাজার ৩০০ ডলারের সীমার দিকে চলে যেতে পারে। এই পর্যায়ে দীর্ঘমেয়াদি বিনিয়োগকারী এবং যারা সরাসরি সোনা কেনেন, তারা হয়তো নতুন করে আগ্রহ দেখাতে শুরু করবেন।

আরও পড়ুন: সম্পদে ন্যায্য কর আরোপের মাধ্যমে রাজস্ব বাড়ানোর সুযোগ রয়েছে: গবেষণা

নাগা ডটকমের বাজার বিশ্লেষক ফ্রাঙ্ক ওয়ালবাম বলেন, আগের সাপোর্ট স্তরটি ভেঙে যাওয়ার পর সোনার দাম এখন প্রতি আউন্স ৩ হাজার ৫০০ ডলারের দিকে ঝুঁকে রয়েছে।

তার মতে, দাম যদি এই মনস্তাত্ত্বিক স্তরের নিচে দীর্ঘসময় অবস্থান করে, তবে সোনার দর আরও কমে ৩ হাজার ২০০ ডলারের পর্যায়ে নেমে আসতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরের শিল্পাঞ্চল স্বাভাবিক, ৮০ শতাংশ পোশাক কারখানা খুলেছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


গাজীপুরের শিল্পাঞ্চল স্বাভাবিক, ৮০ শতাংশ পোশাক কারখানা খুলেছে

গাজীপুরের শিল্পাঞ্চল টানা ১৫ দিনের শ্রমিক আন্দোলন ও উত্তেজনার পর স্বাভাবিক হতে শুরু করেছে। অধিকাংশ তৈরি পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে। শনিবার (২১ নভেম্বর) জেলার বিভিন্ন স্থানে, যেমন কোনাবাড়ী, কাশিমপুর, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, ভোগড়া বাইপাস, মেম্বারবাড়ী, ভবানীপুর, গড়গড়িয়া মাস্টারবাড়ী, আসপাডা, আনসার রোড, মাওনা, বোর্ড বাজার টঙ্গী অঞ্চলের পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগদান করেছেন। সকালে সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ হয়ে শ্রমিকদের কর্মস্থলে প্রবেশ করতে দেখা গেছে।

শিল্প পুলিশ এবং বিভিন্ন কারখানার মানব সম্পদ (এইচআর) বিভাগের সূত্রে জানা যায়, আজ ৮০ শতাংশ পোশাক কারখানা খোলা রয়েছে এবং ৮০ শতাংশ শ্রমিক কাজে যোগ দিয়েছেন। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যান চলাচল স্বাভাবিক দেখা গেছে। কয়েকজন পোশাক শ্রমিকের সঙ্গে কথা বললে তারা জানান, একটি মহল শ্রমিক আন্দোলনকে ইস্যু করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছিল। দুপুর পর্যন্ত গাজীপুর মহানগর এবং জেলার কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

তবে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকার গ্রীণ ফাইভার, কনফিডেন্স ট্যাক্স ওয়্যার, নতুন বাজার এলাকার এস এম নীট ওয়্যার পোশাক কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে উৎপাদন ফ্লোরে শান্তিপূর্ণ অবস্থান করায় কর্তৃপক্ষ দুপুরে ছুটি দিয়ে দিয়েছে। শ্রমিকরা সাফারি পার্ক সড়কের মাথায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাথে শিল্প পুলিশ থাকায় শান্তিপূর্ণভাবে বাসায় চলে গেছেন।

বিভিন্ন কারখানার প্রধান ফটকের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীদেরকে শ্রমিকদের পরিচয় পত্র (আইডি কার্ড) চেক করে ভিতরে প্রবেশ করাতে দেখা গেছে। পুলিশের পক্ষ থেকেও শ্রমিকদের প্রতি নজরদারি ছিল। কারখানাগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে উৎপাদন কার্যক্রম চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন মনে করেন, আগামী ১ ডিসেম্বর থেকে বেতন বাড়বে এমন প্রত্যাশা থেকে পোশাক শ্রমিকরা কাজে যোগ দিচ্ছেন। শ্রমিকরা মনে করছেন মজুরি বোর্ড তাদের বেতন বাড়ানোর নিশ্চয়তা দিচ্ছে। এ কারণে তারা কাজে ফিরছেন। তবে মালিকপক্ষ এখনো বেতন বৃদ্ধির বিষয়ে সুনির্দিষ্ট কোনো বাস্তব সম্মত প্রস্তাব দেয়নি। বিষয়টি দুঃখজনক।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসেন জানান, মজুরি বৃদ্ধির দাবিতে নতুন করে আন্দোলন বা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত রয়েছে। শ্রমিকরা সুশৃঙ্খলভাবে কাজে যোগ দিয়েছেন। গাজীপুরের শিল্পাঞ্চলে প্রায় ৮০ শতাংশ পোশাক কারখানা খোলা রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গাজীপুরের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ১৫ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিপিএল ফিক্সিং: সাত ক্রিকেটার ও কর্মকর্তার অভিযোগ স্বীকার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৩ পি.এম


বিপিএল ফিক্সিং: সাত ক্রিকেটার ও কর্মকর্তার অভিযোগ স্বীকার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফিক্সিং বিতর্কে একটি নতুন মোড় এসেছে। ফিক্সিংয়ের অভিযোগে অভিযুক্ত ১০ জনের মধ্যে সাতজন নিজেদের দোষ স্বীকার করেছেন। এ কারণে তাদের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অপেক্ষা করছে। অন্যদিকে, অভিযোগ অস্বীকার করা তিনজনের ভাগ্য ট্রাইব্যুনালে নির্ধারিত হবে।

বিপিএলের একাদশ আসরে বিভিন্ন সন্দেহজনক কর্মকাণ্ডের পর গত বছরের ফেব্রুয়ারিতে বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করে। অবসরপ্রাপ্ত বিচারপতি মির্জা হোসেইন হায়দারের নেতৃত্বে ওই কমিটি দীর্ঘ তদন্তের পর ৯০০ পৃষ্ঠার প্রতিবেদন জমা দেয়।

তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে, বিপিএলের দ্বাদশ আসরের নিলাম থেকে নয় ক্রিকেটারকে বাদ দেওয়া হয়। বাদ পড়া ক্রিকেটারদের মধ্যে রয়েছেন এনামুল হক বিজয়, শফিউল ইসলাম, সানজামুল ইসলাম, মিজানুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, আলাউদ্দিন বাবু, আরিফুল হক, নিহাদুজ্জামান ও আল আমিন।

তবে বোর্ডে পরিবর্তনের পর তদন্ত প্রতিবেদন নিয়ে অবস্থান পরিবর্তিত হয়। তামিম ইকবালের নেতৃত্বাধীন বোর্ড ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনকে পূর্বের মতো গুরুত্ব দেয়নি। যদিও বিসিবির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল কাউন্সেল ব্যারিস্টার মাহিন এম রহমান জানিয়েছিলেন যে ওই নয় ক্রিকেটারের ওপর বাড়তি নজরদারি রাখা হবে।

এদিকে, দ্বাদশ বিপিএলে নতুন করে ফিক্সিংয়ের অভিযোগ উত্থাপিত হয়েছে। তদন্ত শেষে তিন দফায় এখন পর্যন্ত ১০ জনের নাম প্রকাশ করেছে বিসিবি। অভিযুক্তদের সবাইকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে।

অভিযোগ স্বীকার করা সাতজনের মধ্যে আছেন ক্রিকেটার অমিত মজুমদার, সিলেট টাইটান্সের টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিক, নোয়াখালী এক্সপ্রেসের সহ-মালিক তৌহিদুল হক, চট্টগ্রাম রয়্যালসের লজিস্টিকস ম্যানেজার লাবলুর রহমান, বিসিবির সাবেক লিয়াজোঁ অফিসার জাকির হোসেন এবং চট্টগ্রাম রয়্যালসের মালিক আবদুল কাইয়ুম রাশেদ। বাকি একজনের পরিচয় প্রকাশ করা হয়নি।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছেন তিনজন। তাদের মধ্যে রয়েছেন বিসিবির সাবেক পরিচালক মুখলেসুর রহমান শামীম, সাবেক কাউন্সিলর রাকিবুল ইসলাম সানি এবং দুর্বার রাজশাহীর কর্মকর্তা আমিন খান। তাদের বিরুদ্ধে অভিযোগের নিষ্পত্তি ট্রাইব্যুনালের মাধ্যমে হবে।

তবে বিপিএলে ফিক্সিংবিরোধী এই তদন্ত এখানেই শেষ হচ্ছে না। আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে বলে জানা গেছে।

এত তদন্ত, নিষেধাজ্ঞা ও শাস্তির উদ্যোগের পরও দেশের ক্রিকেট থেকে ফিক্সিং কতটা কমেছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ, বিসিবির ইন্টেগ্রিটি ইউনিট তদন্ত পরিচালনা করতে পারলেও অভিযুক্তদের নাম প্রকাশ এবং শাস্তি দেওয়ার চূড়ান্ত এখতিয়ার শুধুমাত্র ক্রিকেট বোর্ডের হাতে রয়েছে। ফলে ফিক্সিংয়ের বিরুদ্ধে বিসিবির পরবর্তী পদক্ষেপের দিকে এখন ক্রিকেটাঙ্গন তাকিয়ে আছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় গ্রেফতার হলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নয়ন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৪ পি.এম


ঢাকায় গ্রেফতার হলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নয়ন

গোয়েন্দা পুলিশ (ডিবি) ঢাকা থেকে খাগড়াছড়ির রামগড় উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম হোসেন নয়নকে (৩১) গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে রাজধানীর ডেমরা থানাধীন কোনাপাড়া এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। তিনি রামগড় পৌরসভার আনন্দপাড়ার বাবুল মিয়ার পুত্র।

রামগড় থানার ওসি মোহাম্মদ নাজির আলম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে রামগড় থানার এসআই নাসির উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ডিএমপির ডিবি পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।

শুক্রবার দুপুরের পর তাকে ঢাকা থেকে রামগড় থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে রামগড় থানায় একাধিক মামলা রয়েছে।

ওসি আরও জানিয়েছেন, দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিকে শুক্রবার বিকালে খাগড়াছড়ি জুডিশিয়াল আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হিলি স্থলবন্দরে বসছে ল্যাগেজ স্ক্যানার, নির্মাণ হবে আধুনিক যাত্রী ছাউনি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৪ পি.এম


হিলি স্থলবন্দরে বসছে ল্যাগেজ স্ক্যানার, নির্মাণ হবে আধুনিক যাত্রী ছাউনি

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান দিনাজপুরের হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেছেন। তিনি জানান, ইমিগ্রেশন চেকপোস্টে ল্যাগেজ স্ক্যানার স্থাপন এবং আধুনিক যাত্রী ছাউনি নির্মাণের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।

তিনি শনিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হিলি স্থলবন্দরে পৌঁছান। এরপর তিনি বন্দরের অভ্যন্তরে বিভিন্ন অবকাঠামো, ইমিগ্রেশন চেকপোস্ট ও জিরো পয়েন্ট পরিদর্শন করেন। এই সময় তিনি বন্দরের সার্বিক কার্যক্রম, অবকাঠামো ও সক্ষমতা বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জজ মিত্র চাকমা, হিলি স্থলবন্দরের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম প্রিন্স, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ জাকারিয়া এবং হাকিমপুর পৌর ভূমি কর্মকর্তা মোহাম্মদ রাশেদসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%