০৪:১৮ পি.এম
স্বর্ণের দাম অব্যাহতভাবে কমছে। চলতি মাসে দেশের বাজারে আট দফায় প্রতি ভরি স্বর্ণের দাম ২৮ হাজার ৫০৮ টাকা হ্রাস পেয়েছে। শুক্রবার একদিনেই দাম কমেছে সর্বোচ্চ প্রায় ১১ হাজার টাকা। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নেমে এসেছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকায়, যা গত ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন।
এদিকে, দেশের বাজারে স্বর্ণের দাম কমার পেছনে কারণ হিসেবে উঠে এসেছে বিশ্ববাজারে দামি এই ধাতুর দরপতন। শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় নিউইয়র্কের স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৫৭০ ডলারে নেমে আসে। গত বছরের সেপ্টেম্বরের পর এটি স্বর্ণের সর্বনিম্ন দাম। অর্থাৎ, ১৪ মাসের মধ্যে স্বর্ণের দাম এত কম হয়নি।
বিশ্লেষকদের মতে, স্বর্ণ ও রুপার দাম কমার পেছনে মূলত দুটি কারণ রয়েছে। প্রথমত, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) আগামী ডিসেম্বর মাসে সুদের হার বাড়ানোর সম্ভাবনা রয়েছে, যা বাজারে একটি ধারণা তৈরি করেছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক মুদ্রাবাজারে মার্কিন ডলার শক্তিশালী হচ্ছে।
আরও পড়ুন: ‘রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতে গভর্নর নিয়োগ দিতে হবে’
তবে প্রতি আউন্স স্বর্ণের দাম যে হঠাৎ সাড়ে তিন হাজার ডলারের ঘরে নেমেছে, তা নয়। গত জানুয়ারির শেষ দিকে প্রতি আউন্স স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ ৫ হাজার ৬০০ ডলারে পৌঁছেছিল। এরপর থেকেই ধাতুটির দাম ধীরে ধীরে কমতে শুরু করে। চলতি মাসে সেই দরপতনের গতি আরও বৃদ্ধি পেয়েছে।
ডেনমার্কের বিনিয়োগ প্রতিষ্ঠান সাক্সো ব্যাংকের কমোডিটি স্ট্র্যাটেজি বিভাগের প্রধান ওলে এস হ্যানসেন রয়টার্সকে বলেন, "ডলারের চাঙাভাব, প্রকৃত সুদের হার বৃদ্ধি আর ফেডের মুদ্রানীতি আরও কঠোর হবে—এই প্রত্যাশায় সোনা ও রুপায় বিনিয়োগের আকর্ষণ কমে যাচ্ছে।" ফলে স্বর্ণের দাম কমছে।
দেশের বাজারে চলতি মাসে শুক্রবার পর্যন্ত ১১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে আটবার দাম কমেছে এবং তিনবার বেড়েছে। গতকাল স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ ১০ হাজার ৯৫৪ টাকা কমেছে। রুপার দামও ভরিতে ৩৫০ টাকা কমেছে।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১০ হাজার ৯৫৪ টাকা কমে হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১০ হাজার ৪৩৯ টাকা কমে হয়েছে ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা।
আরও পড়ুন: এসএমই মেলায় বিদেশী পণ্য প্রদর্শন করতে দেয়া হবে না: বাণিজ্যমন্ত্রী
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১০ হাজার ৯৮২ টাকা কমে হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭ হাজার ৩৪৮ টাকা কমে হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা।
দেশের স্বাধীনতাযুদ্ধের সময় স্বর্ণের ভরি ছিল ১৭০ টাকা। গত জানুয়ারি পর্যন্ত এই দাম বেড়ে ১ হাজার ৬৮২ গুণ হয়েছিল। তখন দেশের বাজারে স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল—প্রতি ভরি ২ লাখ ৮৬ হাজার টাকা।
বাজুসের তথ্যানুযায়ী, ২০০০ সালে ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ছিল ৬ হাজার ৯০০ টাকা। পরবর্তী পাঁচ বছরে সেটি বেড়ে দ্বিগুণ হয়। ২০১০ সালে স্বর্ণের দাম বেড়ে হয় ৪২ হাজার ১৬৫ টাকা। ২০১৫ সাল পর্যন্ত দাম খুব একটা না বাড়লেও পরবর্তী পাঁচ বছরে ভরিতে ২৬ হাজার ৮৫২ টাকা বেড়ে যায়।
করোনার পর স্বর্ণের দাম দ্রুতগতিতে বেড়েছে। ২০২৩ সালের ২১ জুলাই স্বর্ণের ভরি এক লাখ টাকায় ওঠে। গত বছরের অক্টোবরে দুই লাখ টাকার মাইলফলক স্পর্শ করে। এরপর গত জানুয়ারিতে তিন লাখ টাকার কাছাকাছি পৌঁছে যায়। স্বর্ণের এই উচ্চ মূল্যের কারণে জুয়েলারি ব্যবসায় মন্দাভাব সৃষ্টি হয়। তবে দাম কমতে থাকায় জুয়েলারি ব্যবসায়ীরা প্রত্যাশা করছেন, ব্যবসা ঘুরে দাঁড়াবে।
আরও পড়ুন: লিড সনদ পেল ১২ কারখানা, দেশে পরিবেশবান্ধব কারখানা ৩০২
জুয়েলার্স সমিতির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুল ইসলাম বলেন, "বিশ্ববাজারে অনেক দিন ধরে স্বর্ণের দাম অতি মূল্যায়িত। প্রতি আউন্স সোনা খনি থেকে তুলতে খরচ হয় ২ হাজার ২০০ ডলার। এক হাজার ডলার মুনাফা ধরলে ৩ হাজার ২০০ ডলার হওয়া উচিত। এখন মূলত স্বর্ণের দাম সংশোধন হচ্ছে। যেহেতু বিশ্ববাজারে বিনিয়োগকারীদের বিশ্বাস কিছুটা নষ্ট হয়েছে, সেহেতু দাম আবার বাড়তে সময় নেবে।"
অপর এক প্রশ্নের জবাবে দেওয়ান আমিনুল ইসলাম বলেন, "সামনে বিয়েশাদির মৌসুম। অনেক দিন ধরেই স্বর্ণের দাম বেশি ছিল। এখন দাম কমে আসায় স্বর্ণের অলংকার বেচাবিক্রি বাড়বে বলে প্রত্যাশা।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন