প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাজীপুরের শিল্পাঞ্চল টানা ১৫ দিনের শ্রমিক আন্দোলন ও উত্তেজনার পর স্বাভাবিক হতে শুরু করেছে। অধিকাংশ তৈরি পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে। শনিবার (২১ নভেম্বর) জেলার বিভিন্ন স্থানে, যেমন কোনাবাড়ী, কাশিমপুর, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, ভোগড়া বাইপাস, মেম্বারবাড়ী, ভবানীপুর, গড়গড়িয়া মাস্টারবাড়ী, আসপাডা, আনসার রোড, মাওনা, বোর্ড বাজার টঙ্গী অঞ্চলের পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগদান করেছেন। সকালে সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ হয়ে শ্রমিকদের কর্মস্থলে প্রবেশ করতে দেখা গেছে।
শিল্প পুলিশ এবং বিভিন্ন কারখানার মানব সম্পদ (এইচআর) বিভাগের সূত্রে জানা যায়, আজ ৮০ শতাংশ পোশাক কারখানা খোলা রয়েছে এবং ৮০ শতাংশ শ্রমিক কাজে যোগ দিয়েছেন। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যান চলাচল স্বাভাবিক দেখা গেছে। কয়েকজন পোশাক শ্রমিকের সঙ্গে কথা বললে তারা জানান, একটি মহল শ্রমিক আন্দোলনকে ইস্যু করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছিল। দুপুর পর্যন্ত গাজীপুর মহানগর এবং জেলার কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
তবে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকার গ্রীণ ফাইভার, কনফিডেন্স ট্যাক্স ওয়্যার, নতুন বাজার এলাকার এস এম নীট ওয়্যার পোশাক কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে উৎপাদন ফ্লোরে শান্তিপূর্ণ অবস্থান করায় কর্তৃপক্ষ দুপুরে ছুটি দিয়ে দিয়েছে। শ্রমিকরা সাফারি পার্ক সড়কের মাথায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাথে শিল্প পুলিশ থাকায় শান্তিপূর্ণভাবে বাসায় চলে গেছেন।
বিভিন্ন কারখানার প্রধান ফটকের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীদেরকে শ্রমিকদের পরিচয় পত্র (আইডি কার্ড) চেক করে ভিতরে প্রবেশ করাতে দেখা গেছে। পুলিশের পক্ষ থেকেও শ্রমিকদের প্রতি নজরদারি ছিল। কারখানাগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে উৎপাদন কার্যক্রম চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন মনে করেন, আগামী ১ ডিসেম্বর থেকে বেতন বাড়বে এমন প্রত্যাশা থেকে পোশাক শ্রমিকরা কাজে যোগ দিচ্ছেন। শ্রমিকরা মনে করছেন মজুরি বোর্ড তাদের বেতন বাড়ানোর নিশ্চয়তা দিচ্ছে। এ কারণে তারা কাজে ফিরছেন। তবে মালিকপক্ষ এখনো বেতন বৃদ্ধির বিষয়ে সুনির্দিষ্ট কোনো বাস্তব সম্মত প্রস্তাব দেয়নি। বিষয়টি দুঃখজনক।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসেন জানান, মজুরি বৃদ্ধির দাবিতে নতুন করে আন্দোলন বা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত রয়েছে। শ্রমিকরা সুশৃঙ্খলভাবে কাজে যোগ দিয়েছেন। গাজীপুরের শিল্পাঞ্চলে প্রায় ৮০ শতাংশ পোশাক কারখানা খোলা রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গাজীপুরের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ১৫ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন