০৬:০৫ পি.এম
জিডিপিতে এসএমই খাতের অবদান ৩৩ শতাংশ। তবে ঋণ না পাওয়ার কারণে এবং অন্যান্য প্রতিবন্ধকতার কারণে এই খাত বর্তমানে সমস্যায় রয়েছে। কর্পোরেট প্রতিষ্ঠানের আধিপত্যের ফলে দেশের ক্ষুদ্র উদ্যোক্তারা বিপাকে পড়েছে। এই প্রতিবন্ধকতা দূর করার জন্য নীতিগত সিদ্ধান্তের কথা জানালেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি শনিবার মতিঝিলে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
মন্ত্রী বলেন, "প্রতিটি জায়গায় যদি বড় বড় করপোরেট প্রতিষ্ঠানকে আপনি নিয়ে আসেন, তাহলে বাদবাকি মানুষগুলো বাঁচবে কিভাবে?" তিনি আরও জানান, বাজারে প্রচলিত সুদ বর্তমানে ১৩-১৪ শতাংশ, কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এটি ৬-৭ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: ‘রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতে গভর্নর নিয়োগ দিতে হবে’
এসএমই উদ্যোক্তাদের জন্য নতুন ব্যাংক খোলা না হলেও, ব্যাংকঋণ প্রাপ্তির প্রক্রিয়াকে সহজ করার লক্ষ্যে বিদ্যমান অর্থায়ন কর্মসূচি সম্প্রসারণের উদ্যোগের কথাও জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, "আমরা জামানতবিহীন ঋণ দেয়ার ক্ষমতাটা আগামী দিনে বর্ধিত করব।" তিনি উল্লেখ করেন যে, এই খাতের উদ্যোক্তাদের ব্যাংকেবল করার জন্য এবং ক্রেডিট লিমিট অ্যাভেল করার প্রক্রিয়াকে সহজ করার জন্য এসএমই বোর্ডকে ওভারহল করা হচ্ছে।
অন্যদিকে, প্রবৃদ্ধির চলমান ধারা অব্যাহত থাকলে, মন্ত্রী জানান যে, বছর শেষে গত অর্থবছরের তুলনায় প্রায় ৩ বিলিয়ন ডলার বেশি রপ্তানির সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, "আমাদের সামগ্রিক রপ্তানির প্রবৃদ্ধি ছিল ৫.৮৮ শতাংশ।" গত বছরের প্রথম চার মাসের রপ্তানির সাথে এই বছরের প্রথম চার মাসের রপ্তানি ভ্যালু অ্যাডিশন ছিল ৯৮৭ মিলিয়ন, যা প্রায় ১ বিলিয়ন। তিনি আশা প্রকাশ করেন যে, যদি প্রবৃদ্ধি অব্যাহত থাকে, তাহলে বছর শেষে ৩ বিলিয়ন প্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: লিড সনদ পেল ১২ কারখানা, দেশে পরিবেশবান্ধব কারখানা ৩০২
আগামীকাল রোববার (২২ নভেম্বর) থেকে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা। এই মেলায় অংশগ্রহণ করবেন প্রায় ৪০০ উদ্যোক্তা। শতভাগ দেশীয় পণ্যের এই আয়োজনে বিদেশী ও আমদানি পণ্য প্রদর্শন নিষিদ্ধ থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন