প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বছরের অধিকাংশ সময় উর্ধ্বমুখী থাকার পর সোনার বাজারে হঠাৎ করে ধস নেমেছে। বছরের শেষের দিকে এসে মূল্যবান হলুদ ধাতুর দাম টানা পতনের সম্মুখীন হয়েছে। গত ১৪ দিনে বিশ্ববাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে ৮ দফা দাম কমেছে। সর্বশেষ দফায় ২২ ক্যারেটের সোনার ভরিপ্রতি দাম এক ধাক্কায় প্রায় ১১ হাজার টাকা নেমে গেছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) কর্তৃক নির্ধারিত নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার গহনা বর্তমানে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা হবে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত।
এই টানা দরপতনের শুরুতে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা; অর্থাৎ বর্তমান দাম থেকে প্রায় ২৮ হাজার ৫১৮ টাকা বেশি। দেশের বাজারে সোনার এমন দাম ১৩ মাস আগে দেখা গিয়েছিল।
এ পরিস্থিতিতে অনেকেই মনে করছেন, সোনায় বিনিয়োগ করার জন্য এটি উপযুক্ত সময় হতে পারে। কারণ, বছরের বিভিন্ন সময়ে বাজারে যে চিত্র দেখা গেছে, তাতে অচিরেই সোনার দামে বড় ধরনের লাফ দেখা দিতে পারে বলে তাদের ধারণা। তবে অনেকেই দ্বিধায় রয়েছেন, তাদের আশঙ্কা সোনার দাম যদি আরও কমে যায়।
সর্বমোট, দ্রুত হারে দাম পড়ে যাওয়ার ফলে সোনায় বিনিয়োগে আগ্রহীদের মধ্যে এক ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। সাধারণ গ্রাহকদের মধ্যে নতুন দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। তারা আশা করছেন রেট আরও কিছুটা কমে যাবে, কিন্তু দাম হুট করে আবার বেড়ে যাওয়ার আশঙ্কাও তাদের মধ্যে কাজ করছে।
বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রে সুদের হার নিয়ে উদ্বেগ, বাধ্য হয়ে সম্পদ বিক্রি (ফোর্সড লিকুইডেশন) এবং দরপতনের প্রত্যাশায় নেওয়া বিনিয়োগ কৌশল আন্তর্জাতিক সোনার বাজারে তীব্র চাপ সৃষ্টি করেছে। এর ফলে গত আট মাসের মধ্যে সোনার দাম সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতনের সম্মুখীন হয়েছে।
এমন প্রেক্ষাপটে বাজার বিশ্লেষকরা মনে করছেন, সোনার দাম সামনে আরও অনেকটা কমে যেতে পারে। শনিবারের (২১ নভেম্বর) বাজার বিশ্লেষণে দেখা গেছে, বিশ্ববাজারে সোনার প্রতি আউন্সের দাম ৩ হাজার ৫২৪ দশমিক ৮ ডলারে নেমে এসেছে। প্রায় ১৪ মাস আগে, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর আন্তর্জাতিক বাজারে এই দাম ছিল সোনার। অথচ গত জানুয়ারিতে সোনার দাম রেকর্ড ৫ হাজার ৫১৫ ডলারে পৌঁছেছিল।
মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির সম্ভাবনা বিশ্ববাজারে সোনার প্রতি আকর্ষণ কমিয়ে দিয়েছে।
পেপারস্টোনের গবেষণা প্রধান ক্রিস ওয়েস্টন বলেন, "স্বর্ণের বাজার এখন সামষ্টিক অর্থনৈতিক প্রতিকূলতা এবং বাধ্য হয়ে সম্পদ বিক্রির মতো পরিস্থিতির এক জটিল সংকটের মুখোমুখি।"
ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতি (সুদের হার বাড়ানোর প্রবণতা) ডলারকে শক্তিশালী করেছে এবং ট্রেজারি বন্ডের ইল্ড (মুনাফার হার) বৃদ্ধি করেছে। এটি সোনার জন্য একটি কঠিন পরিস্থিতি তৈরি করেছে। কারণ সোনা থেকে কোনো সুদ পাওয়া যায় না, ফলে অন্য সম্পদের ওপর মুনাফা বাড়লে বিনিয়োগকারীদের কাছে সোনার আকর্ষণ কমে যায়।
বিশ্বজুড়ে শেয়ারবাজারে, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সঙ্গে যুক্ত কোম্পানির শেয়ারে দরপতন ঘটছে। এই পরিস্থিতিতে বিনিয়োগকারীরা নগদ অর্থ সংগ্রহের জন্য সোনাসহ বিভিন্ন সম্পদ বিক্রি করছেন, যা সোনার দরপতনকে আরও ত্বরান্বিত করছে।
সেঞ্চুরি ফিন্যান্সিয়ালের চিফ ইনভেস্টমেন্ট অফিসার বিজয় ভালেচা বলেন, "সোনার সবশেষ দরপতন এমন কিছু নেতিবাচক শক্তির প্রতিফলন, যা একে অপরকে আরও শক্তিশালী করে তুলছে।"
তিনি আরও বলেন, ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতি ডলারকে চাঙ্গা করেছে, যা স্বর্ণের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। একই সময়ে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংশ্লিষ্ট শেয়ারগুলোতে বড় ধরনের বিক্রয়চাপের কারণে বিনিয়োগকারীরা বিভিন্ন সম্পদ শ্রেণি থেকে নগদ অর্থ তুলে নিচ্ছেন। তারা এই অর্থ নিরাপদ বিনিয়োগের ক্ষেত্রগুলোতে সরিয়ে নিচ্ছেন না।
বিজয় ভালেচা জানান, যারা বাজারের প্রবণতা অনুসরণ করে বিনিয়োগ করেন, তারা ইতোমধ্যে সোনার ক্ষেত্রে ‘শর্ট পজিশন’ (দরপতন থেকে মুনাফা অর্জনের কৌশল) বাড়িয়ে দিয়েছেন। অন্যদিকে, এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড-এর বিনিয়োগকারীরা এখনো পুরোপুরি হাল ছাড়েননি। এর মানে হলো, ভবিষ্যতে আরও বিক্রয়চাপ আসার আশঙ্কা রয়েছে।
ক্রিস ওয়েস্টনের মতে, যদি সোনার দাম ৩ হাজার ৫০০ ডলারের নিচে নেমে যায় এবং সেখানে টিকে থাকে, তবে তা ৩ হাজার ৪০০ থেকে ৩ হাজার ৩০০ ডলারের সীমার দিকে চলে যেতে পারে। এই পর্যায়ে দীর্ঘমেয়াদি বিনিয়োগকারী এবং যারা সরাসরি সোনা কেনেন, তারা হয়তো নতুন করে আগ্রহ দেখাতে শুরু করবেন।
নাগা ডটকমের বাজার বিশ্লেষক ফ্রাঙ্ক ওয়ালবাম বলেন, আগের সাপোর্ট স্তরটি ভেঙে যাওয়ার পর সোনার দাম এখন প্রতি আউন্স ৩ হাজার ৫০০ ডলারের দিকে ঝুঁকে রয়েছে।
তার মতে, দাম যদি এই মনস্তাত্ত্বিক স্তরের নিচে দীর্ঘসময় অবস্থান করে, তবে সোনার দর আরও কমে ৩ হাজার ২০০ ডলারের পর্যায়ে নেমে আসতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন