০৫:১০ পি.এম
ক্রিমিয়া সেতু, যা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে ইউক্রেনীয় বাহিনীর সাম্প্রতিক হামলার পেছনে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানিসহ ন্যাটো জোটভুক্ত দেশগুলোর সরাসরি সমন্বয় ও প্রযুক্তিগত সহায়তা রয়েছে বলে মন্তব্য করেছেন রুশ সামরিক বিশেষজ্ঞ আন্দ্রে মারোচকো।
মারোচকো রুশ বার্তা সংস্থা তাস-কে দেওয়া সাক্ষাৎকারে উল্লেখ করেন, ইউক্রেনের এককভাবে ক্রিমিয়া সেতুতে আঘাত হানার মতো প্রযুক্তিগত সক্ষমতা নেই। তিনি বলেন, "পশ্চিমা বিশ্বের বিশেষ করে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির সহায়তা ছাড়া এই হামলা চালানো অসম্ভব ছিল।" তিনি আরও জানান, এই জোটের সমর্থন ও তাদের সরঞ্জাম ব্যবহার করেই সেতুর অবকাঠামোগত ক্ষতি করা সম্ভব হয়েছে।
রুশ এই বিশ্লেষক আরও বলেন, এ ধরনের হামলার জন্য প্রয়োজনীয় তাৎক্ষণিক সমন্বয়, দিকনির্দেশনা ও লক্ষ্যবস্তু নির্ধারণের কারিগরি দক্ষতা ইউক্রেনীয় বাহিনীর নেই। হামলার সময় কৃষ্ণ সাগরের আকাশে ন্যাটোর গোয়েন্দা বিমানের উপস্থিতি প্রকাশ্যে এসেছে, যা রাশিয়ার রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ করছিল বলে তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন: মুসলিম জনসংখ্যা বাড়ছে, তাই প্রতিটি হিন্দু বাড়িতে বন্দুক রাখার আহ্বান বিজেপি বিধায়কের
মারোচকো ক্রিমিয়া সেতুকে কোনো সামরিক কাজে ব্যবহৃত হয় না দাবি করে এই হামলাকে একটি ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে আখ্যায়িত করেন।
উল্লেখ্য, গত ১৬, ১৭ ও ১৯ নভেম্বর ক্রিমিয়া সেতুতে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর হামলায় সেতুর অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বিশেষজ্ঞরা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছেন এবং এই ঘটনায় রুশ ফৌজদারি দণ্ডবিধির ২০৫ ধারা অনুযায়ী সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। তবে হামলার পরও সেতুটি দিয়ে রেল যোগাযোগ সচল রয়েছে। কের্চ থেকে দূরপাল্লার ট্রেনগুলো স্বাভাবিক নিয়মে চলছে এবং ক্রিমিয়া ও তামানের মধ্যে কমিউটার ট্রেন চলাচলও শুরু হয়েছে। সূত্র: তাস।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন