ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে ৭২৭ জন গ্রেফতার


চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে ৭২৭ জন গ্রেফতার

চট্টগ্রাম, ২১ নভেম্বর, ২০২৬ : কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধের উদ্দেশ্যে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭২৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

এই অভিযানের সময় ৩২ হাজার ১৬৬ পিস ইয়াবা, ৪৩ কেজি ৫৫৫ গ্রাম গাঁজা, ৩৬০ লিটার চোলাই মদ এবং ১৫০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

আজ চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

আরও পড়ুন: কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল হায়দার

রেঞ্জ পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৫৬ জন, পূর্ববর্তী মামলায় ১১৪ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩০ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৫ জন এবং ১৫১ ধারা ও অন্যান্য আইনে ২২ জন, পরোয়ানামূলে ৯৪ জন এবং সাজা পরোয়ানামূলে ১৯ জন রয়েছেন।

এছাড়া, মাদক মামলায় ৬৭ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। নিয়মিত ও অন্যান্য মামলায় ৩৭ জন মাদক কারবারিসহ অভিযানে মোট ১০৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ১২ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ সময়ে ২৩টি মাদক মামলাও দায়ের করা হয়েছে।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৮৬ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। জেলাভিত্তিক গ্রেফতারের মধ্যে চট্টগ্রামে ১০ জন, কক্সবাজারে পাঁচজন, কুমিল্লায় ২২ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ছয় জন, চাঁদপুরে পাঁচ জন, নোয়াখালীতে ২৩ জন, ফেনীতে দু’জন, লক্ষ্মীপুরে সাত জন, রাঙ্গামাটিতে এক জন এবং খাগড়াছড়িতে পাঁচ জন রয়েছেন।

আরও পড়ুন: চট্টগ্রামে অন্নকূট অনুষ্ঠানে দুই নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি, গ্রেপ্তার

অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ৩২০ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১৪৪ জনকে মুচলেকায় অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে এবং ১৭৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলাভিত্তিক কিশোর গ্যাং সদস্য আটকের সংখ্যা হলো— চট্টগ্রামে ৩৮, কক্সবাজারে ১৯, কুমিল্লায় ১৬৬, ব্রাহ্মণবাড়িয়ায় ১৩, চাঁদপুরে সাত, নোয়াখালীতে নয়, ফেনীতে পাঁচ, লক্ষ্মীপুরে ৪১, রাঙ্গামাটিতে চার, খাগড়াছড়িতে ১১ এবং বান্দরবানে সাত জন।

পুলিশ আরও জানায়, জনস্বার্থে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: সংকট সমাধানে সংস্কারে ঐকমত্য জরুরি: শফিকুল ইসলাম

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেহজাবিনের সাজে ফিরে এলো আশির দশকের বাঙালি বধূর স্নিগ্ধতা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


মেহজাবিনের সাজে ফিরে এলো আশির দশকের বাঙালি বধূর স্নিগ্ধতা

লাল বেনারসি, কপালে লাল টিপ, চোখে কাজল এবং পরিপাটি করে বাঁধা চুল। সাজে অতিরিক্ত চাকচিক্য নেই, ভারী মেকআপের বাহুল্যও অনুপস্থিত। বরং অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সাজে যেন ফিরে এসেছে আশির দশকের বাঙালি বধূর স্নিগ্ধতা ও আভিজাত্য। একেবারে পুরোনো দিনের ছবির ফ্রেম থেকে উঠে আসা পুতুল বউয়ের মতো মনে হচ্ছে!

সম্প্রতি, মেহজাবীন এমন একটি ব্রাইডাল লুকে ধরা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সাজের ছবি ও ভিডিও শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘পুতুল বউ’। এই সাজের পেছনে কাজ করেছেন ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠান লুসেরো বাই ইশরাত-এর ইশরাতুল শোভা।

আশির দশকের কনের সাজের জন্য পুরোনো কোনো জমিদার বাড়ির লোকেশনের এই ফটো ও ভিডিও শুটের ধারণাটি এসেছে ইশরাতুল শোভার কাছ থেকে। লাল বেনারসি শাড়ির সঙ্গে হালকা বেজ মেকআপ, চোখে কাজল এবং ঘন মাসকারা—সব মিলিয়ে সাজটিতে স্বাভাবিক সৌন্দর্যকে প্রাধান্য দেওয়া হয়েছে।

মেহজাবীনের ব্লাউজটিও আলাদা করে নজর কেড়েছে। ব্লাউজের নকশা করেছেন ইশরাত নিজেই। টেনে বাঁধা চুলে যুক্ত হয়েছে পিতলের গয়না। সব মিলিয়ে সাজে পুরোনো দিনের বিয়ের আমেজ তৈরি হয়েছে, তবে উপস্থাপনায় রয়েছে আধুনিক রুচির ছোঁয়া।

এই সাজের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো চুলের স্টাইল। চুল সাজিয়েছেন আনোয়ারা সেতু। অন্যদিকে, লাল বেনারসি শাড়িতে মেহজাবীনের ঐতিহ্যবাহী কনে রূপকে আরও আকর্ষণীয় করে তুলেছে পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান অশিন।

এ বিষয়ে লুসেরো বাই ইশরাত এর স্বত্বাধিকারী ইশরাতুল শোভা মন্তব্য করেন, "এখনকার ব্রাইডাল ফ্যাশনে বিভিন্ন দেশের বিভিন্ন স্টাইলের মেকাপ ট্রেন্ড ফলো করা হয়। এর মাঝে হারিয়ে যাচ্ছে ৮০/৯০ এর দশকের বাঙালি কনে সাজ। নতুন জেনারেশনকে আমাদের ঐতিহ্যবাহী বধু সাজের স্টাইল পরিচয় করিয়ে দিতেই এই ফটোশুটটি করা"।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলীসহ নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:১২ পি.এম


সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলীসহ নিহত ২

সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন প্রকৌশলী। শুক্রবার দিবাগত রাতে এই দুর্ঘটনাগুলি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত সোয়া একটার দিকে শামস মোটরসাইকেলে করে জৈন্তাপুর বাজার থেকে দরবস্ত বাজারের দিকে যাচ্ছিলেন। সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কের জৈন্তাপুর সারিঘাট পেট্রল পাম্পের সামনে এসে একটি জাফলংগামী ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে। খবর পেয়ে তামাবিল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি শনাক্ত করার জন্য উদ্ধার কাজ শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং ট্রাকের গায়ে রক্তের চিহ্নের সূত্র ধরে পুলিশ গাড়িটির সন্ধান পায়। এরপর শনিবার সকাল ৬টার দিকে জাফলং সড়কের জৈন্তাপুর চাঙ্গিল বাজারের একটি গলি থেকে ট্রাকটি আটক করা হয়।

সিলেটের তামাবিল হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হক বলেন, "দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে গেলেও সিসিটিভি ফুটেজ ও ট্রাকের গায়ে রক্তের চিহ্নের সূত্র ধরে দীর্ঘ অভিযান চালিয়ে সেটি আটক করা হয়েছে।"

এর আগে, শুক্রবার রাতে সিলেট-সুনামগঞ্জ সড়কের ছাতকে একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ডিপ্লোমা প্রকৌশলী লুৎফুর রহমান নিহত হন।

নিহতের মামা মো. ওবায়দুল হক মিলন জানান, লুৎফুর সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশে শান্তিগঞ্জের দামোধরতপি গ্রামে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। রাত আটটার দিকে সড়কের চৌকা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান জানান, পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনার পরপরই পিকআপের চালক পালিয়ে গেছে। তবে পিকআপটি জব্দ করা হয়েছে।

ওসি বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীর মানুষ দেশের স্বার্থে জীবন উৎসর্গে প্রস্তুত: ভূমিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


রাজশাহীর মানুষ দেশের স্বার্থে জীবন উৎসর্গে প্রস্তুত: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু মন্তব্য করেছেন যে, রাজশাহীসহ এই অঞ্চলের মানুষ হাসতে জানে এবং প্রয়োজনে তারা লড়াই করতেও প্রস্তুত থাকে। দেশের স্বার্থ এবং জাতির জন্য তারা নিজেদের জীবন উৎসর্গ করতে পারে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের উদ্যোগে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত ‘জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় দেশের যুবসমাজকে এগিয়ে নিতে কাজ করছেন, যাতে তরুণরা মাদক থেকে দূরে থেকে খেলাধুলায় পারদর্শী হয়ে বাংলাদেশকে বিশ্বদরবারে তুলে ধরতে পারে।

তার মতে, তারেক রহমানের নেতৃত্বে দেশ উন্নতির পথে এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ কারো গোলামি করতে চায় না, বরং সহমর্মিতা ও বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে এগিয়ে যেতে চায়।

সবশেষে, তিনি সকলকে তাদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

রাজশাহীকে শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার প্রাণকেন্দ্র হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এই শহর থেকে জাতীয় পর্যায়ে অনেক খেলোয়াড় উঠে এসেছেন, যারা রাজশাহী ও বাংলাদেশকে গৌরবের সঙ্গে তুলে ধরেছেন। রাজশাহীর মানুষ শান্তিপ্রিয় ও অতিথিপরায়ণ, এবং এখানে দর্শনীয় স্থানগুলোর অভাব নেই।

প্রতিযোগিতায় অংশ নিতে আসা খেলোয়াড়দের ভালো লাগবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী, নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকার, রাজশাহী সরকারি সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দিন, রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল কালাম আজাদ এবং রাজশাহী কোর্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আল মামুন কবির।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভয়নগরে দুই দিনের টানা বৃষ্টিতে কৃষি ও ইটভাটায় ক্ষতির শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৯ পি.এম


অভয়নগরে দুই দিনের টানা বৃষ্টিতে কৃষি ও ইটভাটায় ক্ষতির শঙ্কা

যশোরের অভয়নগরে টানা দুই দিনের বৃষ্টির ফলে কৃষক ও ইটভাটার মালিকেরা বিপাকে পড়েছেন। অব্যাহত এই বৃষ্টির কারণে উপজেলার ৯টি ইটভাটায় কয়েক লাখ টাকার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, বিভিন্ন সবজি খেতে পানি জমে যাওয়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। কৃষকেরা পাকা আমন ধান নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। অনেক কৃষক ধান কাটা শুরু করলেও বৃষ্টির কারণে জমিতে থাকা পাকা ধান কাটতে পারছেন না। সব মিলিয়ে, বৃষ্টির প্রভাবে অভয়নগরের কৃষি ও ইটশিল্পে ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে।

গত দুই দিন ধরে অভয়নগর উপজেলাজুড়ে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনো মুষলধারে, আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বৃষ্টির ফলে নিচু জমি ও সবজি খেতে পানি জমতে শুরু করেছে। এতে শীতকালীন সবজি চাষ নিয়ে কৃষকদের মধ্যে দুশ্চিন্তা দেখা দিয়েছে। বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন ও মরিচের খেত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

উপজেলার গাজীপুর গ্রামের সবজি চাষি শওকত হোসেন বলেন, ‘দুই দিনের টানা বৃষ্টিতে জমিতে পানি জমেছে। এতে সবজি গাছের গোড়ায় পানি জমে গাছ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। অনেক কষ্ট ও খরচ করে সবজি চাষ করেছি। এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। পানি দ্রুত না নামলে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি লোকসান গুনতে হবে।’

অন্যদিকে, বৃষ্টির প্রভাবে উপজেলার ৯টি ইটভাটার কার্যক্রম ব্যাহত হচ্ছে। বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হয়েছে তৈরি ও আধা তৈরি কাঁচা ইট। পাশাপাশি, ইট শুকানো, পোড়ানো ও পরিবহনের কাজেও বিঘ্ন ঘটছে। এতে ইটভাটাগুলোতে আনুমানিক কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অভয়নগরের ইটভাটার মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখর সাহা বলেন, ‘টানা বৃষ্টিতে ইটভাটার কাজে সমস্যা তৈরি হয়েছে। বৃষ্টির পানিতে কাঁচা ইট ভিজে নষ্ট হচ্ছে। ইট শুকানো ও উৎপাদনের কাজ ব্যাহত হচ্ছে। বৃষ্টি আরও কয়েক দিন অব্যাহত থাকলে ইটভাটার মালিকদের আর্থিক ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। পাশাপাশি শ্রমিকদের কাজের ধারাবাহিকতাও ব্যাহত হচ্ছে।’

এদিকে, আমন ধান ঘরে তোলার মৌসুমে বৃষ্টি নতুন করে দুশ্চিন্তা বাড়িয়েছে কৃষকদের। অনেক কৃষক ইতিমধ্যে পাকা ধান কাটা শুরু করেছেন। তবে এখনো বহু কৃষকের পাকা আমন ধান মাঠে রয়েছে। টানা বৃষ্টির কারণে জমিতে পানি জমে যাওয়ায় ধান কাটতে পারছেন না তাঁরা। বৃষ্টি অব্যাহত থাকলে পাকা ধান নষ্ট হওয়া, ধানের মান কমে যাওয়া এবং ফসল ঘরে তুলতে অতিরিক্ত খরচের আশঙ্কা করছেন কৃষকেরা।

অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. লাভলী খাতুন বলেন, ‘টানা বৃষ্টিতে সবজি খেতে পানি জমলে ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে জলাবদ্ধতা সৃষ্টি হলে গাছের গোড়ায় পচন ধরতে পারে। এ অবস্থায় কৃষকদের জমি থেকে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। খেতে যেন দীর্ঘ সময় পানি জমে না থাকে, সেদিকে নজর রাখতে হবে। বৃষ্টি কমার পর ফসলের অবস্থা বুঝে প্রয়োজনীয় পরিচর্যা করতে হবে।’

টানা বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল, কাঁচা সড়ক ও বিভিন্ন এলাকায় পানি জমে জনদুর্ভোগও বাড়ছে। বৃষ্টি অব্যাহত থাকলে কৃষি ও ইটশিল্পের পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও এর প্রভাব পড়তে পারে। দ্রুত বৃষ্টি কমে আবহাওয়া স্বাভাবিক হওয়া এবং মাঠের ফসল রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা করছেন কৃষক ও সংশ্লিষ্টরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%